
রাজনৈতিক বোঝাপড়া ও কৌশল রংপুরের সিটি করপোরেশনে জয়যুক্ত হয়েছে। স্বৈরাচারের পতনের মাসে আওয়ামী লীগ ও বিএনপির প্রতীকধারীদের শোচনীয় পরাজয় এবং কথিত স্বৈরাচারী এরশাদের বিজয় ঘটেছে। তার মানে, বিজয়ের মাসে আমরা একটি ভিন্ন স্বাদের রাজনৈতিক প্রহসন মঞ্চস্থ হতে দেখলাম।
সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা যদি মানুষের ভোট দেওয়া এবং ঠিকঠাক গণনার পরে বিশ্বাসযোগ্যভাবে প্রকাশ করা বোঝায়, তাহলে নিশ্চয় সুষ্ঠু নির্বাচন হয়েছে। অবশ্য সব কটি কেন্দ্রে যদি সিসিটিভি চালু এবং অনলাইনে তা লাইভ দেখানো যেত, তাহলে নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা আরও বাড়াত।
নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমানকে অভিবাদন জানাই। কারণ, তিনি আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীর তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ছিলেন। বিদায়ী মেয়র এর আগে নাগরিক কমিটির প্রার্থী ছিলেন, ঠেকায় পড়ে তিনি আওয়ামী লীগার, অনেকের মতে গত পাঁচ বছরে কেউ তাঁকে আওয়ামী লীগ অফিসে দেখেনি, তিনি ক্ষমতাসীন দলের মন্দের ভালো প্রার্থী ছিলেন।
অবশ্য বিজয়ী প্রার্থী শুধু এরশাদের সমর্থকদের ভোট পেয়েছেন তা নয়। তাঁর ব্যক্তিগত ইমেজ মূল অনুঘটক হিসেবেও কাজ করেছে। তবে নির্বাচনী ফলাফল প্রকাশের পরপরই, রাত পোহানোর আগেই নবনির্বাচিত মেয়র সাংবাদিকদের কাছে বলেছেন, এই নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে প্রভাব ফেলবে। আমরা তা মনে করি না, এই অর্থে যে আওয়ামী লীগ রংপুরে জয়ী হতে মরিয়া হয়নি। আর সুষ্ঠু ভোট হলেও তার মূল প্রতিদ্বন্দ্বীর জয়ী হওয়ার সম্ভাবনা না থাকার তথ্য তাদের জানা ছিল। ভোটের আগেই জাপা মন্ত্রী রাঙ্গা বলেছিলেন, এটা আওয়ামী লীগের পরাজয় নয়, ব্যক্তি সরফুদ্দীন আহমেদের পরাজয় হিসেবে দেখতে হবে। সুতরাং একটা বোঝাপড়া পরিষ্কার। এ রকম মধুর বচন বিরোধী দল থেকে হতে পারে না।
আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাপার নির্বাচনী আঁতাতের একটা মহড়া হিসেবে দেখাও যায়। নতুন মেয়র রংপুরে মিনি পার্লামেন্ট উপহার দেবেন। এই মনোভাব ব্যক্ত করার জন্য তাঁকে ধন্যবাদ দিই। তিনি যা ইঙ্গিত করেছেন, তা ব্যাখ্যা করলে এই দাঁড়ায় যে ৩৩ ওয়ার্ডে নির্বাচিত ৪৪ কাউন্সিলরের দলীয় পরিচয় তাঁর কাছে বড় নয়। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবেন। আমরা সব সময় এই মনোভাবকে উৎসাহিত করি। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত কেন্দ্রীভূত হওয়ার কথা ছিল না। আমাদের রাজনৈতিক নেতারা দলমত-নির্বিশেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফার চেতনাকে প্রতিনিয়ত নাকচ করে চলছেন। স্থানীয় শাসনেও তাই চলছে।
আসুন, ৫০ বছর পেছনে ফিরি। ১৯৬৬ সালে ‘উন্নয়ন গণতন্ত্রের’ পথিকৃৎ জেনারেল আইয়ুব সর্বময় ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপতির ধাঁচের সরকারব্যবস্থা কায়েম করেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফা জনপ্রিয় হওয়ার অন্যতম মূলমন্ত্র ছিল, সরকারপ্রধানের কাছে ওই সর্বময় ক্ষমতা কুক্ষিগত রাখার নীতি প্রত্যাখ্যান করা হয়েছিল। মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল, সব ক্ষমতা কোনো একজন ব্যক্তিনির্ভর থাকবে না। এই যে স্থানীয় পর্যায়ে একজন মেয়র আর কেন্দ্রে একজন প্রধানমন্ত্রীনির্ভর গণতন্ত্র আমরা অনুশীলন করছি, এই ব্যবস্থাটা পাকিস্তানের ২৪ বছরের বাঙালির মুক্তির লড়াই-বিরোধীই শুধু নয়, এটা তারও আগের রাজনীতির বিরোধী। তাই ওবায়দুল কাদের যখন বলেন, রাজনীতি জিতে গেছে, তখন আমরা তা এই অর্থে মানতে অপারগ হই।
১৯৪০ সালের লাহোর প্রস্তাবে দুটি সার্বভৌম রাষ্ট্রের যে প্রস্তাব উঠেছিল, তাতে প্রথমবারের মতো ‘কনস্টিটুয়েন্ট ইউনিটস অব পাকিস্তানের’ রূপরেখা দেওয়া হয়েছিল। আমরা অনেকেই ‘কনস্টিটুয়েন্ট ইউনিট’ কী তা বুঝতে পারি না। কেন্দ্রীয় ফেডারেল সরকার যতটুকু ক্ষমতা অনুশীলন করতে দেবে, ততটুকু পূর্ব বা পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক সরকার অনুশীলন করবে, সেটা ওই ইউনিট ধারণায় ছিল না। বরং লাহোর প্রস্তাবের ধারণায় ছিল, ইউনিটগুলো অর্থাৎ পরবর্তীকালের পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামের দুটি কনস্টিটুয়েন্ট ইউনিট, যা যা (প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক) ভাগ করে ফেডারেল সরকারকে চালাতে দেবে , সেটাই তারা শুধু করবে। সেই আলোকে ছয় দফায় বলা হলো, ফেডারেল সরকারের কাছে থাকবে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক। উপরন্তু মুদ্রাব্যবস্থাও আমরা নিজেদের কাছে রাখতে চাইলাম। অনেকটা মার্কিন অঙ্গরাজ্যের মতো। আলাদা সংবিধান ও পতাকা চাওয়াটা বাকি ছিল। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় ‘কিছু ক্ষমতা’ কনস্টিটুয়েন্ট ইউনিটগুলোকে দেওয়ার খাস বিলাতি গোঁজামিল পাঞ্জাবিদের মনঃপূত হয়েছিল। সুতরাং নতুন প্রজন্মের জানা দরকার যে ঐতিহাসিকভাবে শুধু যে দুই স্টেটসকে অস্বীকার করে টাইপের ভুলে ‘স্টেট’ ছিল বলে আমাদের ধোঁকা দেওয়া হয়েছিল তা-ই নয়, পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ‘সার্বভৌম’ ধারণার শাসনব্যবস্থা না মেনেও একটা ফাঁকি দিয়েছিল।
ড. কামাল হোসেন তাঁর ‘বাংলাদেশ কোয়েস্ট ফর ফ্রিডম আ জাস্টিস’ বইয়ে লিখেছেন, ‘কেন্দ্র-ইউনিট সম্পর্কের ওই মৌলিক তফাতটা সম্ভবত ২৪ বছর ধরেই সুপরিকল্পিতভাবে অস্পষ্ট রাখা হয়েছে। যখনই যারা পাকিস্তানের জন্য একটি সংবিধান চাপাতে চেয়েছেন, তখন তাদের মাথায় সব সময় প্রদেশসমূহের কাছে কী শর্তে “কোয়ান্টাম অব অটোনমি”(‘কেন্দ্র ঠিক করবে সে কতটা স্বায়ত্তশাসন দেবে’) বা ক্ষমতা ন্যস্ত করা যায়, সেটাই কেবল ঘুরপাক খেয়েছে। তার মানে দাঁড়াল, পাকিস্তানি মানসিকতা ছিল, তারা ক্ষমতা কুক্ষিগত রাখবে, এর কারণ তারা মিলিটারি ও পাঞ্জাবি এলিটদের নিয়ে যে অলিগার্কি বা কতিপয়তন্ত্র কায়েম করেছিল, সেটা তারা ভাঙতে চায়নি। প্রশ্ন হলো, ওই শিকল আমরা ভাঙতে পেরেছি কি না? আমাদের বিবেচনায়, অনেক কিছু বদলেছে, কিন্তু কিছুই বদলায়নি ওই কতিপয়তন্ত্র, সেটা ভিন্নরূপে সদা জাগ্রত রয়েছে। আমরা অন্তত এই শিকলটার পরম্পরা দেখি।
আর সে কারণেই রংপুরের ‘সদ্যসমাপ্ত অনন্য উদাহরণের নির্বাচনটি’ কার্যকর স্থানীয় শাসনের কোনো রোশনাই বাড়াবে না। আগের মতোই তারা গোসলখানা বানানোর প্রকল্প অনুমোদন করাতেও ঢাকার তোপখানা রোডে ফাইল পাঠাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া সত্যি তাৎপর্যপূর্ণ। তিনি রংপুরে প্রায় এক লাখ ভোটে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ে লজ্জিত হতে রাজি নন, তিনি বিএনপির জন্য এটা লজ্জার বলে উল্লেখ করেছেন। আর বিএনপি যথারীতি নির্বাচনে কারচুপি ও পাতানো খেলার অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা বুঝতে পারি, বিএনপির অভিযোগ গ্রহণযোগ্য নয়।
রংপুর নির্বাচনের বৈশিষ্ট্য: প্রথমত, রংপুর ঐতিহ্যগতভাবে জেনারেল এরশাদের জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেটা আরেকবার প্রমাণিত হলো। আমরা দেখলাম, দেশের দুই যুযুধান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কাছে রংপুরে শিশুই রয়ে গেছে। সুতরাং এই নির্বাচন আমাদের বিবেচনায় তাদের উভয়ের জন্য রাজনৈতিকভাবে লজ্জার।
দ্বিতীয়ত, আগামী সাধারণ নির্বাচনে তারা তুলনামূলক খারাপ প্রার্থী বেশি দেবে। রংপুরে বিএনপির প্রার্থী নারী নির্যাতন মামলার সাবেক আসামি, অন্তত অর্ধডজন বিয়ের রেকর্ডটিও তাঁর। আবার আওয়ামী লীগের প্রার্থী একান্ত দলীয় ছিলেন না, এমনকি তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির কিছু অভিযোগ ছিল। এতটা ফোকাসড একটা নির্বাচনে তারা কৌশলকেই বড় করে দেখেছে।
তৃতীয়, এটা মডেল নির্বাচন পেতে গেলে সম্ভাব্য পরাজয় আগেই মেনে নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত রাখতে হবে। সব মনোযোগ শুধু মেয়রের দিকে নিবদ্ধ ছিল। আর মেয়র পদে পরাজয় ক্ষমতাসীন আওয়ামী লীগ মেনে নিয়েছিল। আর এ কারণে কোনো ধরনের রেষারেষি এই নির্বাচনে অনুপস্থিত ছিল। সুতরাং নির্বাচনী মূল কুশীলবেরাই প্রকারান্তরে চেয়েছেন এই নির্বাচন যাতে মডেল হয়। এটা মডেল নির্বাচন কারণ কুশীলবেরা চেয়েছেন। এটা মডেল নির্বাচন, এ কারণে নয় যে কুশীলবেরা চাননি। কিন্তু আমাদের স্বাধীন নির্বাচন কমিশন চেয়েছিলেন।
চতুর্থত, সংখ্যালঘুরা ভোটব্যাংক হিসেবে একেবারেই কাজ করেনি। রংপুরে ৭০ হাজার হিন্দু ভোটার রয়েছেন। ভোটের শতকরা হার ৭৪ ভাগ। সে হিসেবে ৫১ হাজার ৮০০ হিন্দুর ভোট দেওয়ার কথা। সংখ্যালঘুরা সাধারণ গড়ের চেয়ে কখনো বেশি ভোট দেন। নৌকা প্রতীকধারী ভোট পেয়েছেন মাত্র ৬২ হাজার ৪০০।
পঞ্চমত, আওয়ামী লীগ-জাপার মধ্যে একটি বোঝাপড়ার সপক্ষে পরিসংখ্যান সাক্ষ্য দিতে পারে। ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সবচেয়ে বেশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেশি জয়ী হয়েছে। দেখার বিষয়, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেওয়ার কোনো প্রবণতা এখানে দেখায়নি। রংপুরে যেখানে জাপার প্রার্থী এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়, সেই শহরে ৩৩ কাউন্সিলর পদে সর্বাধিক আওয়ামী লীগারদের প্রার্থী হতে দেখা গেছে। ২১১ জন লড়েছেন, এর মধ্যে শুধু আওয়ামী লীগ সমর্থকদের সংখ্যা ১০০ জনের বেশি। আমরা তাই নিশ্চিত হতে পারি না যে রংপুরের সিটি করপোরেশন এলাকায় দলীয় শক্তি কার কতটা?
ষষ্ঠত, বিগত নির্বাচনের তুলনায় সবার ভোট বেড়েছে, শুধু আওয়ামী লীগের কমেছে। ২০০৯ সালে সরকার গঠনের পরে এত বিপুল ভোটের ব্যবধানে কোনো নৌকা প্রতীকধারীকে পরাজিত হতে দেখা যায়নি। আবার সেই পরাজয় নিয়ে ক্ষমতাসীন দলকে গর্বিত হতেও দেখা যাচ্ছে। এটা একটা নতুন রাজনৈতিক বাস্তবতা বটে।
সপ্তমত, এই নির্বাচনে সম্ভবত এই প্রথম একজন তৃতীয় লিঙ্গের কেউ প্রার্থী হয়েছেন। তিনি যে প্রার্থী হয়েছেন, প্রচারণা চালাতে পেরেছেন, সে জন্য রংপুর শহরবাসীর ধন্যবাদ প্রাপ্য।
অষ্টমত, এই নির্বাচনে একটি ইসলামপন্থী দলের প্রার্থী আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় লক্ষণীয়ভাবে ভালো করেছেন। চরমোনাই-ভিত্তিক একটি ইসলামি সিলসিলা বরিশাল অঞ্চলে বেশ শক্তিশালী অবস্থানে আছে। কিন্তু তাদের একজন প্রার্থী যে রংপুরে ২০ হাজার ৬ ভোট পেতে পারেন, সেটি সত্যি অভাবনীয়। এই ‘অগ্রগতিতে’ পায়ের আওয়াজ কেউ পাবেন কি না কেউ জানি না, তবে রংপুরের আগেকার ইতিহাসে এমনটা ঘটেনি।
নির্বাচনের কয়েক সপ্তাহ আগে আমি মন্ত্রী রাঙ্গা এবং নতুন মেয়রের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। তাঁরা উভয়ে কিছু সংবেদনশীল কেন্দ্রে গোলযোগ আশঙ্কা করেছিলেন। সে কারণে তাঁরা নিজেদের খরচে সিসিটিভি বসানোর প্রস্তাবও দিয়েছিল। তাঁরা বলেছিলেন, সেনা মোতায়েন করা হলে তাদের আপত্তি নেই। কিন্তু বাস্তবে এর কিছুই লাগেনি, একটি শান্তিপূর্ণ ভালো ভোট হয়েছে। সহিংসতা ছাড়াও যে আমরা ভোট করতে পারি, তার একটি ভালো নজির তৈরি হয়েছে। এখন চ্যালেঞ্জ হলো, ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় শুধু সিল মারা পর্বটি বাদ দিয়ে আর সবটাই লাইভ সম্প্রচার করা যায় কি না, সেটা ভাবতে হবে। আর তাহলে বিএনপির বা ভবিষ্যতের যেকোনো সম্ভাবনাময় বিরোধীদলীয় অভিযোগ আর নাকচ করতে হবে না। ‘ভোট চুরি’ বা ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ কোনো তল পাবে না।