অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের বড় শক্তি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে প্রথমেই দেশের সব ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাই। হিন্দু সম্প্রদায়ের নিজস্ব উৎসব হলেও এ উৎসব দেশের সব মানুষের। সব শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেয়। এখন দুর্গাপূজা ও দুর্গোৎসব বিষয়ে সামান্য কথা বলে নিই। মূলত মহালয়া দিয়ে দুর্গোৎসব শুরু হয়। আর পাঁচ দিন ধরে চলে এ উৎসব, যা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়। আমি মনে করি, এ উৎসব যতটা না ধর্মীয়, তার চেয়ে বেশি সম্প্রীতি আর ভ্রাতৃত্বের। সব ধর্মের মানুষের মেলবন্ধনেই এ ধরনের একটা বড় উৎসব হতে পারে, যে উৎসব হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ সবাইকে এক সুতোয় নিয়ে আসে। আমরা ছোটবেলায় দেখেছি, পূজার সময় মুসলমান বন্ধুরা আমাদের বাড়িতে আসত। আমরা একসঙ্গে খেতাম, খেলতাম, আনন্দ করতাম। আবার ঈদের সময় আমরাও তাদের বাড়িতে যেতাম। তখন আমাদের কাছে এ উৎসবগুলো নিজেদের একত্র হওয়ার উপলক্ষ। যেখানে ধর্মটাই প্রধান ছিল না, বরং মানুষে মানুষে সম্পর্কটাই বড় ছিল। এ রকম দৃশ্য এখনো খুব সহজেই দেখা যায়। আমাদের সবারই নিজেদের ধর্মীয় কিছু আচার-অনুষ্ঠান থাকে, সেটি সবাই পালন করবে। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি দেশ ও মানুষের জন্য। আমি মনে করি, আমার দেশে এখনো ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এখনো আমার দেশের মুসলমানেরা তার হিন্দু ভাইয়ের প্রতি সহনশীল। আবার হিন্দু ভাইটিও তার মুসলমান ভাইয়ের সহযোগী। এটাই আমাদের বড় শক্তি।শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমাদের এ উৎসবে কিন্তু সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। চাঁদা সংগ্রহের সময় মুসলমান-হিন্দু সবাই সহযোগিতা করে বলেই প্রতিবছর সুন্দরভাবে পূজার আয়োজন করা সম্ভব হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু হিন্দু বা মুসলমানদের একার সদিচ্ছা বা অংশগ্রহণেই সম্ভব হয় না। সম্প্রীতির জন্য যে শুধু হিন্দুরা বা মুসলমানেরা ভূমিকা রাখবে তা নয়; বরং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটা অসাম্প্রদায়িক পরিবেশ গড়ে ওঠে, যেখানে ধর্মের চেয়ে বেশি দৃশ্যমান হয় মানবধর্ম। এই লক্ষ্যেই আমাদের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কাজ করছে। যেখানে আমরা সবাই মিলে নিজেদের সুসম্পর্ক ধরে রাখতে চেষ্টা করি। এসব কারণেই নানা অঘটন সত্ত্বেও এ দেশ এখনো অসাম্প্রদায়িক।এবারের পূজায়ও লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে অন্য ধর্মের লোকজনও যোগ দেবেন। এত করে ভ্রাতৃত্বের বন্ধনটা বোধ করি আরও দৃঢ় হবে।অনেকেই প্রশ্ন করতে পারেন, রামুর ঘটনার পরও এ দেশের মানুষ কী করে অসাম্প্রদায়িক? উত্তরটা দিচ্ছি। রামুতে যারা এ রকম অমানবিক ঘটনা ঘটিয়েছে, আমরা কি তাদের ক্ষমা করেছি? আমরা কেউই তাদের ক্ষমা করিনি, অন্তত মন থেকে। আমার উল্টো প্রশ্ন হলো, যে হায়েনারা এ রকম হীন কাজ করেছে, তারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়। কারণ, কোনো ধর্মই এ ধরনের হিংস্রতাকে প্রশ্রয় দেয় না।ধর্ম মানেই তো শান্তি। যেখানে মানুষ তার নিজ নিজ বিশ্বাস নিয়ে সহাবস্থান করবে। রামুর এ ঘটনাকে কেউ ভালো চোখে দেখছে না, দেশের গণমাধ্যম এর বিরুদ্ধে কথা বলছে, ছোট ছোট ছেলেমেয়ে রাস্তায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে মানববন্ধন করছে। এ ঘটনাগুলোই তো অসাম্প্রদায়িকতার অনেক বড় প্রমাণ।এবার একটু মক্তিযুদ্ধের কথায় আসি। এ দেশ কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য স্বাধীন হয়নি। শুধু হিন্দুদের বা শুধু মুসলমানদের অবদানে এ দেশ স্বাধীন হয়নি। সবার অধিকার আদায় করতেই আমরা নিজেদের স্বাধীন করেছি। বাংলার হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার অবদানেই লাল সূর্যটা ধরা দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় হিন্দুরা মুসলমানদের বাড়িতে আশ্রয় পেয়েছে। আবার হিন্দুরা মুসলমান মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। আমরা যে যেভাবে পেরেছি, সেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি। মনে পড়ছে, মুক্তিযুদ্ধের সময় আমরা একদিন রাতে এক মুসলমান বাড়িতে বেলা দুইটার সময় গিয়েছিলাম। বাড়ির কর্তা আমাদের জিজ্ঞেস করলেন আমরা খেয়েছি কি না। আমরা বলি, না। পরে দেখি ধোঁয়া ওঠা ভাত, গরম ডাল হাজির। তখন কিন্তু ওই বাড়ির মালিক আমাদের একবারও জিজ্ঞেস করেননি, ‘তোমরা কি হিন্দু, না মুসলমান?’ আর তখনই যদি ধর্মটা মূল বিষয় না হয়ে থাকে, তা হলে এখনো ধর্ম মানবতাকে ছাপিয়ে যেতে পারে না। এ ভাবনা আর কাজ যদি আমাদের মধ্যে থাকে, তা হলে এ মানবিক ভ্রাতৃত্ববোধ আর ভালোবাসার বন্ধন ছিন্ন হওয়ার নয়।এবারে দুর্গোৎসবের পরই ঈদুল আজহা। পরপর এত বড় দুটি আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য কাজ করবেন। তাঁদের প্রতি আমার অনুরোধ থাকবে, চলমান সম্প্রীতিটা আরও জোরদার করতে এ উৎসবগুলোয় যেন বাড়তি নজর দেওয়া হয়।এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অসংখ্য নজির দেওয়া যাবে। একবার জগন্নাথ হলে ছাদধসে প্রচুর হিন্দু ছাত্র আহত হয়েছিল। আর এ আহত হিন্দু ছাত্রদের বাঁচাতে মাদ্রাসার শিক্ষার্থীরা লাইন ধরে রক্ত দিয়েছিল। রক্ত দিয়েছিল মুসলমান মা-বোনেরাও। মুসলমান ভাইয়ের রক্তে সেদিন শত শত হিন্দু ভাইয়ের জীবন বেঁচেছিল। এই হলো আমাদের বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ। সি আর দত্ত বীর উত্তম: চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।