আইএস কেন টিকে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফরি ডি স্যাক্স
জেফরি ডি স্যাক্স

ইস্তাম্বুল, ঢাকা ও বাগদাদে আইএসের হামলার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অঞ্চলে মারাত্মক প্রভাব বিস্তার করেছে। কথা হচ্ছে, আইএস যত দিন সিরিয়া ও ইরাকে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখবে, তত দিন তাদের নেটওয়ার্ক এমন ধ্বংসলীলা চালিয়ে যাবে। তা সত্ত্বেও আইএসকে পরাজিত করা তেমন কঠিন কাজ নয়। সমস্যা হচ্ছে, ইরাক ও সিরিয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসহ যেসব রাষ্ট্র জড়িত, তারা কেউই আইএসকে মূল শত্রু হিসেবে বিবেচনা করছে না। সময় এসেছে, তাদের সেটা করতে হবে। সংখ্যাগত দিক দিয়ে আইএসের চেয়ে তাদের সেনা অনেক বেশি।
২০১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসকে ‘কমজোর করে শেষমেশ ধ্বংস’ করার অঙ্গীকার করলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র সৌদি আরব, তুরস্ক ও ইসরায়েল (পর্দার পেছনে) তা না করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের চেষ্টা করছে। ইসরায়েল আইএসের বিরোধিতা করে, কিন্তু তার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হচ্ছে বাশারের পেছনে ইরানের সমর্থন। বাশারের কারণে ইরান ইসরায়েলের দুই আধা সামরিক শত্রু হিজবুল্লাহ ও হামাসকে সহযোগিতা করতে পারছে। সে কারণে ইসরায়েল আইএসকে পরাজিত করার চেয়ে বাশারকে উৎখাতের ব্যাপারে বেশি সচেষ্ট।
সৌদি আরব ও ইসরায়েলের আসল লক্ষ্য হচ্ছে, বাশারকে সরিয়ে ইরানকে দুর্বল করে ফেলা। সিরিয়া হচ্ছে সুন্নি সৌদি আরব ও শিয়া ইরানের মধ্যকার দীর্ঘ প্রক্সি যুদ্ধের ময়দান, যে যুদ্ধ কখনো সিরিয়া, কখনো ইয়েমেন আবার কখনোবা বাহরাইনে সংঘটিত হয়, এমনকি সৌদি আরবেও।
ওদিকে বাশার উৎখাত হলে আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের অবস্থান আরও জোরদার হবে। দক্ষিণ সীমান্তে তুরস্ক এখন তিন শত্রুর মুখোমুখি হয়েছে: বাশার, আইএস ও জাতীয়তাবাদী কুর্দি। কিন্তু আইএস বাশার ও কুর্দিদের ব্যাপারে পিছু হটেছে, যেটা তুরস্কের জন্য সুখবর নয়। কিন্তু তুরস্কে আইএস-নির্দেশিত হামলায় সে সমীকরণ বদলে যেতে পারে।
রাশিয়া ও ইরানও প্রক্সি যুদ্ধ ও আধা সামরিক বাহিনীর অভিযানে সমর্থন দিয়ে নিজেদের আঞ্চলিক স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছে। তা সত্ত্বেও দেশ দুটি আইএসকে হারানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে প্রস্তুত, সম্ভবত অন্যান্য সমস্যা সমাধানেও। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব প্রস্তাব অগ্রাহ্য করেছে, কারণ তার লক্ষ্য হচ্ছে বাশারকে সরানো।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণেতারা রাশিয়াকে দোষারোপ করে, ভ্লাদিমির পুতিন বাশারকে রক্ষা করতে চান, আর রাশিয়া যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে, তারা বাশারকে উৎখাত করতে চায়। এসব অভিযোগ একই রকম শোনালেও ব্যাপারটা আসলে সে রকম নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাশারকে উৎখাতের চেষ্টা করে জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে, যেখানে রাশিয়া বাশারকে রক্ষা করার চেষ্টা করে সেই সনদ লঙ্ঘন করেনি। হ্যাঁ, বাশার একজন স্বৈরশাসক, কিন্তু জাতিসংঘ সনদ কোনো দেশকে আরেকটি দেশের স্বৈরশাসককে উৎখাতের লাইসেন্স দেয়নি।
আইএসের টিকে থাকার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির চারটি নীতিগত ভুল চিহ্নিত হয়েছে, যার সঙ্গে একটি মারাত্মক কৌশলগত ভুলও আছে।
প্রথমত, প্রভাব বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নব্য দখলদারি শুরু করেছে, সেটা শুধু চরম ঔদ্ধত্যই নয়, তার সঙ্গে সাম্রাজ্য বিস্তারের দারুণ মিলও আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে এ কাজ করতে গেছে, সেখানেই সে চরমভাবে ব্যর্থ হয়েছে, সিরিয়া ও লিবিয়া হচ্ছে তার সর্বশেষ দৃষ্টান্ত।
দ্বিতীয়ত, সিআইএ দীর্ঘদিন ধরে সৌদি আরবের গোপন অর্থায়নে সুন্নি জিহাদিদের প্রশিক্ষণ দিয়েছে। এর বিপরীতে দেখা গেল, এই সুন্নি জিহাদিরা আইএসের জন্ম দিয়েছে। সিআইএ ও সৌদি আরবের নীতির প্রত্যক্ষ ফলাফল হিসেবে এটা হয়েছে।
তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র যে মনে করে ইরান ও রাশিয়া তার জাতশত্রু, ধারণা হিসেবে এটা নানা দিক থেকেই সেকেলে হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, দুই দেশের সঙ্গেই সম্পর্ক নতুন করে গড়ে তোলা সম্ভব।
চতুর্থত, কৌশলগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আইএস ও বাশারের বিরুদ্ধে দুই ফ্রন্টে লড়তে গিয়ে ব্যর্থ হয়েছে। দেখা গেছে, বাশার যখন দুর্বল হয়েছেন, তখন আইএস, আল-নুসরা ফ্রন্টসহ সুন্নি জিহাদিরা সেই শূন্যস্থান পূরণ করে ফেলেছে।
কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব ও ইরান যদি বিমান হামলার মাধ্যমে বাশারকে সহায়তা করে, তাহলে বাশার ও ইরাক আইএসকে পরাজিত করতে পারে। হ্যাঁ, বাশার ক্ষমতায় থাকবেন, সিরিয়ায় রাশিয়ার একজন মিত্র থাকবে, আর সেখানে ইরানের প্রভাবও থাকবে। সন্দেহ নেই, তা সত্ত্বেও সন্ত্রাসী হামলা চলতে থাকবে, সম্ভবত কিছুদিনের জন্য আইএসের নামেও তা চলতে পারে। কিন্তু এতে আইএস সিরিয়া ও ইরাকে দুর্বল হয়ে পড়বে।
আরও আছে। আইএসকে পরাজিত করার জন্য সহযোগিতামূলক মনোভঙ্গি গ্রহণ করা হলে সৌদি আরব ও তুরস্ক ইরানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারে। ইরানের সঙ্গে পশ্চিমের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে ইসরায়েলের নিরাপত্তা আরও সংহত হতে পারে, যার বদৌলতে ফিলিস্তিনের সঙ্গে তার বহু পুরোনো সমস্যার সমাধানের পথ সুগম হতে পারে।
পশ্চিমের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান নীতি যে ভুল, তার লক্ষণ হচ্ছে এই আইএসের উত্থান। পশ্চিম আইএসকে পরাজিত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সে লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন করবে কি না।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জেফরি ডি স্যাক্স: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।