
সংবিধান সংশোধনী চ্যালেঞ্জ করা প্রথম মামলা আনোয়ার হোসেইন চৌধুরী বনাম বাংলাদেশ, সাল ১৯৮৯, শাসনামল হুসেইন মুহম্মদ এরশাদের। অষ্টম সংশোধনী দ্বারা সংবিধানে দুটি বড় পরিবর্তন আনা হয়। রাষ্ট্রকে ধর্ম দেওয়া হয় এবং ঢাকার একটা হাইকোর্টের পরিবর্তে ছয় বিভাগে ছয়টা হাইকোর্ট বানানো হয়। দেশে একটা, না ছয়টা হাইকোর্ট থাকবে, এই প্রশ্নের একটা বিরাট তাত্ত্বিক দিক আছে, আর আছে একটা ব্যবহারিক দিক। ব্যবহারিক দিক থেকে প্রশ্ন উঠল, একক দেশে (unitary republic) একটার বেশি হাইকোর্ট থাকতে পারে কি না। অঙ্গরাজ্য বা প্রদেশ নিয়ে গড়া দেশে (federal republic) প্রতিটি প্রদেশে একটা করে হাইকোর্ট থাকে, যেমন ভারতে। কিন্তু যেহেতু বাংলাদেশ প্রদেশ বা অঙ্গরাজ্য ছাড়া একটি একক দেশ, সেহেতু সেই দেশে একাধিক হাইকোর্ট কি সংবিধানসম্মত?
ছয় বিভাগে ছয়টা হাইকোর্ট বানিয়ে ঢাকার আইনজীবীদের বিভাগে বিভাগে ছড়িয়ে পড়তে বাধ্য করাটাও ছিল এরশাদের এই সংশোধনীর পেছনের অসৎ উদ্দেশ্য। অসৎ উদ্দেশ্যে সংবিধানের আরও কিছু সংশোধনী আমাদের হয়েছে; সে কেচ্ছা আপাতত থাক।
অষ্টম সংশোধনী ও এরশাদবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন আইনজীবী ও পেশাজীবীরা, তাঁদের সঙ্গে তখন ছিলেন দুই বড় দলেরই দুই বড় নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। আন্দোলনের একপর্যায়ে মামলা হলো এবং বলা বাহুল্য, সংবিধান সংশোধনী চ্যালেঞ্জ করা প্রথম মামলায় যে মুখগুলো ছিলেন, তাঁরা এখনো এই ধরনের মামলায় আইনজীবী অথবা অ্যামিকাস কিউরি হিসেবে ভূমিকা রাখেন। ছিলেন ড. কামাল হোসেন, সৈয়দ ইশতিয়াক আহমেদ, আমীর-উল ইসলাম, আশরারুল হোসেইন, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ ও মাহমুদুল ইসলাম, অন্যদিকে সরকারপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল এম নুরুল্লাহ এবং সহযোগীরা (আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এ এফ হাসান আরিফ প্রমুখ)।
আপিল বিভাগ সিদ্ধান্ত দিলেন, একক দেশে একাধিক হাইকোর্ট থাকতে পারে না, অতএব, সংশোধনীর একাধিক হাইকোর্ট বানানোর অংশটাকে অসাংবিধানিক ঘোষণা করা হলো। বর্তমান পরিপ্রেক্ষিতে সেই অষ্টম সংশোধনীর মামলার রায়ে যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো, আপিল বিভাগ ওই সংশোধনীটা শুধু বাতিল করেই ক্ষান্ত হলেন না, আগের যে একটি হাইকোর্ট, সেই ব্যবস্থাটাই পুনর্বহাল করলেন। সংবিধানের পূর্বের অনুচ্ছেদ ১০০, যেটাকে অষ্টম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল, সেই বাদ দেওয়া অনুচ্ছেদ ১০০-কে এই রায়ের মাধ্যমে সংবিধানে পুনঃস্থাপন করা হয়। জানা কথা, এরপর সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়।
অষ্টম সংশোধনী বাতিলের মামলায় যে আইনজীবীরা পক্ষে-বিপক্ষে ছিলেন, তাঁদের বেশ কয়েকজন এখন আর নেই—সৈয়দ ইশতিয়াক আহমেদ, আশরারুল হোসেইন, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, মাহমুদুল ইসলাম ও এম নুরুল্লাহ। বাকিরা এখনো সংবিধান সংশোধনী চ্যালেঞ্জ করা মামলায় অংশগ্রহণ করেন, সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নাম।
সর্বশেষ মামলার রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হয়ে গেছে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আগের অনুচ্ছেদ ৯৬-এর পরিবর্তে নতুন অনুচ্ছেদ ৯৬ সংযোজন করা হয়। পুরোনো অনুচ্ছেদ ৯৬-এ ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা, অর্থাৎ কোনো বিচারপতি বা অন্যান্য সাংবিধানিক পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে অসামর্থ্যের অথবা গুরুতর অসদাচরণের কোনো অভিযোগ কেউ যদি রাষ্ট্রপতির কাছে উত্থাপন করেন, তাহলে রাষ্ট্রপতি স্বীয় বিবেচনায় অভিযোগের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্ত করতে নির্দেশ দেবেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তা রাষ্ট্রপতিকে জানাবেন। প্রমাণিত দোষী ব্যক্তিকে রাষ্ট্রপতি তাঁর পদ থেকে অপসারণ করবেন। অপসারণের এই ক্ষমতা ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদের ওপর ন্যস্ত করা হয়েছিল। ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট তাঁর রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে পুনরুজ্জীবিত করেছেন। রাষ্ট্রপতিও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অভিযোগ তদন্তের জন্য পাঠানোর ক্ষমতা ফেরত পেয়েছেন।
২.
খবরে এসেছে, মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের চার বিচারপতিকে বঙ্গভবনে ডেকে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ১১টি অভিযোগের ব্যাপারে অবহিত করেন। পরে আপিল বিভাগের পাঁচ বিচারপতি প্রধান বিচারপতি সিনহার সঙ্গে দেখা করে এসব অভিযোগের ব্যাপারে তাঁর (এস কে সিনহা) ব্যাখ্যা জানতে চেয়ে কোনো সদুত্তর পাননি বলে সংবাদমাধ্যমে বয়ান এসেছে।
তারপর প্রধান বিচারপতি অসুস্থতাজনিত আকস্মিক ছুটি এবং সর্বশেষ বিদেশযাত্রা। এসব নিয়ে তোলপাড় চলছেই। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল ব্যাখ্যা-বিবৃতি দিচ্ছেন, আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা পরস্পরবিরোধী দাবিদাওয়া নিয়ে ময়দান সরগরম রাখছেন।
এসব ঘটনাপ্রবাহে কিছু মজার ব্যাপার লুকিয়ে আছে। কোনো হর্তাকর্তা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, অভিযোগ বিশ্বাসযোগ্য হওয়ার প্রথম শর্ত হচ্ছে অভিযোগকারীর নাম-ঠিকানা থাকতে হবে। বেনামি অভিযোগ সচরাচর আমলে নেওয়া হয় না। পত্রপত্রিকা খুঁজে দেখেছি, এই ১১টি অভিযোগের অভিযোগকারীর নাম-ঠিকানা অজানা। হতে পারে কোনো ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতিকে এই অভিযোগগুলো করেছেন এবং রাষ্ট্রপতি নাম-পরিচয়হীন সংস্থার মাধ্যমে অভিযোগগুলো তলিয়ে দেখেছেন। অভিযোগের ভিত্তিটা জোরালো মনে করে রাষ্ট্রপতি চার বিচারপতিকে ডেকেছিলেন।
দুনিয়ার গুটিকয়েক দেশে, যেখানে যেদিকেই তাকাবেন, সেদিকেই আইনের শাসন খুঁজে পাবেন, সেসব দেশের যেকোনো একটিতে এ ধরনের প্রাথমিক ঘটনাপ্রবাহ থেকে (রাষ্ট্রপতির বিচারপতিদের সঙ্গে আলোচনা, বিচারপতিদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তী সময়ে আইনমন্ত্রী-অ্যাটর্নি জেনারেলের ‘দুদক দুদক’ বাতচিত) উদ্ভূত মামলা দুই কথায়ই বাতিল হয়ে যাবে। যে ধরনের তদন্ত করা যাঁর কাজ নয়, তিনি যদি সে ধরনের তদন্ত করেন, সেই তদন্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো মামলা চলতে পারে না।
সংবিধান বলে, কোনো বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ এলে এবং রাষ্ট্রপতির কাছে প্রাথমিকভাবে যদি প্রতীয়মান হয় যে অভিযোগগুলোতে সারবস্তু আছে, তাহলে রাষ্ট্রপতি তদন্ত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি পাঠাবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে। সংবিধানে এটাও বলা আছে যে অভিযোগ যদি হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো একজনের বিরুদ্ধে, তাহলে তিনি কাউন্সিল থেকে বাদ পড়বেন এবং চতুর্থ জ্যেষ্ঠ বিচারপতি কাউন্সিলে তাঁর স্থলাভিষিক্ত হবেন।
শুরু করেছিলাম অষ্টম সংশোধনীর রায় দিয়ে, রায়ে বলা হয়েছিল, রায়ের পর থেকে হাইকোর্ট থাকবে একটি। হয়েছিলও তা-ই। শাসনামলটা ছিল এরশাদের।
ষোড়শ সংশোধনীর রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-সংক্রান্ত পুরোনো অনুচ্ছেদ ৯৬-এর ২ থেকে ৭ উপধারা পুনঃস্থাপন করা হয়। অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-সংক্রান্ত সব বিধান কার্যকর করা হয়। ফলে রাষ্ট্রপতি অভিযোগ পেলে সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে পাঠাবেন। স্পষ্টতই তিনি তা করেননি।
কারণটা ফুটে উঠেছে আইনমন্ত্রীর কথায়, অর্থাৎ সরকার মনে করছে না যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বর্তমানে কার্যকর। রায়ে কী বলা আছে না আছে, তা নিয়ে সরকারের খুব বেশি মাথাব্যথা আছে বলে ঠাওর হচ্ছে না।
৩.
পেটব্যথা বা পেট কামড়ানো যেমন সুস্বাস্থ্যের লক্ষণ নয়, তেমনি গোঁজামিল দেওয়া রাষ্ট্রের জন্য সুখকর নয়। তারপর দেখলাম সুপ্রিম কোর্টের প্রশাসনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের পাইকারিভাবে পাঠানো হয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, সাতক্ষীরা, বরগুনা ইত্যাদির মতো ঢাকা থেকে সবচেয়ে দূরবর্তী জেলাগুলোতে। এত দিন জানতাম রাজনৈতিক সরকার পরিবর্তন হলে সরকারি কিছু কর্মকর্তা নতুন রাজনৈতিক সরকারের নেকনজরে আসেন, আর পুরোনো বিশ্বস্তজনদের দূর দূর করে খেদানো হয়। রাজনৈতিক সরকারগুলোর এই মহান আদর্শ আদালত প্রশাসনেও প্রয়োগ করা হচ্ছে দেখে পুলকিত বোধ করাই স্বাভাবিক।
গত আগস্ট মাসে ষোড়শ সংশোধনীর রায় প্রকাশিত হওয়ার পর উদ্ভূত হুলুস্থুল চলছে কমবেশি আড়াই মাস ধরে। মাঝখানে কোর্ট বন্ধ থাকায় এবং রোহিঙ্গা শরণার্থীরা প্রধান খবর হয়ে যাওয়ায় রায় নিয়ে আলোচনায় কিছুটা ভাটা পড়েছিল। এখন আবার আলোচনার মধ্যমণি বিচারপতি এস কে সিনহা।
ধরে নিলাম, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের দপ্তর থেকে যাবে দুর্নীতি দমন কমিশনে। দুদকের যে উপপরিচালক এই তদন্তের গুরুদায়িত্ব পাবেন, তাঁর করা তদন্তের ফলাফল কী হবে, সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার পাঠকদের দেওয়া যাবে না। যেই তদন্তে বা বিচারের ফলাফল তদন্ত বা বিচার শুরু হওয়ার আগে থেকেই জনমনে স্পষ্ট হয়ে যায়, সেই বিচার আইনের শাসনের দেশে কখনোই ধোপে টেকে না। যেসব দেশে গণতন্ত্র দুর্বল আর আইনের শাসন প্রধানত রাজনৈতিক বক্তব্যের ব্যাপার, সেসব দেশের কথা ভিন্ন।
শাহদীন মালিক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইনের শিক্ষক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।