আওয়ামী লীগ কার দিকে তাকিয়ে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ। তারা আজকে হতাশ। তারা ভারতের ওপর হতাশ। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনে কে জেতেন, তিনি তাদের ক্ষমতায় বসিয়ে দেবেন। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। তবে শেখ হাসিনার শক্তির উৎস এ দেশের জনগণ।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্য বিশ্লেষণ করলে আমরা কী দেখতে পাই? প্রথমত, বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না। বিরোধী দলের ভূমিকা কী? সরকারের ভুলত্রুটিগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সরকারের গৃহীত কোনো নীতি বা কর্মসূচিকে জনগণের স্বার্থবিরোধী মনে করলে তার বিরোধিতা করা এবং বিকল্প প্রস্তাব দেশবাসীর সামনে তুলে ধরা।
কিন্তু এই ভূমিকা কি বিএনপিকে পালন করতে দেওয়া হচ্ছে? সরকারের ভুলত্রুটিগুলো তুলে ধরার সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান হলো জাতীয় সংসদ। বিএনপি বর্তমানে সংসদে নেই। সে ক্ষেত্রে সভা-সমাবেশের মাধ্যমেই তাদের বক্তব্য তুলে ধরার কথা। কিন্তু বিএনপি তো চাইলেই সভা-সমাবেশ করতে পারছে না। কালেভদ্রে সরকার সমাবেশের অনুমতি দিলেও নানা শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য কোনো শর্ত নেই। তারা ঘণ্টার পর ঘণ্টা সড়ক বন্ধ করে সমাবেশ-মিছিল করলেও বাধা দেওয়ার কেউ নেই। আওয়ামী লীগের নেতা নিশ্চয়ই স্বীকার করবেন, একটি রাজনৈতিক দল কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারলে দেশ ও জনগণ যে ক্ষতির মুখোমুখি হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতি পোহাতে হয় সরকার যদি কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারে।
দ্বিতীয়ত, ওবায়দুল কাদেরের মতে, বিএনপি ভারতের ওপর হতাশ এবং আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমেরিকার নির্বাচনের সঙ্গে বিএনপির আশা-হতাশার কী সম্পর্ক থাকতে পারে? আমেরিকায় নির্বাচন হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তাঁদের কেউ বিএনপি বা আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে তাঁদের অবস্থান ঘোষণা করেননি। ইতিমধ্যে এই দুই প্রার্থী দুই দফা মুখোমুখি বিতর্কেও অংশ নিয়েছেন, যাতে সিরিয়ায় আইএসএর উত্থান থেকে শুরু করে নারী কেলেঙ্কারি ইত্যাকার বিষয়ে কথা হয়েছে। কিন্তু কারও মুখে তো এ কথা শুনলাম না যে, ‘আমি জিতলে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনব বা বিএনপির ক্ষমতায় আসা ঠেকাব।’
বাংলাদেশের রাজনীতি কি এতই দেউলিয়া হয়ে গেছে যে অন্য কোনো দেশের নির্বাচনের ফলাফলের ওপর আমাদের রাজনীতির গতিপ্রকৃতি নির্ভর করবে। আমরা যদি ধরেও নিই যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন জয়ী হচ্ছেন (যা অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের চাওয়া), তাহলে কি তিনি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বিএনপিকে বসাবেন? অথবা ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিএনপির জন্য ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে যাবে? বাংলাদেশের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে, সেটি বাংলাদেশের মানুষই ঠিক করবে, অন্য কেউ নয়।
ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। ভারতের বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস হেরেছে এবং ক্ষমতায় এসেছে তার প্রতিপক্ষ বিজেপি। তাই বলে কি বিজেপির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে? মোটেই না। দ্বিপক্ষীয় সম্পর্ক কখনো দলীয় রাজনীতির নিরিখে হয় না, সেটি নির্ধারিত হয় ওই দেশের জাতীয় স্বার্থের হিসাব-নিকাশে।
ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য দেশের জনগণের দিকে না তাকিয়ে মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে থাকে, তাহলে স্বভাবতই প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ কার দিকে তাকিয়ে আছে? তারা কি জনগণের দিকে তাকিয়ে আছে? সে রকম কোনো লক্ষণ আমরা বিগত নির্বাচনগুলোতে দেখিনি। বিগত ইউপি ও পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলা যায়, নব্বই দশকে বিএনপির সৃষ্ট ‘মাগুরা’ এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট বলতে যা বোঝায়, তার কোনো চিহ্নই এই নির্বাচনগুলোতে আমরা দেখতে পাইনি। আওয়ামী লীগের মনোনীত কিংবা বিদ্রোহী প্রার্থীরা ভোটারদের ওপর ভরসা না করে মাস্তানির ওপরই ভরসা করেছেন এবং যে যেখানে পেরেছেন গায়ের জোরে জিতেছেন। এর ফলে ইউপি নির্বাচনী হাঙ্গামায় নিহত প্রায় দেড় শ মানুষের মধ্যে ৭১ জনই ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মী। সর্বশেষ ইউপি নির্বাচনটি এতই বিশৃঙ্খল ও জবরদস্তিমূলক ছিল যে, খোদ ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন বিব্রত বোধ করেছে।
২০১৪ সালের আগে অনুষ্ঠিত যেকোনো স্থানীয় নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ নেতারা জোর গলায় বলতেন, তাঁদের আমলে প্রতিটি স্থানীয় সরকার সংস্থার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এখন আওয়ামী লীগের কোনো পর্যায় থেকেই সেসব কথা শোনা যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হলে মানুষের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে ক্ষীণতর একটি আশা জাগতে পারত। বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচনী সংকট উত্তরণের উপায় বের করতে পারেনি বলেই এখনো তাদের মাশুল দিতে হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্ব ব্যর্থ হলে কী হবে, সেই প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছেই রাখছি। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ওয়াকওভার পেয়েছিল, একাদশ সংসদে তা পাবে বলে মনে হয় না। আকাশ-পাতাল কিছু ওলট-পালট না হয়ে গেলে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেই সবার ধারণা। কিন্তু সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী ভোটের জন্য সমতল মাঠ পাবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। নতুন নির্বাচন কমিশন গঠন হবে তার প্রথম বাছাই পরীক্ষা।
ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভানেত্রী বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে দিয়েছেন, যাতে তাঁরা দলীয় শৃঙ্খলা মেনে কাজ করেন। তবে এই ক্ষমা সাময়িক। ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কিছু করলে আর ক্ষমা করা হবে না। কিন্তু যাদের মাস্তানি-সন্ত্রাসের কারণে জনগণ ভোট দিতে পারল না, সেই জনগণ কখনোই তাদের ক্ষমা করবে না। দল তার মতো সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃত নেতা-কর্মীদের আবার দলে ফিরিয়ে নিয়েছে। আমরা দেখলাম, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী সরকার নির্বাচনী সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না।
আওয়ামী লীগের নেতা ওই সমাবেশে আরও বলেছেন, তাঁদের প্রকাশ্য কোনো শত্রু নেই। গোপন শত্রুরা যাতে আঘাত হানতে না পারে, সে জন্য দলীয় কর্মীদের সজাগ থাকতে বলেছেন। কিন্তু তাঁরা নিজেরা একবার ভেবে দেখেছেন কি, খাদিজারা কাদের আঘাতে রক্তাক্ত হন? কুষ্টিয়ায় মায়ের পেটের শিশু কাদের হাতে গুলিবিদ্ধ হয়? গত সাত বছরে শিক্ষাঙ্গনে অন্তর্দলীয় কোন্দলে কীভাবে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী নিহত হলেন?
তাই, বিএনপি আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে হতাশা কাটাতে চেষ্টা করছে কি করছে না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আওয়ামী লীগ জনগণের ভোটের জন্য জনগণের দিকে তাকাচ্ছে কি না?