অসলো মানেই নোবেল শান্তি পুরস্কারের শহর, যেখানে কয়েক বছর আগে এক টুকরো সোনালি স্মৃতি রেখে এসেছিলেন একজন বাঙালি—ড. মুহাম্মদ ইউনূস। অসলোর গ্র্যান্ড হোটেলের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। সেই প্রথা মেনে হাত নেড়ে সে অভিনন্দনের জবাব দিয়েছিলেন মুহাম্মদ ইউনূসও। নোবেলের খাতায় নাম দেখাতে আমাদের অপেক্ষা করতে হয়েছে নোবেল ইতিহাসের ১০০ বছরের বেশি আর বাংলাদেশের ইতিহাসের প্রায় ৪০ বছর। সে অর্জন আসলে কতটা বড় তা বোধ করি অসলোতে না গেলে ঠিক আন্দাজ করা যায় না। নোবেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হলেও ব্যবসা-বাণিজ্যে শান্তির জন্য যে নতুন পুরস্কার চালু করেছে নরওয়ে, তাতে মাত্র তৃতীয় আসরেই উঠে এসেছে বাংলাদেশের নাম। তাই বাংলাদেশের ব্যবসায়ী লতিফুর রহমানের হাতে বিজনেস ফর পিস যেন বাংলাদেশের সাফল্যের মুকুটে আরেকটি পালক। অসলো সিটি হলে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড সরাসরি দেখার সময় মনে মনে বলেছি, ‘অভিনন্দন লতিফুর রহমান, অভিনন্দন বাংলাদেশ।’নরওয়ের বেশির ভাগ মানুষ বাংলাদেশকে চেনে না। তবে অসলোতে বাংলাদেশকে অনেকেই চেনে ইউনূসের দেশ হিসেবে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের খ্যাতি পাওয়া এই শহরে আলো ঝলমল দামি পোশাকের শোরুমগুলোতে সাজানো হাজারো কাপড়ের লেবেলে হয়তো ছোট্ট করে লেখা আছে বাংলাদেশের নাম। সে নাম হয়তো কারও চোখেই পড়ে না। হয়তো অনেক কাপড়েই লেখাও নেই ‘মেড ইন বাংলাদেশ’। তবে পথের মোড়ে মোড়ে জারা, এইচএনএম এসপিরিট বা ড্রেসম্যানের শোরুম দেখে মন ভরে যায় যখন ভাবি, আমাদের তৈরি কাপড়ই শোভা পাচ্ছে এসব দোকানে, তখন নিজেদের মোটেও দরিদ্র মনে হয় না।অসলো সিটি হলো নরওয়ের সেরা আকর্ষণের একটি, যাকে নরওয়েজিয়ানরা বলে রাদুস। হলের ভেতরে বিশাল দেয়ালজুড়ে ম্যুরালে আঁকা প্রকৃতি আর নিসর্গ। এই অনবদ্য সৃষ্টির নেপথ্যে নরওয়ের দুই কৃতী স্থপতি ও শিল্পী আর্নস্টেইন আর্নেবার্গ এবং ম্যাগনাস পলসন। ভেতরের পুরোটাই যেন এক মিউজিয়াম। বিশাল হলরুমে প্রতিবছরের ১০ ডিসেম্বর বসে নোবেল শান্তি পুরস্কারের আসর। সেখানেও দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের হাত নাড়েন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। আর ব্যাংকুয়েট হলের টানা বারান্দা পেরিয়ে ছোট হলে বিজনেস ফর পিস সামিটের আয়োজন হয় প্রতিবছর। আয়োজক অসলো বিজনেস ফর পিস ফাউন্ডেশন আর ইন্টারন্যাশনাল চেম্বার। তাদের সহযোগী অসলো চেম্বার এবং ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন। অসলো বিজনেস ফর পিস পুরস্কারের এটি তৃতীয় আসর। এর আগে দুবার এই পুরস্কার পেয়েছেন মার্কিন ইলেকট্রনিক জায়ান্ট জিইর চেয়ারম্যান জেফরি ইমেল্ট, চীনের সাংহাই ব্যাংকের চেয়ারম্যান জিয়াং জিয়ানকিং, সুইডেনের আইকেইএর প্রধান নির্বাহী অ্যান্ডার্স ডালভিং, ভারতের টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা, মালয়েশিয়ার ওয়াইটিএলের এমডি ফ্রান্সিস ইয়েওহ এবং মেক্সিকোর ফুড জায়ান্ট বিমবোর চেয়ারম্যান রবার্তো সার্ভিয়ে সেন্দ্রাসহ ১৪ জন সফল ব্যবসায়ী। পুরস্কার ছড়িয়ে গেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে।বিজনেস ফর পিস সামিটের এবারের আসরে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ডেনমার্কের সাবেক প্রিন্সেস আলেকজান্দ্রা ক্রিস্টিনা। ব্যক্তিগতভাবে তিনি ওষুধশিল্পের সঙ্গে জড়িত। ব্যবসা-বাণিজ্যে সততা বা বিশ্বস্ততা নিয়ে তাঁর দীর্ঘ আলোচনায় ক্লান্তি আসেনি কারও। বিশ্ববাণিজ্য ও অর্থনীতিতে যে বিরূপ প্রতিক্রিয়া, যে বিপর্যয় তার জন্য অবিশ্বাস আর অসততাকে মূল কারণ বলছেন আলেকজান্দ্রা ক্রিস্টিনা। ছোট্ট বক্তৃতায় সবার নজর কাড়েন মেক্সিকোর বিজনেস টাইকুন, বিশ্বের অন্যতম সেরা খাদ্য উৎপাদক প্রতিষ্ঠান বিমবোর চেয়ারম্যান রবার্তো সার্ভিয়ে সেন্দ্রা, যিনি ২০১০ বিজনেস ফর পিস পুরস্কার বিজয়ী ছিলেন। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর নিয়ে বিশ্বজুড়ে এখন যে আলোচনা-সমালোচনা, তার অন্যতম প্রবর্তক হিসেবে মনে করা হয় ববার্তো সেন্দ্রাকে। কেবল মুনাফা অর্জনের বিষয় নয়, রবার্তো সেন্দ্রা মনে করেন ব্যবসা-বাণিজ্য সমাজ ও মানুষের সেবা করার একটি সুযোগ। তাই কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, ব্যবসাকে একটি মানবিক রূপ দেওয়ার ওপর জোর দিয়েছেন এই লাতিন ব্যবসায়ী। অসলো বিজনেস সামিটের বক্তৃতা পর্ব শেষ হলো একটি প্যানেল আলোচনার মধ্য দিয়ে। আসে সেই অবিস্মরণীয় মুহূর্ত।বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডের মূলপর্বের শুরুটা করেন বিজনেস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান পার লে সাক্সেগার এই পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরে। নরওয়ের জনপ্রিয় টিভি সাংবাদিক ও বিজনেস উপস্থাপক ইনার লুন্ডে আসেন পুরস্কারের ঘোষণা নিয়ে। এক এক করে বিশ্বসেরা ছয় ব্যবসায়ীর প্রতিষ্ঠান ও অবদান তুলে ধরে বিজনেস ফর পিস ফাউন্ডেশন। একজন কেমিস্ট ও ফার্মাকোলজিস্ট থেকে মিসরের ড. ইব্রাহিম আবু লেইস কীভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠলেন, তা জেনে বিস্ময় লাগে। তাঁর হাতে তৈরি প্রতিষ্ঠান সেকেম শিক্ষা ও স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশদূষণ এবং রাসায়নিক কীটনাশক বন্ধে মিসরজুড়ে ইতিহাস তৈরি করেছে। অবাক হতে হয় আর্জেন্টাইন ব্যবসায়ী এদুয়ার্দো ইউর্নেকিয়ানের সাফল্যের গল্পে। একই সঙ্গে নির্মাণ, অবকাঠামো, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, কৃষি ও সেচপ্রকল্প, বায়োটেকনোলজি এবং মিডিয়ায় দক্ষিণ আমেরিকার সেরা ব্যবসায়ী ইউর্নেকিয়ান জীবনের শুরুতে তিনি স্বপ্ন দেখেছিলেন আন্দিজ পর্বতমালার ভেতর দিয়ে যোগাযোগ স্থাপন করে প্রতিবেশী দেশগুলোকে এক করার। তাঁর সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। এখন ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে আন্দিজ পর্বতের ভেতর দিয়ে সুড়ঙ্গ রেলপথ নির্মাণ করছেন তিনি। কম্পিউটার গবেষণা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে লিথুয়েনিয়ার ড. ভ্লাদাস লাসাস কীভাবে কুরিয়ার ব্যবসা শুরু করলেন, কীভাবে লজিস্টিকস, হাইটেক, ই-কমার্স এবং ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার প্ল্যান্ট তৈরি শুরু করলেন, তার সাফল্যগাথায় তা প্রকাশ পেল। কুঁড়েঘরে গরু-ছাগলের সঙ্গে শৈশব কাটিয়েছেন তাঞ্জানিয়ার এখনকার সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান আইপিপির চেয়ারম্যান রেজিল্যান্ড আব্রাহাম মেঙ্গি। ব্যবসা শুরু করেছেন নিজের ঘরে বলপেন তৈরির মধ্য দিয়ে। লেখাপড়া করেছেন লন্ডনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে। গড়ে তুলেছেন তাঞ্জানিয়ার প্রাইস ওয়াটারহাউস কুপার্স। পরে তাঁর ব্যবসার বহরে যোগ হয়েছে মাইনিং, মিডিয়া, শিল্পকলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান ও পরিবেশ। পরিবেশ রক্ষায় এই ব্যবসায়ী কোনো মুনাফার আশা ছাড়াই কিলিমানজারো পাহাড়ে গাছ লাগিয়েছেন আড়াই কোটি। এইডসের ভয়াবহ প্রকোপ রোধে কার্যকর ভূমিকা রাখতে গিয়ে জন্মনিরোধক কনডম বিক্রি করে লাখো মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। দেশজুড়ে মিস্টার কনডম খ্যাতি পেয়েছেন রেজিল্যান্ড আব্রাহাম মেঙ্গি। দেশে-বিদেশে পেয়েছেন অনেক সম্মাননা। বাংলাদেশের ব্যবসায়ী লতিফুর রহমান এবং তাঁর ট্রান্সকম গ্রুপের ব্যবসা, এর কর্মকাণ্ড এবং অবদান সম্পর্কে ফাউন্ডেশনের বিশ্লেষণ একটু অন্য রকম। লতিফুর রহমানও সহজ করে বলেছেন তাঁর সাফল্যের পেছনে আছে নিষ্ঠা ও সততা। তাঁর বক্তৃতায় অকপট স্বীকার করেছেন প্রথমে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়নপত্র পূরণই করেননি। ফেলে রেখেছেন দীর্ঘদিন। পরে যখন এই পুরস্কারের ঘোষণা এল, তখন বুঝতে পেরেছেন এটা কত বড় একটা অর্জন। ব্যবসা-বাণিজ্যে সফল এবং সর্বোচ্চ সম্মানে সম্মানিত এসব মানুষের কথা শুনেছে হলভর্তি দর্শক, অবাক বিস্ময় নিয়ে। তাঁদের সাফল্যের কথা শুনলে ব্যবসা-বাণিজ্য সম্পর্কে প্রচলিত ধারণাই পাল্টে যায়।অসলোতে এখন দিনের আলো থাকে রাতের প্রায় অর্ধেক জুড়ে। সেই আলো যেন আরও বেশি আলোকিত করলেন দূরদর্শী এই বিজনেস সেলিব্রেটিরা। রাতের প্রথম ভাগে সূর্যের আলো যখন সবে কমতে শুরু করেছে, তখন ডিনারের আয়োজন হয়েছিল আকের্সাস ক্যাসেলে। তেরো শতকের এই দুর্গটি এখনো ব্যবহার করে নরওয়ের সেনাবাহিনী। যদিও একে তারা সেনা জাদুঘর বানিয়েছে। উন্মুক্ত রেখেছে সবার জন্য। ৭০০ বছরের আগের এই দুর্গে কামান, গোলাবারুদ আর অস্ত্রের প্রদর্শনী পেরিয়ে দোতলার কাঠের হলে ডিনার।ব্যবসা-বাণিজ্যের নোবেল পুরস্কার হিসেবে খ্যাত বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড যেন ব্যবসাকে নতুন করে পরিচিতি দিতে শুরু করেছে, নতুন ভাবনায়, নতুন ধ্যান-ধারণায়। ব্যবসায় কেবল মুনাফা নয়, আলাদা একটা দর্শন থাকতে হয়, স্বপ্ন থাকতে হয়—এমন মানসিকতা নিয়েই যেন প্রতিবছর অসলোতে এক হচ্ছেন বিশ্বসেরা এই ব্যবসায়ীরা। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু পেল সে হিসাব-নিকাশ পরে। ব্যবসা-বাণিজ্যে উত্তর আধুনিকতা বলে যদি কিছু থেকে থাকে, তা থেকে একটুখানি ধারণা নেওয়ার সুযোগ হলো বাংলাদেশের ব্যবসায়ীদের। ব্যবসায় নীতি-নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, শ্রমিক ও কর্মচারীদের কল্যাণ আর পরিবেশ সচেতনতা নিয়ে অনেক কিছু শেখার আছে এ ধরনের আয়োজনে।সানাউল হক: সাংবাদিক। বিশেষ প্রতিনিধি, এটিএন বাংলা।