আওয়ামী লীগ চাইলে নির্বাচন সুষ্ঠু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠ বাড়ছে। আগে উদ্বেগ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল আসবে কি না। এরপর অনেকের মনে প্রশ্ন ছিল, নির্বাচনটি হবে কি না। এখন তাঁদের মনে একটি মাত্র প্রশ্ন, ভোট দিতে যেতে পারবেন কি না।

আমরা জানি, নির্বাচন সব সময় গণতন্ত্র দিতে পারে না। কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা ভাবাই যায় না। আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশ পেয়েছি। বিএনপি মনে করে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে গণতন্ত্র ধ্বংস হওয়া। আর আওয়ামী লীগের দাবি, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে।

দুই পক্ষের কথা থেকে এটাই বেরিয়ে আসে যে বাংলাদেশের মানুষ ‘গণতন্ত্র হত্যা’ আর ‘গণতন্ত্র ধ্বংসের’ মধ্যেই বসবাস করে আসছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, মূল্যবোধ ও আদর্শ—সবকিছু আমরা ধ্বংস করে চলেছি। এ থেকে উত্তরণের উপায় কী?

১৯৭৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের ১০টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত চারটি নির্বাচন [১৯৯১,১৯৯৬ (১২ জুন), ২০০১ ও ২০০৮] ছাড়া সব নির্বাচন নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। এসব নির্বাচনের বৈশিষ্ট্যও আলাদা। কোনোটি প্রায় সব বিরোধী দল বর্জন করেছে [১৯৮৮,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ], আবার কোনোটি একটি প্রধান দল বর্জন করেছে (১৯৮৬ সালের ৭ মে)।

২০১৪ সালের একতরফা নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য হলো, বিএনপি বর্জন করায় (নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে মাত্র ১২টি অংশ নেয়) নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েছে।

এখন তারা কী বলবে? ২০১৪ সালের চেয়ে অনেক কঠিন অবস্থা মোকাবিলা করেও বিএনপি ও তার জোট এবার নির্বাচন করছে, তা–ও দলীয় প্রধান খালেদা জিয়াকে কারাগারে রেখে। কিন্তু অংশগ্রহণমূলক এই নির্বাচন বিশ্বাসযোগ্য ও অবাধ হবে কি না, তা নির্ভর করছে আওয়ামী লীগের ওপরই। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে, এ কথা এখন আর কেউ বিশ্বাস করে না। সিইসি তো শুরু থেকে বলে আসছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তিনি চোখ ও কান বন্ধ করে রেখেছেন। এ কারণেই মানুষ মনে করে, আওয়ামী লীগ চাইলে নির্বাচন সুষ্ঠু হবে, না চাইলে সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশন, পুলিশ কিংবা জনপ্রশাসন কিছু না। আসল চাবিকাঠি ‘নির্বাচনকালীন সরকারের’ কাছে।

তফসিল ঘোষণার আগে ক্ষমতাসীন দলের নেতারা বলেছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকলেও তারা রুটিন কাজ করবে। নির্বাচন কমিশনের হাতে অগাধ ক্ষমতা। তারাই সবকিছু করবে। এরপর আমরা দেখলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে করে তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেন যে আইন সবার জন্য সমান গতিতে চলবে। কারও প্রতি বৈষম্য করা হবে না। রাজনৈতিক কারণে কারও প্রতি হয়রানি করা হবে না। বিরোধী দলের নেতারাও বললেন, তাঁরা সরকারের কথায় ভরসা রাখতে চান। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান। এরপর সব দলের প্রার্থীরা বিপুল উৎসাহ–উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। চারদিকে নির্বাচনী ডঙ্কা বেজে উঠল। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার দিন থেকে পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। অসমতল মাঠ আরও অসমতল হতে থাকে। নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কী ভাবছে তা জানতে আমরা নারায়ণগঞ্জ গিয়েছি, নরসিংদী গিয়েছি; ফেনী, কুমিল্লা ও টাঙ্গাইলের বিভিন্ন আসন ঘুরেছি, কথা বলেছি। প্রতিদিনই ঢাকার পরিবর্তিত দৃশ্যপট দেখছি।

প্রতিটি এলাকার চিত্র মোটামুটি অভিন্ন। সরকারি দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীদের পোস্টারে, ফেস্টুনে এলাকা সয়লাব। কিন্তু বিরোধী দল বা বিএনপির প্রার্থীর পোস্টার–ফেস্টুন নেই, কোনো কোনো এলাকায় থাকলেও খুব কম। নির্বাচনী অফিস নেই বললেই চলে। বিএনপি গত ১২ বছর ক্ষমতার বাইরে থাকলেও তাদের আর্থিক অবস্থা এতটা খারাপ নয় যে সাদাকালো পোস্টার ছাপিয়ে লাগাতে পারবে না। আওয়ামী লীগের নেতারা তো বলেছেন, ‘বিএনপির কাছ থেকে টাকা নেবেন আর নৌকায় ভোট দেবেন।’ যেই বিএনপির প্রার্থীদের কাছ থেকে ভোটাররা টাকা নেবেন, এখন তাঁদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে খোঁজখবর নিয়ে জেনেছি, বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা ভোটারদের টাকা দেবেন কী, তার আগে পুলিশকেই মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে আত্মরক্ষার জন্য।

বিএনপির নেতা-কর্মীরা বলেছেন, আওয়ামী লীগ আমাদের ওপর হামলা করলে মোকাবিলা করতে পারতাম। কিন্তু আক্রমণটা তো আসছে পুলিশের কাছ থেকে। রাস্তায় বের হলেই মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তাদের কীভাবে মোকাবিলা করব?

দলীয় সরকারের অধীনে একটি ভালো নির্বাচনের রেকর্ড বাংলাদেশে নেই। তারপরও সাধারণ মানুষ মনে করেছিল নির্বাচনে সবার জন্য সমান সুযোগ না থাকলেও মোটামুটি একটি সহনীয় পরিবেশ থাকবে, যাতে করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে যেতে পারে, ভোট চাইতে পারে। কিন্তু তফসিল ঘোষণার পর গত দুই সপ্তাহে সারা দেশে যা ঘটেছে, তা নজিরবিহীন। অতীতে কোনো নির্বাচনে এমনটি হয়নি। ২০১৩-১৪ সালে দেশব্যাপী আগুন–সন্ত্রাসের সময়ও বিএনপির নেতা–কর্মীরা এত বেশি সংখ্যায় হয়রানির শিকার হননি। সেই নির্বাচনে বিএনপির না আসা ভুল ছিল বলে আওয়ামী লীগ প্রচার করে থাকে। আমরাও বহুবার বিএনপির ভুল সিদ্ধান্ত নিয়ে লিখেছি। কিন্তু এখন আওয়ামী লীগই বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে।

সামরিক শাসক ইয়াহিয়া খানের এলএফওর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স) অধীনে ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল। মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিসহ কয়েক কট্টর বাম দল সেই নির্বাচন বর্জন করেছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই এলএফও মেনে নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচনের আগে সামরিক শাসক যতই ভয় দেখাক না কেন নির্বাচনটি হয়ে গেলে ওই এলএফওর কোনো গুরুত্ব থাকবে না। পরবর্তী ঘটনাপ্রবাহ সেদিকেই প্রবাহিত হয়েছে। জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে (পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে দুটি ছাড়া সবই পেয়েছিল আওয়ামী লীগ)।

এরপর পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে দমন–পীড়ন চালায় এবং বিশ্ববাসী বিস্ময়ভরা চোখে দেখল একটি ভোট কীভাবে একটি ভূখণ্ডের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যায়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে আবির্ভূত হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি স্বাধীন রাষ্ট্র ভেঙে আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠার সেটাই প্রথম উদাহরণ। অর্থাৎ একটি ভোটই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করলাম। ৩০ লাখ মানুষ জীবন দিলেন। কিন্তু স্বাধীনতার ৪৭ বছরেও আমরা নির্বাচনী বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারলাম না।

এবারের নির্বাচনে এ রকম পরিস্থিতি কেন তৈরি হলো? আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী ব্যক্তিগত আলাপে স্বীকার করেছেন, পুলিশ প্রশাসনের লোকজন বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এর কোনো প্রয়োজন ছিল না। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ভয় থেকেই আওয়ামী লীগ এসব করছে। কেন তাদের ভয় পেতে হবে? ব্যবসায়ীরা প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। সাবেক সরকারি কর্মকর্তারা সংহতি জানিয়েছেন। সাবেক সামরিক কর্মকর্তারা পাশে দাঁড়িয়েছেন। পুলিশের সাবেক কর্মকর্তারা নৌকার প্রতি সমর্থন দিয়েছেন। দেশের বিশিষ্ট শিল্পী-খেলোয়াড়েরা আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছেন। তাঁদের পক্ষে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীরা প্রচার চালাচ্ছেন।

এত কিছুর পরও কেন ভয়? সেই প্রশ্নের উত্তর কেবল দিতে পারবেন আওয়ামী লীগের নেতা–কর্মীরাই।

সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
[email protected]