
বাংলাদেশে এখন এক অভাবনীয় আইনের আপন গতির চর্চা চলছে। এর আওতায় একযাত্রায় বিবিধ ফল দেখা যাচ্ছে। ৩ এপ্রিল আইনের শাসন বিষয়ে জাতীয় প্রেসক্লাবে সুজনের এক আলোচনা সভায় আলোচকেরা স্মরণ করিয়ে দিয়েছেন যে ব্যক্তির শাসন নয়, আইনের শাসনই শ্রেষ্ঠ পন্থা। এই সত্য কথাটাই আমজনতার কাছে কখনো গোলমেলে ঠেকতে পারে। কারণ, আইন তো ব্যক্তিরই তৈরি। তাই ব্যক্তি যদি ভালো আইন না তৈরি করে, আবার তৈরি করলেও নিজেকে যদি সেই ভালো আইনের আওতায় না বাঁধতে চায়, তাহলে তাকে বাঁধবে কে। প্রথম প্রশ্ন, আইন কী? আইন চালনাকারী কে?
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন প্রেসক্লাবের মূল বক্তা হিসেবে এর একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ‘আইন হচ্ছে তা-ই, যা বিচারকেরা আইন বলে ঘোষণা দেবেন। তাই আইনের শাসন বলতে আমরা বুঝব যা আমাদের সর্বোচ্চ আদালত সংবিধানের ১১১ অনুচ্ছেদের ক্ষমতাবলে ঘোষণা করেন।’ এটি একটি দৃষ্টিভঙ্গি। এর আওতায় আমরা সব প্রশ্নের উত্তর পাই না।
অনুচ্ছেদ ১১১ বলছে, হাইকোর্ট বিভাগ কর্তৃক ঘোষিত আইন সব অধস্তন আদালত এবং আপিল বিভাগ থেকে ঘোষিত আইন সবার জন্য (সংবিধানে অবশ্য সব আদালতের কথা আছে) অবশ্যপালনীয়। আইনের শাসন বা ‘রুল অব ল’ সম্পর্কে ‘জাজেস কেস’সহ বিভিন্ন মামলায়-আমাদের সর্বোচ্চ আদালত যা ঘোষণা করেছেন তার অর্থ দাঁড়ায়, ‘আইনের শাসনের মূল অর্থ হলো সরকারের কাজকর্ম আইনসম্মত কি না, তা নির্ধারণ করবেন বিচারকেরাই। তবে শর্ত এই যে, সেই বিচারকেরা নির্বাহী বিভাগ থেকে হবেন স্বাধীন।’
সরকারের কাজকর্মের বহু রকম ভাগ। সবটা দেখার প্রাথমিক দায় বিচারকদের দেওয়া হয়নি। সরকার নির্বাচনী আইন ভঙ্গ করলে তার প্রতিকার দেবে নির্বাচন কমিশন, তারা দেয় না। সরকারি টাকাপয়সা খরচে শুধু সরকার নয়, আদালতও যদি যথাযথ পথ অনুসরণ না করে, তাহলে তা নজরদারির দায়িত্ব মহাহিসাব নিরীক্ষকের। দুর্নীতি করলে সরকারকে কাঠগড়ায় তোলার দায়িত্বটা দুদকের। মানবাধিকার লঙ্ঘন করলে সরকারকে খামোশ বলার দায় মানবাধিকার কমিশনারের। তবে হ্যাঁ, এ ধরনের সব সংস্থার কোনোটিই যদি নিজ নিজ দায়িত্ব পালন না করে, যেখানে যত নালিশ আছে, তা শেষতক শুনবেন ও দেখবেন বিচারকেরাই। সে কারণেই রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে বিচার বিভাগেরই শ্রেষ্ঠত্ব।
এখন প্রশ্ন হলো কোনটি আইন আর কোনটি আইনসম্মত নয়, সেটি যদি বিচারকেরাই নির্ধারণ করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা যদি বিচারকদেরই কাজ হয়, তাহলে কি আমরা স্বাধীন রাজনীতিকের চেয়ে স্বাধীন বিচারক নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেব না? আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির উপস্থিতিতে ৭ এপ্রিল এক বিরাট সুসংবাদ দিয়েছেন যে সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইনের খসড়া প্রায় তৈরি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য নেওয়া হবে। গত ২৯ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে সংবিধানের ৯৫ (২)-এর গ উপদফা এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে নীতিমালা প্রণয়ন করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে নতুন বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছিল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই একই অনুষ্ঠানে বলেছেন, ‘আইনের শাসন সুরক্ষায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বার ও বেঞ্চ একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ তাহলে দেখা যাচ্ছে আমরা যোগ্যতর বিচারক পাব কি না, তার সঙ্গে যোগ্য আইনজীবী পাচ্ছি কি না, সেই প্রশ্নও ওতপ্রোতভাবে জড়িত। বিচারক নিয়োগে আইনের খসড়া তৈরিকালে আইনজীবী নিয়োগ আইনের কার্যকরতা নিয়েও ভাবতে হবে। আইনমন্ত্রীর প্রায় চূড়ান্ত খসড়াটি এখনই জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হোক। মুদ্রার এপিঠের যেমন, তেমনি দেশের শীর্ষস্থানীয় বারের সদস্যরা, যারা ‘মুদ্রার ওপিঠ’, তাদেরও মতামত নেওয়া হোক।
আমরা অবশ্যই আইনমন্ত্রীর মুখে ‘আইনের খসড়া’ কথাটি শুনে বেশি ভরসা পাচ্ছি। কারণ মনে হচ্ছে এবার আমরা সংসদের প্রণীত কোনো একটি আইন, যাকে আমরা বলি ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ পাব। বিচারকের তৈরি করা আইন আর রাজনীতিকদের তৈরি করা আইনের মধ্যে কোনটি বেশি কার্যকর হয়, কোনটি বেশি ফল দেয়, সেটা জাতি তুলনামূলকভাবে পর্যালোচনা করতে পারবে। কারণ ইতিমধ্যে এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্টের তৈরি করা ‘আইন’ বিচারক নিয়োগে খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছে দাবি করা চলে না।
এদিকে আমরা দেখছি এক-এগারোতে দায়ের করা মামলাগুলোই এখন বেশ আইনি আলো ছড়াচ্ছে। বিশেষ করে নির্বাচনের বছর হিসেবে বিবেচিত ২০১৮ সালের গোড়ার দিকটি বেশ উত্তাপ বয়ে এনেছে। খালেদা জিয়া জেলে গেলেন। কিন্তু সেই এক-এগারোর অন্য মামলাগুলোর কী হাল? বিএনপির নাজমুল হুদা ঘুষের মামলায় সর্বোচ্চ আদালত পর্যন্ত দণ্ডিত হয়েছেন। এ ছাড়া গিয়াস উদ্দিন আল-মামুনের ভাই হাফিজ ইব্রাহিম, বনের রাজা ওসমান গনি, সাবেক রাষ্ট্রদূত নাজিবুল্লাহ দণ্ডিত হয়েছেন। কিন্তু নির্বাচনী বছরে মওদুদ আহমদের সম্পদের তথ্য গোপন মামলা সাক্ষ্য গ্রহণ শুরুর পর্যায়ে। ড. খন্দকার মোশাররফ হোসেনের লন্ডনে ৯ কোটি টাকা পাচারের মামলায় আইওর জেরা চলছে। ১৮টি বাড়ির দুর্নীতির মামলার প্রধান আসামি বিএনপির মির্জা আব্বাস। এর মধ্যে চলতি সপ্তাহেই হাইকোর্ট ১৫টি বাড়ির মামলা চলবে বলে ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের রাঘববোয়াল বলতে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাঁর মামলাটি এবং হাজি সেলিম, হাজি মকবুল ও জয়নাল হাজারীর মামলাসহ ২৭টি এক-এগারোর দুর্নীতির মামলা পুনরায় বিচার করার জন্য আপিল বিভাগ হাইকোর্টে পাঠিয়েছেন। আবার অবৈধ সম্পদ অর্জন মামলার অনুসন্ধানের জন্য গত ১০ দিনের ব্যবধানে আওয়ামী লীগের চারজন সাংসদ বি এইচ হারুন, আতিউর রহমান আতিক, কামরুল আশরাফ খান ও মিজানুর রহমান মিজানকে দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। সাংসদ বদি তাঁর সাজার বিরুদ্ধে যে আপিল করেছেন, তা চলমান আছে। প্রশ্ন হলো আগামী নির্বাচনের আগে উল্লিখিত ব্যক্তিদের কেউ কি আদালতে নতুন করে দোষী সাব্যস্ত হবেন? হলেও সবার ভাগ্যে জামিন বা অন্যান্য আইনি সুবিধা কি একই হবে? ডিজিটাল আইনের মতো উদ্বেগজনক আইন কি আরও আসবে?
প্রেসক্লাবে বিচারপতি মতিন একটি গল্প বলেছেন। সেটি সফোক্লিসের ইদিপাস নাটকের।
গ্রিসের নগর-রাষ্ট্র থিবিস। প্রায় আড়াই হাজার বছর আগের কথা। রাজা ক্রিয়ন আদেশ দিলেন যে দেশের বিরুদ্ধে যুদ্ধ করার শাস্তি হিসেবে নিহত পলিনিসিসকে কবর দেওয়া যাবে না। পলিনিসিসের বোন আন্তিগোনে এ আদেশ প্রত্যাখ্যান করে ভাইকে কবর দিলেন। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নির্ভীক আন্তিগোনে জবাব দিলেন, মৃত ভাইকে কবর দিয়ে আমি চিরন্তন বা শাশ্বত আইনের বিধান পালন করেছি, যার সঙ্গে রাজার আদেশ সাংঘর্ষিক। সফোক্লিস বিশ্ববাসীকে আন্তিগোনের মাধ্যমে আইনের শাসনের যে ব্যাখ্যা দিয়েছিলেন, তা-ই বিশ্ববাসী গ্রহণ করেছে। বিচারপতি মতিন যেটা বলেননি তা হলো রাজা এই পরামর্শ মেনেছিলেন যে এ জন্য তাঁর শাস্তি প্রাপ্য নয়। কিন্তু জীবন্ত সমাধি আসন্ন জেনে আন্তিগোনে ততক্ষণে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। আমরা তাঁর সঙ্গে একমত যে শাসকের আইন যখন শাশ্বত আইনের পরিপন্থী হয়, তখন শাসকের আইন আইনের মর্যাদা হারায়। শাসকের আইন তখন আইনই নয়, তাই অন্যায় আদেশের শাসন মানুষ মানতে বাধ্য নয়। সফোক্লিসের শত বছর পরে প্লেটো এবং অ্যারিস্টটল আইনের শাসনের এই ব্যাখ্যাই গ্রহণ করলেন যে ব্যক্তির শাসন নয়, বরং আইনের শাসনই সর্বশ্রেষ্ঠ পন্থা।’
মিজানুর রহমান খান প্রথম আলোর যুগ্ম সম্পাদক
mrkhanbd@gmail. com