অস্ট্রেলিয়া দলের সফর, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত বাংলাদেশ সফর করল অস্ট্রেলিয়া
শেষ পর্যন্ত বাংলাদেশ সফর করল অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফর শেষ করেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দুই দেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি ঢাকা ও চট্টগ্রামে সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ সফলভাবে সিরিজ আয়োজন করে আবারও প্রমাণ করে দিয়েছে, এ দেশের ক্রীড়ানুরাগীরা যেকোনো বিদেশি অতিথি বা বিদেশি দলকে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বরণ করে নেয়। আতিথেয়তার ক্ষেত্রে এ দেশের মানুষের যে চিরকালীন সুনাম ও সুখ্যাতি রয়েছে, এবারও তার মোটেও ব্যত্যয় হতে দেওয়া হয়নি। বরং সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি সব রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করে বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার যে সংশয় ও সন্দেহ ছিল, তা সহজেই নিরসন করা সম্ভব হয়েছে। এ সফর নিয়ে সফরকারী দলের আতিথেয়তা ও নিরাপত্তার ব্যাপারে কোনো অসন্তোষ ছিল না।
বাংলাদেশ প্রায় দেড় যুগ টেস্ট ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার সঙ্গে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি। অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলে। সর্বশেষ অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ খেলে যায় ঢাকা ও চট্টগ্রামে। সেটাও তো ১১ বছর আগের কথা। বাংলাদেশের মতো উদীয়মান একটি ক্রিকেট শক্তির জন্য এটাকে আশাব্যঞ্জক বলা যায় না। তাই অস্ট্রেলিয়ার এ সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু তার মাত্র দুই দিন আগে নিরাপত্তার কারণ দিয়ে তারা সফর পিছিয়ে দেয়। এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন, ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) থেকে প্রাপ্ত নির্দেশনা ও তাদের তথ্যের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের কাছে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথা তারা জানায়। তাদের এ সিদ্ধান্ত ক্রিকেটানুরাগীদের দারুণভাবে বিস্মিত করে। কারণ তখন আমাদের দেশে এমন কোনো পরিস্থিতি ছিল না, যে কারণে এ সফর পিছিয়ে দেওয়া যেতে পারে। তা ছাড়া আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছিলাম। অস্ট্রেলিয়ার মতো একটি ক্রিকেট দল আমাদের দেশে এসে প্রতিকূল কোনো পরিস্থিতিতে পড়বে, এটা কি আমাদের কাম্য হতে পারে?
সফর পিছিয়ে দেওয়া হলেও আমরা আশাবাদী ছিলাম যে দ্রুতই এ সফর হবে। নিরাপত্তাপ্রধান শন ক্যারলের নেতৃত্বে তিন সদস্যের অস্ট্রেলিয়া প্রতিনিধিদল বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ২৭ সেপ্টেম্বর ঢাকা আসে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় সরকারের উচ্চ মহল থেকে। তারপর অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের ব্যাপারে কোনো মন্তব্য না করে তারা অস্ট্রেলিয়া ফিরে যায়।
কিন্তু ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটারদের তাদের ঘরোয়া খেলা রাজ্য স্কোয়াডে ফেরত পাঠালে সফর নিয়ে সংশয় সৃষ্টি হয়। নিরাপত্তা প্রতিনিধিদল পাঠিয়ে যথাযথভাবে যাচাই করার আগেই ক্রিকেটারদের রাজ্য স্কোয়াডে খেলতে পাঠানোর যুক্তিসংগত কারণ ছিল না।
তবে ক্রিকেট দল না এলেও ২০১৫ সালের ১৭ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ফিরতি ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল নির্বিঘ্নে বাংলাদেশে এসে খেলে যায়। জাতীয় ফুটবল দলের এ সফরের পর নিরাপত্তা নিয়ে আর কোনো সংশয় থাকার কথা ছিল না। তারপরও কোনো কারণ ছাড়াই ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটেও অংশ নেয়নি অস্ট্রেলিয়া। ১৬টি দেশ নিয়ে আয়োজিত এ বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রশংসিত হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া দলের না আসাটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। অথচ বিস্ময়করভাবে একই বছরের পয়লা অক্টোবর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর বাতিলের কথা জানান। ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও তাদের এ ঘোষণা বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয়েছে।
বাংলাদেশ কিন্তু কখনো অস্ট্রেলিয়া দলের সফর নিয়ে আশাহীন হয়নি। এ ব্যাপারে আমাদের চেষ্টারও কোনো কমতি ছিল না। যদিও দীর্ঘদিন পর ২০১৭ সালের ১৬ মে নিরাপত্তাব্যবস্থা দেখতে তিন দিনের বাংলাদেশ সফরে একাই এসেছিলেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের প্রধান শন ক্যারল। তাঁর এ সফর আমাদের আশাবাদী করে তোলে। এর মাসখানেক পর বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। দল ঘোষণার পরও অাবার সফর নিয়ে সংশয় দেখা দেয়। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে দলের খেলোয়াড়দের বিরোধ আরও খারাপের দিকে মোড় নেয়। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের মধ্যে সমঝোতার আলোচনা ভেঙে যায়। ফলে আবারও হুমকির মুখে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এবার অস্ট্রেলিয়ার নিজেদের অভ্যন্তরীণ কারণে সফর নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। যদিও একদম শেষ মুহূর্তে এ অনিশ্চয়তার অবসান ঘটে। বেতন-ভাতা সংক্রান্ত খেলোয়াড়দের চুক্তি বিতর্কের অবসান ঘটাতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।
পাঁচ সদস্যের অস্ট্রেলিয়া নিরাপত্তা দল ঢাকায় এসেছিল ২৪ জুলাই। এ দলে ছিলেন অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডোভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ফ্রেশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার সচিব ও দুর্নীতিবিরোধী ব্যবস্থাপক শন ক্যারল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক ডিমাসি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নিকোলাস চার্লস পালিসার কার্টনি। তিন দিন বাংলাদেশে থেকে তাঁরা ইতিবাচক রিপোর্ট প্রদান করেন।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩ আগস্ট জানা যায় বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফর শুরুর এক দিন আগে ১৬ আগস্ট বাংলাদেশে আসে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল। দুই সদস্যের সে দলে ছিলেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের নিরাপত্তাপ্রধান শন ক্যারল ও দলের নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক ডিমাসি। ১৭ আগস্ট আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, আয়োজক হিসেবে আমাদের জন্য তা ছিল বড় ধরনের একটি পরীক্ষা। শেষ পর্যন্ত এ পরীক্ষায় আমরা জয়ী হয়েছি। শুধু তা-ই নয়, এ সফরে আমাদের অর্জনও কম নয়। সিরিজ জিততে না পারলেও আমাদের টাইগাররা সিরিজ ড্র করেছে। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারানো আমাদের জন্য বিশাল একটি সাফল্য।
সফলভাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনের পাশাপাশি কিছু প্রাপ্তির মাধ্যমে এ সিরিজ সম্পন্ন হওয়ায় আমি এ দেশের ক্রীড়ামোদী জনগণ, খেলোয়াড়, সংগঠক বিশেষ করে ক্রীড়া–অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খেলাধুলার প্রতি তাঁর যে আন্তরিকতা, তাঁর যে নিবেদন, তাঁর যে ভালোবাসা—এর কোনো তুলনা হয় না। যার কারণে আমরা ক্রীড়াক্ষেত্রে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সাফল্যও অর্জন করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর মমতা, সহযোগিতা, দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে ভবিষ্যতে আমরা আরও দৃঢ় ও বলিষ্ঠ পদক্ষেপে ক্রীড়া আয়োজন ও অর্জনে অনেক দূর এগিয়ে যেতে পারব—এটা আমার বিশ্বাস।

বীরেন শিকদার: প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।