যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সব সময় বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। এটা তাঁর একটি চমৎকার বৈশিষ্ট্য। যেমন যশোরে ফুল চাষের সাফল্যে তিনি অভিভূত হন। ঢাকায় যাত্রাবাড়ী উড়ালসড়কের কাজের অগ্রগতি দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেন। টিভিতে এসব প্রায়ই দেখি। গত ২৫ মার্চ সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে হঠাৎ তাঁর সঙ্গে দেখা হয়ে যায়। সেখানে একাত্তরে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য রাষ্ট্রীয় সম্মানে ভূষিত বিদেশি অতিথিদের অভ্যর্থনা অনুষ্ঠান ছিল। রাষ্ট্রদূতকে দেখে আমি এগিয়ে যাই। তাঁর কথাগুলো যে আমার খুব ভালো লাগে, সে কথা তাঁকে জানাই। তিনি হেসে বলেন, ‘বাংলাদেশকে আমি হূদয়ের ভেতর থেকে ভালোবাসি!’তিনি যে সেদিন মোটেও অতিশয়োক্তি করেননি, তা বোঝা যায় আমেরিকান সেন্টারে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর একটি খুব তাৎপর্যপূর্ণ মন্তব্যে। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির এত নেতিবাচক ঘটনার মধ্যেও তিনি কিছু উৎসাহোদ্দীপক দিকের কথা বলেছেন। তিনি বলেন, ‘...বাংলাদেশের ম্যাজিক হচ্ছে, এটি একটি সহনশীল, উদারপন্থী ও বহুমতের দেশ’ (প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩)। ড্যান মজীনা সত্যিই এক অসামান্য উপলব্ধির কথা বলেছেন। তাঁর মন্তব্য বর্তমান জটিল পরিস্থিতির মধ্যেও একটু আশার আলো দেখায়।এখন রাজনীতিতে চলছে চরম উত্তেজনা। একদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের মঞ্চে উঠে তাদের মহাসমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছে। আর অন্যদিকে আওয়ামী লীগ নেপথ্যে থেকে তাদের সঙ্গে একধরনের সমঝোতা করে এই শক্তিকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছে।এর মধ্যে আবার হরিষে বিষাদ! হেফাজতে ইসলামকে বিএনপি এক হাতে সমর্থন দিয়ে আরেক হাতে নিয়ে নিল। তাদের ডাকা সোমবারের হরতালের কর্মসূচিতে বিএনপি সমর্থন না দিয়ে মঙ্গল ও বুধবার আলাদাভাবে নিজেরা হরতাল ডেকে বসল। এরপর বৃহস্পতিবার আবার শিবির হরতাল ডাকল। এভাবে বুঝিয়ে দিল, মাগনা কিছু পাওয়া যাবে না। তাদের কথা শুনে চলতে হবে। বিএনপি অনেক চেষ্টা করেছিল, যেন হেফাজতে ইসলাম অন্তত টানা দুই দিন হরতাল দিয়ে পুরো জমায়েত নিয়ে ঢাকায় অবস্থান করে। তাহলে বিএনপি সর্বাত্মক সমর্থন দিতেও প্রস্তুত ছিল (প্রথম আলো, ৭ এপ্রিল ২০১৩)। কিন্তু হেফাজতে ইসলাম তাদের মাথায় বিএনপির কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ দিতে রাজি হয়নি।বিএনপি হয়তো ভাবছে, তাদের ওষুধ ভবিষ্যতে কাজ দেবে। বিএনপির সমর্থন বঞ্চিত হওয়ার তিতা বড়িটা আবার খেতে হেফাজতে ইসলাম রাজি হবে না। তারা ঘুরেফিরে বিএনপির লাইনেই আসবে। তখন তাদের দলে ভিড়িয়ে আগামী ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে একটা পরিস্থিতি সৃষ্টি করা সহজ হবে।ওদিকে আওয়ামী লীগও হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। তাদের অরাজনৈতিক দাবিগুলো ক্রমান্বয়ে পূরণ করে ঢাকা অবরোধসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহারে সব রকম চেষ্টা করবে বলে সরকারের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে (প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩)।হেফাজতে ইসলামের সমর্থন লাভের জন্য যখন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রতিযোগিতা চলছে, সেই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়ভাবে সামনে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা এতবার ক্ষমতায় ছিলাম, ব্লাসফেমি আইন (ধর্ম অবমাননা) নামে আমরা কোনো আইন করিনি (প্রথম আলো, ৯ এপ্রিল ২০১৩)। তিনি এটাও বলেন, হেফাজতে ইসলামের ১৩টি দাবির সব কটির সঙ্গে আমরা অবশ্যই একমত হব না।অন্যদিকে, বিবিসি ওয়ার্ল্ড নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, প্রচলিত আইনেই আমরা জনগণের ধর্মীয় অধিকার রক্ষা করতে পারি। তাঁদের ধর্মীয় অনুভূতি সমুন্নত রাখতে পারি। তাই ব্লাসফেমি ধরনের আইনের দরকার নেই। তবে তিনি এটাও বলেছেন, ইসলামপন্থীদের সব দাবি খতিয়ে দেখা হবে। কোনো দাবি জনগণের কল্যাণ বয়ে আনবে বলে মনে হলে তা পূরণ করা হবে (প্রথম আলো, ৯ এপ্রিল ২০১৩)।এখানে বিএনপি ও আওয়ামী লীগের চিন্তার এক প্রান্তে ক্ষীণ মিল দেখা যাচ্ছে। প্রধান দুটি দল হেফাজতে ইসলামকে কাছে টানতে ব্যাকুল হলেও ব্লাসফেমি আইন চায় না। এই সামান্য মিল ভবিষ্যতে আরও বিকশিত হয় কি না, সেটাই দেখার বিষয়। আমাদের দেশে ২২ বছরে বিএনপি ও আওয়ামী লীগ পর্যায়ক্রমে ক্ষমতায় এসেছে। প্রতিবারই তারা পরবর্তী মেয়াদে আবার নির্বাচিত হওয়ার জন্য নানা ফন্দি-ফিকিরের চেষ্টা করেছে। কিন্তু কোনো দল একাদিক্রমে দুই মেয়াদে নির্বাচিত হতে পারেনি। এর কারণ হলো, ক্ষমতাসীন দলের ব্যর্থতা, দুর্নীতি, অব্যবস্থাপনা, রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ প্রভৃতি। মানুষ অতিষ্ঠ হয়ে ভোটের মাধ্যমে সরকার বদলায়, নতুন দলকে ক্ষমতায় আনে।দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার রোধ করতে পারলে হয়তো আমাদের দেশেও কোনো দল একাদিক্রমে দুই-তিন মেয়াদে নির্বাচিত হতে পারত। যেমন হয়েছে মালয়েশিয়ায়। সেখানে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন) ১৯৫৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে ৫৫ বছর ধরে প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে সরকার পরিচালনা করে আসছে। এটা সম্ভব হছে তাদের আমলে ব্যাপক উন্নয়নের কারণে। তাদের নেতা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে একটি আধুনিক উন্নত অর্থনীতির দেশে পরিণত করে গেছেন। বাংলাদেশে কোনো সরকারই এ রকম চোখ ধাঁধানো উন্নয়ন দেখাতে পারেনি।অবশ্য সেখানেও এখন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। মে-জুনে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে। কারও কারও বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে (দি ইকোনমিস্ট, ২৩-২৯ মার্চ ২০১৩)। এ কারণে এই প্রথম মাহাথিরের দল ইউনাইটেড মালায়াস ন্যাশনাল অর্গানাইজেশনসের (ইউএমএনও) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিএন-এর আবার নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়েছে।বাংলাদেশে মালয়েশিয়ার মডেল সফল করা খুব কঠিন। কারণ, স্বভাবগতভাবেই বাঙালিরা খুব অধিকারসচেতন। সংসদে বিরোধী দলের মুখ বন্ধ রেখে দেশ চালানো এখানে প্রায় অসম্ভব। কোনো অন্যায়-অবিচার মুখ বুজে সহ্য করা বাঙালির ধাতে সয় না। প্রতিবাদ-বিদ্রোহই হলো বাঙালির ধর্ম। আর যেহেতু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘুষ-দুর্নীতি, অপশাসন, অব্যবস্থাপনা, বেকারত্ব প্রভৃতি রাতারাতি দূর করা সম্ভব নয়, তাই একেকটি সরকার ক্ষমতায় আসার তিন-চার বছরের মধ্যেই অজনপ্রিয় হয়ে পড়ে।অবশ্য এর মধ্যেও কিছু উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলেও অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। শিক্ষা, নারী ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি, কৃষি, জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক রপ্তানি প্রভৃতি ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো। বিশ্বমন্দার মধ্যেও কয়েক বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি মাত্রায় ধরে রাখা একটি ম্যাজিক হিসেবেই বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে।কিন্তু তা সত্ত্বেও সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। এখানে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে। মানুষের হতাশা এখন বিরোধী দলের মূল শক্তি।বিশ্বের অনেক দেশ মালয়েশিয়ার মতো পদ্ধতিতে এগিয়ে গেছে। আফ্রিকার অনেক দেশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রেখে এবং একই দল বারবার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে সেসব মডেল খাটবে না। কারণ, এখানে মানুষ হাতে হাতে ফল চায় অথবা অন্তত অদূর ভবিষ্যতে অভাব-অভিযোগ মোচনের বাস্তব সম্ভাবনা দেখতে চায়। কিন্তু যখন পদ্মা সেতুসহ অনেক বড় বড় প্রকল্প ও কাজে দুর্নীতির অভিযোগ উঠলেও সরকার তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা করে না, তখন ভবিষ্যৎ সম্পর্কে মানুষ হতাশ না হয়ে পারে না।আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দল যদি বাংলাদেশের এই বাস্তবতা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে, তাহলে দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হবে। এ রকম সম্ভাবনার অনেকটাই নির্ভর করে আওয়ামী লীগ ও বিএনপি কী পদক্ষেপ নেয়, তার ওপর।এই মুহূর্তে বিএনপির আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তির ব্যবস্থা করে প্রধানমন্ত্রী একটি ‘সন্ধি-চুক্তি’ বৈঠক আহ্বান করতে পারেন। এটা হবে দুই প্রধান দলের একে অন্যকে মেনে নেওয়ার সন্ধি। মূল কথা হবে, ওরা রাজনীতির মাঠে একে অন্যকে কোণঠাসা করে রাখার চেষ্টা করবে না। সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনই হবে সরকার গঠনের ও ক্ষমতার পরিবর্তনের একমাত্র উপায়। এই নীতি থেকে ওদের কেউ কোনো অবস্থায়ই বিচ্যুত হবে না। যদি এই অসাধ্য সাধন করা যায়, তাহলে সহিংসতার অবসান হলেও হতে পারে।এরপর হয়তো তত্ত্বাবধায়ক সরকার, না নির্বাচনকালীন সরকার, নাকি এমন কোনো সরকার, যার মধ্যে দুই পদ্ধতিরই সমন্বয় ঘটবে—প্রভৃতি জটিল বিষয়ের সমাধান সম্ভব হবে।আব্দুল কাইয়ুম: সাংবাদিক।