
হঠাৎ করেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৪ হাজার ৭০০-এর কাছাকাছি থেকে দুই মাসের ব্যবধানে টানা ৯০০ পয়েন্টের মতো বেড়ে ৫ হাজার ৫৭৫-এ উঠে আসে। দৈনিক লেনদেনের পরিমাণও ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। তারপর দুই দিনে একটু কমে যায় বা কমিয়ে আনা হয়। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সংশ্লিষ্ট মহল। কেউ কেউ একে জুয়াড়িদের কাণ্ড বলে দাবি করতে থাকেন। কেউবা আবার বিএসইসির চেয়ারম্যানের—সূচক ১০ হাজার হয়ে গেলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই—মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে সূচক বাড়ার অন্তর্নিহিত কারণ হিসেবে একে মনে করতে থাকেন। এই বাড়তি সূচকের পরিপ্রেক্ষিতে ১৯৯৬ কিংবা ২০১০ সালের মতো আরেকটা বাবল সৃষ্টি হতে যাচ্ছে কি না, তা নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলতে থাকে। ডিএসই থেকে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়। সঙ্গে সঙ্গে এই বাজারে বিনিয়োগের ঝুঁকির কথা সাধারণ বিনিয়োগকারীদের মনে করিয়ে দেওয়া হয়। ব্যাপারটা আসলে কী?
বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছেন, যা বাজারের মোট শেয়ারে তাঁদের মালিকানার শতকরা হারের মাসিক প্রবৃদ্ধি থেকে বোঝা যায়। তাঁরা বেশ কিছুদিন ধরে অবমূল্যায়িত শেয়ার সংগ্রহ করছেন। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ আসছে। এসব কেনাকাটার ফলে আস্তে আস্তে শেয়ারের দাম বাড়ছে। ফলে সাধারণ বিনিয়োগকারীরাও আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন। বাড়তি চাহিদার চাপে ক্রমেই শেয়ারের দাম বাড়ছে। এই বাড়ার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই বিনিয়োগকারীরা শেয়ার কিনে তা পরিপক্ব হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তৃতীয় দিনেই আরও বেশি দামে বিক্রি করতে পারছেন। অনেক দিন পর লাভের দেখা মিলছে বলে তাঁরা নতুন করে আরও টাকা এই বাজারে নিয়ে আসছেন। ব্যাংক থেকে সাধ্যমতো মার্জিন ঋণ নিচ্ছেন। তবে এই নতুন অর্থের জোগানের চেয়েও লেনদেনের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে ঘন ঘন শেয়ার বেচাকেনা।
অবমূল্যায়িত শেয়ারের দাম বেশ অনেকটা বেড়ে গেলে কিন্তু বেচাকেনার এই ধুম থাকবে না। এখন প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা মূলত শেয়ার কিনছেন। এসবের দাম বাড়লে কিন্তু তাঁরা বেশি পরিমাণে বেচতে শুরু করবেন। আর তখনই দেখা যাবে শেয়ারের দামের বড় সংশোধন। তাঁরা একটা বিক্রি করে আরেকটা কিনবেন। তাঁরা বেচার মুডে চলে এলেই উত্থান-পতন প্রায়ই ঘটতে থাকবে। তখন সাধারণ বিনিয়োগকারীদের ঘন ঘন বেচাকেনার অভ্যাসটাও চলে যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবেই লেনদেন একটা স্থিতিতে পৌঁছে যাবে। তবে তত দিনে এই লেনদেনের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়। একটা শেয়ারবাজারের চাঙা ভাব মাপা হয় বাজার মূলধনের বিপরীতে তার লেনদেনের পরিমাণের ওপর। বর্তমানে বাজার পরিশোধিত মূলধনের পরিমাণ ২০১০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ, অর্থাৎ শেয়ারের সরবরাহ প্রায় দ্বিগুণ। তাই এই বাজারে ২ হাজার কোটি টাকার লেনদেন বরং কম।
লেনদেনের প্রবৃদ্ধি স্বাভাবিক হলেও সূচকের প্রবৃদ্ধি কি অস্বাভাবিক? অবশ্যই না। এ ব্যাপারে আমি বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে শতভাগ একমত। প্রথমেই দেখা যাক, পরিবর্তন কতটা হয়েছে এবং কতটা হওয়ার সুযোগ আছে। ২০১০ সালে ৯ হাজারে ওঠে সূচক, আবার নেমে আসে ৩ হাজার ৪৩৯-এ, ২০১৩ সালের এপ্রিলে। পরে তা আস্তে আস্তে ওঠানামা করে করে ২০১৪ সালের অক্টোবরে ৫ হাজার ৩৩৪-এ পৌঁছে মাসখানেক পরে আবার ৫ হাজারের নিচে নেমে যায়। তারপর দুই বছরেরও বেশি সময় ধরে তা ৪-৫ হাজারের মধ্যে ওঠানামা করতে থাকে। অবশেষে দুই মাস আগে তা আবার ৫ হাজার অতিক্রম করে আজকের জায়গায় পৌঁছায়। সূচকের এই প্রবৃদ্ধি কিন্তু অপ্রত্যাশিত নয়। ২০১৪ সালের সর্বোচ্চ পর্যায় থেকে ৬ শতাংশ হারে মূল্যস্ফীতির সমন্বয় হলেই ওই সূচক আজকে ৬ হাজারে পৌঁছার কথা। কিন্তু চাহিদার স্বল্পতা আর সরবরাহের আধিক্যের কারণে তা ঘটেনি।
অন্যভাবে দেখলে, সাম্প্রতিককালে সূচক সর্বনিম্ন ৩ হাজার ৪৩৯ ছিল ২০১৩-এর এপ্রিলে (বাবল ফাটাজনিত সংশোধনের কারণে)। বিশেষজ্ঞমাত্রই একমত হবেন যে বাবল-উত্তর সূচক স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গিয়েছিল চাহিদার স্বল্পতা, সরবরাহের আধিক্য আর আস্থাহীনতার কারণে। সেই সময় সূচক ৪ থেকে ৫ হাজারের মাঝামাঝি থাকাটা যৌক্তিক মনে করেছিলেন বাজারসংশ্লিষ্ট অনেকেই। তখনকার সূচক সাড়ে ৪ হাজার ধরলে তা থেকে গড়ে ৭ শতাংশ হারে মূল্যস্ফীতি সমন্বয় করলে তা আজকের চেয়ে বেশি হওয়ার কথা। তাই আজকের এই দ্রুত উল্লম্ফনকে অস্বাভাবিক ভাবার কারণ নেই। এই উল্লম্ফন আরও আগেই হওয়ার কথা ছিল। তবে বাজার–পরিস্থিতি সূচকের পরিবর্তন দিয়ে ব্যাখ্যা করাটাই অর্থহীন। সূচক যদি যৌক্তিক কারণে বাড়ে, তাহলে পরিবর্তন যত বড় কিংবা ছোটই হোক, চিন্তিত হওয়ার কিছু নেই।
এই যৌক্তিকতা বাজারের সামগ্রিক পিই অনুপাত দ্বারা মাপা হয়। ধরা যাক, কোনো একটা শেয়ারের দাম ৬০ টাকা এবং তা থেকে বার্ষিক মুনাফা প্রত্যাশা করা যায় ৩ টাকা, ফলে পিই অনুপাত দাঁড়ায় ২০। এই অনুপাত এক টাকা প্রত্যাশিত মুনাফা লাভের জন্য একজন বিনিয়োগকারীকে কত টাকা মূলধন ক্রয়ে খরচ করতে হবে বা হচ্ছে তা দেখায়। সাধারণত যে শেয়ারের পিই অনুপাত যত ছোট, তাকে তত বেশি আকর্ষণীয় মনে করা হয়। তবে কখনো কখনো বড় পিই অনুপাতের শেয়ারও বেশি আকর্ষণীয় মনে হতে পারে, যদি তা থেকে ভবিষ্যতে অধিক মুনাফার সম্ভাবনা থাকে। অন্যভাবে দেখলে, পিই অনুপাত দেখায় কত বছরের মুনাফা দরকার এক একক মূলধনের ক্রয়মূল্য পরিশোধ করতে। তবে সামগ্রিকভাবে বাজারের সমন্বিত পিই অনুপাত দিয়ে বাজারের পরিস্থিতি বোঝা যায়, যদিও-বা নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে এর সরল ব্যাখ্যার নানা সীমাবদ্ধতা রয়েছে। বাজার পিই অনুপাতের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড নেই, যার সঙ্গে তুলনা করে বাজার ঝুঁকিপূর্ণ মনে হতে পারে।
ডিএসইর গত ১০ বছরের (শেষ দিনের) গড় মার্কেট পিই অনুপাত ১৮ দশমিক ৫, যেখানে সর্বনিম্ন ১২ দশমিক ১ এবং সর্বোচ্চ ২৯ দশমিক ২। বর্তমানে (জানুয়ারির ১৯ তারিখের) মার্কেট পিই অনুপাত ১৫ দশমিক ৭, যা থেকে সর্বনিম্ন পিই অনুপাত ২৩ শতাংশ কম। বর্তমান অনুপাত ১৮ শতাংশ বাড়লে তা গড়ে পৌঁছাবে, ৮৬ শতাংশ বাড়লে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। প্রতিবেশী দেশ ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) গত ১০ বছরের গড় পিই অনুপাত ১৯ দশমিক ২। দুই দেশের গড় অনুপাত কাছাকাছি। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কোনো একটা অর্থনীতি যখন উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে থাকে, তখন তার শেয়ারবাজারের পিই অনুপাত তুলনামূলকভাবে বেশি থাকে। সংশ্লিষ্ট তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভবিষ্যৎ গড় প্রবৃদ্ধি বেশি হওয়ার সম্ভাবনার কারণে এটা হয়। উল্লিখিত বিভিন্ন তথ্য বিবেচনায় নিলে ডিএসইর বর্তমান পিই অনুপাত নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
>বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছেন, যা বাজারের মোট শেয়ারে তাঁদের মালিকানার শতকরা হারের মাসিক প্রবৃদ্ধি থেকে বোঝা যায়। তাঁরা বেশ কিছুদিন ধরে অবমূল্যায়িত শেয়ার সংগ্রহ করছেন
খাতওয়ারি পিই অনুপাত ব্যাখ্যা করলে দেখা যাবে, বাজারে ব্যাংক খাতের (যার পিই অনুপাত ৮ দশমিক ৬) শেয়ার সবচেয়ে বেশি অবমূল্যায়িত। অনেকের আশঙ্কা, এই খাতের শেয়ারের দাম যথাযথ পর্যায়ে গেলে বাজারের সূচক আবার ৮-৯ হাজার হয়ে না যায়। হিসাব করলে দেখা যায়, এই খাতের পিই অনুপাত তার ১০ বছরের গড় ১৩ দশমিক ৭-এ পৌঁছাতে হলে ব্যাংকের শেয়ারের দাম আরও ৬০ শতাংশ বাড়তে হবে। তাহলে বাজারের সূচক ব্যাংকের কারণে আরও ৬০০ পয়েন্ট বাড়তে পারে। সূচক এত কম বাড়ার কিছু কারণ আছে। কয়েক বছর আগে একসময় বাজার মূলধনের অর্ধেকের বেশি ছিল এই খাতের। কিন্তু পরে অ-ব্যাংক খাতের অনেক বেশি শেয়ার বাজারে আসায় এবং ব্যাংক খাতের শেয়ারের দাম আনুপাতিকভাবে অনেক কমে যাওয়ার কারণে তা বাজার মূলধনের প্রায় ৬ ভাগের ১ ভাগে দাঁড়ায়। ফলে সার্বিক সূচকে এই খাতের দামের পরিবর্তনের প্রভাব হবে ৮ ভাগের ১ ভাগ। সেই ক্ষেত্রে অন্যান্য অতিমূল্যায়িত শেয়ারের দাম কমে গিয়ে সার্বিকভাবে সূচক আরও কম বাড়বে। তবে ভালো মৌল ভিত্তির শেয়ারের দাম বাড়লে স্বল্প মূলধনের শেয়ারের দৌরাত্ম্য কমবে, যা চাহিদা কম থাকলে ঘটে।
সবশেষে, ভারতের বিএসই এসঅ্যান্ডপি সেনসেক্স সূচকের ১০ বছরের পরিবর্তন লক্ষ করলে দেখা যাবে, তা ২০০৬-০৭ সাল থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত ১০৭ শতাংশ বাড়ে। সর্বোচ্চ ৩৮ শতাংশ কমে ২০০৮-০৯ সালে এবং ৮১ শতাংশ বাড়ে তার পরের বছর। পিই অনুপাত শুরুর বছরের ২০ দশমিক ৭ শতাংশ কমে গিয়ে দাঁড়ায় বর্তমানের ২০ দশমিক ৩। তার মানে গড়পড়তায় কোম্পানির আয়ের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হলেও পিই অনুপাত প্রায় একই পর্যায়ে রয়েছে। আমাদের ক্ষেত্রেও সূচকের পরিবর্তে এই পিই অনুপাতের পরিপ্রেক্ষিতে বাজারকে যাচাই করতে হবে। তার জন্য কোম্পানির নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন লাগবে কিন্তু!
মোহাম্মাদ হেলাল: সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।