অ্যাসাঞ্জের জন্য আশার আলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ১৩ ফুট বাই ১৫ ফুটের একটি ঘরে বন্দিজীবনের পঞ্চম বছরে পা রাখলেন গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১২ সালের ১৮ জুন ৪০ বছর বয়সে তিনি ওই দূতাবাসে ঢুকে ইকুয়েডর সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়ে লন্ডন থেকে কুইটো নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের সরকার সেটা করতে দেয়নি। লন্ডন মেট্রোপলিটন পুলিশ বা স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা দূতাবাস ভবনের চারপাশে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছিল। ঘোষণা দিয়েছিল, অ্যাসাঞ্জ দূতাবাস থেকে বেরোলেই তাঁকে গ্রেপ্তার করে সুইডেন পাঠিয়ে দেওয়া হবে।
কিন্তু অ্যাসাঞ্জ সুইডেন যেতে কোনোভাবেই রাজি নন। তাঁর ধারণা, ২০১০ সালে তাঁর বিরুদ্ধে সুইডেনে যে ধর্ষণ ও যৌন অসদাচরণের অভিযোগে মামলা করা হয়েছে, তার আসল উদ্দেশ্য তাঁকে প্রথমে লন্ডন থেকে সুইডেনে নিয়ে যাওয়া, তারপর সুইডেন থেকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া। কারণ, যুক্তরাষ্ট্র তাঁকে চায়। সে বছর তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের প্রায় পাঁচ লাখ গোপনীয় নথিপত্র উইকিলিকসের মাধ্যমে ফাঁস করে দিয়েছেন। তার ফলে দেশটির সরকার ও সেনা কর্তৃপক্ষ তাঁর প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছে। তারা তাঁকে গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত আইনে বিচার করার নামে মৃত্যুদণ্ড দেবে—এই আশঙ্কায় অ্যাসাঞ্জ সুইডেনে যাওয়া এড়ানোর চেষ্টা করে চলেছেন। সে চেষ্টারই সর্বশেষ কৌশল হিসেবে তাঁকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিতে হয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথই তাঁর সামনে আপাতত খোলা নেই।

সুইডেনের মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটি ইতিমধ্যে তামাদি হয়ে গেছে। বাকি আছে একটি, সেটা ধর্ষণের অভিযোগ। অ্যাসাঞ্জ আগাগোড়াই দাবি করে আসছেন তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সুইডেনের প্রচলিত আইন অনুযায়ী ২০২০ সালের মধ্যে এই মামলার অভিযোগপত্র পেশ করা না হলে অবশিষ্ট অভিযোগটিও তামাদি হয়ে যাওয়ার কথা। তারপর তিনি সব অভিযোগ থেকে মুক্ত হয়ে ইকুয়েডর দূতাবাস থেকে বেরিয়ে আসতে পারবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সে পর্যন্ত পৌঁছাতে তাঁকে আরও চারটি বছর অপেক্ষা করতে হবে।
এর মধ্যে অবশ্য একটা সুখবর পাওয়া গেল। ১৮ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তাঁর অন্তরীণ দশার চার বছর পূর্তির এক দিন পরই সুইডিশ কর্তৃপক্ষ ইকুয়েডর সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে একটা অনুরোধ পাঠিয়েছে। সেটা হলো, তারা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনের ওই দূতাবাসের ভেতরেই জিজ্ঞাসাবাদ করতে চায়। অর্থাৎ, জিজ্ঞাসাবাদের জন্য অ্যাসাঞ্জকে সুইডেন যেতে হবে না।
আসলে, অ্যাসাঞ্জ কিন্তু সেই ২০১০ সাল থেকেই বলে আসছিলেন যে সুইডিশ প্রসিকিউটররা লন্ডনে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি সাগ্রহে তাঁদের মুখোমুখি হবেন, তাঁর বিরুদ্ধে সব অভিযোগের জবাব দেবেন। কিন্তু সুইডেন তাঁর সে কথা আমলে নেয়নি। বরং ইউরোপীয় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, ইন্টারপোলকে দিয়ে তাঁর বিরুদ্ধে লাল পরোয়ানা জারি করেছে। তারা যুক্তরাজ্যের সরকারকে বলেছে, সুইডেনে ধর্ষণ ও যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ তোমাদের দেশে লুকিয়ে আছেন, তোমরা তাঁকে গ্রেপ্তার করে আমাদের কাছে প্রত্যর্পণ করো। এই নিয়ে মামলা চলেছে, অ্যাসাঞ্জ প্রত্যর্পণ মামলার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর ধরে লড়াই করে হেরে গিয়ে যখন দেখলেন, যুক্তরাজ্য তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে পাঠিয়ে দিতে এক পায়ে খাড়া হয়ে আছে, তখন তিনি আর কোনো উপায় না পেয়ে গিয়ে ঢুকলেন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে। যুক্তরাজ্যের সরকার তাঁকে আত্মসমর্পণ করতে বলল। সেই সঙ্গে বিশ্ববাসীকে জানিয়ে দিল যে অ্যাসাঞ্জকে সুইডিশ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করা তাদের আইনি কর্তব্য এবং এই কর্তব্য তারা অতি-অবশ্যই পালন করবে। অ্যাসাঞ্জ তাদের কাছে আত্মসমর্পণ না করলে তারা তাঁকে গ্রেপ্তার করবে।
কিন্তু একটা বিদেশি রাষ্ট্রের দূতাবাসে ঢুকে সেটা করার আইনসংগত অধিকার তাদের নেই বলে তারা দূতাবাসটির চারপাশে সর্বক্ষণ পুলিশ প্রহরা বহাল রাখল। অ্যাসাঞ্জ দূতাবাস থেকে বের হওয়ামাত্রই তারা তাঁকে পাকড়াও করে সুইডেন পাঠিয়ে দেবে। অ্যাসাঞ্জকে ধরার জন্য পুলিশি প্রহরার পেছনে তিন বছরে প্রায় ১২ লাখ পাউন্ড খরচ করার পর একপর্যায়ে তারা সার্বক্ষণিক প্রহরা তুলে নিয়েছে বটে, কিন্তু গোয়েন্দা নজরদারি বন্ধ করেনি। ফলে অ্যাসাঞ্জ ওই দূতাবাস থেকে চার বছরেও বের হতে পারেননি।
অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার পর থেকে ইকুয়েডর সরকারও সুইডিশ কর্তৃপক্ষকে বারবার বলেছে, আপনারা লন্ডন এসে আমাদের দূতাবাসের ভেতরেই অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করুন। কিন্তু সুইডেন তাতে ভ্রুক্ষেপ করেনি। অ্যাসাঞ্জ নিজে প্রায় ছয় বছর ধরে এবং ইকুয়েডর সরকার চার বছর ধরে সুইডেনকে যা করতে বলেছে কিন্তু সুইডেন রাজি হয়নি, সেই কাজটি করার জন্য এখন সুইডেনই উল্টো ইকুয়েডর সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাল—এটা বেশ কৌতূহলোদ্দীপক ব্যাপার বলে মনে হচ্ছে।
লন্ডনের দৈনিক গার্ডিয়ান গত সোমবার লিখেছে, ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী ড গিয়োম লং এ প্রসঙ্গে বলেছেন, ‘দূতাবাসের ভেতরেই মিস্টার অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হোক—ইকুয়েডর এই অনুরোধ জানিয়ে এসেছে চার বছর ধরে। ১ হাজার ৪০০ দিনেরও বেশি সময় ধরে আমরা সুইডিশদের আমাদের দূতাবাসে এসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ জানিয়ে আসছি। তাই সুইডিশ কর্তৃপক্ষের এই মন পরিবর্তন ও রাজনৈতিক সদিচ্ছার কিছু লক্ষণকে আমরা স্বাগত জানাই। ২০১০ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সুইডেন অন্যান্য মামলায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার জন্য বিভিন্ন দেশের কাছে ৪৪টি আবেদনপত্র দিয়েছে। সুতরাং ব্যাপারটা খুবই সাধারণ, অ্যাসাঞ্জের ক্ষেত্রেও আমরা সেটা খুব সহজেই করতে পারতাম। কিন্তু বছরের পর বছর ধরে আমরা সোজা-সাপটা প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি।’
ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে এই যুক্তিসংগত খেদ থেকে আরও একটা বিষয়ের আভাস মেলে। অ্যাসাঞ্জকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে সুইডিশ অ্যাটর্নি জেনারেলের আনুষ্ঠানিক আবেদনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ইকুয়েডর সরকার কাজটি করার অনুমতি দিয়ে দেয়নি। তারা এখন বলছে, সুইডিশ প্রসিকিউটরদের ইকুয়েডর দূতাবাসে ঢোকার অনুমতি দেওয়ার আগে ইকুয়েডর সরকারকে নতুন করে কিছু আইনগত নিশ্চয়তা পেতে হবে।
তবে এটা নিশ্চিতভাবেই আশা করা যায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ভেতরেই সুইডিশ প্রসিকিউটরদের সঙ্গে অ্যাসাঞ্জের মুখোমুখি সাক্ষাৎ হবে, তিনি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর ব্যাপারে নিজের বক্তব্য উপস্থাপন করবেন। সেগুলো প্রসিকিউটরদের কাছে কতটা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য হবে, তা এই মুহূর্তে বলা কঠিন। কিন্তু এটা ঠিক যে অ্যাসাঞ্জকে সুইডেনে নিয়ে যাওয়ার ব্যাপারে সুইডিশ কর্তৃপক্ষ আর আগের অবস্থানে রইল না।
আবার এখানে ব্রিটিশ সরকারের দিক থেকেও কিছু আইনি ব্যাপার থেকে যাচ্ছে। যেমন অ্যাসাঞ্জ তাঁর জামিনের শর্ত ভেঙে ও গ্রেপ্তার এড়িয়ে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার ফলে যে আইন লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষ তুলেছে, তারা সেটার বিচার করবে কি না। ইকুয়েডর সরকার ব্রিটিশ সরকারের কাছে এ রকম নিশ্চয়তা চাইছে যে তারা সেটা করবে না।
তা ছাড়া জাতিসংঘের একটা প্যানেল গত ফেব্রুয়ারি মাসে অ্যাসাঞ্জের অন্তরীণ দশা নিয়ে একটা রুলিংয়ে স্পষ্ট ভাষায় বলেছে যে অ্যাসাঞ্জের অবস্থা ‘আরবিট্রারি ডিটেনশান’ বা ‘জবরদস্তিমূলক আটকাবস্থা’ এবং এর জন্য দায়ী ব্রিটিশ ও সুইডিশ কর্তৃপক্ষ। কিন্তু ব্রিটেন এই রুলিং প্রত্যাখ্যান করে সেটা পর্যালোচনার দাবি করে আসছে। ইকুয়েডরের সরকার এখন ব্রিটিশ সরকারকে জাতিসংঘের রুলিংটি মেনে নিয়ে অ্যাসাঞ্জের বন্দিদশার অবসান ঘটাতে বলছে, কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ তাতে রাজি হচ্ছে না। অর্থাৎ অ্যাসাঞ্জকে কেন্দ্র করে সুইডেনের সঙ্গে ইকুয়েডরের বিরোধ অবসানের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের সঙ্গে ইকুয়েডরের সম্পর্কের অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
সব মিলিয়ে অ্যাসাঞ্জের জন্য এক নতুন আশার আলোর আভাস সত্ত্বেও ব্রিটেনের অনড় অবস্থান ও আমেরিকার নীরবতার কারণে অ্যাসাঞ্জের শুভাকাঙ্ক্ষীদের মনে নতুন সংশয় দেখা দিতে পারে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]