
এক বিয়ের দাওয়াতে দুই নেতার দেখা হলো। একজন আওয়ামী লীগের, আরেকজন বিএনপির। বাংলাদেশের বিয়েশাদির দাওয়াতগুলোর রাজনৈতিক উপযোগিতা দারুণ। বাইরে যতই শত্রুতা থাক, দাওয়াতে দুই পক্ষের লোকজনই হাসিমুখে কথা বলেন। কখনো-সখনো মনটাও একটু খোলেন। গল্পটা এ রকম: এক বিয়ের দাওয়াতে পাশাপাশি খেতে বসেছেন দুই দলের নেতা।
বিএনপির নেতা জানতে চাইলেন: আপনার দলের ভেতরের কী অবস্থা?
আওয়ামী লীগের নেতা একটা দীর্ঘশ্বাস ফেললেন: কী বলব, পরিস্থিতি গুরুতর, কিন্তু নিরাশ হওয়ার মতো না।
: আমাদের কথা তো জানেনই, কোনো আশা নেই, কিন্তু পরিস্থিতিটাকে গুরুতর করা যাচ্ছে না! বিএনপি নেতার শ্বাস আরও দীর্ঘ হয়ে পড়ল!
আওয়ামী লীগে ঘরের ভেতর গুরুতর অন্তঃকোন্দল। নারায়ণগঞ্জে তো স্বয়ং প্রধানমন্ত্রীকে দলীয় কোন্দল মেটাতে হাত লাগাতে দেখা গেল। প্রায়ই এখানে-ওখানে নেতারা নিহত হচ্ছেন। জনগণের প্রতিও নেতাদের আস্থা আছে বলে মনে হয় না। আস্থা থাকলে তো বিনা যুদ্ধেই নির্বাচনটা দিয়ে দিতেন। বাংলাদেশের কোনো ক্ষমতাসীন দল জনগণের প্রতি আস্থা না পেলে ভোটাধিকার উপভোগের সুযোগ জনগণকে দেয় না। ওদিকে সরকারের গায়ে ‘অনির্বাচিত’ বা ‘বিতর্কিতভাবে নির্বাচিত’ হওয়ার কলঙ্ক লেগে আছে। পরিস্থিতি এ রকম গুরুতর হলেও আশাহীন নয়। কারণ, ক্ষমতা হাতে আছে। কিছু একটা বুদ্ধি বের করা যাবেই।
বিএনপি সরকারি ক্ষমতার চাপে এবং কূটকৌশলে মোটামুটি পর্যুদস্ত। নেতৃত্ব জনগণ দূরে থাক, কর্মীদেরই উজ্জীবিত ও সাহসী করতে পারছে না। শীর্ষ নেতৃত্ব মামলার রায়ের খাঁড়া থেকে বেশি দূরে নন। জনসমর্থনের দাবিদার হলেও, তাকে দৃশ্যমান আন্দোলনে পরিণত করতে পারছে না। বলা চলে, হাতে কোনো কার্ডই নেই দলটির। অবস্থাটা নিরাশাজনক। জনগণ বা সরকার কারও কাছ থেকেই গুরুত্ব আদায় করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় অন্ধকার ও ভারী যে হাত দরজায় ধাক্কা মারছে, তা কী?
: তা ভবিষ্যৎ।
ভবিষ্যতের কথা ক্ষমতার সিংহ-হাতলে হাত রাখা আওয়ামী লীগকেও ভাবতে হয়। ক্ষমতা ধরে রাখার আয়োজন এবং অর্থকড়ির কারবারে বেশি ডুবে থাকতে গিয়ে দলটির মধ্যে জনবিচ্ছিন্নতা ঢুকে গেছে। তৃণমূল ধরে টান দিতে পারার মতো অবস্থায় আওয়ামী লীগের সংগঠন আর নেই। তা ছাড়া অন্তঃকোন্দল মেটাতেও দলের সর্বস্তরে নির্বাচনী উদ্দীপনা লাগবে। এ সরকারের সবচেয়ে বেশি দরকার গণতান্ত্রিক ম্যান্ডেটের ঘাটতি পূরণ। যত দিন বিএনপি জাতীয় নির্বাচনের বাইরে থাকবে, তত দিন দেশ-বিদেশে সেই নির্বাচনে ম্যান্ডেটের পূর্ণতা পাবে না। এ ধরনের ‘ঘাটতিওয়ালা’ নির্বাচনের জয় অনেক সময় পরাজয়েরও অধিক। এ কারণেই বিএনপিকে তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতেই হবে। গণতন্ত্রের গর্ভে জন্ম যে দলটির, সেই দল যদি গা থেকে ৫ জানুয়ারির ভোটার ও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের দাগ মুছতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদের অসুবিধা হবেই।
ওদিকে আরেক দফা সংসদের বাইরে থেকে গেলে দল হিসেবেই বিএনপি অস্তিত্বের হুমকির মধ্যে পড়বে। পরপর দুবার জাতীয় নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কমিশনের রাজনৈতিক নিবন্ধন বাতিল হতে পারে। তার চেয়েও বড় কথা হলো, হয় আন্দোলন নয়তো নির্বাচন; কোনো একটাতে থাকতে হবে বিএনপিকে। সংসদ, স্থানীয় সরকার ইত্যাদি বর্জন করে চলা গণভিত্তিক দলের জন্য আত্মঘাতী হওয়ার কথা। বাংলাদেশের জনসমাজের নির্বাচনী ঐতিহ্য খুবই প্রাচীন। সেই রাজা গোপালের আমলের সময় থেকেই এখানে কোনো না কোনো ধরনের নির্বাচন চলেছে। নির্বাচনী ডামাডোল রাজনৈতিক সমাজকে জাগিয়ে তোলে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন এখানে বন্যার পলির মতো। তা যেমন রাজনীতির মাটিকে উর্বর করে দিয়ে যায়, তেমনি থাকে মাছ শিকারের মতো পদ, প্রার্থিতা ও প্রচারের আলো কাড়ার সুযোগ। সাধারণত নির্বাচনকালীন পরিবেশে সরকারও বিরোধীদের ওপর জুলুম কমাতে বাধ্য হয়। বিরোধী প্রার্থীদের জন্য কথা বলার, জনসভা করার ও মানুষের কাছে যাওয়ার সুযোগ কিছুটা খুলতে হয় সরকারকে। নইলে নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারায়। এ ধরনের সুযোগ বিএনপিরও খুব প্রয়োজন।
সুতরাং, একটা মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন দুই পক্ষেরই দরকার। আর তা ভবিষ্যতের অস্তিত্বের স্বার্থে।
এই একটি কার্ড দিয়েই বিএনপি সরকারের কাছে নিজের গুরুত্ব অনেক বাড়িয়ে ফেলতে পারে। কারণ, পরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আওয়ামী লীগেরও খুবই দরকার।
রাজনীতিতে কখন সন্ধি হয়?
যখন উভয় পক্ষেরই উভয়কে কিছু দেওয়ার থাকে এবং যখন কোনো পক্ষই অপর পক্ষকে সম্পূর্ণ পরাজিত করতে অক্ষম। বিএনপি পর্যুদস্ত ও কাহিল হলেও জনসমর্থনহীন নয়। এ কারণেই দলটির নাম-নিশানা একেবারেই মুছে ফেলার চিন্তা মনে পুষে লাভ নেই। বর্তমানের ছত্রভঙ্গ বিএনপির চেয়ে বরং সংসদে ‘ডিসিপ্লিনড’ বিরোধী দল হিসেবে বিএনপিকে পাওয়া সরকারের জন্যই ভালো। নইলে ক্ষমতার বাজারে বিএনপির শূন্যতা পূরণ করবে অন্য কোনো শক্তি, যাকে মোকাবিলা করা ক্ষমতাসীনদের জন্য হয়তো আরও কঠিনই হবে। রাজনীতিবিজ্ঞানের প্রাথমিক ছাত্রও জানে, ক্ষমতার কুরসি ফাঁকা থাকে না। বিএনপির মধ্যে যে জাতীয়তাবাদীরা জড়ো হয়েছে, বর্তমান নেতৃত্ব তাদের পথ দেখাতে না পারলে, তারা অন্য কোনোভাবে, অন্য কোনো নামে রাজনৈতিক ক্ষমতা আকারে সংগঠিত হবেই। আওয়ামী লীগ এমন দল, যারা সরাসরি দলীয় মঞ্চ ছাড়াও আরও বহুভাবে, বহু প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক অ্যাজেন্ডা এগিয়ে নিতে পারে। কিন্তু বিএনপি যে ধারার রাজনীতি করে, এই দল ছাড়া আর কোনো মঞ্চ বা প্ল্যাটফর্ম তাদের হাতে নেই। সুতরাং, দল হিসেবে বিএনপির কার্যকারিতা না থাকলে তারা নতুন কোনো মঞ্চ বা প্ল্যাটফর্ম গড়ে তুলবেই। গায়ের জোরে সরকার সেটা বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবে না।
নির্বাচন দরকার এই বলপ্রয়োগের রাজনীতি থেকে বের হওয়ার জন্য। আদিম সমাজেও সমস্যা, বাধা ও বিতর্ক সমাধানের পয়লা দাওয়াই বলপ্রয়োগ ছিল না। ওটা শিকারি প্রাণীদের তরিকা। ক্রসফায়ার-বন্দুকযুদ্ধ-অপহরণ-গুম আর মামলা-হামলা দিয়ে বিরোধীদের দমন; কিংবা সরকারকে অকেজো করে দেওয়ার যে সর্বনাশা চক্রে আমরা ঢুকেছি, তা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ভিতকে খুবই নড়বড়ে করে দিতে পারে। নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক প্রক্রিয়াকে সচল করা তাই রাষ্ট্রের স্বার্থেই দরকার। সন্ধি তাই হতেই হবে।
কিন্তু দর-কষাকষির টেবিলে বসে কে কতটা ছাড় দেবে না দেবে, তা যার যার শক্তি ও কৌশলের ব্যাপার। সে বিষয়ে যা করার রাজনীতিবিদেরাই করুন। আমরা শুধু এটুকু বলছি: বাঁচো ও বাঁচতে দাও। রাজনীতি শেষ পর্যন্ত একটা খেলাই এবং খেলাটা চলতে থাকুক। বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশের সমাজের দুটি রাজনৈতিক ধারা। বিভিন্ন নির্ভরযোগ্য জরিপে দেখা গিয়েছিল, জনসমর্থন এদিকে-ওদিকে কমবেশি ৩৩ থেকে ৩৫ ভাগ। যে দল ভোটে জেতে, তারা ভাসমান ৩০ ভাগ ভোটারের মাত্র ৫ শতাংশকে প্রভাবিত করলেই জয়ী হয়। এই দুই অংশ মিলেই বাংলাদেশ। বাংলাদেশ এই দুই পায়ে ভর দিয়েই এতকাল চলেছে। নতুন গণতান্ত্রিক শক্তি যত দিন না হাজির হচ্ছে, তত দিন দোনো পায়ের কোনো একটি হারানো মানে পঙ্গু হয়ে পড়া। সেটা কোনো দেশপ্রেমিকের চাওয়া হতে পারে না।
এখন একজনের মাথার ওপর সূর্য বলে আরেকজন ছায়া হয়ে আছে। অতীতে সূর্য যখন আরেকজনের আকাশে, তখন এখনকার জনও ছায়া হয়েই ছিল। ছায়ার মতো এরা পরস্পরকে কখনোই ছাড়তে পারবে না। একজনকে টিকতে হলে আরেকজনকে প্রতিপক্ষ দেখাতে লাগবেই। জামায়াত-জঙ্গিবাদ ইত্যাকার ফ্যাসাদ এড়িয়ে এই দুই বাংলাদেশের মৌলিক প্রশ্নে এক জায়গায় আসা উচিত। আর সেটা হলো, ক্ষমতার লড়াই চলবে কিন্তু উভয় পক্ষই মানবাধিকার ও আইনের শাসনের বাইরে পা ফেলবে না। রাজনীতিতে প্রতিযোগিতা চলবে কিন্তু বলপ্রয়োগ দিয়ে প্রতিপক্ষকে বিনাশ করা আর নয়। মনে রাখতে হবে, মাইনাস ওয়ান মানে মাইনাস টুয়ের ৫০ শতাংশ সফলতা। ঘটনাটা ওই রকমই: ঘোড়ার অর্ধেকটা বাঘে খেল বলে বাকি অর্ধেকটাও মরে গেল! একজনের অনুপস্থিতি আরেকজনকে কোনো সুবিধা দেবে বলে মনে হয় না। বরং তখন রাজনীতির ব্যাকরণ অভূতপূর্বভাবে বদলে যাবে।
ক্ষমতার দাবিদার পক্ষরা নিজেদের যতই দুর্বল বা যতই সবল ভাবুন না কেন, কেউই সম্পূর্ণ সুবিধাজনক অবস্থানে নেই। সমঝোতার জন্য এর থেকে ভালো পরিস্থিতি আর হয় না।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]