
অস্ট্রেলিয়া নতুন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে, দেশটিতে গত আট বছরে তাঁকে নিয়ে পাঁচজন প্রধানমন্ত্রী হলেন। ২০০৭ সালের পর দেশটির কোনো প্রধানমন্ত্রীই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি, আর গত ২৭ মাসেই সেখানে চারজন ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের জুন মাসে লেবার পার্টির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড কেভিন রাডের কাছে পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে পরাজিত হন, এই কেভিন রাড আবার পরের বছর সাধারণ নির্বাচনে রক্ষণশীল জোটের টনি অ্যাবোটের কাছে হেরে যান, এই টনি অ্যাবোট আবার পার্টির অভ্যন্তরীণ ক্যুতে ম্যালকম টার্নবুলের কাছে পরাজিত হন।
প্রধানমন্ত্রিত্ব নিয়ে দেশটিতে যে ছেলেখেলা শুরু হয়েছে, তাতে অস্ট্রেলিয়া সারা পৃথিবীর হতবুদ্ধ মানুষদের বোঝাতে চেষ্টা করছে, পশ্চিমা গণতন্ত্রের এই স্থিতিশীল দুর্গ ও বিশ্বের দ্বাদশ বৃহত্তম অর্থনীতির দেশটি কীভাবে এই ভাঁড়ামির মধ্যে পর্যবসিত হলো। ব্যাপারটা কি এ রকম যে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা রাজনীতিকদের টিস্যু কাগজের মতো ব্যবহারের পর ফেলে দিতে চাইছি?
এই ব্যাখ্যার তিনটি মাত্রা রয়েছে। প্রথম ব্যাখ্যাটি সাদামাটা, সেটি হলো বিশ্বের সব প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশের জনসাধারণ অসহিষ্ণু হয়ে উঠছে। এই ২৪ ঘণ্টার গণমাধ্যম ও সর্বত্র বিরাজমান সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মানুষের মধ্যে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে তারা সেলিব্রিটি। ওদিকে মতামত জরিপের দ্বারা তারা আবিষ্ট হয়ে যাচ্ছে। ফলে চিন্তাশীল রাজনৈতিক তর্কবিতর্কের চেয়ে তারা এসব নিয়েই বেশি মেতে থাকছে। মানুষের মধ্যে তাৎক্ষণিক সন্তোষ লাভের যে চাহিদা সৃষ্টি হয়েছে, প্রথাগত রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রথাগত প্রক্রিয়ায় সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না।
এই দ্বিতীয় মাত্রাটি অস্ট্রেলিয়ার নিজস্ব ব্যাপার, দেশটির বিচিত্র রাজনৈতিক ব্যবস্থার কারণে এটি সৃষ্টি হয়েছে। দেশটিতে নির্বাচিত সরকারের মেয়াদ হাস্যকরভাবে তিন বছর, যেটা পৃথিবীর যেকোনো জায়গার চেয়ে কম। ফলে সেখানে কারও পক্ষে মুক্তভাবে বা প্রচারণাবিহীন পরিবেশে শাসন করা সম্ভব নয়। আর সেখানকার রাজনৈতিক দলগুলোর বিধিবিধান এমন যে সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীসহ অন্য নেতাদের রাতারাতি সরিয়ে দিতে পারেন (যদিও লেবার পার্টির এই নিয়ম বদলে গেছে)।
>অস্ট্রেলীয়রা এই সার্কাস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। তারা চায়, পরিপক্ব মানুষেরা বড় দলগুলোর হাল ধরুন। টার্নবুল ও লেবারের বিল শর্টেনের কারণে মনে হচ্ছে অস্ট্রেলীয় জনগণ দীর্ঘদিনের জন্য নেতা পেয়ে গেছে। দেখতে হবে, সেই আশা পূরণ হয় কি না, কিন্তু এর লক্ষণগুলো খুব উৎসাহব্যঞ্জক
উপর্যুক্ত ব্যাখ্যার বাকি অংশ নিঃসন্দেহে স্থানীয় ও ব্যক্তিগত: নেতাদের ব্যক্তিগত মুদ্রাদোষ বা অদ্ভুত অভ্যাসের কারণে প্রত্যেক নেতার নাটকীয় উত্থান ও পতন হয়েছে।
গিলার্ড প্রমাণ করেছেন, লেনদেনের রাজনীতিতে তিনি অত্যন্ত দক্ষ। জরিপে যখন দেখা যাচ্ছিল যে রাডের ভবিষ্যৎ অনিশ্চিত, তখন তিনি অত্যন্ত নির্মমভাবে নেতৃত্বের আসনে উঠে আসেন। সংখ্যালঘিষ্ঠ দলের সরকার হিসেবে বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় তিনি সিদ্ধহস্ত। আর বিরোধীরা নারীবিদ্বেষ ছড়াচ্ছে, এই ধারণায় তিনি তাঁদের ওপর যে আবেগের ঢঙে সংসদীয় আক্রমণ চালিয়েছেন, তা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু প্রতিটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে তিনি জনগণের ভাব বুঝতে পেরে অত্যন্ত মিনমিনে আচরণ করেছেন, দল ও জনতার কাছে আকর্ষণীয় হয়—এমন নীতি তাঁর ছিল না।
গিলার্ডের সঙ্গে একরকম লড়াই করে রাড নেতৃত্ব ছিনিয়ে নিয়েছেন। রাড মেধাবী, আর তিনি যখন নিজের খেলা খেলেন, তখন তিনি একজন মহান প্রচারক, যিনি ২০১৩ সালের নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছিলেন। বৈশ্বিক আর্থিক মন্দার সময় জি-২০-এর প্রতিক্রিয়া কেমন হবে, তার রূপরেখাও তিনি নির্ধারণ করেছিলেন। এর জন্য তিনি আন্তর্জাতিক মহলের শ্রদ্ধা লাভ করলেও স্থানীয় পর্যায়ে সেটা তেমন কাজে আসেনি। স্থানীয় মহল মনে করে, তিনি লোকের সঙ্গে যোগাযোগ রাখেন না, নানা রকম বদ্ধ ধারণা পোষণ করেন, আর অগ্রাধিকার নির্ধারণের বেলায় তাঁর বিচার-বিবেচনার ঘাটতি রয়েছে।
২০০৯ সালে উদার দল তিন ধারায় বিভক্ত হয়ে যাওয়ায় সদ্য ক্ষমতাচ্যুত অ্যাবোট নানাভাবে লাভবান হয়েছেন। তিনি একজন শক্তিশালী ও প্রভাবশালী খ্রিষ্টান, যার সামাজিক মূল্যবোধ খুবই রক্ষণশীল। সেই তিনিই উদার দলের এবং লেবারবিরোধী জোটের নেতা হয়েছেন। কিন্তু অ্যাবোট বিরোধী নেতা হিসেবে খুবই কার্যকর হলেও প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়াটি তিনি একদমই সামলাতে পারেননি, আর মতামত জরিপেও তিনি খুব বাজেভাবে পিছিয়ে ছিলেন, যারপরই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
অ্যাবোট স্রেফ স্লোগানই দিয়েছেন, দ্রুত পতনশীল অর্থনীতির রাশ টানতে সমন্বিত নীতি প্রণয়ন করতে পারেননি। তিনি একদম দলকানা, সমকামী বিবাহ, নাইটহুড পুনর্বহালের মতো বিষয়ে জনমতের বিরুদ্ধে কাজ করেছেন। এমনকি এককভাবে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীদেরও তিনি বিচ্ছিন্ন করেছেন, অজনপ্রিয় মানুষ ও নীতির সমর্থনে তিনি এসব করেছেন।
টার্নবুল অ্যাবোটের উপযুক্ত শাস্তি হিসেবেই আবির্ভূত হয়েছেন, তিনি আবার অ্যাবোটের ঠিক বিপরীত। টার্নবুল মানুষ হিসেবে পরিশীলিত, আর আগে তিনি সাংবাদিক, আইনজীবী ও বিনিয়োগ ব্যাংকার হিসেবে খুবই সফল ছিলেন, দল ও ভোটারদের কাছেও তিনি জনপ্রিয় ছিলেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, রাজতন্ত্রবিরোধী রিপাবলিকান আন্দোলনের নেতা। আর রাজনৈতিক আবহের দিক থেকে তিনি একজন উদারনৈতিক, যেখানে অ্যাবোট ছিলেন রক্ষণশীল।
এসব সত্ত্বেও ২০০৮-০৯ সালে টার্নবুল বিরোধী নেতা হিসেবে সফল হননি। সাধারণভাবে মানুষ মনে করত, তিনি উদ্ধত, একা একাই সব করেন এবং বিচার-বিবেচনার ক্ষেত্রে দৃষ্টিগ্রাহ্য ভুল করেন। কিন্তু লেবার পার্টি আশা করে, টার্নবুল অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারবেন না, আর প্রধানমন্ত্রিত্বে চেয়ার এভাবে ঘুরতেই থাকবে। কিন্তু লেবার আশাহত হবেই বলে মনে হচ্ছে, অন্তত স্বল্প মেয়াদের জন্য হলেও।
টার্নবুল জানেন, তাঁর ক্ষমতাসীন জোটের অনেকেই তাঁর মতো উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ধারণ করেন না। ফলে নীতি পরিবর্তনের ক্ষেত্রে তাঁকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। কিন্তু তিনি যথেষ্ট চৌকস ও স্পষ্টভাষী। তিনি জানেন, আত্মশৃঙ্খলা বজায় রাখলে ও নিজের মত চাপিয়ে না দিয়ে তর্ক-বিতর্ক করলে বাঁক পরিবর্তন করা সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার আশা হচ্ছে তারা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। সরকার ও বিরোধী দল উভয়েই বুঝতে পেরেছে, কান ফাটানো স্লোগান যাঁরা দেন বা জনপ্রিয় হওয়ার চেষ্টা যাঁরা করেন, তাঁরা স্বল্প মেয়াদে কিছু সুবিধা পেলেও শেষমেশ তাঁরা প্রতিক্রিয়াশীল হয়ে পড়েন। জনগণ চায়, রাজনৈতিক নেতাদের সমন্বিত দৃষ্টিভঙ্গি থাকবে, মানুষকে প্ররোচিত করার মতো নীতি থাকবে, আর সুশাসন নিশ্চিত করার মতো শোভন শাসনব্যবস্থার প্রতি তাঁদের অঙ্গীকার থাকবে।
কয়েক বছর ধরে ভাসা ভাসা নীতি প্রণয়ন ও ট্যাবলয়েড গোছের রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে অস্ট্রেলীয় রাজনীতির প্রতি মানুষ বিমুখ হয়ে পড়েছে, তারা এই সার্কাস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। তারা চায়, পরিপক্ব মানুষেরা বড় দলগুলোর হাল ধরুন। টার্নবুল ও লেবারের বিল শর্টেনের কারণে মনে হচ্ছে, অস্ট্রেলীয় জনগণ দীর্ঘদিনের জন্য নেতা পেয়ে গেছে। দেখতে হবে, সেই আশা পূরণ হয় কি না, কিন্তু এর লক্ষণগুলো খুব উৎসাহব্যঞ্জক। আর পৃথিবীর অন্যান্য দেশের গণতন্ত্রীরাও আমাদের সফলতা প্রত্যাশা করবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
গ্যারেথ ইভান্স: চ্যান্সেলর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।