
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় আইএস জড়িত—এমন দাবি নতুন কিছু নয়। হামলার পরপরই আইএসের সূত্রে এই দাবি করা হয়েছে। হামলার ধরন বিবেচনায় নিয়েও অনেক বিশেষজ্ঞ তা–ই মনে করেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এই হামলা আইএসের হামলা হিসেবেই বিবেচিত। এর বিপরীতে গুলশান হামলায় আইএস জড়িত নয়—বাংলাদেশ সরকারের এই অবস্থানও শুরু থেকেই পরিষ্কার।
এই পুরোনো প্রসঙ্গ আবার নতুন করে আলোচনা ও তর্কবিতর্কের বিষয়ে পরিণত হয়েছে ঢাকায় পুলিশপ্রধানদের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে জঙ্গিবাদ নিয়ে উপস্থাপিত এক প্রবন্ধের সূত্র ধরে। প্রবন্ধের উপস্থাপক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে। তিনি বলেছেন, ‘হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল, তারা জেএমবি নয়, তারা আইএস। এটি সেই সন্ত্রাসী গোষ্ঠী, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে পরিচয় দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ওই হামলা সম্পর্কে সত্য বলেননি।’
আগেই বলেছি, গুলশান হামলায় আইএসের জড়িত থাকা বা না থাকার বিষয়টি আলোচনার প্রসঙ্গ হিসেবে পুরোনো। কিন্তু ঢাকায় পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে ও বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্তাব্যক্তিদের উপস্থিতিতে গুণারত্নে যখন এমন মন্তব্য করেন, তখন তা নিয়ে নতুন করে ঝড় ওঠাই স্বাভাবিক। গুণারত্নের এই বক্তব্য ও অবস্থান বাংলাদেশ সরকার বা পুলিশের নেওয়া অবস্থানের পুরো বিপরীত। আমাদের সরকার বা পুলিশ যে এতে বিব্রত হয়েছে তা পরিষ্কার। বক্তব্যের পরপরই পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, রোহান গুণারত্নে যে মন্তব্য করেছেন তা তাঁর নিজস্ব। এর পরদিন পুলিশপ্রধানকেও এ নিয়ে কথা বলতে হয়েছে। গুণারত্নের মন্তব্য সম্পর্কে পুলিশপ্রধানের বক্তব্য হচ্ছে, ‘রোহান গুণারত্নে পুলিশ কর্মকর্তা বা সেনা কর্মকর্তা নন। তিনি নিরাপত্তা ইস্যু নিয়ে মাঠে কাজ করেন না। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি তাঁর মতো করে বলেছেন। এ দেশের প্রেক্ষাপট তাঁর ভালো জানা নেই।’
অন্য আলোচনায় যাওয়ার আগে আমরা রোহান গুণারত্নে সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অনেক পাঠকই তাঁর সম্পর্কে জানেন, বিশেষ করে তাঁর বিখ্যাত বই ইনসাইড আল-কায়েদা: গ্লোবাল নেটওয়ার্ক অব টেরর-এর নাম অনেকেই শুনেছেন, কেউ কেউ পড়েছেন বা রেফারেন্স হিসেবে বিভিন্ন লেখায় পেয়েছেন। শ্রীলঙ্কান বংশোদ্ভূত রোহান সিঙ্গাপুরভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের প্রধান। জঙ্গিবাদ বা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই তাঁর গবেষণার বিষয়। তিনি ন্যানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির এস রাজারত্নাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিকিউরিটি স্টাডিজ বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমির কমব্যাটিং টেররিজম সেন্টার এবং ফ্লেচার স্কুল অব লর জ্যেষ্ঠ ফেলো হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আল-কায়েদার কাঠামোর ব্যাপারে সাক্ষ্য দিতে ৯/১১ কমিশন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। লন্ডনের ইমপিরিয়াল কলেজ প্রেসের ইনসার্জেন্সি অ্যান্ড টেররিজম সিরিজের সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যুক্তরাজ্যের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী গুণারত্নে ইনসাইড আল-কায়েদা ছাড়া আরও ১৬টি বই লিখেছেন। বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সেনাবাহিনীর সন্ত্রাসবাদ প্রতিরোধ ইউনিটের প্রশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে গুণারত্নে ২০১৪ সালের জুন মাসে মেজর জেনারেল রালফ এইচ ভ্যান ডেম্যান পুরস্কার পেয়েছেন।
গুণারত্নের গ্রহণযোগ্যতা এবং এ ক্ষেত্রে তাঁর পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। কিন্তু বাস্তবতা হচ্ছে তাঁর বক্তব্যে আমাদের সরকার ও পুলিশ বিব্রত হয়েছে। কারণ, তাঁর অবস্থান বাংলাদেশ সরকারের সঙ্গে যায় না। ধারণা করি ‘একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিরাপত্তা বিশ্লেষক’—শুধু এই বিবেচনা থেকেই তাঁকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর অবস্থান, সম্মেলনে তিনি কী বলতে পারেন বা তাঁর বক্তব্যটি কী হবে, সেগুলো নিয়ে আয়োজক বা আমন্ত্রণকারীরা চিন্তাভাবনা করেনি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। তাঁর মাপের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞকে বক্তা হিসেবে দাওয়াত দিয়ে এনে বক্তব্য দেওয়ার পরপরই তা বাতিল করতে পুলিশকে তৎপর হতে হয়েছে। এমনকি তিনি কী জানেন বা কতটুকু জানেন, সেই যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে!
এটা খুব পরিষ্কার যে বাংলাদেশে আইএসের অস্তিত্বের ব্যাপারে সরকার যে অবস্থান নিয়েছে, তা যথেষ্ট পরিকল্পিত ও চিন্তাভাবনা করে নেওয়া। সরকার সেই অবস্থানে এখনো অটল রয়েছে। তবে আইএসের অস্তিত্ব স্বীকার না করলেও গুলশান ঘটনার পর সরকার কঠোর জঙ্গিবিরোধী অবস্থান নিয়েছে। বলা যায় জঙ্গিদের নেটওয়ার্ক অনেকটাই ছিন্ন-বিচ্ছিন্ন করা গেছে। গুণারত্নের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। তিনি বলেছেন, সন্ত্রাস দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেন রাজনৈতিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠভাবে সেই নেতৃত্ব দিয়েছেন। পুলিশের ‘কাউন্টার টেররিজম ইউনিট’ গঠনকে তিনি সরকারের সেই বলিষ্ঠ পদক্ষেপ হিসেবেই দেখছেন।
সমস্যাটি শুধু এক জায়গাতেই। গুণারত্নে মনে করেন, গুলশান হামলা করেছে আইএস আর বাংলাদেশ সরকার ও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে আইএসের সম্পৃক্ততাকে কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। এই কৌশলের পেছনে যে কারণ রয়েছে বলে দেশের অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করেন তা হলো, দেশের ভেতরে জঙ্গি দমনের কাজটি সরকার নিজেই করতে চায়। এ ক্ষেত্রে যেকোনো আন্তর্জাতিক উদ্যোগ থেকে সরকার দূরে থাকতে চায়। বাংলাদেশে আইএস আছে—এটা স্বীকার করা বা মেনে নেওয়ার অর্থ হচ্ছে ‘পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী’ একটি শক্তি আমাদের দেশে সক্রিয় রয়েছে। এর বিপদ হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমের লড়াইয়ের একটি ক্ষেত্র হিসেবে বাংলাদেশ বিবেচিত হতে পারে। পাকিস্তানের আকাশে ড্রোন ওড়ার পরিণতি কী, সেটা দেশটি ভালোভাবেই টের পাচ্ছে। এসব বিবেচনায় নিয়ে সম্ভবত বাংলাদেশের কৌশল হচ্ছে আইএসের বিষয়টি অব্যাহতভাবে অস্বীকার করে নিজেদের মতো করে জঙ্গি দমনের চেষ্টা চালিয়ে যাওয়া।
সরকার নানা বিবেচনায় কোনো বিশেষ কৌশল নিতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাতে বাংলাদেশ আইএস বা এই ভাবাদর্শে উদ্বুদ্ধ গোষ্ঠীর হাত থেকে মুক্ত হলো কি না। আমাদের পুলিশপ্রধানের দাবি, দেশীয় জঙ্গিদের আইএস-অধ্যুষিত এলাকায় গিয়ে প্রশিক্ষণ নেওয়া বা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে ‘হোম গ্রোন’ এসব জঙ্গির সঙ্গে আইএসের ‘ভার্চ্যুয়াল যোগাযোগ’ থাকতে পারে, তাদের ‘ভাবাদর্শ’ দ্বারা তারা উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে। আইএসের মতো সংগঠন নিয়ে বিপদটি আসলে এখানেই। কোনো দেশে আইএসের হয়ে কাজ করার জন্য কোনো ‘ফ্র্যাঞ্চাইজি’ নেওয়ার দরকার পড়ে না। এমনকি আইএসের সঙ্গে ভার্চ্যুয়াল যোগাযোগ না থাকলেও যে কেউ আইএসের হয়ে কাজ করতে পারে। আইএসের নেতৃত্ব তো ইন্টারনেটের মাধ্যমে বেশ আগেই জানিয়ে দিয়েছে যে ‘হেই, ডোন্ট কাম টু সিরিয়া অ্যানি মোর। ডু অ্যান অ্যাটাক অ্যাট হোম।’ সংগঠনের চেয়ে বড় কথা হচ্ছে তারা একটি ভয়াবহ ‘ভাবাদর্শ’ ছড়িয়ে দিতে পেরেছে। এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এমনকি একজন ব্যক্তি এককভাবে (লোন উলফ) কী বীভৎসতা ও বর্বরতা ঘটাতে পারে তা ইউরোপের বিভিন্ন দেশে ও আমেরিকায় গত বছর বেশ কিছু হামলার ঘটনায় আমরা দেখেছি।
গুলশান হামলায় যারা অংশ নিয়েছে তারা আইএস-অধ্যুষিত কোনো এলাকায় হয়তো যায়নি বা আইএসের ‘খিলাফত’ যারা পরিচালনা করে, তাদের কাছ থেকে সরাসরি নির্দেশ পেয়েও হয়তো কাজটি করেনি। কিন্তু তারা যা করেছে তা আইএসের ভাবাদর্শ মেনেই করেছে এবং হামলার পদ্ধতি, ধরন ও হামলাকারীদের আচরণ আইএসের তৈরি করা বর্বরতা ও বীভৎসতার ‘ব্র্যান্ডিং’য়ের সঙ্গে মিলে যায়। আর সবচেয়ে বড় কথা, হামলাকারীদের সঙ্গে আইএসের কোনো না কোনো পর্যায়ে যোগাযোগ না থাকলে হামলা শুরু হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে তাদের ওয়েবসাইটে ছবি চলে যাওয়ার কথা নয়। হামলার পর হামলাকারী পাঁচ ‘হোম গ্রোন’ জঙ্গির অস্ত্র হাতে আগে তোলা যে ছবি প্রচার করা হয়েছে, সেখানেও আমরা তাদের দেখেছি আইএসের কালো পোশাক পরা অবস্থায় ও তাদের পতাকাসহ। এখন আমরা তাদের জেএমবি বা ‘নব্য জেএমবি’ যে নামই দিই না কেন, সবচেয়ে বড় বিপদ হচ্ছে আইএসের ভাবাদর্শ এ দেশে আমদানি হয়েছে।
হলি আর্টিজানে হামলা আইএস করেছে—গুণারত্নের এই দাবি আমরা অস্বীকার করতে পারি। কিন্তু তার কিছু পর্যবেক্ষণকে অস্বীকার করার খুব সুযোগ আছে কি? তিনি বলেছেন, ‘যে গোষ্ঠী হলি আর্টিজানে হামলা চালিয়েছে তারাই ইতালি ও জাপানের নাগরিককে হত্যা করেছে। এই মতাদর্শের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কোনো মিল নেই। এই মতাদর্শ বিদেশি। তারা হলি আর্টিজানে হামলার ধরন দিয়ে নিজেদের পরিচয় দিয়েছে।’ আসলেই তো, হলি আর্টিজানে হামলাকারীদের বীভৎসতা বা বিদেশি হত্যা—এগুলো কি আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে?
সিরিয়া ও ইরাকের কিছু অংশ নিয়ে আইএস যে ‘খিলাফত’ গড়ে তুলেছিল, তার পতন শিগগিরই ঘটবে বলে ধরে নেওয়া হচ্ছে। এর ফল হবে দেশে দেশে এই ভাবাদর্শের লোকজনের ছড়িয়ে পড়া। বাংলাদেশে যে ভাবাদর্শ এরই মধ্যে আমদানি হয়ে গেছে,
সেই দেশটির বিপদ তাই সহজে কাটবে বলে মনে হয় না। জঙ্গি দমনে বাংলাদেশের সাম্প্রতিক যে সাফল্য তাকে অনেক বিশেষজ্ঞই ‘ট্যাকটিক্যাল’ পর্যায়ের সাফল্য হিসেবে বিবেচনা করছেন। এ ধরনের সাফল্য সব সময়ই সাময়িক।
গুণারত্নে বলেছেন, জঙ্গি দমনে বাংলাদেশ ভালো করলেও পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তিনি কারাগারগুলোতে ডির্যাডিকালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছেন। এ জন্য তিনি নানা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে জঙ্গি দমনে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অসংগতির বিষয়টি তিনি তুলে ধরেছেন। বিভিন্ন সংস্থার আলাদা তথ্যভান্ডারের বদলে অভিন্ন তথ্যভান্ডার গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন। রোহান গুণারত্নেকে আমরা দাওয়াত দিয়ে এনেছিলাম তাঁর কথা ও বিশেষজ্ঞ মত শুনব বলে। তাঁর দেওয়া বক্তব্যের ‘হলি আর্টিজানে হামলায় আইএস জড়িত’ অংশটিকে যদি কৌশলগত কারণে সরকার বা পুলিশ প্রত্যাখ্যান করে, বক্তব্যের অন্যান্য অংশ বিবেচনায় নিতে নিশ্চয়ই সমস্যা থাকার কথা নয়। আইএস না হয় বাংলাদেশে নেই কিন্তু এর ‘ভাবাদর্শ’ কী করতে পারে তা তো আমরা টের পেয়েছি ও পাচ্ছি!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।