আ.লীগ-বিএনপি যত পারুক ঝগড়া করুক
‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা’ নিয়ে গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট ভবনে যে সেমিনার হয়, তাতে নাকি আওয়ামী লীগ ও বিএনপির নেতারা শুধু ঝগড়াই করেছেন। আমরা এই ঝগড়াকে স্বাগত জানাই। তাঁরা আরও ঝগড়া করুন। তবে তা বিদেশের মাটিতে সীমিত না রেখে দেশে এসে ঝগড়াটা করলে আরও ভালো হয়। দেশবাসী তাঁদের বক্তব্য সরাসরি শুনতে পেতেন। আওয়ামী লীগ সরকার যখন এতগুলো টিভি চ্যানেল খুলে দিয়েছে, তখন চ্যানেলগুলো নিশ্চয়ই তাঁদের বক্তব্য সরাসরি প্রচার করবে। বিতর্ক বা ঝগড়া সব সময় খারাপ নয়। খারাপ হলো, কথা না বলা। ঝগড়ার মধ্য দিয়ে অন্তত দুই পক্ষের মনোভাবটা জানা যায়। আবার ঝগড়ার মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠার নজিরও কম নয়।
এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির দুই জাঁদরেল প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স কয়েক মাস ধরে অবিরাম ঝগড়া করলেন, তার শেষ ফলটা কিন্তু ভালোই হলো। তাঁরা একাধিকবার মুখোমুখি ঝগড়া করেছেন। পরস্পরকে প্রেসিডেন্ট পদে ‘মহা অযোগ্য’ বলে গালমন্দ করেছেন। কিন্তু প্রাথমিক মনোনয়ন-প্রক্রিয়ায় যখন বার্নি হারলেন এবং হিলারি জয়ী হলেন, তখন তাঁরা সেই ঝগড়ার কথা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে জিতিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করলেন। হিলারি বললেন, বার্নির মতো মহৎ মানুষ হয় না। আর বার্নি জানালেন, হিলারিই হবেন আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট।
তাই ব্রিটেনে আওয়ামী লীগ ও বিএনপির ঝগড়াকে আমি মোটেই খারাপ দৃষ্টিতে দেখছি না। যত পারুক তারা ঝগড়া করুক। জাতীয় সংসদ ‘ঝগড়ার’ একটি জায়গা হতে পারত। অতীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা সংসদে মন খুলে ঝগড়া করেছেনও। তাঁদের সেই ঝগড়া এমন মাত্রায় পৌঁছেছিল যে জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সংসদকে মাছের বাজার না বানানোর জন্য আকুল আকুতি জানাতে হয়েছিল।
কিন্তু মাছের বাজার যে খুব খারাপ, সে কথা বলা যায় না। মাছের বাজারে দরাদরিটা বেশি হয়। আর আমাদের নেতা-নেত্রীরা বাগ্যুদ্ধে সব সময় জিতে থাকতে চান। কেউ কারও কথা মাটিতে পড়তে দেন না। তাঁরা মাঝেমধ্যে এমন ভাষা ব্যবহার করেন, যা মাছের বাজারেও ব্যবহৃত হয় না। এখন মাছের বাজার নিয়ে বেশি কথা নয়।
আপাতত আমরা ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ সংলাপের দিকে নজর দিই। সংলাপের বিষয় ছিল ‘বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক দলের ভূমিকা’। এই ভূমিকা নিয়েও আরেকটি ভূমিকা রাখতে হয়। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটিশ পার্লামেন্টের লর্ড সভার প্রয়াত সদস্য এরিক অ্যাভবেরির উদ্যোগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের নিয়ে ২০০৫ সাল থেকে সময় সময় সেমিনারের আয়োজন শুরু হয়। অ্যাভবেরির মৃত্যুর পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির লর্ড কারলাইল সেই দায়িত্ব নিয়ে এবারের সেমিনারের আয়োজন করেন। কিন্তু এবারে মনে হচ্ছে, দুই দলই সংলাপটাকে ‘নিয়মরক্ষা’ হিসেবে নিয়েছেন। আওয়ামী লীগ থেকে যাঁরা গিয়েছেন, তাঁরা বয়সে প্রবীণ হলেও দলে ‘নবাগত’। রাজনীতিকের চেয়ে আমলা হিসেবেই বেশি পরিচিত। আর বিএনপির মহাসচিব লন্ডনে গেলেও সেমিনারে অংশ নেননি। নিয়েছেন দলের তিন জুনিয়র নেতা।
তারপরও আওয়ামী লীগ ও বিএনপির ওই নেতারা ধন্যবাদ পেতে পারেন এ কারণে যে তাঁরা মুখোমুখি হয়েছেন। নিজ নিজ দলের যুক্তি তুলে ধরেছেন, অপর পক্ষের যুক্তি খণ্ডন করেছেন। আওয়ামী লীগ নেতারা স্বাধীনতাবিরোধীদের মদদদাতা বলে বিএনপিকে নাকচ করেননি। আবার বিএনপি নেতারাও ‘বিনা ভোটের’ সরকার বলে আওয়ামী লীগের সঙ্গে বসতে আপত্তি জানাননি। যদিও জামায়াতের নেতাকে একবিন্দু ছাড় দেননি। অন্তত এখানে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে কিছুটা ফারাক করেছে।
প্রথম আলোর লন্ডন প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়, জঙ্গিবাদের উত্থানের পেছনে মদদ আছে বলে পরস্পরের ওপর দোষ চাপিয়েছেন দুই দলের নেতারাই। সেটি তাঁরা করতেই পারেন। কেননা পৃথিবীতে এমন কোনো দল বা নেতা পাওয়া যাবে না যে নিজেকে খারাপ ও অপরকে ভালো বলেন। এই সেমিনারে যৌথভাবে সভাপতিত্ব করেন ব্রিটিশ লর্ড সভার সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল ও বাংলাদেশবিষয়ক সর্বদলীয় কমিটির চেয়ার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন। আমাদের নেতা-নেত্রীরা বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে আছেন দাবি করলেও পদে পদে তাঁরা পরনির্ভরশীলতার নজির রাখছেন। দেশের উন্নয়ন ও রাজনীতি নিয়ে কথা বলতেও তাঁদের যেতে হয় ব্রিটিশ পার্লামেন্টে! দেশের ভেতরে এ রকম একটি সেমিনার বা সংলাপের আয়োজন তাঁরা করতে পারেন না!
সেমিনারে সরকারের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমদ ও নিতাই রায় চৌধুরী। বক্তব্য দেন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধিও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সেমিনারে যোগ দেওয়ার জন্য লন্ডনে গেলেও আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি সেমিনারে অংশ নেননি।
অনেক বছর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের এক ‘মধুর ঝগড়া’ দেখেছিলাম। তখন বিএনপির শাসনকাল। প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। তিনি যেদিন অধিবেশনে ভাষণ দেন, সেদিন আওয়ামী লীগ সমর্থকেরা ‘নিন্দাবাদ’ ও বিএনপির সমর্থকেরা ‘জিন্দাবাদ’ প্ল্যাকার্ড নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজির হন। নির্ধারিত স্থানে দুই পক্ষের সমর্থকেরাই কিছুক্ষণ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে আড্ডায় মেতে উঠলেন। রাজনীতির বিভাজনের কথা ভুলে গিয়ে তাঁরা সঙ্গে আনা খাবারও ভাগাভাগি করে খেলেন। কর্মীদের এই মনোভাব যদি নেতাদের স্পর্শ করত, সহজে অনেক সমস্যারই সমাধান হয়ে যেত।
তারপরও আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বলব, যত পারুন ঝগড়া করুন। একমত না হলে সেটিও বৈঠকে বসে বলুন। মুখ দেখাদেখির রাস্তাটি চিরতরে বন্ধ করবেন না।