
আমাদের আইনমন্ত্রী বলেছেন, তিনি বিচারক বদলির ক্ষেত্রে একটি কনভেনশন গড়ে তুলতে চান (প্রথম আলো, ১২ জুলাই, ২০১৫)। ইংরেজি শব্দ কনভেনশনের বাংলা মানে হচ্ছে ঐতিহ্য বা প্রথা। আইনমন্ত্রী, যিনি পেশায় একজন আইনজীবী, তাঁর যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, একজন আইনবিশেষজ্ঞ (এবং আইনপ্রণেতাদের নেতৃত্বদানকারী ব্যক্তি) হিসেবে তাঁর মনে যদি সেটা সদা জাগরূক থাকে, তাহলে বলতে হবে সেটা আমাদের সবার জন্য সুসংবাদ। এটি আমাদের জন্য সুসংবাদ এ কারণে যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের এক বৈশ্বিক জরিপের ফলাফলে বলা হয়েছে যে বাংলাদেশ আইনের শাসনের সূচকে পিছিয়ে পড়ছে (প্রথম আলো, ১৬ জুলাই ২০১৫)। এটি ঘটছে আমাদের বর্তমান আইনমন্ত্রীর নজরদারির মধ্যেই। অবশ্য তাঁর এবং তাঁর সরকারের কোনো সমালোচনা করার আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম নিয়োগের প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে নেওয়ার জন্য তাঁকে প্রাপ্য ধন্যবাদটুকু দিতেই হয়। সুপ্রিম কোর্টের সুপারিশ চারবার অগ্রাহ্য করার পর শেষ পর্যন্ত তিনি বিচার বিভাগের ইচ্ছাপূরণ করেছেন। যদিও বিচার বিভাগের সঙ্গে চার মাসের ঠেলাঠেলিকে একটা প্রথা বা ঐতিহ্য গড়ে তোলায় শুভসূচনা বলা যাবে না।
আইনমন্ত্রী তাঁর সাক্ষাৎকারে বিচারকদের বেতন-ভাতা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও অনেক কথা বলেছেন। সেসব বিষয়ে একটু পরে আসছি। তার আগে বরং কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রকাশনার কথা বলে নিই। গত ৭ জুলাই লন্ডনে দ্য অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর অ্যান্ড রিমুভাল অব জাজেস আন্ডার কমনওয়েলথ প্রিন্সিপল্স: আ কম্পেন্ডিয়াম অ্যান্ড অ্যানালাইসিস অব বেস্ট প্র্যাকটিস নামের এই গবেষণাটি প্রকাশ করা হয়। বইটি প্রকাশের দিনেই তার একটি ডিজিটাল কপি সংগ্রহ করে নিয়েছি। বইটির নাম গালভরা হলেও বিষয়বস্তু খুবই সহজ। কমনওয়েলথ দেশগুলোতে বিচারক নিয়োগ, তাঁদের চাকরির মেয়াদ, আচরণবিধি এবং অপসারণের জন্য কমনওয়েলথের সদস্যদেশগুলোতে কোথায় কী ধরনের ব্যবস্থা চালু আছে, তার একটি সংক্ষিপ্তসার এতে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ওই সব নিয়মনীতি কমনওয়েলথের আইনের শাসনবিষয়ক নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার মূল্যায়নও বইটিতে তুলে ধরা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তাদের গবেষণায় প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে তুলে ধরা সেরা চর্চার (বেস্ট প্র্যাকটিস) সুপারিশ।
আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩ সালে আবুজায় কমনওয়েলথ সরকারপ্রধানেরা ল্যাটিমার হাউস প্রিন্সিপল্স নামে যে নীতিমালা অনুসরণের বিষয়ে একটা সমঝোতায় পৌঁছেছিলেন, সেটির কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে ওই প্রকাশনা। প্রকাশনাটির গোড়াতেই ল্যাটিমার হাউস প্রিন্সিপল্স-এ ঘোষিত স্বাধীন, পক্ষপাতমুক্ত, সৎ এবং যোগ্য বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার একটি অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বিচার বিভাগীয় নিয়োগগুলোর ক্ষেত্রে অবশ্যপালনীয় শর্তগুলোর কথা তুলে ধরা হয়েছে। বিচারক নিয়োগে যোগ্যতার সুস্পষ্ট পূর্বশর্ত ও জনসমক্ষে ঘোষিত প্রক্রিয়ার আবশ্যিকতার উল্লেখ করে মেধার ভিত্তিতে বাছাই, সবার জন্য সমান সুযোগ, চাকরির মেয়াদকালীন নিরাপত্তা এবং উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা রাখার কথা এতে বলা হয়েছে। ওই নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করাই শেষ কথা নয়, বরং লক্ষ্যটি হতে হবে এমন ব্যবস্থা নিশ্চিত করা, যেখানে স্বাধীন বিচার বিভাগ আইনের শাসনকে সবার ওপরে স্থান দেওয়ার মতো মৌলিক দায়িত্ব পালনে সক্ষম হয়। বিচারকদের নিয়োগ, তার মেয়াদ এবং অপসারণের বিষয়গুলো বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকের দায়িত্ব পালনের ক্ষমতার ওপর প্রভাব ফেলে। সে কারণে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের যোগাযোগ যদি কখনো দরকার হয়, তবে তা যেন বিচারিক স্বাধীনতাকে প্রভাবিত না করে। ল্যাটিমার হাউস নীতিমালায় আরও বলা আছে যে এসব নিয়মনীতি মানার পরও বিচারক নিয়োগ প্রক্রিয়াটি জনগণের চোখে বৈধ হতে হবে। জনগণের আস্থা অর্জনে এবং তাদের সহযোগিতা পাওয়ার লক্ষ্যেই এটি বিশেষভাবে প্রয়োজন।
কমনওয়েলথের জরিপে গবেষকেরা দেখতে পেয়েছেন যে কমনওয়েলথের নয়টি দেশে বিচার বিভাগের সকল পর্যায়ের নিয়োগদানের কর্তৃত্ব এককভাবে নির্বাহী বিভাগের হাতে রয়েছে (পৃষ্ঠা ২০)। বাংলাদেশ এই গোত্রের অন্যতম, যাতে সিঙ্গাপুর, ব্রুনাই দারুস সালামের মতো কর্তৃত্ববাদী দেশ যেমন আছে, তেমন আছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। শেষ তিনটি রাষ্ট্রের ক্ষেত্রে অন্তত তাদের গণতান্ত্রিক ধারা নিয়ে বড় কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিদের নিয়োগদান করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তবে এই নিয়োগ-প্রক্রিয়ায় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের বাধ্যবাধকতা রয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার এই বাধ্যবাধকতা সম্পর্কে গবেষকেরা বলছেন, এর একটি ভালো দিক হচ্ছে যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা বা উপযুক্ততার বিষয়ে বিচার বিভাগের মূল্যায়ন তুলে ধরার সুযোগ আছে। এ ছাড়া ওই গবেষণায় দেখা যায় যে চারটি দেশে (বাহামাস, বেলিজ, শ্রীলঙ্কা ও তানজানিয়া) শুধু উচ্চ আদালতে নিয়োগের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে। এই ১৩টি দেশের বাইরে আরও ১১টি দেশে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতাটি এককভাবে নির্বাহী কর্তৃপক্ষের এখতিয়ার। প্রশ্ন উঠেছে যে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ারের ক্ষেত্রে কেন এই আলাদা ব্যবস্থা? সেখানে নির্বাহী কর্তৃপক্ষের রাজনৈতিক লক্ষ্য অর্জনের কৌশল প্রতিকারের উপায়ই বা কী (আমাদের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঘিরে বিতর্কের অভিজ্ঞতা এখানে স্মরণযোগ্য)?
ল্যাটিমার হাউস নীতিমালা গৃহীত হওয়ার পর কমনওয়েলথের বিভিন্ন দেশে অল্প সময়ের মধ্যে বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন প্রতিষ্ঠা করা হয়, যেগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালয়েশিয়াও রয়েছে। অন্যদিকে গবেষকেরা স্মরণ করেছেন যে বাংলাদেশে উচ্চ আদালতে নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রধান বিচারপতিকে প্রধান করে সুপ্রিম জুডিশিয়াল কমিশনের বিধান করলেও সে আইনকে তামাদি হতে দিয়েছে পরবর্তীকালের নির্বাচিত সরকার। এখন অবশ্য নতুন বাস্তবতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের যে নতুন আইন হয়েছে এবং বিচারপতি নিয়োগের যে বিধি তৈরি হচ্ছে, তাতে নতুন পরিস্থিতি কী হয়, সে জন্যই সবার অপেক্ষা। তবে নিম্ন আদালতের বিচারক নিয়োগের জন্য যে জুডিশিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেটি নিয়ে তেমন আলোচনা এই প্রকাশনায় নেই। অন্যান্য দেশে সমপর্যায়ে নিয়োগের জন্য যেসব জুডিশিয়াল কমিশন আছে, সেগুলোর ভালো-মন্দ বিশ্লেষণ করে এতে বলা হয়েছে নিয়োগ-প্রক্রিয়াটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য তাতে নাগরিক (সুশীল সমাজের) প্রতিনিধিত্ব থাকা উচিত। কথিত সুশীল সমাজের প্রতিনিধিত্বও যে রাজনৈতিক আনুগত্যের কারণে দূষিত হতে পারে, সেটা সম্ভবত তাঁদের ধারণায় ছিল না। নাগরিক প্রতিনিধিত্ব হিসেবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মনোনয়নও যে বাংলাদেশে এই ঝুঁকিটি তৈরি করে, সে অভিজ্ঞতা তো আমাদের নানা ক্ষেত্রে হয়েছেই।
কমনওয়েলথের দেশগুলোর কোনো কোনোটিতে উচ্চ এবং নিম্ন আদালতে নিয়োগপদ্ধতি আলাদা কেন এবং উচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কী সতর্কতা বজায় রাখার ব্যবস্থা আছে, এসব প্রশ্নেরও উত্তর খোঁজা হয়েছে এই গবেষণায়। এতে বলা হয় যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, এমন ধরনের ক্ষমতা ভাগাভাগি এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো সাধারণত উচ্চতর আদালতের এখতিয়ারে থাকে, বিধায় ওই পর্যায়ের আদালতে বিচারক নিয়োগের বিষয়টিতে গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নও জড়িত। অনেক রাষ্ট্রই তাই বিচারক নিয়োগের বৈধতাকে শক্তিশালী করার জন্য মনোনীত প্রার্থীদের সংসদীয় শুনানির মুখোমুখি করার পথ বেছে নিয়েছে। আবার কোনো কোনো দেশে বিচার বিভাগীয় নিয়োগের জন্য কমিশন গঠন করে। এ ক্ষেত্রে সংস্থাটি হয়, যতটা সম্ভব বেশি প্রতিনিধিত্বশীল। এ ধরনের পদ্ধতিগুলো এককভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকা নিয়োগব্যবস্থায় রাজনৈতিক দূষণের প্রতিকার করতে পারে।
ওই গবেষকদের মতে, নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা বিচারক নিয়োগের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বৈধ ব্যবস্থা হতে পারে ইংল্যান্ড ও ওয়েলসের বর্তমান ব্যবস্থাটি। সেখানে রানির নামে বিচারক নিয়োগের দায়িত্বটি পালন করেন লর্ড চ্যান্সেলর বা আইনমন্ত্রী, কিন্তু তার আগে বিচারকের যোগ্যতা ও উপযুক্ততা যাচাই-বাছাই করে একটি স্বাধীন সংস্থা, দ্য কমিশন ফর জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস। এই কমিশন সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পাশাপাশি কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই অভিযোগও নিষ্পত্তি করে। ২০০৫ সালে দেশটির সাংবিধানিক সংস্কারে এসব পরিবর্তন আনা হয় যে পরিবর্তনের মাধ্যমে রাজনীতি থেকে বিচারব্যবস্থাকে সম্পূর্ণ আলাদা করার লক্ষ্যে হাউস অব লর্ডসের বিচারিক ভূমিকার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্ট।
ফিরে আসি আইনমন্ত্রীর সাক্ষাৎকারে, যাতে তিনি বিচারপতিদের বেতন-ভাতার বিষয়ে ক্ষমতাধর আমলাদের বিরোধিতার কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়ে বলেছেন যে সরকার জুডিশিয়াল পে-কমিশনের সুপারিশের আলোকে আলাপ-আলোচনা করছে। বিষয়টিতে আলোচনার প্রশ্ন কেন আসে? কমিশনের সুপারিশ মানতে অসুবিধা কোথায়? আর কমিশনের সুপারিশ অগ্রাহ্য করলে যে তা ওই ধরনের কমিশনের প্রয়োজনীয়তা এবং উপযোগিতাকে নাকচ করে দেয়, সেটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আমলারা নানা অজুহাত তুলে যে বিচার বিভাগের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিজেদের থেকে কমিয়ে রাখতে চান, তার একটা চমৎকার দৃষ্টান্ত ঢাকার একজন সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমাকে বলেছিলেন। তিনি আক্ষেপের সুরে বলেছিলেন যে একজন জেলা জজের গাড়ি আর একজন জেলা প্রশাসক এবং জেলা পুলিশের সুপারের গাড়ি পাশাপাশি দাঁড় করালেই বোঝা যাবে কার ক্ষমতার দাপট কত? সচিবদের কথা না হয় না-ই তুললাম—যাঁদের অধিকাংশই বিভিন্ন প্রকল্পের একাধিক গাড়ি পছন্দমতো ব্যবহারের সুযোগ চর্চায় অভ্যস্ত। যে আড্ডায় তিনি এই কথাটি বলেছিলেন, সেই আসর ভাঙার পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতির গাড়ির যে দৈন্যদশা আমি দেখেছি, তাতে সত্যিই মর্মাহত হতে হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার যৌক্তিকতা তুলে ধরার একটা চেষ্টাও আইনমন্ত্রীর সাক্ষাৎকারে ছিল। তাতে তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধের মতো জরুরি জনগুরুত্বপূর্ণ কারণে এর প্রয়োজনীয়তার কথা বলেছেন। তবে তিনি যে কথা বলেননি তা হলো আইনে খাদ্যদ্রব্যের স্বাস্থ্যসম্মত মান দেখার দায়িত্ব যাঁদের, সেই স্যানিটারি ইন্সপেক্টররা তাহলে কী করছেন বা করবেন। একইভাবে ত্রুটিপূর্ণ যানবাহন ধরার জন্য মোটরযান পরিদর্শক নামে কিছু পদ আছে। তাঁদের ওই সব ভেজাল কারখানা বন্ধ করা এবং ত্রুটিপূর্ণ গাড়ি জব্দ করার ক্ষমতা আইনে দেওয়া আছে। তাঁরা জরিমানাও করতে পারেন। ওই সব সরকারি কর্তাদের দায়িত্বটা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিতে হবে কেন? রাজনৈতিক বিরোধীদের দমাতে তাঁরা যে আনুগত্য এবং কৃতিত্ব দেখিয়েছেন, তার পুরস্কার হিসেবে তাঁদের আরও সুযোগ দেওয়া ছাড়া এর আর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে বলে মনে হয় না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া কোনো বিচার কীভাবে ন্যায়বিচার হিসেবে গণ্য হবে? ধারণা করি, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের মতো বৈশ্বিক গবেষণায় আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নগামী হলেও আমাদের রাজনীতিকদের কিছু আসে যায় না।
ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ জোর গলায় বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁদের দল সবচেয়ে বেশি উদ্যোগ গ্রহণ করেছে। সংসদের আইন মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সেদিনও চ্যানেল টোয়েন্টি ফোরের এক আলোচনায় বললেন, ভারতের মানবাধিকার কমিশন, তথ্য কমিশনগুলোর মতো প্রতিষ্ঠানের আদলে বাংলাদেশে সেগুলোর চেয়েও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান যেহেতু গড়ে তোলা হয়েছে, সেহেতু তার কৃতিত্ব তাঁরা দাবি করতেই পারেন। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে তোলা এবং সেগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট করার পালাটাও যে তাঁরা সম্পন্ন করেছেন, সে কথাটি তাঁরা বলেন না। ভারতের মানবাধিকার কমিশনের যে ধরনের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আছে, আমাদের কমিশন-প্রধানের যে তাঁর ছিটেফোঁটাও নেই, সেটা তাঁর কারাগার পরিদর্শনে গিয়ে ফিরে আসার ঘটনাতেই প্রমাণিত হয়েছে। আপাতদৃশ্যে ভালো একটি বাছাই-প্রক্রিয়াকে কীভাবে দলীয়করণের স্বার্থে অপব্যবহার করে একটি জাতীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা যায়, তার প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কথা নাহয় না-ই বললাম।
কামাল আহমেদ: প্রথম আলোর পরামর্শক সম্পাদক।