আইএস জটিলতা প্রশ্নে ট্রাম্প-হিলারি একমত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারি রডহ্যাম ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্কে আইএস যথেষ্ট প্রাধান্য পেয়েছে। তাঁরা দুজনে কীভাবে আইএস মোকাবিলা করার সংকল্প ব্যক্ত করেছেন, সেদিকেই আমি বিশেষভাবে মনোনিবেশ করি। তার কারণ, আমেরিকার ভাবী প্রেসিডেন্ট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আইএস কীভাবে মোকাবিলা করবেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বের যেকোনো দেশই হোক না কেন, আইএসের মতো কোনো গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কায় যাঁরাই থাকেন এবং তা থেকে নিজেদের বাঁচাতে চান, তাঁদের শিক্ষা নেওয়ার আছে।

ট্রাম্প মনে করেন, বিশ্বকে আইএসমুক্ত করা যাবে না, মুসলিম ও মধ্যপ্রাচ্য ঠিক করা যাবে না। তার চেয়ে বরং নিজের সীমান্তকে নিরাপদ করে আমেরিকাকে বাঁচানোই ভালো। আর হিলারির মত হলো, আইএস-ভূত তাড়াতে মুসলমানদের লাগবেই। তাদের সঙ্গে রাখলে আমেরিকারই লাভ। অথচ ট্রাম্প তাঁদের অপমান করে চলেছেন। হিলারি বলেন, ‘আমি মুসলিমদের আস্থা ফিরে পাওয়ার ওপরেই বেশি গুরুত্ব দিতে চাইছি। গুরুত্ব দেব। এভাবেই আমেরিকায় ইসলামের নামে সন্ত্রাসবাদকে আরও বেশি করে বিচ্ছিন্ন করে ফেলা যাবে। যদি কিছু থেকেও থাকে, মার্কিন মুলুকে থাকা মুসলিমদের সেই ন্যূনতম সমর্থনটুকুও হারাবে ইসলামের নামে সন্ত্রাসবাদ। আর এটাই ইসলামের নামে সন্ত্রাসবাদকে অসাড় করে দেওয়ার সেরা হাতিয়ার হতে পারে। পাশাপাশি গোয়েন্দা-জালটাকে আরও নিখুঁত করে তুলব। আর সেই জালটাকে আরও বেশি করে তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে দেব। ছড়িয়ে দেব ইউরোপেও। যাতে খড়ের গাদা থেকেও সুচ খুঁজে বের করা যায়।’ পুরো বিতর্কে হিলারিকে ট্রাম্প ‘সেক্রেটারি ক্লিনটন’ এবং ট্রাম্পকে হিলারি ‘ডোনাল্ড’ বলে সম্বোধন করেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেন: ‘আমি মনে করি, ইন্টারনেটে আইএস কী করছে, সে বিষয়ে সেক্রেটারি ক্লিনটন এবং আমি খুবই একমত হতে পারি। তারা আমাদের নিজস্ব খেলায় আমাদের হারিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই সাইবার এবং সাইবারযুদ্ধে কঠোর হতে হবে।’

আমি ট্রাম্পের সঙ্গে একমত না হয়ে পারি না, যখন তিনি বলেন, ‘১০ বছর বয়সী আমার একটি ছেলে আছে। তার একটা কম্পিউটার আছে এবং কম্পিউটারে সে এত ভালো, যেটা অবিশ্বাস্য। আর সাইবার নিরাপত্তা খুবই কঠিন বিষয়।’ এ সময় মডারেটর হিলারিকে আমন্ত্রণ জানান। তখন হিলারি বলেন, ‘আইএস প্রতিরোধে আমাদের টেক কোম্পানিগুলোর সঙ্গে আমাদের অনেক কাজ বাকি পড়ে আছে। আইএস অপারেটিভসরা উগ্রপন্থা ছড়াতে ইন্টারনেট ব্যবহারে সক্ষম।’ দুই শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী একমত হন যে ইন্টারনেট বিশ্বকে রেডিক্যালাইজড করতে পারে। বাংলাদেশেও আমরা এই নতুন বিপদ টের পাই।

হিলারি তাই বলেন, ইন্টারনেটের মাধ্যমে রেডিক্যালাইজেশন তারা ‘অন্যান্য স্থানের’ লোকদেরও করতে পারছে। হিলারি এরপর আইএসের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করার কথা বলেন। তিনি বলেননি, শুধু বিমান হামলা করেই ওই সমস্যা ঠেকানো যাবে না। তিনি আশাবাদী ‘এক বছরের মধ্যে’ আইএসকে ইরাকছাড়া করবেন। এরপর সিরিয়াতেও তাদের কোণঠাসা করা সম্ভব হবে।

এরপর হিলারি কিন্তু আমাদের জ্ঞানবুদ্ধির মধ্যে থাকা একটা প্রসঙ্গ এনেছেন। বলেছেন, ‘কিন্তু আমাদের অবশ্যই এটা বিবেচনায় নিতে হবে যে স্বেচ্ছাসেবী বিদেশি যোদ্ধারা তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাঁদের জন্য বিদেশি অর্থ ও বিদেশি অস্ত্র আসছে। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকতে যেভাবে বিন লাদেনকে ধরেছিলাম, সেভাবে বাগদাদিকেও ধরতে হবে। অনলাইনে তাঁদের যে প্রোপাগান্ডা আছে, তাতে বাধার সৃষ্টি করতে হবে।’ স্পষ্টতই তিনি সামরিক ব্যবস্থার দিকটি স্পষ্ট করেছেন।
এরপর মডারেটর নিউইয়র্ক, নিউজার্সির সাম্প্রতিক হামলা, যেখানে আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদেরও রক্ত ঝরতে দেখেছি, তাদের দিকে ইঙ্গিত করেন। বলেন, মার্কিন নাগরিকদের দ্বারা ‘হোমগ্রোন’ আক্রমণ মোকাবিলায় কী করা হবে? তখন ডোনাল্ড ট্রাম্প যা বলেন, তাতে আমি একটি ধাঁধার উত্তর পেলাম। ট্রাম্প বলে আসছিলেন, হিলারি ও ওবামারা আইএসের স্রষ্টা। এই বিতর্কে তিনি তা পরিষ্কার করেছেন। বলেছেন, ইরাক থেকে হঠাৎ চলে আসার কারণে সৃষ্ট শূন্যতায় আইএসের জন্ম। এ সিদ্ধান্ত ওবামাদের ঠিক হয়নি।

আমার কাছে মনে হয়েছে, ট্রাম্প বলতে চেয়েছেন যে একবার যখন সেখানে ঢুকেই পড়েছেন, তারপর যেভাবে অকস্মাৎ বেরিয়ে এসেছেন, সেটা ছিল বিপর্যকর। কারণ, সেই শূন্যতার গর্ভে আইএস জন্ম নেয়। যদি তাঁরা ১০ হাজার সৈন্য রাখা বা তার চেয়ে বড় কোনো একটা পদক্ষেপ নিতেন, তাহলে আইএসের জন্ম হতো না। এরপর তিনি বলে বসলেন, ইরাকের তেল নেওয়া উচিত ছিল, তাহলেও আইএস হতো না। তেল নেওয়ার ব্যাপারে নিউইয়র্ক টাইমসে একটি ব্যাখ্যা এসেছে। অন্যের তেল আত্মসাৎ করার দৃষ্টিতেই দেখেছে নিউইয়র্ক টাইমস।

আমার মনে হয় না, ট্রাম্প এতটা সংকীর্ণ অর্থে বলেছেন। যুক্তরাষ্ট্র তেলসম্পদ আগলে ইরাকি জনগণের স্বার্থে ব্যবহার কি নিশ্চিত করতে পারত না? ট্রাম্পের এ যুক্তি নাকচ করে দেওয়া যায় না যে ‘যদি তেল না থাকত, তাহলে আইএস চালানো সহজ ছিল না। তেল তাদের আয়ের প্রাথমিক উৎস।’

হিলারি ট্রাম্পের শূন্যতার সৃষ্টির দায় স্বীকার করেননি। এমনকি তিনি এর ব্যাখ্যাও দেননি। বরং প্রকারান্তরে একটা প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন। কারণ, হিলারি বলেন, ‘মার্কিন সেনারা কখন ইরাক ছাড়বে, সেই চুক্তিটা বুশ করেছেন, ওবামা নয়। আবার ইরাকে মার্কিন সেনারা থাকতে পারত কেবল তৎকালীন ইরাকি সরকার যদি একটা চুক্তি করত। কিন্তু ইরাকি সরকার তা করত না।’ এরপরে হিলারি কথার মোড় ঘুরিয়ে নেন। বলেন, ‘আমরা এখানে যুক্তরাষ্ট্রে বসে কী করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সত্যিই কি তা-ই? আইএস-যন্ত্রণা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে তার মাটিতে বসে কী করছে, হিলারির মন্তব্য অনুযায়ী, সেটাই ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বিবেচ্য বিষয়। তিনি এর প্রতিকারের জন্য তাঁর ভাষায়, ইন্টেলিজেন্স সার্জ বা গোয়েন্দা কার্যক্রমের তীব্রতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। হিলারি এরপর বলেন, ‘আমরা সন্ত্রাস দমনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের বন্ধুদের সঙ্গে কাজ করছি। অথচ ডোনাল্ড অব্যাহতভাবে দেশ-বিদেশের মুসলিমদের বিদ্রূপ করে চলছেন।’ তার মানে দাঁড়াচ্ছে, মুসলমানদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার যে সংকল্প, সেটা হিলারি অন্তত এই বিতর্কে কেবলই যেন ডোনাল্ডের বর্ণবিদ্বেষ-বিরোধিতার জায়গা থেকে দেখেননি। বরং বলেছেন, ‘মুসলমানদের চটানো যাবে না, কারণ ওদের সঙ্গে রাখাটাই আমাদের স্বার্থের জন্য অনুকূল।’

হিলারির কথায়, ‘তারা (মুসলমান) ফ্রন্টলাইনে আছে। তারা আমাদের এমন তথ্য দিতে পারে, যা আমরা অন্য জায়গা থেকে না-ও পেতে পারি। তারা যাতে আমাদের থেকে বিচ্ছিন্নবোধ না করে। অথচ ট্রাম্প তা-ই করছেন।’ এর উত্তরে ট্রাম্প যা বললেন, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। তিনি নির্দিষ্ট করে বললেন, ‘আমরা তাদের (মুসলমান) সঙ্গে বহু বছর কাজ করেছি এবং আমরা সেটা করে লাভ করেছি চরমতম বিশৃঙ্খলা, যা কেউ কখনো দেখেনি।’ রিপাবলিকানরা কি তাহলে বলছেন যে তাঁরা আর মুসলিম দেশের সঙ্গে আর কোনো ‘কাজ’ করবেন না? মুসলিম দেশগুলোতে তাঁরা শৃঙ্খলা দিয়ে চলছেন? আর তার প্রতিদানে তাঁরা পাচ্ছেন অভূতপূর্ব নৈরাজ্য? বাস্তবতা ও ইতিহাস কী বলে?

এ প্রসঙ্গে ট্রাম্প অবশ্য সন্ত্রাস দমনে ন্যাটো কার্যকর মার্কিন সারথি হতে পারলে ভালো, নইলে তার বাজেটের ৭৩ শতাংশের জোগান দিয়ে ন্যাটোকে বাঁচিয়ে রাখা অর্থহীন বলে মত দেন। তবে ট্রাম্প দ্রুত আবার আইএসে ফেরেন। বলেন, ‘আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন আইএস ছিল ছোট্ট শিশু, এখন এটা ৩০টি দেশে ছড়িয়ে আছে। আপনি এখন তা বন্ধ করতে যাচ্ছেন? আমি তা মনে করি না।’ আমরা মনে রাখব যে হিলারি আগামী এক বছরের মধ্যে আইএসকে ইরাকমুক্ত করার কথা বললেও দুনিয়াছাড়া করার কথা বলেননি। সিরিয়ায় তারা কোণঠাসা হবে। আর বিশ্বের দেশে দেশে? ট্রাম্প যে ৩০টি দেশের কথা বলেছেন, সেসব দেশের কী হবে?

তবে এটা সত্যি, দেখার মতো বিষয় ছিল যে ট্রাম্প ইরাকযুদ্ধ সমর্থন দেননি, সেটা প্রমাণ করতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। বোঝাই যায় যে তিনি বেশ হোমওয়ার্ক করে এসেছিলেন। বারবার বলেছিলেন, তিনি ইরাকযুদ্ধের বিপক্ষে ছিলেন। নিউইয়র্ক টাইমস অবশ্য তাঁর দাবি খণ্ডন করেছে। তথ্য হাজির করেছে যুদ্ধ সমর্থন করে ট্রাম্প এক সাক্ষাৎকার দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, ‘ওই যুদ্ধে আমাদের যাওয়া অবশ্যই উচিত হয়নি। বলেছিলাম, ইরাকযুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং তা-ই করেছে।’ ট্রাম্প কিন্তু জোর দিয়ে বলেছেন, আই​এসকে পরাস্ত করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ট্রাম্পের কথায়, ‘বিকজ দে আর ইন মোর অ্যান্ড মোর প্লেসেস, মোর অ্যান্ড মোর স্টেটস, মোর অ্যান্ড মোর নেশনস।’ জাপানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের সব মিত্রকে সাহায্য করতে চাই। কিন্তু তাতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। আমরা তো বিশ্ব পুলিশ হতে পারি না। আমরা বিশ্বের সব দেশকে রক্ষা করতে পারি না।’

আমি এই বিতর্কে আইএস প্রসঙ্গেই একটি উক্তি লক্ষ করি, সেখানে তিনি যে পরাজয় মেনে নিতে প্রস্তুত, সেটারও একটা আভাস পেলাম। ট্রাম্প বলেন, ‘যদি তিনি (হিলারি) এ (নির্বাচনী) প্রতিযোগিতায় জয়ী হন, তাহলেও তিনি তাঁদের (আইএস থেকে মার্কিন মিত্রদের) সুরক্ষা দিতে পারবেন না।’ ইরাক থেকে সেনা প্রত্যাহারে শূন্যতা সৃষ্টির ট্রাম্পের যুক্তি আমি গ্রহণ বা নাকচ করি না। নিউইয়র্ক টাইমস ঠিকই বলেছে, ট্রাম্পের এই মত ঠিক না ভুল, সে বিষয়ে মত দেওয়া যায় না। তবে বুশের ‘ওয়ার অন টেরর’ মার্কিন মিডিয়ার মূলধারা নাকচ করেনি। আর আমি কখনো ভুলি না যে ১৯৯৮ সালে মার্কিন কংগ্রেসে ইরাক লিবারেশন অ্যাক্ট পাস হয়েছিল, যা আমার বিবেচনায় জর্জ বুশের ইরাক আগ্রাসনের একটা আইনি ভিত্তি। ৩১ অক্টোবর, ১৯৯৮ বিল ক্লিনটন ওই বিল সই করে লিখেছিলেন, সাদ্দাম হোসেনের নিষিদ্ধ অস্ত্র নির্মূলে তারা সহায়তা দিয়ে যাবে। অথচ ইরাকের গণবিধ্বংসী অস্ত্র ছিল সাজানো, সেটা উদ্‌ঘাটন করে ব্রিটিশ সংসদ পাপাস্খলন করলেও মার্কিন কংগ্রেস তা করেনি।

আমি শুধু লক্ষ করি, আইএস যে দীর্ঘমেয়াদি ও জটিল থেকে জটিলতর হওয়া একটা বৈশ্বিক সমস্যা, সে বিষয়ে ট্রাম্প ও হিলারি তীব্র বাদানুবাদের মধ্যেও একমত হয়েছেন। কিন্তু পশ্চিমা মিডিয়ায় এই অভিন্ন সুরটিকে আলাদা করে দেখার কোনো চেষ্টা চোখে পড়ল না।