আওয়ামী লীগ আছে আওয়ামী লীগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুন ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্তমানের বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের উত্তরাধিকার বহন করছে। নেতৃত্বে আছেন প্রতিষ্ঠাতাদের কারও কারও দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সদস্যরা। ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ১৯৭১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ, ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ—এই ধাপগুলো পেরিয়ে ১৯৭৬ সালে সামরিক আইনের অধীনে পলিটিক্যাল পার্টিজ রেগুলেশনের (পিপিআর) শর্ত মেনে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ নামে পুনর্বহাল হয়। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব নেন। তখন থেকে তিনিই মুখ্য নির্বাহী হিসেবে দলের হাল ধরে আছেন। এখনকার আওয়ামী লীগ সব অর্থেই শেখ হাসিনার আওয়ামী লীগ।

আওয়ামী লীগ প্রসঙ্গটি উঠল কারণ, ২৩ জুন এ নিয়ে একটি কলাম লিখেছিলাম প্রথম আলোয়। লেখাটি যেন হুট করে শেষ হয়েছিল। অনেকেই অনুযোগ করেছেন, লেখাটি তো শেষ করলেন না। সীমিত শব্দের মধ্যে খুব বেশি লেখা যায় না। হাত-পা ছুড়ে সাঁতার কাটার জন্য চাই বড় পুকুর কিংবা দিঘি। সে জন্য কলামে যা লেখা যায় না, তার সুযোগ নেওয়া যায় বইয়ে। বই তো আর চটজলদি লিখে ফেলা যায় না!

আওয়ামী লীগের জন্য জুন-জুলাই মাস দুটি বেশ গুরুত্বপূর্ণ। ফ্ল্যাশব্যাকে ১৯৭৫ সালে গেলে গুরুত্বটি বোঝা যায়। তখনো ছিল জ্যৈষ্ঠের গরম, আষাঢ়ের ঢল। এখন যেমন শেখ হাসিনাকে কেন্দ্র করেই দল, তখন এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে। কোভিড-১৯ হানা দেওয়ায় এখন আর রাস্তায় মিছিল নেই, ময়দানে জনসভা হয় না। আওয়ামী লীগের নেতারা টেলিভিশন ক্যামেরার সামনে বিবৃতি–আবৃত্তি করেন, কেউ ওয়াজ-নসিহত করেন। দলের সভাপতির বক্তব্যও আমরা পাই টেলিভিশনের মাধ্যমে।

পঁচাত্তরে কোভিড ছিল না। এখন যেমন দেশ ভাসছে উন্নয়নের জোয়ারে, তখন ছিল বাকশাল-জ্বর। ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫ রাষ্ট্রপতির এক আদেশে বলা হয়, দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে। একই তারিখে জারি হওয়া আরেকটি আদেশে বলা হয়, রাষ্ট্রপতি নিজেকে চেয়ারম্যান করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নামে একটি জাতীয় দল গঠন করেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের সব সদস্য ও মন্ত্রিসভার সব সদস্য বাকশালের সদস্য হিসেবে গণ্য হবেন। রাষ্ট্রপতি দলীয় সাংগঠনিক কমিটি নির্ধারণ না করা পর্যন্ত অবলুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় বাকশালের কমিটি হিসেবে কাজ চালিয়ে যাবে। ২৫ ফেব্রুয়ারি জারি করা এক আদেশে বলা হয়, অবলুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বাকশালের সদস্য বলে বিবেচিত হবেন। জাতীয় সংসদে আওয়ামী লীগের দুজন এবং জাসদের দুজন ছাড়া সবাই এ ব্যবস্থা মেনে নেন। প্রকারান্তরে বলা যায়, নামে বাকশাল হলেও কার্যত এটি ছিল আওয়ামী লীগেরই একটি রূপান্তর। বাকশালকে একটি ‘জাতীয় দল’ হিসেবে ঘোষণা করায় অন্য কোনো দলের অস্তিত্ব না রাখার বা না থাকার যৌক্তিকতা দেওয়া হয়েছিল।

ওই সময় প্রায় প্রতিদিন সংবাদপত্রের পাতায় বাকশালে যোগ দেওয়ার খবরাখবর ছাপা হতো। বঙ্গবন্ধু বাকশাল ব্যবস্থাকে ‘দ্বিতীয় বিপ্লব’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এখন থেকে ৪৬ বছর আগে পঁচাত্তরের ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক সভায় ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব সফল করার’ ঘোষণা দেওয়া হয়। সিনেটের ১০২ সদস্যের মধ্যে ৭২ জন ওই সভায় হাজির হয়েছিলেন। তার কয়েক দিন পরই ৪৯ হাজার ৫১ জন মাদ্রাসাশিক্ষকের পক্ষে মাদ্রাসা শিক্ষক সমিতির বিভিন্ন জেলা শাখার ৫২ জন নেতা বাকশালে যোগ দেওয়ার আবেদন জানান। মাদ্রাসার সঙ্গে আওয়ামী লীগের সখ্য নতুন নয়। মাঝেমধ্যে একটু টানাপোড়েন তৈরি হয়। তারপর আবার ঠিক হয়ে যায়।

এখন যেমন চারদিকে কেবল আওয়ামী লীগের জয়জয়কার, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ালেই জয়ের শতভাগ নিশ্চয়তা, শেখ হাসিনা ছাড়া চোখে পড়ার মতো আর নেতা নেই, ৪৬ বছর আগেও পরিস্থিতি এমনটাই ছিল।

একটি বিষয়ে রহস্য রয়ে গেছে এখনো। সরাসরি ভোটে নির্বাচিত জাতীয় সংসদের ৩০০ সদস্যের মধ্যে ২৯৩ জনই আওয়ামী লীগের। সংসদে প্রকৃত অর্থে কোনো বিরোধী দল নেই। এর আগে ২৮ ডিসেম্বর ১৯৭৪ দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সব ক্ষমতা তো একটি দলের হাতেই ছিল। তাহলে কেন বাকশাল গঠন করা হলো?

কামরুদ্দীন আহমদকে এ প্রজন্মের অনেকেই চেনেন না। তিনি একসময় আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। বয়সে তিনি শেখ মুজিবের সিনিয়র। ১৯৫৪ সালের নির্বাচনের সময় ছিলেন যুক্তফ্রন্টের দপ্তার সম্পাদক, সভাপতি ছিলেন সোহরাওয়ার্দী। পরে রাষ্ট্রদূত হয়েছিলেন। সমসাময়িক সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর কয়েকটি বই পাঠকপ্রিয় হয়েছে। বাকশাল নিয়ে পঁচাত্তরে যে রকম মাতামাতি হচ্ছিল এবং লোকজন যেভাবে বাকশালের সদস্য হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছিল, সে সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এ রকম:

‘বাকশাল গঠনের সঙ্গে সঙ্গে দেশের মধ্যবিত্ত সমাজ যেভাবে গণভবনে ভিড় করছিল তাতে শান্তভাবে সময় নিয়ে শেখ সাহেবের সঙ্গে আলোচনা করা সম্ভব ছিল না। বাকশাল নীতি ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী প্রভৃতি সর্বস্তরের জনগণ বাকশাল সদস্যপদের জন্য দরখাস্ত করতে থাকে। দরখাস্তের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে শেখ সাহেবের সচিব রহিম সাহেব সেগুলোকে ফাইলবন্দী করার চেষ্টা না করে চটের বড় বড় থলিতে ভরে রাখতে আরম্ভ করেন।’

একটি বিষয়ে রহস্য রয়ে গেছে এখনো। সরাসরি ভোটে নির্বাচিত জাতীয় সংসদের ৩০০ সদস্যের মধ্যে ২৯৩ জনই আওয়ামী লীগের। সংসদে প্রকৃত অর্থে কোনো বিরোধী দল নেই। এর আগে ২৮ ডিসেম্বর ১৯৭৪ দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সব ক্ষমতা তো একটি দলের হাতেই ছিল। তাহলে কেন বাকশাল গঠন করা হলো? কেউ কেউ যুক্তি দেন, এটি ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠার একটি প্রয়াস। আওয়ামী লীগ দিয়ে তো আর সমাজতন্ত্র হবে না? আমার কাছে এ যুক্তি অসাড় মনে হয়। এ দেশে আওয়ামী লীগের প্রতি বন্ধুভাবাপন্ন সমাজতন্ত্রীদের সবচেয়ে বড় নেতা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মণি সিংহ। পঁচাত্তরের ৬ জুন বাকশালের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ১১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। এই দুই কমিটিতে মণি সিংহের জায়গা হয়নি। তাঁকে বাকশালের অঙ্গসংগঠন জাতীয় কৃষক লীগের সাংগঠনিক কমিটির ৬ নম্বর সদস্য করা হয়েছিল।

বাকশাল নেতৃত্ব মণি সিংহকে সমাজতন্ত্র শেখানোর দায়িত্ব দেয়নি। এ দায়িত্ব পেয়েছিলেন কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম চাষী। (সমাজতন্ত্র শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল যে মাহবুবুল আলম চাষীকে, তিনি যে কতটা করিতকর্মা, সেটা টের পাওয়া গিয়েছিল এর মাস দুয়েকের মধ্যে। ১৫ আগস্টের ষড়যন্ত্রে তিনি যুক্ত ছিলেন।) তিনি একাডেমিতে সমাজতন্ত্রের ওপর প্রশিক্ষণ কোর্স চালু করেন। স্থানীয় সরকার প্রতিনিধিসহ নানান সংগঠনের সদস্যরা এখানে আসতেন সমাজতন্ত্রের পাঠ নেওয়ার জন্য। ঢাকা থেকে বুদ্ধিজীবীরা এসে ক্লাস নিতেন। তাঁদের একজন ছিলেন আহমদ ছফা। এক ঘণ্টার একটি ক্লাস নেওয়ার জন্য তিনি পেতেন পাঁচ শ টাকা। তিনি একাডেমিতে দুই মাস ছিলেন। (সূত্র: বেলা-অবেলা, বাংলাদেশ ১৯৭২-১৯৭৫, মহিউদ্দিন আহমদ, বাতিঘর। রাষ্ট্রপতি ও বাকশাল চেয়ারম্যান তাঁর প্রিন্সিপাল ইকোনমিক সেক্রেটারি ড. সাত্তারকে সমাজতন্ত্রের মডেল তৈরি করতে বলেন। ড. সাত্তার চাঁদপুরে তাঁর নিজ গ্রামে সমাজতন্ত্রের মডেল দাঁড় করানোর জন্য ‘মেহেরপুর-পঞ্চগ্রাম সমবায় সমিতি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ওই সমিতির সদস্যরা কুমিল্লার একাডেমিতে প্রশিক্ষণ নিতেন।

পঁচাত্তরের পর পেরিয়ে গেছে ৪৬ বছর। শেখ হাসিনার আওয়ামী লীগের বয়স ৪০। এখন আর কেউ সমাজতন্ত্রের কথা বলে না। চারদিকে শুধু একটিই স্লোগান—উন্নয়ন। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা উন্নয়ন দিচ্ছেন—এটাই এখন আওয়ামী লীগের মন্ত্র। বঙ্গবন্ধু তখন তাঁর কর্মসূচি বাস্তবায়নের জন্য সমাজের যে গোষ্ঠীটির ওপর নির্ভর করতেন, এখনো সেই গোষ্ঠীই সবকিছুর তদারকিতে। স্লোগান, রাজনীতি, কর্মসূচি পাল্টালেও প্রেসক্রিপশন বদলায়নি। অবশ্য একটি ব্যাপারে মিল আছে। আওয়ামী লীগ তখনো বলত ‘ষড়যন্ত্র’ হচ্ছে, এখনো বলে ষড়যন্ত্র হচ্ছে। তবে এখন তারা ষড়যন্ত্র কারা করছে তা স্পষ্ট করে বলছে। আওয়ামী লীগের বড়-ছোট সব নেতা প্রতিদিনই ষড়যন্ত্রকারী হিসেবে বিএনপির নাম উচ্চারণ করে চলেছেন। তা না হলে বিএনপি নামে যে একটি দল আছে, তা তো আমরা ভুলতেই বসেছিলাম। দেখেশুনে মনে হয়, আওয়ামী লীগ আছে আওয়ামী লীগেই।

● মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক

[email protected]