অসহিষ্ণুতার কারণে ক্ষতবিক্ষত হচ্ছে সমাজ
সামাজিক অসহিষ্ণুতা ও পাশবিকতার আরও একটি দৃষ্টান্ত দেখলাম আমরা। ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্রিকেট খেলায় সামান্য ঘটনার জের ধরে বাবুল শিকদার নামের এক কিশোর বন্ধুর স্টাম্পের আঘাতে নিহত হয়েছে। ঘটনাটি তুচ্ছই ছিল। বাবুল ক্রিকেট খেলায় উইকেট কিপিং করছিল। বিপক্ষ দলের ব্যাটসম্যান বিধান আউট হলে আম্পায়ার নো বল ঘোষণা করে। পরের বলেই সে আবার আউট হয়। তখন বাবুল বলে, ‘এটিও তাহলে নো বল।’
এ কথা শুনে বিধান ক্ষিপ্ত হয়ে স্টাম্প তুলে বাবুলের মাথায় আঘাত করে। আর তাতেই বাবুল নিহত হয়। কয়েক ঘণ্টা পরই বাবুলের এসএসসি পরীক্ষার ফল বেরোয়। জানা যায়, সে জিপিএ-৫ পেয়েছে।
ঘটনা দেখে মনে হয় না, খুনের ইচ্ছা নিয়ে বিধান বাবুলকে আঘাত করেছিল। বাবুল ঘটনাচক্রে নিহত হয়েছে। এ রকম ঘটনার বিচারের জন্য আইনের বিধান রয়েছে। আঘাতকারী কিশোরেরও হয়তো সাজা হবে, কিন্তু বিচারের বাণী তো নিভৃতে কাঁদবে! স্রেফ ক্ষণিকের উত্তেজনায় একদিকে এক কিশোরের মৃত্যু হলো, অন্যদিকে আরেক কিশোরের জীবন এলোমেলো হতে বসেছে। আর তাদের অভিভাবকদের অবস্থা কী হবে, সেটা একবার ভাবুন! তারা নিশ্চয়ই কল্পনা করেননি, জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
কথা হচ্ছে, এমন সামান্য একটি কারণে বাবুলের এ রকম মর্মান্তিক মৃত্যু হলো কেন? এক বাক্যে বলা যায়, এর মূলে রয়েছে অসহিষ্ণুতা। অপরের প্রতি মমত্ব ও শ্রদ্ধাবোধের ঘাটতি। সভ্যতা গড়ে ওঠার অন্যতম শর্ত হলো, মানুষকে সমাজের অন্য মানুষের সঙ্গে খাপ খাওয়াতে হয়। তার জন্য মানুষকে আরেকজনের কথা শুনতে হয়, নিজের অন্ধ তাড়নাকে বশে রাখতে হয়। নিজের পাশবিক প্রবৃত্তিকে দমন করতে হয়। এই শিক্ষাটা আমাদের পরিবার থেকেই পাওয়া উচিত। তা না হলে জীবনে চলার পথে মানুষকে নানা সমস্যায় পড়তে হয়।
এই সহিষ্ণুতার অভাব আমাদের সমাজে অত্যন্ত প্রকট হয়ে উঠছে। এ ক্ষেত্রেও আমরা তাই দেখলাম। বিধান পরপর দুটি বলে আউট হলো, প্রথম বলটি আম্পায়ার নো বল ঘোষণা করায় সে বেঁচে গেল। দ্বিতীয় বলে সে আবার আউট হলে বাবুল একটু টিপ্পনী কাটল। আর সেটাই সে সহ্য করতে পারল না। স্টাম্প তুলে বাবুলকে মেরে দিল সে! তাই আমাদের ক্রোধ সংবরণ ও আত্মনিয়ন্ত্রণ করতে শেখা উচিত।
আমাদের কিশোরদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। এ বয়সটা খুবই সংবেদনশীল, এ সময় চিত্ত থাকে চঞ্চল। ফলে তাদের সামাজিক রীতিনীতি শেখানো খুবই প্রয়োজন। প্রত্যেক মা-বাবার উচিত এ বয়সী সন্তানদের বিশেষভাবে সময় দেওয়া। অথচ অধিকাংশ অভিভাবকই এ কাজ করেন না। অন্য কথায়, সমাজে বড়দের মধ্যে এই অসহিষ্ণুতা আছে বলেই শিশু-কিশোরদের মধ্যে তা সঞ্চারিত হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম, ভাড়াটের শিশুর দুরন্তপনার কারণে বাড়িওয়ালির ঘুম নষ্ট হওয়ায় তিনি শিশুটিকে মেরেই ফেললেন। তাঁর মনে একটিবারের জন্যও এ চিন্তা এল না যে একটি জীবন শেষ করে দেওয়ার অধিকার তাঁর নেই। আর তারপর শিশুটির মা-বাবারই-বা কী হবে, যাঁরা এত কষ্ট করে সন্তানটিকে পৃথিবীতে আনলেন, তাকে এত দিন লালনপালন করলেন।
মানুষ চরম আত্মকেন্দ্রিক হলেই এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা সবাই শুধু নিজেরটা নিয়ে ভাবিত। নিজের স্বার্থের জন্য আমরা কাউকে পরোয়া করছি না। আশপাশের মানুষের কী হলো, সেটা খেয়াল করছি না। সমাজের মধ্যে থেকেও আমরা অসামাজিক, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা ব্যাপক তৎপর। এখানে বাবা ছুটছেন টাকার পেছনে, মা ব্যস্ত নিজের শখ পূরণে। তাহলে সন্তানের খেয়াল কে করবে? এই অতিকেন্দ্রিকতা মানুষকে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় না। পরিবারের কাছ থেকেও আমরা এ শিক্ষা পাচ্ছি না, আবার রাষ্ট্রও আমাদের কাউন্সেলিং করছে না। তার ফল হিসেবেই আমরা সমাজে এই বিশৃঙ্খলা দেখছি।
মৃত্যু মানবজীবনের অমোঘ সত্য, কিন্তু এ রকম মৃত্যু কারও কাম্য নয়। এই বাবুল হয়তো সমাজের জন্য ভালো কিছু করতে পারত, আবারও সমাজের জন্য হানিকরও হতে পারত। কিন্তু তাঁর জীবনটা এভাবে শেষ হয়ে যেতে পারে না। একইভাবে জগৎটা ভালো করে দেখার আগেই বিধানের জীবনটাও হয়তো ছারখার হয়ে যাবে। তাদের মা-বাবার জন্যও খারাপ লাগছে। এটা এক গভীর অসুখ!