
সরকারকে বিপদে ফেলার জন্য গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার যে সুযোগ ছিল তা চিরতরে রুদ্ধ হয়ে গেল। আমার মনে হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেই লুকিয়ে আছে জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। তাই এ ঘটনাগুলো সাদামাটাভাবে দেখার সুযোগ নেই। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ বিষয়গুলো যেন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়।
সরকার জঙ্গিবাদ নির্মূল করতে চায়—এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু জঙ্গি নির্মূলে সরকারের অভিযান ব্যর্থ করার ষড়যন্ত্র সুস্পষ্ট। নইলে এভাবে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সরিয়ে দেওয়ার যুক্তি নেই। সরকারকে বুঝতে হবে, এ ধরনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন।
দেশে এমন পরিস্থিতি বিদ্যমান নেই যে, বিচারবহির্ভূত হত্যা করতেই হবে। সমর্থনযোগ্য না হলেও সরকার কখনো কখনো অসহনীয় পরিস্থিতিতে এমন কৌশল নেয়। কিন্তু এখনকার পরিস্থিতি তেমন নয়। যে পরিস্থিতি বিরাজ করছে তাতে রাষ্ট্র, সরকার ও জনগণের স্বার্থে ওই আসামিদের বরং বাঁচিয়ে রাখা উচিত ছিল।
আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, সরকারি সিদ্ধান্তে এই ক্রসফায়ার হয়েছে। বরং সরকারকে বিপদে ফেলার জন্য বা সরকারকে ভুল বুঝিয়ে বা অন্ধকারে রেখে এসব কর্মকাণ্ড হচ্ছে বলে আমার মনে হয়। এই জঙ্গিদের সরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দেওয়া হলো। এদের বাঁচিয়ে রেখে তথ্য সংগ্রহ করে জঙ্গিদের পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের পাওয়া সম্ভব ছিল।
২৪ ঘণ্টায় দ্বিতীয় যে ক্রসফায়ারের ঘটনা ঘটল এর সঙ্গে কারা আছে, কার নির্দেশে এটি হলো এগুলো পূর্ণ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিতে হবে। আমি শঙ্কিত এরা হয়তো সরকারকে কোনো বাজে পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
বলা হচ্ছে, মাদারীপুরে রিমান্ডের আসামি ফয়জুল্লাহ ফাহিম কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। কিন্তু রাষ্ট্রের হেফাজতে যখন আসামি থাকে, তখন সকল দায় রাষ্ট্রের। একজন শিক্ষককে হত্যা করতে গিয়ে সে ধরা পড়ল। পরে পুলিশও বলেছে, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এরপর রিমান্ডে থাকা অবস্থায় কীভাবে এটা হলো, তা সাধারণ বুদ্ধিতে আমাদের মাথায় ধরে না, পুলিশের মাথায় ধরতে পারে। একইভাবে অভিজিৎ রায়কে হত্যার অভিযোগে পুরস্কার ঘোষিত আসামিকে কেন মেরে ফেলতে হবে, এটাও আমার মাথায় আসে না।