আইএস এবং ব্লেয়ারের গণপ্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি ব্লেয়ার
টনি ব্লেয়ার

এই আইএস যে শুধু ইরাক আর সিরিয়াতেই তাদের খেলাফত প্রতিষ্ঠার লড়াই চালাচ্ছে তা নয়; তাদের জিহাদি বার্তায় আকৃষ্ট হচ্ছে বিশ্বের নানা দেশের অগণিত তরুণ। আর এই নব্য জিহাদিরা বিশ্বের নানা প্রান্তে যে তাণ্ডব চালাচ্ছে, তাতে শান্তি ও স্থিতিশীলতা এখন বড় ধরনের হুমকির মুখে। প্যারিসে খেলার মাঠ কিংবা সংগীতের আসর, ব্রাসেলস ও ইস্তাম্বুলের বিমানবন্দর, যুক্তরাষ্ট্রের নৈশ ক্লাব—সব জায়গাতেই রক্ত ঝরেছে।

বাংলাদেশেও আমরা কিছুদিন ধরে শুনে আসছি আইএস আছে-আইএস নেই বিতর্ক। এই বিতর্কের মধ্যে গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে নৃশংস হামলা এবং দেশি-বিদেশি জিম্মি হত্যার বীভৎস সন্ত্রাস আমরা প্রত্যক্ষ করলাম। আর সেই নৃশংসতার দায় স্বীকারের পাশাপাশি ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছে কথিত ইসলামিক স্টেট। এই ইসলামিক স্টেটের কেন্দ্র হচ্ছে ইরাকের মসুল ও সিরিয়ার রাকা প্রদেশ। সিরিয়া-ইরাক সীমান্তের এক বিরাট অংশজুড়ে এখন ইসলামিক স্টেটের যে কথিত রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, ২০০৩ সালের আগে সেখানে এ রকম কিছু ছিল না। তখন মসুল ছিল সাদ্দাম হোসেনের রাজত্বের অংশ। আর সিরিয়ার গৃহযুদ্ধ তো আরও পরের কথা। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের কাছে কথিত গণবিধ্বংসী অস্ত্র (উইপনস অব ম্যাস ডেস্ট্রাকশন, ডব্লুএমডি) থাকার যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে সামরিক আগ্রাসন চালানো হয়েছিল, এখন চিলকট কমিশনের তদন্তে স্বীকার করে নেওয়া হয়েছে যে
সেই গোয়েন্দা তথ্য ছিল ত্রুটিপূর্ণ। সামরিক অভিযান পরিচালনার যুক্তিগুলোও যে সন্তোষজনক ছিল না, সে কথাও এই তদন্তে বেরিয়ে এসেছে।

টনি ব্লেয়ারের উত্তরসূরি গর্ডন ব্রাউন এই তদন্তের উদ্যোগ নেন এবং স্যার চিলকটের নেতৃত্বে গঠিত কমিশন সাত বছর ধরে শুনানি অনুষ্ঠান, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর ৬ জুলাই মঙ্গলবার বহুল প্রত্যাশিত প্রতিবেদনটি প্রকাশ করে। প্রায় আট হাজার পৃষ্ঠাজুড়ে ছাব্বিশ লাখ শব্দের এই বিশাল প্রতিবেদনে হাজার হাজার অপ্রকাশিত রাষ্ট্রীয় ও গোপন নথিপত্র প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। এগুলোর বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা-বিতর্ক চলবে আরও অনেক দিন। তবে এই যুদ্ধের অন্যতম হোতা টনি ব্লেয়ার এখন স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যে গোয়েন্দা তথ্যের যথার্থতার বিষয়ে তাঁর উচিত ছিল আরও প্রশ্ন করা। তিনি এই যুদ্ধের ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। তবে দাবি করেছেন যে তিনি সজ্ঞানে কাউকে বিভ্রান্ত করেননি এবং সরল বিশ্বাসে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি সাংবাদিকদের কাছে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়ার সম্ভাবনা রয়েই গেছে। যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারবর্গের অনেকে সে রকম ইঙ্গিতই দিয়েছেন।

পাঠকদের অনেকেরই মনে থাকবে টনি ব্লেয়ারের সেই বিখ্যাত বিবৃতি, যাতে তিনি বলেছিলেন যে সাদ্দাম হোসেন ৪৫ মিনিটের মধ্যে ইউরোপের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারেন। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নিজের দেশের মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে লাখ লাখ মানুষকে হত্যা ও বিকলাঙ্গ করে দিয়েছেন। তাঁকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না এবং কোনো সুযোগ দেওয়া চলে না। ব্লেয়ার এগুলো বলেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু বিভিন্ন নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করে চিলকট কমিশন মোটা দাগে যেসব সিদ্ধান্তে পৌঁছেছে সেগুলো হচ্ছে:

এক. ২০০৩ সালের মার্চ মাসে সাদ্দাম হোসেন এমন কোনো হুমকি ছিলেন না, যাতে তখনই সামরিক অভিযান চালাতে হতো। ভবিষ্যতে সামরিক অভিযানের প্রয়োজন হলেও তখন এর প্রয়োজন ছিল না।

দুই. ২০০২ সালের সেপ্টেম্বর মাসে ইরাকের গণবিধ্বংসী অস্ত্রসম্ভার ও সামরিক ক্ষমতা সম্পর্কে ব্লেয়ার যে বিবরণ ও কথিত নথি (ডোশিয়ার) যতটা নিশ্চিতভাবে প্রকাশ করেছিলেন, তা মোটেও যৌক্তিক ছিল না। (প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, শুক্রবার দ্য টেলিগ্রাফ খবর দিয়েছে যে ইরাকে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী বিজ্ঞানী ড. ডেভিড কেলির রহস্যজনক মৃত্যুর বিষয়ে সব ধরনের মেডিকেল ও ময়নাতদন্তের নথি সত্তর বছর গোপন রাখা হবে। ওই মৃত্যুর বিষয়ে যে তদন্ত কমিশন হয়েছিল,
সেই কমিশনের প্রধান লর্ড বাটলার এগুলো তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন বলে পত্রিকাটি খবর দিয়েছে। ব্লেয়ারের প্রশাসন ইরাকের ডব্লুএমডির ক্ষমতা সম্পর্কে গোয়েন্দা তথ্যে অতিরঞ্জন করেছিল বলে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের সূত্র ছিলেন ডেভিড কেলি।)

তিন. সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও যুক্তরাজ্য যে অবস্থান গ্রহণ করেছিল, তাতে নিরাপত্তা পরিষদের গুরুত্বকে খাটো করা হয়েছে বলে কমিশন মনে করে।

চার. যে পরিস্থিতিতে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আইনগত ভিত্তি সন্তোষজনক ছিল না।

পাঁচ. যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হিসেবে প্রমাণিত এবং তাতে ভিন্নমত গ্রহণযোগ্য। সুতরাং, ব্রিটেনের স্বার্থ অথবা বিবেচনায় ভিন্নতা সত্ত্বেও নিঃশর্তভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল না। প্রেসিডেন্ট বুশের আস্থা ও ঘনিষ্ঠতার জন্য টনি ব্লেয়ার উন্মুখ ছিলেন বলে একটা কথা চাউর ছিল অনেক দিন। তাই এ দুজনের মধ্যকার চিঠিপত্র, টেলিফোন সংলাপের রেকর্ড প্রকাশের দাবিও একসময় উঠেছিল। এখন চিলকট রিপোর্টে দেখা গেল, বাস্তবে যুদ্ধের অন্তত আট মাস আগে ২০০২ সালেই ব্লেয়ার প্রেসিডেন্ট বুশকে লিখিতভাবে জানিয়েছিলেন যে ‘আই উইল বি উইথ ইউ হোয়াটএভার’ (যা-ই হোক না কেন, আমি আপনার সঙ্গে থাকব)।

ছয়. কমিশন মনে করছে যে শান্তিপূর্ণভাবে ইরাককে নিরস্ত্র করার উপায়গুলো কাজে লাগানোর আগে যুক্তরাজ্য যুদ্ধে যাওয়ার
সিদ্ধান্ত নেয়। সুতরাং, সেই সময়ে যুদ্ধটাই শেষ উপায় ছিল না।

সাত. যুদ্ধোত্তর ইরাক পুনর্গঠনের চ্যালেঞ্জটি যেই মাত্রায় ছিল, তা মোকাবিলায় যুক্তরাজ্য সেই মাত্রায় চেষ্টা করেনি।

টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধের দায়ে বিচার করা যায় কি না—এ রকম একটি সিদ্ধান্ত যাঁরা আশা করেছিলেন, তাঁরা স্যার চিলকটের ব্যাখ্যায় হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কেননা, তিনি সরাসরি সে রকম কোনো উপসংহার টানেননি। এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে আইনগত বিচার বা মতামত দেওয়ার দায়িত্বটি তাঁদের নয়।

তবে যুদ্ধের যে আইনগত যৌক্তিকতা ব্লেয়ার তুলে ধরেছিলেন, তাকে ‘সন্তোষজনক নয়’ অভিহিত করাকেই অনেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন। আইন বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে ব্লেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। যুদ্ধে হতাহত ব্রিটিশ সেনাসদস্যদের পরিবারগুলো চিলকট রিপোর্ট প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে রকম ইঙ্গিতই দিয়েছে।

তারা বলেছে যে রিপোর্টটি বিশদভাবে খুঁটিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্লেয়ারের জন্য আরেকটি বড় দুঃসংবাদ হচ্ছে, কমিশন স্পষ্ট করেই বলেছে যে যুদ্ধের যৌক্তিকতা গ্রহণের সিদ্ধান্তটি ছিল প্রধানমন্ত্রীর। এর জন্য মন্ত্রিসভার দায় নেই।

টনি ব্লেয়ারের জন্য চিলকট কমিশনের রিপোর্ট যে কত বড় দুঃসংবাদ, তার কিছুটা আঁচ পাওয়া যায় ব্রিটিশ দৈনিকগুলোর পরদিনের সংবাদ শিরোনামে। ইরাক যুদ্ধকে সমর্থন করেছিল যে পত্রিকা, সেই সান পত্রিকাও তার শিরোনামে ব্লেয়ারকে ‘উইপন অব ম্যাস ডিসেপশন’ (গণপ্রতারণার অস্ত্র) হিসেবে অভিহিত করেছে। যুদ্ধবিরোধী ডেইলি মিরর-এর প্রচ্ছদে বুশ-ব্লেয়ারের ছবির ওপর শিরোনাম ছিল ‘আই উইল বি উইথ ইউ হোয়াটএভার’। এই একই শিরোনাম ব্যবহার করেছে গার্ডিয়ান। টাইম লিখেছিল ‘ব্লেয়ারের ব্যক্তিগত যুদ্ধ’ (ব্লেয়ারস প্রাইভেট ওয়ার)। মেইল-এর শিরোনাম ছিল ‘বিভ্রান্ত এক দানব’ (এ মনস্টার অব ডিলিউশন)। কয়েকটি পত্রিকা বিভ্রান্তির ঘোরে ডুবে থাকা ব্লেয়ারের প্রতিক্রিয়ার ‘আমি আবারও একই সিদ্ধান্ত নেব (আই উইল ডু ইট অ্যাগেইন) অংশটুকু শিরোনামে তুলে আনে।

চিলকট কমিশনের রিপোর্টে ব্রিটিশ রাজনীতি, সরকার পরিচালনার রীতিনীতি, গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। রাজনীতিতে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবার পার্টির বর্তমান নেতা জেরেমি করবিন দলের হয়ে ক্ষমা চেয়েছেন। এখন এর সুদূরপ্রসারী প্রভাব কী হবে, তা স্পষ্ট হতে কিছুটা সময় লাগবে। তবে যুদ্ধ ঘোষণা, গোয়েন্দাপ্রতিষ্ঠান ও নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্রমে যে অনেক কিছুই বদলাবে, এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। পার্লামেন্টারি শুনানিতে ফিলিপ হ্যামন্ডের বক্তব্যেও এর ইঙ্গিত মেলে। একই সঙ্গে ইঙ্গ-মার্কিন বন্ধুত্ব এবং তাদের সমন্বিত বৈশ্বিক নীতি ও কৌশলের যথার্থতা বিষয়ে বাকি বিশ্ব ভবিষ্যতে যে আরও সতর্ক হবে, তাতে কোনো সন্দেহ নেই।

কামাল আহমেদ: সাংবাদিক।