
বেইজিংয়ে চলমান এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের গুরুত্ব শুধু এর এজেন্ডায় নিহিত নয়, বরং এ সম্মেলন ঘিরে যে কানাঘুষা চলছে, সেটাই আসল ব্যাপার। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার বহুপ্রতীক্ষিত বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, এ বৈঠক হবে কি হবে না তা নিয়ে অনেক সংশয় ছিল। এখন কথা হচ্ছে, বারাক ওবামার সঙ্গে শি জিনপিংয়ের সাক্ষাৎ হবে কি না। আসলে এ দুটি বৈঠকই আসল কথা, সম্মেলন তো উপলক্ষ মাত্র। পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য এ বৈঠক দুটি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন এ অঞ্চলের ভূরাজনৈতিক কৌশলই প্রশ্নের মুখে পড়ে গেছে।
মোদ্দা কথা হচ্ছে, এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি অর্থনীতি আজ দুনিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। এদের মধ্যকার জাতিগত উত্তেজনার প্রভাব সারা দুনিয়ার অর্থনীতিতেই প্রভাব ফেলবে, কারণ বৈশ্বিক উৎপাদনের ৬০ ভাগই আসে এ অঞ্চল থেকে। অর্থনৈতিকভাবে বললে বলতে হয়, এশিয়া যেদিকে যাবে, ভবিষ্যতের দুনিয়াও সেদিকে যাবে।
এই এশিয়ায় ভূখণ্ড-সম্পর্কিত নানা বিরোধ রয়েছে। বিশ্বের প্রধান অর্থনীতি হিসেবে চীনের আবির্ভাবের কারণে এ অঞ্চল এখন উক্ত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীনের উত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে, এ অঞ্চলের ভূখণ্ড-সম্পর্কিত বিরোধের কারণে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।
আরও বৃহত্তর পরিসরে দেখা যাচ্ছে, এ অঞ্চলের বিরোধ ক্রমেই সংক্রামক হয়ে উঠছে: কোরীয় উপদ্বীপের বিভক্তি, রাশিয়া ও জাপানের মধ্যকার দ্বন্দ্ব, চীন ও কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব এবং অবশ্যই চীন ও জাপানের মধ্যকার বিরোধ। তাইওয়ানের বিশেষ অবস্থা ও দক্ষিণ চীন সাগরে চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের পরস্পর বিরোধাত্মক দাবি—এসব কারণে এ অঞ্চলটি বিশ্ব রাজনীতির কেন্দ্রে চলে আসছে। চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলছে, আর ভারতের সঙ্গে চীনের মিত্র পাকিস্তানের দ্বন্দ্ব তো এই দেশ দুটির জন্ম থেকেই। এতেও যদি নিশ্চিত হওয়া না যায়, তাহলে জানিয়ে রাখি, এশিয়া এখন ইউরোপের চেয়ে বড় অস্ত্রের বাজার। ছয়টি এশীয় রাষ্ট্র এখন পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ।
চীন-মার্কিন সম্পর্কের সুর ও বিষয়বস্তু উভয়ই চিন্তার উদ্রেক করে। চীনের ভাষ্যমতে, তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘেরাও নীতির খপ্পরে পড়েছে, তাকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের ‘পুনঃভারসাম্যের নীতির’ কথা মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় চীনের সঙ্গে যেসব দেশের বিরোধ আছে, তাদের সমর্থন জোগাচ্ছে, আর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে তাদের ‘শান্তি সংবিধান’ সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতেও তেল-জল জুগিয়ে যাচ্ছে। চীন জাপানের এই প্রক্রিয়াকে পুনঃশস্ত্রীকরণ হিসেবে ধরে নিয়েছে।
যুক্তরাষ্ট্র যে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে জাপানকে অন্তর্ভুক্ত করতে চাইছে, সেটাকে চীন অর্থনৈতিক ঘেরাও হিসেবে ধরে নিয়েছে। চীনা নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত মানবাধিকার কূটনীতির সমালোচনা করে বলেছেন, এটা হস্তক্ষেপমূলক। এর কারণে হংকংসহ চীনের অভ্যন্তরীণ স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে, সরকারের শাসনের যৌক্তিকতা বিনষ্ট হতে পারে।
যুক্তরাষ্ট্র এসব অভিযোগ অস্বীকার করেছে স্বাভাবিকভাবেই। নবীনদের জানাতে চাই, যুক্তরাষ্ট্র বলছে, পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ চীনের ব্যাপারে ভীত হয়ে তাদের কাছে নিরাপত্তা সহযোগিতা চেয়েছে। তার পরও যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা চীনকে ঘেরাও করেনি। বরং যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য প্রবেশের কারণে চীনের অর্থনৈতিক উত্থান ত্বরান্বিত হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের সদস্যপদ প্রাপ্তিতে যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ায় বিশ্ব বাজারে চীনা পণ্য প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। মানবাধিকার সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে, দুই দেশের রাজনৈতিক ঐতিহ্য ও বর্তমান অবস্থার মধ্যে যোজন যোজন পার্থক্য রয়েছে। কিন্তু তারা দাবি করে, এর মধ্য দিয়ে চীনকে জাতিগতভাবে হেয় করার কোনো ব্যাপার নেই।
এসব কারণে দ্বিপক্ষীয় কৌশলগত বিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে। এদিকে শি ‘পরাশক্তিসমূহের মধ্যকার নতুন ক্ষমতা সম্পর্ক’ ধারণা বাজারে ছেড়েছেন। তাঁর লক্ষ্য হচ্ছে, উদীয়মান শক্তি (চীন) ও প্রতিষ্ঠিত শক্তির (যুক্তরাষ্ট্র) মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত এড়ানো, যদিও ভাষ্যকারেরা বলছেন, এটা অনিবার্য। ফলে দুই দেশেরই উচিত এই অবিশ্বাস দূর করা। আমি এটার নাম দিয়েছি ‘গঠনমূলক বাস্তবতা’।
এ কাঠামোর মধ্যে বিবদমান দেশগুলোর জাতিগত বিরোধের ক্ষেত্র ও জাতিগত মূল্যবোধ আমলে নেওয়া হয়েছে। সময়ের পরিক্রমায় এসব ইস্যু শান্তিপূর্ণভাবেই সমাধান হয়ে যাবে, যতক্ষণ না সম্পর্কের অন্যান্য ক্ষেত্রে যথাযথ রাজনৈতিক পুঁজি সৃষ্টি না হয়, যার মাধ্যমে এসব বিষয় সরাসরি সমাধান করা যায়।
চীন-জাপান সম্পর্কের রূপরেখা তুলনামূলকভাবে কিছুটা ভালো মনে হচ্ছে। কয়েক মাস আগেই দেশ দুটির সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে তলানিতে পৌঁছায়: সেনকাকু/দিয়াওউ দ্বীপ নিয়ে ভূখণ্ডগত বিরোধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসবিষয়ক জাপানের অবস্থান (বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে প্রধানমন্ত্রীর সফর) এবং জাপানের পুনঃশস্ত্রীকরণবিষয়ক চীনা ভীতি।
কিন্তু দুই দেশেরই মনে হয় মতি ফিরেছে। তারা বুঝতে পেরেছে, সমুদ্র ও আকাশে ওই বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিরোধের জেরে তারা জেরবার হয়ে যেতে পারে। কারণ, খুব ছোট জায়গায় তারা এত পরিমাণ নৌ ও বিমান যুদ্ধসামগ্রী জড়ো করেছে যার আবার কোনো কার্যকর প্রটোকলও নেই, ফলে যেকোনো সময় কিছু ঘটলে তা প্রশমন বা রোধ করাও সম্ভব হবে না। দুপক্ষই বুঝতে পেরেছে, স্বল্প মাত্রার কোনো দ্বন্দ্ব-সংঘাত হলেও তার ফল হবে খুব খারাপ।
তদুপরি, চীন ও জাপান উভয়ই নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ছে। তারা বিশ্বের বৃহত্তম ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি, ফলে তারা বিবাদে জড়িয়ে পড়লে আখেরে যে তাদেরই ক্ষতি, সেটা তারা বুঝতে পেরেছে। ফলে শি ও আবে শত কূটনৈতিক অস্বস্তি দূরে ঠেলে শেষ মুহূর্তে অ্যাপেক সম্মেলনে বৈঠকে মিলিত হয়েছেন।
এক অস্ট্রেলীয় কূটনীতিকের উদ্যোগে ২৫ বছর আগে অ্যাপেক শুরু হয়েছিল, শুরুতে এটা ছিল মূলত অর্থনৈতিক ফোরাম। সৌভাগ্যের ব্যাপার হচ্ছে, এটা মার্কিন, চীনা, জাপানি ও অন্য নেতাদের বার্ষিক সম্মেলনে পরিণত হয়েছে, যেখানে তাঁরা দীর্ঘদিনের জিইয়ে থাকা সমস্যা নিয়ে আলোচনা করেন, দীর্ঘমেয়াদি কৌশলগত স্থিতাবস্থার বিষয়ে কথা বলেন। এ অঞ্চল ও সামগ্রিকভাবে দুনিয়ার অর্থনীতির ভবিষ্যৎ এসব উদ্যোগের ওপর অনেকাংশে নির্ভর করছে, যার পরিণামে দুনিয়া একটি স্থিতিশীল জায়গায় পৌঁছাতে পারে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
কেভিন রাড: অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।