আইন ছাড়া আর নিয়োগ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনৈতিক বক্তৃতার তোড়ে সত্য অনেক আগেই ভেসে গেছে। সত্য না থাকলেও আমরা ওসব বক্তব্যকে মিথ্যা বলি না। বলি অতিরঞ্জন বা অত্যুক্তি। অত্যুক্তি বা অতিরঞ্জন ছাড়া রাজনীতিবিদেরা গত দুই দশকে কোনো বক্তব্য দিয়েছেন বলে সহজে মনে পড়ে না।
আমরা কথাবার্তায় যাতে সম্পূর্ণ বাস্তবতা-বর্জিত না হয়ে পড়ি, সে জন্য দু-একটা বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে বয়ান শুরু করছি। এ লেখা যখন লিখছি, ২০১৬ সালের অলিম্পিক তখনো শেষ হয়নি। যে দেশের যে খেলায় সাফল্য আসে, সে দেশ সেই খেলা নিয়ে মাতামাতি করে। যেমন আমাদের ক্রিকেট। আমি যেহেতু গত শতকের সত্তর, আশি আর নব্বইয়ের দশকের বেশির ভাগ সময়ই এমন দেশগুলোতে কাটিয়েছিলাম, যাদের অলিম্পিক নিয়ে মাতামাতি ছিল ভীষণ, তাই অলিম্পিকের সঙ্গে আমার পরিচিতি অন্তত চার দশকের। এই ফাঁকে ম্যারাথনের কথাও বলে রাখি। প্রতিবছর বিশ্বের বড় বড় শহর যেমন নিউইয়র্ক, শিকাগো, বোস্টন, লন্ডন, প্যারিস, বার্লিন প্রভৃতি শহরে ম্যারাথন দৌড় হয়। প্রতিটি শহরের ম্যারাথনে শহরগুলোর হাজার হাজার দর্শক রাস্তার পাশে দাঁড়িয়ে অথবা টেলিভিশনের সামনে দুই-আড়াই ঘণ্টা বসে থেকে ম্যারাথন দেখে। মোটামুটিভাবে ২ ঘণ্টা ১০ মিনিটে ম্যারাথন শেষ করতে পারলে বোস্টন বা লন্ডন বা প্যারিস, কোনো একটায় জয়ী হয়ে যেতে পারেন।
বোস্টনের ম্যারাথন হয় প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি। সালটা ছিল ১৯৮৭, তবে ১৯৮৮-ও হতে পারে, সঠিক মনে পড়ছে না। ছাত্রাবস্থায় বোস্টন শহরে সস্তায় থাকার জায়গা খুঁজছি। এক বাড়িওয়ালা তাঁর তিনতলার দুই রুমের ফ্ল্যাট দেখিয়ে নিয়ে গেলেন বারান্দায়। বোস্টন ম্যারাথনের ফিনিশিং লাইন এই ফ্ল্যাট থেকে কুল্লে এক কিলোমিটার দূরে। ‌এই বারান্দায় বসে ম্যারাথন দেখতে পারব। ভাড়া নেওয়া হয়নি, আর্থিক মুরোদে কুলায়নি।
বড় বড় শহরের ম্যারাথন দৌড় জিতলে সরাসরি নগদে পাবেন এক মিলিয়ন ডলার। সোয়া দুই ঘণ্টা দৌড়ানো বাবদ আট কোটি টাকার মতো। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ হলে অথবা পঞ্চাশোর্ধ্ব বা ষাটোর্ধ্ব বয়সভিত্তিক ম্যারাথন জিতলেও পুরস্কার আছে লাখ লাখ ডলার বা কোটি কোটি টাকা। মাতামাতি তো হবেই।
গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হয়েছে। সপ্তাহ দুয়েক আগে পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছে ইতালির জুভেন্টাস ফুটবল ক্লাবের কাছ থেকে কুল্লে ১০ কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে ‘হ্যাক’ হয়ে যাওয়া সব টাকা দিয়েও পগবাকে কেনা যেত না। আর পগবার সাপ্তাহিক বেতন মাত্র তিন লাখ ডলার বা সপ্তাহে আড়াই কোটি টাকার মতো। গোলের জন্য বোনাস আছে, আছে ভালো ফ্রি-কিকের জন্য। আর আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে? ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর এক হাজার ডলার পুরস্কার দেওয়ার জন্য লাইন করে মাঠে দাঁড়ায় জনা দশেক হোমরাচোমরা। মাঝে মাঝে মন্ত্রীসহ।

ফিরে আসি অলিম্পিকে। ২০১২-এর লন্ডন অলিম্পিকে পদক পেয়েছিল ৭৯টি দেশ। শুধু একটা করে ব্রোঞ্জ পেয়েছিল মোট ছয়টি দেশ। হোক একটা ব্রোঞ্জ, পদক তো পেয়েছিল অলিম্পিকের! এবার রিও অলিম্পিকে অংশ নিচ্ছে ২০৪টি দেশ। আরও দুটো অদেশীয় দল আছে। মেডেল দেওয়া হবে তিন শতাধিক বিভিন্ন ‘ইভেন্ট’ অর্থাৎ প্রতিযোগিতার জন্য। এবার মোট ৮০ থেকে ১০০টা দেশ এই মেডেলগুলো ভাগাভাগি করে নেবে। ১৬ কোটি লোকের মধ্যে একজন অলিম্পিকের কোনো ইভেন্টের ফাইনালতক যেতে পেরেছে, সেটা দেখার ভাগ্য এই অধমের জীবদ্দশায় সম্ভবত হবে না। অলিম্পিক দেখছি চার দশকেরও বেশি সময়জুড়ে।

যত দিন ধরে খেলাধুলাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর হর্তাকর্তা হবে পদাধিকারবলে, তত দিন অবস্থার উন্নতি হবে বলে মনে হয় না। হাজার-দেড় হাজার ডলার পুরস্কারের খেলা নিয়েই আমাদের থাকতে হবে। বোল্ট ১০০ মিটার দৌড়ে জিতে পান এক লাখ থেকে পাঁচ লাখ ডলার। মিটারপ্রতি ৬০০ ডলার। অবশ্য আমাদের যাত্রাবাড়ী-মাওয়া ফোর লেন হাইওয়ের প্রতি কিলোমিটারে নির্মাণ খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। দুর্নীতির অলিম্পিকে আমাদের সাফল্য কেউ সহজে ম্লান করতে পারবে না।

দ্বিতীয় বাস্তবতা হলো, আবার আমরা ঢাকাবাসী অল্পের জন্য ফার্স্ট হতে পারি না। নিকৃষ্টতম ১৪০টা শহরের তালিকায় আমাদের স্থান ১৩৭তম। আমাদের চেয়ে খারাপ কারা? বছর বছর ধরে গৃহযুদ্ধ চলা মানুষ নামের অযোগ্য নেতাদের পরিচালিত দামেস্ক, ত্রিপোলি ইত্যাদি শহর। চতুর্থ নিকৃষ্টতম শহর। হ্যাঁ, কারণটা এতক্ষণে বোধগম্য হয়েছে। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধের বিচারবিরোধী বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি ধূলিসাৎ করার চেষ্টার কারণেই এটা হয়েছে!

‘উৎকৃষ্ট শহরবিরোধী অপরাধ নিবারণ আইন, ২০১৬’ পাস করে আমাদের ঢাকা শহরকে যারা নিকৃষ্টতম শহরে পরিণত করেছে, সেই বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে মামলা করে জেলে পুরতে হবে। জেলে পাঠানো হয়নি এমন বিরোধী নেতা তো নেই, তাই এই আইনে কর্মীদের কথা বিশেষভাবে বলা থাকবে।

দুই.

জনাব আবুল মোমেনের ‘বিবেক হারালে মানুষের থাকে কী?’ শিরোনামে প্রথম আলোতে ১১ আগস্ট কলামটি তুলে রেখেছিলাম। আবার চোখ বুলালাম। সোহাগী জাহান তনু, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার বা শিক্ষক শ্যামলকান্তি ভক্তের নির্যাতনের বিচার ইত্যাদি নিয়ে মন্তব্য। তাঁর লেখাটির সূত্র ধরে আরও খোলামেলাভাবে বলতে হলে বলতে হবে যে এসব অপরাধের সুষ্ঠু বিচার হওয়ার সম্ভাবনা অত্যল্প।

আইন তো প্রায় উঠেই যাচ্ছে। তাই শুরু করতে হবে একদম গোড়া থেকে। বিচারপতিদের অপসারণসংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিল ঘোষিত হয়েছে। স্পষ্টত যাঁরা এই ষোড়শ সংশোধনী পাস করার পরামর্শ সরকার ও সংসদকে দিয়েছিলেন, তাঁদের আইন, বিচার, আইনজীবী, বিচারক ইত্যাদি সম্পর্কে ধারণা ছিল অল্প বা অস্বচ্ছ। দুনিয়াতে কোনো দেশ নেই, যেখানে সংসদ কর্তৃক পাস করা ষোলোটি সংবিধান সংশোধনীর মধ্যে পাঁচটি আদালতের রায়ের কারণে অর্থাৎ এক-তৃতীয়াংশ সংশোধনী বাতিল হয়ে গেছে। গায়ের জোরে, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা অবাঞ্ছনীয়।

যে আইন করা দরকার, অথচ হচ্ছে না, তা হলো বিচারপতিসহ অন্যান্য সাংবিধানিক পদে নিয়োগ ও অপসারণ আইন। সুপ্রিম কোর্টে সব সময়ই গুজব চাউর থাকে যে একে না ওকে না, এই দশজনকে আগামী সপ্তাহেই বিচারপতি নিয়োগ করা হবে। তারপর পত্রপত্রিকায়ও খবর আসে অমুক পাঁচ, দশ বা বারোজন বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে আইন হওয়ার কথা। সংবিধানে অবশ্য দুটো যোগ্যতার কথা বলে দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক ও আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে ওকালতির ১০ বছরের অভিজ্ঞতা অথবা (নিম্ন আদালতের) বিচারক হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা। এই দুই যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা যোগ করে এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ তা হলো কারা কীভাবে ‘সিলেকশন’ করবে সে ব্যাপারে তিন, পাঁচ অথবা সাতজন ব্যক্তির সমন্বয়ে সিলেকশন কমিটি বা বাছাই কমিটি গঠন করার কথা এই আইনে বলা থাকবে। সংবিধানে বলা আছে যে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ প্রদান করবেন।

প্রধান বিচারপতিকে পরামর্শ দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জনাতিনেক জ্যেষ্ঠ বিচারপতি—এ গোছের কমিটি গঠন করতে হবে। আরও গুরুত্বপূর্ণ হলো এই বাছাই কমিটির কার্যপ্রণালি। বাছাই কমিটি কি রাত নয়টার পর চুপিচুপি গোপনে বৈঠক করবে, না উন্মুক্ত পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা, গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার ফিরিস্তি, বই-প্রবন্ধ বা আইন বিষয়ে প্রকাশিত রচনা, রাজনৈতিক নিরপেক্ষতা ও অন্যান্য মাপকাঠি প্রকাশ্যে মূল্যায়ন করে বাছাই করবে। এসবই আইন বলে দেবে।

সরকারের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সরকারি কর্মকমিশন আছে। অথচ বিচারপতি নিয়োগের জন্য কোনো কমিশন নেই। নেই কোনো বাছাই–প্রক্রিয়া। এভাবে তো আর চলতে পারে না। অবশ্য সরকারি কর্মকমিশনও কাজ চালাচ্ছে জোড়াতালি দিয়ে। চেয়ারম্যান বা সদস্য পদে নিয়োগেরও কোনো আইন হয়নি। আইন দরকার।

বলা হয়, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের প্রধান (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাকি একটি বাছাই কমিটি গঠিত হয়েছিল। ওই বাছাই কমিটির সদস্যদের জন্য একুশে ও স্বাধীনতা পদকের বাইরে এক বিশেষ পদক সৃষ্টি করে ওই পদকে ভূষিত করতে হবে। এতগুলো এত বেশি মেরুদণ্ডহীন, অযোগ্য ব্যক্তিকে তাঁরা কীভাবে খুঁজে বের করলেন।বলা বাহুল্য, ওই সব পদকের সঙ্গে পাঁচ লাখ টাকা করে অর্থ পুরস্কারও দেওয়া দরকার, জাল নোট দিয়ে।

ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় সাংবিধানিক পদে যাঁরা আছেন—বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের অপসারণের কোনো আইন এখন নেই। এসব সাংবিধানিক পদে আসীন ব্যক্তির সংখ্যা শতাধিক! এঁদের কোনো একজনকে অপসারণের প্রয়োজন দেখা দিলে তার কোনো উপায় বা পথ নেই। অতএব আইন দরকার। নিয়োগের আইন দরকার, অপসারণেরও আইন দরকার।

কাগজ-কলমে কিছু আইন আছে। আমরা কয়েক হাজার আইনজীবী আছি, আছেন প্রায় দুই হাজার বিচারক। আমরা বিচার-বিচার খেলি। অনেক ক্ষেত্রে ন্যায়বিচারও হয়। কিন্তু আইন আস্তে আস্তে উঠে যাচ্ছে। আইন ফিরিয়ে আনতে হবে। সাংবিধানিক পদে যাঁরা আছেন, তাঁদের নিয়োগের জন্য আইন করতে হবে এবং নিয়োগ দিতে হবে স্বচ্ছ, পরিষ্কার আইনি প্রক্রিয়ায়। দণ্ডিত অপরাধীরা যাতে মন্ত্রী-সাংসদ না থাকেন, সেদিকেও নজর দিতে হবে।

নচেৎ রাজনৈতিক বক্তৃতায় যতই মিথ্যা—থুক্কু অতিরঞ্জন—বলি না অলিম্পিকের উচ্ছিষ্ট বা নিকৃষ্টতম শহর বা রাজধানী, দুর্নীতিতে শ্রেষ্ঠতমের কাছাকাছি ইত্যাদি ইত্যাদি দেশ থেকেই যাব।

সভ্য ও উন্নত দেশে পরিণত হওয়ার পথে প্রথম ধাপ বা পদক্ষেপটা হোক সৎভাবে সাংবিধানিক পদে নিয়োগ।

ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট। শিক্ষক, আইন বিভাগ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।