আওয়ামী লীগ-বিএনপি: কবে হবে বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। আমরা তাতে কিছুটা আশ্বস্ত হতে চেয়েছিলাম। কিন্তু এর দুই দিনের মাথায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের বিক্ষোভ সমাবেশ রহস্যজনক ককটেল বিস্ফোরণের পর পণ্ড হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। আক্রান্ত হলে এটুকু করার অধিকার পুলিশের রয়েছে। কিন্তু এরপর পুলিশ যা করেছে, তা নজিরবিহীন। বিএনপির অফিসে হামলা করে হাইকোর্টের জামিনে থাকা নেতাদেরসহ বিএনপির উপস্থিত সব নেতা-কর্মীকে পুলিশ গণহারে গ্রেপ্তার করেছে এবং বিএনপি অফিসের বিভিন্ন দরজা ভেঙে ভেতরের কক্ষ তছনছ করেছে।গত আমলে বিএনপির পুলিশ আওয়ামী লীগ অফিসে ঢুকে কাঁদানে গ্যাসের শেল মেরেছিল। এ ঘটনার নিন্দায় সারা দেশের বিভিন্ন মহল সোচ্চার হয়েছিল। কিন্তু এবারের ঘটনা তাকেও ছাড়িয়ে গেছে। গণতান্ত্রিক আমল দূরের কথা, কোনো সামরিক আমলেও এভাবে প্রধান বিরোধী দলের অফিসে চড়াও হওয়া, জামিনে থাকা নেতাদের গণগ্রেপ্তার ও হাতুড়ি দিয়ে কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই তাণ্ডবের পর পুলিশ যথারীতি মামলা করেছে বিএনপির আক্রান্ত নেতা-কর্মীদের বিরুদ্ধেই!পুলিশের এই আগ্রাসী ভূমিকার কারণ কী? বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সমাবেশ করছে বলে? যুদ্ধাপরাধীদের বিচার এতে বিঘ্নিত হতে পারে বলে? আমার মনে হয় না, এত মহৎ বা আদর্শিকভাবে বিষয়টি দেখার কোনো কারণ আছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবলীলা শুরু হওয়ার বহু আগেও সরকার বিএনপির বিরুদ্ধে বিভিন্ন নিপীড়ন চালিয়েছিল। বিএনপির নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম গুম হওয়ার ঘটনা, খেলো অভিযোগে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গণহারে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলে আটক রাখা, বিরোধীদলীয় চিফ হুইপকে নির্মমভাবে রাস্তায় ফেলে পেটানোর মতো বহু ঘটনা ঘটেছিল এমন একসময়ে, যখন যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু নিয়ে কোনো অনিশ্চয়তা দেশে ছিল না। আবার সিপিবির সভা, তেল-গ্যাস রক্ষা আন্দোলন বা শিক্ষকদের শহীদ মিনারে অনশন কর্মসূচির সঙ্গে জামায়াতকে কোনোভাবে রক্ষা করার কোনো দূরতম সম্পর্কও ছিল না। কিন্তু তখনো আমরা পুলিশকে নির্বিচার আক্রমণ করতে দেখেছি তাদের ওপর। কাজেই প্রকৃতভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও ভিন্নমতের প্রতি চরম অসহনশীল, এ জন্য তারা দেশের জনগণের অর্থে পরিচালিত পুলিশকে নিপীড়কের ভূমিকায় নামিয়েছে এবং এরই ধারাবাহিকতায় ১২ মার্চ বিএনপির অফিসে হানা দেওয়ার ঘটনা ঘটেছে, এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।সরকারের আসল এজেন্ডা কি তাহলে দেশে একদলীয় আধিপত্য কায়েম করা? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগে বলেছিলেন যে তাঁরা বাকশালীয় আদর্শে বিশ্বাস করেন। বাকশালীয় আদর্শ ও চেতনার মানে হচ্ছে, দেশে কোনো বিরোধী দল থাকতে পারবে না, দেশে কোনো ভিন্নমত সহ্য করা হবে না, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে না। সরকারকে তার ক্ষমতার শেষ বছরে কিছু ক্ষেত্রে আমরা তা-ই করতে দেখছি আরও স্পষ্টভাবে। আগামী নির্বাচনের দিন যতই এগোচ্ছে, সরকার ততই যেন অসহিষ্ণু হয়ে উঠছে বিরোধী দল ও মতের প্রতি।আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় উপাদান হচ্ছে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একদলীয় আধিপত্য যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করার চেষ্টা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। দুর্নীতি, সন্ত্রাস আর দলীয়করণ করে রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা কুক্ষিগত করা মুক্তিযুদ্ধের আরেকটি বড় চেতনার (অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার) সুস্পষ্ট লঙ্ঘন। ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করার উদ্যোগ নিয়ে সরকার সর্বমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু এই বিচার করছে বলে মুক্তিযুদ্ধের অন্য মূল চেতনাগুলো ধূলিসাৎ করার অধিকার তার নেই। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা বা পছন্দমতো আগামী নির্বাচন করে অসৎভাবে আবারও ক্ষমতায় যাওয়ার চেষ্টার প্রতিবাদ বিরোধী দল করবে না, এটিও সরকার আশা করতে পারে না।এই লেখা তৈরি করার সময় আমরা জেনেছি যে মির্জা ফখরুলসহ বিএনপির আরও তিন নেতাকে পুলিশ ছেড়ে দিয়েছে, আরও কয়েকজনকে হয়তো পরে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এরপর? বিএনপি বা ১৮ দলীয় জোট কি এরপর নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারবে? যে প্রশ্নবিদ্ধ মামলা বিএনপির নেতাদের বিরুদ্ধে হয়েছে, সেগুলোর কী হবে? ককটেল-পুলিশি হামলা-গ্রেপ্তার, এরপর মামলা—এই চক্রের অবসান কবে হবে?আমরা বিশ্বাস করি, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো তাণ্ডবলীলা আইনগত পন্থায় কঠোর হস্তে দমন করার দায়িত্ব সরকারের রয়েছে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে বা অন্যান্য দলের কর্মসূচি (যেমন ইসলামি দলগুলোর কর্মসূচি) দমন করতে গিয়ে পুলিশ মাত্রাতিরিক্ত বা বেআইনি শক্তি প্রয়োগ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বিরোধী দলের থাকবে না কেন? আর যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, সেই একই সরকার পুনর্বহালের জন্য জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন করলে আওয়ামী লীগের তাতে রুষ্ট হওয়ার কোনো নৈতিক অধিকার আছে কি?তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি জোটবদ্ধ আন্দোলন করতেই পারে। তবে এই আন্দোলন করতে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রতিরোধে জামায়াতের ষড়যন্ত্রের সহায়ক হওয়া কোনোভাবেই বিএনপির উচিত হবে না। যুদ্ধাপরাধীদের বিচার আমাদের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। এই বিচার ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ে বিরোধী দলগুলো যৌক্তিক প্রশ্ন তুলতে পারে, কিন্তু বিচার ও ট্রাইব্যুনাল বাতিল করার কোনো দাবি তোলা এবং বিশেষ করে এর জন্য জনগণের জানমালের ক্ষতি করার কোনো অধিকার কারও নেই।বিএনপিকে বুঝতে হবে, এই বিচার আমাদের জাতীয় কর্তব্য। বিএনপি এই বিচার অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। কিন্তু এই অঙ্গীকার সুস্পষ্ট নয়, বিশ্বাসযোগ্যও নয়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে ট্রাইব্যুনাল অব্যাহত ও সচল রাখা এবং দোষীদের রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা না করার ওয়াদা বিএনপিকে জনগণের কাছে করতে হবে। কয়েকটি বিচারের রায় ঘোষণার পর জামায়াত যেসব স্থানে তাণ্ডবলীলা চালিয়েছে, তার সমালোচনা বিএনপিকে করতে হবে। সরকার তত্ত্বাবধায়কব্যবস্থা প্রতিষ্ঠায় বা অন্য কোনোভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে (যেমন নিরপেক্ষ ব্যক্তির অধীনে সর্বদলীয় নির্বাচনকালীন সরকার, সবার সম্মতির ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী আইনের সংস্কার) অর্থবহ আলোচনায় রাজি হলে বিএনপিকে জামায়াতের সঙ্গে সব যৌথ কর্মসূচি পরিহার করতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির এই বোধোদয় প্রয়োজন যে দেশের বর্তমান অচলাবস্থা নিরসনে তাদের মধ্যে সমঝোতার কোনো বিকল্প নেই। এটি না হলে যুদ্ধাপরাধীদের বিচার আরও বেশি বিঘ্নিত হতে পারে। দেশে সাম্প্রদায়িক শক্তি, পুলিশ, মাস্তান আর গুপ্তঘাতকদের আরও দৌরাত্ম্য আমাদের দেখতে হতে পারে। দেশের গণতন্ত্র এমনকি ভবিষ্যৎ পর্যন্ত বিপন্ন হতে পারে এতে। বিভক্ত ও ক্ষতবিক্ষত বাংলাদেশকে নানাভাবে শোষণ করার সুযোগ পেতে পারে বহুজাতিক পুঁজি, আন্তর্জাতিক ক্ষমতাবলয় এবং তাদের এ দেশীয় দোসররা।আমরা রাজনীতিবিদদের বহু সমালোচনা করি। কিন্তু সংকট নিরসনে সবচেয়ে বড় ভূমিকা পালনের অবকাশ তাঁদেরই রয়েছে। একসময় দেশে নাগরিক সমাজ ও গণমাধ্যম রাজনৈতিক সংকট নিরসনে যে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করত, সেই অবস্থান তাদের এখন আর আছে বলে মনে হচ্ছে না। গত কয়েক বছরে নানা ধরনের সমালোচনা করে সরকার বিচারপতি হাবিবুর রহমান, ড. ইউনূস, কামাল হোসেন, এবিএম মূসা বা আকবর আলি খানদের মতো অভিভাবকসুলভ ব্যক্তিদেরও বিতর্কিত করে ফেলেছে। বাকি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংকটে সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে সমঝোতার জন্য ভূমিকা রাখতে পারত, তাদের অধিকাংশ বরং অন্ধভাবে বিভিন্ন পক্ষ নিয়েছে বা নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে। সবচেয়ে যা ভয়াবহ, সারা দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যে শাহবাগের গণজাগরণকে নাস্তিকদের আন্দোলন না বললেই কেউ ধর্মবিরোধী হিসেবে অভিহিত হচ্ছেন, আবার সরকারের কোনো কাজের সমালোচনা করলেই কেউ স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছেন।এই পরিস্থিতির আশু উত্তোরণ প্রয়োজন। সমঝোতার জন্য যা করার, তা-ই করতে হবে প্রধান দুটি দলের রাজনীতিবিদদের। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই অব্যাহত রাখার এবং সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে দুই দল সমঝোতায় পৌঁছাতে পারলে অন্য কোনো শক্তির পক্ষে দেশে অরাজক অবস্থা সৃষ্টি করা সম্ভব নয়। সেই সমঝোতা না হলে আমাদের সবার ভবিষ্যৎ এক ভয়ংকর অনিশ্চয়তার মধ্যে থেকে যাবে।আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।