জ্বালানি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরে জ্বালানি ক্ষেত্রের যথাযথ ব্যবস্থাপনার কথা বলে আসছেন। সুস্থ জ্বালানি ব্যবস্থাপনার অন্যতম মূল চাবিকাঠি হলো জ্বালানির সঠিক দাম নির্ধারণ। দুঃখজনক যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে জ্বালানির সঠিক দামের ক্ষেত্রটি অবহেলিত থেকে গেছে।
ভুল দাম নির্ধারণ—সেটা বেশি বা কম যা-ই হোক না কেন—বাজার ও ব্যবহারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে সামঞ্জস্যহীন কম দামের জ্বালানি অপচয় হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিআইডিএস, সেন্টার ফর পলিসি ডায়ালগসহ বিভিন্ন সংস্থার অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বিকল্প জ্বালানির তুলনায় বাংলাদেশের গ্যাসের অতিরিক্ত কম দামের ভয়াবহ ফলাফলের ব্যাপারে অনেকবার সতর্ক করেছেন।
এই স্বল্পমূল্যের গ্যাসের সর্বোচ্চ সুবিধা ভোগ করছে যারা নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন করছে। বিশেষ করে যারা জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করে শিল্প চালায় বা স্থাপনের চেষ্টা করছে, তারা এক চরম অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে। পৃথিবীর কোনো দেশে একই শিল্পের জন্য প্রতিযোগিতামূলক দুটি জ্বালানির দামে এত বড় পার্থক্য, কল্পনাই করা যায় না! এই সমস্যাটির প্রকটতা নিচের হিসাব থেকে পরিষ্কার বোঝা যায়।
২০০৯ থেকে ২০১৪ সালে গ্রিড বিদ্যুৎ ও নিজস্ব ব্যবস্থায় গ্যাসভিত্তিক বিদ্যুতের মূল্যের বিশাল পার্থক্যটি দিবালোকের মতো পরিষ্কার। ২০০৯ সালে শেষবারের মতো ক্যাপটিভ পাওয়ারের গ্যাসের দাম নির্ধারিত হয় (১১৮ টাকা/ হাজার ঘনফুট), যা এখন পর্যন্ত কার্যকর রয়েছে। বিনিয়োগ খরচসহ সব হিসাব নিয়ে এর উৎপাদন খরচ টাকা ২ দশমিক ৩/ কিলোওয়াট-ঘণ্টা। কিন্তু পল্লী বিদ্যুতের শিল্পকারখানায় গ্রিড বিদ্যুতের দাম ২০০৯-এর ৩ দশমিক ৮৫ টাকা/ কিলোওয়াট-ঘণ্টা থেকে বেড়ে ২০১৪-তে ৭ দশমিক ২০ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ক্যাপটিভ ও গ্রিড বিদ্যুৎ দামের পার্থক্য কোনো রকমে সহনীয় ১ দশমিক ৫ টাকা থেকে বেড়ে অবাস্তব ও অসম্ভব ৫ টাকায় এসে ঠেকেছে। এই অবস্থায় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে কোনো শিল্পের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তদুপরি অনির্ভরশীল গ্রিডে ঘন ঘন লোডশেডিং রয়েছে। ডিজেল জেনারেটরের অতিরিক্ত খরচ দিয়েই সেই সময়ে কারখানা চালাতে হয়।
যেকোনো শিল্পেরই জ্বালানি হলো প্রধান চালিকাশক্তি এবং অন্যতম একটি খরচ। বিশেষ করে যেসব শিল্পের অন্যতম প্রধান খরচের অংশ জ্বালানি, সেখানে বিদ্যুতের দামের এই বিশাল অসমতা সমস্যাটাকে ভালোভাবে বুঝতে সহায়তা করে। রি-রোলিং ও স্টিল কারখানায় কাঁচামালের পরে সর্বোচ্চ খরচ জ্বালানি। এক টন স্টিল উৎপাদনে স্বল্পমূল্যের নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুতের চেয়ে গ্রিড বিদ্যুৎ দিয়ে উৎপাদন খরচ চার হাজার টাকা বেশি। তার মানে নিজস্ব বিদ্যুতের মাধ্যমে উৎপাদনকারী কারখানা প্রতি টন স্টিলে গ্রিড বিদ্যুৎ ব্যবহারকারীর চেয়ে চার হাজার টাকা বেশি মুনাফার সুযোগ পাচ্ছে। তারা ইচ্ছা করলে সহজেই মূল্য ছাড় দিয়ে সব গ্রিড ব্যবহারকারীর ব্যবসা অচল করে দিতে পারে। গ্রিড বিদ্যুৎ ব্যবহারকারী সব শিল্পই এই অসম মূল্যের অন্যায্য প্রতিযোগিতার শিকার। প্রায় ৫০ শতাংশ স্টিল কারখানা এখন ধুঁকে ধুঁকে চলছে।
প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে শিল্পকারখানা যদি টিকতে না পারে, তাহলে স্বাভাবিক নিয়মেই তা ঝরে পড়বে। এ ব্যাপারে কোনো আপত্তি নেই। একটি সুষম জ্বালানি বাজারে কেউ যদি গ্যাস না পায়, তাহলে বিদ্যুৎ ব্যবহার করবে অথবা বিদ্যুৎ না পেলে গ্যাসের সংযোগ পাবে। এই দুটো পছন্দের মধ্যে কোনো বড় ধরনের দাম পার্থক্য থাকতে পারবে না। এটাকেই সত্যিকারের প্রতিযোগিতামূলক বাজার বলে। সরকার জ্বালানির ক্ষেত্রে এই সমতাটা দিতে ব্যর্থ হয়েছে। ফলে নিজস্ব গ্যাসভিত্তিক শিল্পকারখানাগুলো সোনার হরিণ পাওয়ার মতো সুবিধা ভোগ করছে।
গ্যাস সরবরাহের চরম ঘাটতির কারণে সরকার ক্যাপটিভ পাওয়ারের জন্য নতুন সংযোগ প্রদান বন্ধ রেখেছে। স্বাভাবিকভাবেই নতুন শিল্প স্থাপনে এখন একমাত্র ভরসা গ্রিড বিদ্যুৎ, কিন্তু ক্যাপটিভ পাওয়ারের সঙ্গে পাঁচ টাকার ওপর দাম পার্থক্য থাকার কারণে কারও পক্ষেই তা সম্ভব নয়। ফলে নতুন শিল্প স্থাপনে বড় ধরনের স্থবিরতা এসেছে। স্বভাবতই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে নিজস্ব গ্যাসের উৎপাদিত বিদ্যুতের দাম গ্রিড বিদ্যুতের সমপর্যায়ে নিয়ে আসতে হবে। তবেই সবার জন্য ন্যায্য প্রতিযোগিতামূলক ক্ষেত্র তৈরি হবে।
গ্যাসের সঙ্গে অন্য জ্বালানির দামের অসামঞ্জস্যের আরও উদাহরণ আছে। ২০০৯ সালে যখন ফার্নেস তেলের দাম ২৬ টাকা লিটার ছিল, তখন দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ফার্নেস তেলভিত্তিক কয়েক শ ছোট ও মাঝারি শিল্প এটা ব্যবহার করছিল। পরবর্তী দুই থেকে তিন বছরে যখন এই তেলের দাম ৬০ টাকা/লিটারে নিয়ে যাওয়া হয়, তখন সস্তা গ্যাসের সঙ্গে টিকতে না পেরে প্রায় সব কারখানাই বন্ধ হয়ে যায়।
স্বল্পমূল্যের গ্যাসের আরেকটি উদাহরণ হলো সিএনজি। অতি অল্প দামের কারণে আজ কোটি টাকার গাড়িও সিএনজিতে চলছে। তদুপরি পানের দোকানে যাওয়ার জন্যও মানুষ গাড়ি ব্যবহার করছে। ফলে বেশির ভাগ গাড়ি কারণে অকারণে রাস্তায় থাকছে। ট্রাফিক জটলা যেমন বাড়ছে, একই সঙ্গে সম্পদের চরম অপচয় হচ্ছে। বাসা-বাড়ির গ্যাসের দামও এত কম রাখা হয়েছে যে সমতুল্য জ্বালানি ব্যবহার না করে সবাই অবৈধ সংযোগ নিচ্ছে।
অতীতের সরকারগুলো গ্রিড বিদ্যুৎ প্রদানের ব্যর্থতা থেকেই মাত্র ৩৫ শতাংশ দক্ষতার ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি সংযোগ দেওয়ার ভুল সিদ্ধান্ত অনেকটা বাধ্য হয়েই নিয়েছিল। এর পরিবর্তে গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করলে আজ ৫৫ শতাংশ দক্ষতায় একই গ্যাস থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত। এতে জ্বালানি প্রাপ্তিতে সবারই সমান সুযোগ সৃষ্টি হতো। বর্তমানে গ্যাস সরবরাহের বড় ঘাটতি থাকায় নতুন করে আর ক্যাপটিভ বিদ্যুতের সংযোগ দেওয়া ঠিক হবে না। এখন শিল্পকারখানায় একটি বড় অংশকে টিকিয়ে রাখা এবং নতুন শিল্পের উদ্যোগকে উৎসাহিত করতে হলে শিল্পে ভর্তুকির মাধ্যমে বিদ্যুতের সরবরাহ করতে হবে অথবা ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দাম এমনভাবে বাড়াতে হবে, যাতে এর উৎপাদন খরচ গ্রিডের সমান না হলেও কাছাকাছি হয়।
ড. ইজাজ হোসেন: অধ্যাপক, কেমিকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট।