
সোমবারের প্রথম আলোর মতামত পাতায় প্রকাশিত ‘গণতান্ত্রিক তিউনিসিয়ার অদ্ভুত ধাঁধা’ শিরোনামের লেখাটিতে প্রশ্ন তুলেছিলাম, ইসলামিক স্টেটের (আইএস) বিদেশি যোদ্ধাদের তালিকায় তিউনিসীয় তরুণ-যুবকেরা কেন এক নম্বরে? আরব বসন্তের ‘সাকসেস স্টোরি’ হিসেবে পরিচিত তিউনিসিয়ায় স্বৈরশাসক বেন আলীর পতনের পর যে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, নানা সমস্যা সত্ত্বেও তা এখনো এগিয়ে চলেছে। উপরন্তু, তিউনিসিয়ার সমাজ আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, আধুনিক ও সেক্যুলার সমাজ হিসেবে পরিচিত। তাহলে সেই তিউনিসিয়া থেকেই সবচেয়ে বেশিসংখ্যক তরুণ-যুবক আইএসের সঙ্গে যোগ দিতে সিরিয়া-ইরাকে গেছেন—এই বৈপরীত্যের কারণ কী? নাকি এটা আসলে কোনো বৈপরীত্য নয়?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু আগ্রহোদ্দীপক বিষয় নজরে এল।
এক. স্বৈরশাসন অবসানের পর তিউনিসিয়ায় যে গণতন্ত্রের মুক্ত হাওয়া বইতে শুরু করে, তার ফলে দেশটির শিক্ষিত তরুণসমাজের সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো কিছুটা সহজ হয়ে আসে। একনায়ক বেন আলীর পুলিশি রাষ্ট্র ভেঙে পড়লে তাঁর নিরাপত্তা বাহিনীগুলোর বাড়াবাড়িও কিছুটা কমে যায়। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন নির্বাচিত সরকার রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি বেশি মনোযোগী হয়, র্যাডিক্যালাইজেশন ও উগ্রপন্থা বাড়ছে কি না, সেদিকে বিশেষ নজর দেয়নি। পার্শ্ববর্তী লিবিয়া সীমান্তের কাছাকাছি অনেক জায়গায় যে সিরিয়া ও ইরাকে তৎপর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রশিক্ষণ ঘাঁটি গড়ে উঠেছে এবং তিউনিসিয়া থেকেও যে অনেক তরুণ-যুবক বিভিন্ন প্রলোভনে, ভুল বিশ্বাসে কিংবা অবাস্তব স্বপ্নের টানে সীমান্ত পার হয়ে সেসব দলে যোগ দিচ্ছিলেন, সেদিকে সরকারের বিশেষ নজর ছিল না।
দুই. বেন আলী দুর্নীতিবাজ, স্বৈরশাসক হলেও শিক্ষা খাতে বিপুল বিনিয়োগ করেছিলেন। তিউনিসিয়ায় উচ্চশিক্ষা ব্যয়বহুল নয়, কিন্তু কর্মসংস্থানের অভাব প্রকট। তাই শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর। বেন আলীর পতনের পর এই শিক্ষিত বেকার সমাজ আশা করেছিল এবার তাদের বেকারত্ব ঘুচবে। কিন্তু তা ঘটেনি। কর্মসংস্থান বাড়েনি, সার্বিক অর্থনৈতিক অবস্থারও কোনো উন্নতি হয়নি। ফলে তাদের মধ্যে হতাশা প্রবল হয়ে ওঠে। বেকারত্ব তিউনিসিয়ার উচ্চশিক্ষিত তরুণ-যুবকদের আইএসে যোগ দেওয়ার পেছনে একটা বড় কারণ। যাঁরা আগে গেছেন, তাঁরা ইন্টারনেটের মাধ্যমে বন্ধুবান্ধবকে এই বলে প্রলুব্ধ করেছেন যে রাকায় গিয়ে তাঁদের বেকারত্ব ঘুচেছে তো বটেই, উপরন্তু তাঁরা প্রায় বিলাসী জীবন যাপন করছেন; সেখানে টাকাপয়সা ও সুখ-স্বাচ্ছন্দ্যের অভাব নেই। ফলে হতাশাগ্রস্ত বেকার তরুণ-যুবকদের মধ্যে যাঁরা একটু বেশি বেপরোয়া, তাঁরা ছুটে গেছেন রাকায় কিংবা মসুলে।
তিন. তিউনিসিয়ায় চিকিৎসক, প্রকৌশলীসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া যুবসমাজের অনেকে বেশ রাজনীতিসচেতন। তাঁদের একটা বড় অংশ রাজনৈতিক ইসলামের প্রতি আকৃষ্ট। বেন আলীর পতনের পর তাঁরা স্বপ্ন দেখেছিলেন তিউনিসিয়ায় ইসলামভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে উঠবে। তাই দেখা যায়, ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে ইসলামপন্থী এন্নাদা পার্টি সংবিধান সভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে। কিন্তু তারা কট্টর ইসলামপন্থীদের খুশি করতে পারে না, কারণ তারা পশ্চিমা ধাঁচের সংসদীয় গণতান্ত্রিক পথে এগোতে শুরু করে। তারা নিজেদের উদার, মধ্যপন্থী ইসলামি দল হিসেবে বর্ণনা করে। ফলে কট্টর ইসলামপন্থী তরুণ-যুবকেরা এন্নাদা পার্টির প্রতি হতাশ হয়ে চরমপন্থার দিকে ধাবিত হন।
চার. ২০১১ সালের মাঝামাঝি সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়; স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করতে জোট বেঁধে নামে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী, যারা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে। তিউনিসিয়ার র্যাডিক্যাল ইসলামিস্ট তরুণসমাজের সামনে নতুন আশার আলো জেগে ওঠে: সিরিয়ায় আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা আর আইএস তখন একযোগে বাশারের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং সেই যুদ্ধে তাদের বীরত্বের কাহিনি আরব দুনিয়াসহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। ২০১১ সালের ডিসেম্বরে আমেরিকা ইরাকে তাদের ‘সামরিক অভিযানের’ সমাপ্তি ঘোষণা করে সৈন্যবাহিনী ফিরিয়ে নিয়ে যাওয়ার পর থেকে ইরাকের সরকারি বাহিনীর বিরুদ্ধে আইএসের আক্রমণের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। দেশটির সুন্নি-অধ্যুষিত এলাকাগুলো তাদের দখলে আসতে শুরু করে।
ওই সময়েই তিউনিসিয়া থেকে প্রচুর তরুণ-যুবক সিরিয়া ও ইরাকে যাওয়া শুরু করেন। ২০১৪ সালের অক্টোবর নাগাদ ইরাক ও সিরিয়ার উল্লেখযোগ্য অংশ দখল করে এবং সিরিয়ার রাকা শহরকে রাজধানী করে আইএস ‘খিলাফত’ ঘোষণা করার পরের দু-তিন মাসের মধ্যে ২ হাজার ৪০০ তিউনিসীয় নাগরিক সিরিয়া-ইরাকে গিয়ে আইএসে যোগ দেন। এ তথ্য প্রকাশ করে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তা ছাপা হয়। ২০১৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে এসে তাঁদের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার।
স্বদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নভঙ্গের বিপরীতে সিরিয়া-ইরাককে কেন্দ্র করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার নতুন স্বপ্ন এবং সেই স্বপ্ন সফল হওয়ার কিছু আলামত দেখতে পান তিউনিসিয়ার সেই সব তরুণ-যুবক, যাঁরা সেখানে ছুটে গেছেন। স্বপ্ন সফল হওয়ার যেসব আলামত তাঁরা দেখতে পেয়েছেন, সেগুলো এ রকম: আইএসের মাত্র হাজার তিরিশেক জিহাদি যোদ্ধা সাড়ে তিন লাখ সদস্যের ইরাকি সেনাবাহিনীকে পর্যুদস্ত করে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ তিনটি প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন; মসুলের এক মসজিদে আবু বকর আল বাগদাদি নিজেকে নতুন খলিফা ঘোষণা করেছেন; সিরিয়ার রাকায় প্রথম রাজধানী ও ইরাকের মসুলে দ্বিতীয় রাজধানী করে ঘোষিত ‘খিলাফত’ রাষ্ট্রের জিহাদি যোদ্ধারা ইরাক ও সিরিয়ার মাঝখানের সীমান্ত তুলে দিয়ে অখণ্ড খিলাফত প্রতিষ্ঠা করেছেন। ওই তরুণেরা বিশ্বাস করেন, আল্লাহর প্রত্যক্ষ সহযোগিতার ফলেই আইএসের পক্ষে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।
তাঁরা মনে করেন, ফরাসি ও ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি উপনিবেশ ছেড়ে চলে যাওয়ার সময় আরব দুনিয়ায় কৃত্রিম সীমান্ত তুলে বিভিন্ন দেশে বিভক্ত করে দিয়ে গেছে। আইএস এসেছে সেই সব সীমান্ত তুলে দিয়ে পুরো আরব জাহানে অখণ্ড খিলাফত প্রতিষ্ঠা করতে। তাঁদের আরও একটা বিশ্বাস, পারস্য উপসাগরের তেলসমৃদ্ধ দেশগুলোর স্বৈরশাসকেরা ইসলাম ও আরব জাহানের শত্রু, পশ্চিমা শক্তিগুলোর দাস। আইএস তাদের পরাস্ত সমস্ত সম্পদ খিলাফতের নিয়ন্ত্রণে আনবে এবং সেগুলো পুনর্বণ্টন করবে। ফলে বেকারত্ব ও দারিদ্র্য দূর হবে, ইনসাফ প্রতিষ্ঠা পাবে।
পাঁচ. ২০১৪ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচনে ইসলামপন্থী এন্নাদা পার্টি সেক্যুলার নিদা তুনিস দলের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হওয়ার পর তিউনিসিয়া থেকে তরুণ-যুবকদের আইএসে যোগ দেওয়া বেড়ে যায়। কারণ, নতুন সেক্যুলার জোট সরকার উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, ব্যাপক ধরপাকড় শুরু করে। ফলে দেশের ভেতরে গ্রেপ্তার হয়ে বর্বর পুলিশি নির্যাতনের মুখে পড়ার চেয়ে অনেক এন্নাদা-সমর্থক তরুণ-যুবক আইএসে যোগ দিতে দেশত্যাগ করেন।
এভাবে দেখা যাচ্ছে, তিউনিসিয়ার শিক্ষিত যুবসমাজের প্রকট বেকারত্ব তাঁদের একটা ক্ষুদ্র অংশকে প্রলুব্ধ করেছে আইএসের রোমান্টিক রাজনৈতিক উগ্রপন্থার দিকে ধাবিত হতে। আরব বিশ্বের স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, ধনী-গরিবে ব্যাপক বৈষম্য, সরকারগুলোর পাশ্চাত্যনির্ভরতা, যে পাশ্চাত্যকে ওই তরুণ-যুবকেরা ইসলামের শত্রু ‘ক্রুসেডার’ বলে মনে করেন, তাঁদের দৃষ্টিতে এসব হতাশাব্যঞ্জক বাস্তবতার বিপরীতে ইরাক ও সিরিয়ায় একজন ‘খলিফা’র নেতৃত্বে তাঁদের স্বপ্নের যে ‘খিলাফত’ প্রতিষ্ঠা পেয়েছে, সেটাই তাঁদের ইহকাল-পরকালের সব স্বপ্নের উৎস হয়ে উঠেছে। তাঁদের অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন, আইএসের ওপর আসমান-জমিনের মালিকের সুনজর আছে; তাঁরা অচিরেই বাগদাদ ও দামেস্ক দখল করে নিয়ে মুসলমানদের হারিয়ে যাওয়া গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সক্ষম হবেন। আইএস এ ধরনের প্রচারণা চালায় দাবিক ম্যাগাজিন, আল-নাবা নামের সাপ্তাহিক পত্রিকা, একটা রেডিও স্টেশন ও বিভিন্ন জিহাদি ওয়েবসাইটের মাধ্যমে।
কিন্তু আইএস ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। ইরাকে সরকারি বাহিনীগুলোর হাতে তারা এখন প্রচণ্ড মার খাচ্ছে। তা ছাড়া ইরাকি কুর্দিদের পেশমারগা বাহিনীও আইএসের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই শুরু করেছে। আইএস ইতিমধ্যে ইরাকের কিরকুক, রামাদি, ফালুজাসহ বেশ কিছু এলাকা থেকে হটে যেতে বাধ্য হয়েছে। এখন প্রচণ্ড যুদ্ধ চলছে মসুলের চারপাশে। এ বছর শেষ হওয়ার আগেই তারা সম্ভবত মসুল হারাবে। সিরিয়ায় আইএস অনেক এলাকা হারিয়েছে। সেখানে আইএসকে লড়াই করতে হচ্ছে একসঙ্গে অনেকগুলো গোষ্ঠীর বিরুদ্ধে।
ফলে তিউনিসীয় তরুণ-যুবকদের অনেকেই স্বদেশে ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে ফিরে গেছেন এমন শ চারেক তরুণ-যুবকের হিসাব দিয়েছে তিউনিসীয় কর্তৃপক্ষ। তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কেউ কেউ বলেছেন যে তাঁরা সিরিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন। অনেকে এই বলে হতাশা প্রকাশ করেছেন যে সিরিয়া ও ইরাকে ইসলামি রাষ্ট্র কায়েম করতে চায় বলে প্রচারণা চালিয়ে যুদ্ধ করছে, তাদের মধ্যে ঐক্য নেই। বিশেষত সিরিয়ার জাবহাত আল-নুসরা ও আইএসের বিভক্তির কারণে ওই তরুণদের অনেকেই হতাশ হয়ে স্বদেশে ফিরেছেন।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]