আওয়ামী লীগ শেষ চেষ্টা করে দেখতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল থেকে অনুমান করা যায়, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। ‘অনুমান’ বলছি এ জন্য যে দেশের সকল ভোটারের রায় এতে প্রতিফলিত হয়নি। আওয়ামী লীগ একটি প্রাচীন ও বড় রাজনৈতিক দল। দেশের তৃণমূল পর্যায়ে তাদের সমর্থন রয়েছে। তা ছাড়া ‘যুদ্ধাপরাধীদের বিচার’ বা ‘মুক্তিযুদ্ধের চেতনা’ ইত্যাদি কথা বলে তারা কিছু দলনিরপেক্ষ ভোটারের ভোট আকর্ষণ করতে পারে। এসব নানা কারণে সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ এ রকম পরাজয় বরণ করবে, তা এই জুলাই মাসেও খুব জোরের সঙ্গে বলা যায় না। তবে কোন সরকারি কাঠামোর অধীনে সংসদ নির্বাচন হবে, তা একটা বড় প্রশ্ন। ‘দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের বিজয় সুদূর পরাহত হবে বলে অনেকের ধারণা। আর যদি বর্তমান সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে হবে (যদি বিএনপি নির্বাচনে যায়)। আমরা এখনো জানি না ঠিক কী ধরনের সরকারের অধীনে এবার সংসদ নির্বাচন হতে যাচ্ছে। পাঁচটি সিটি করপোরেশনে অসম্মানজনকভাবে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মধ্যে নানা ক্ষোভ, সমালোচনা ও একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক। আওয়ামী লীগের দলীয় পর্যালোচনায় এই অসন্তোষের কথা প্রতিফলিত হয়েছে। দৈনিক ইত্তেফাক লিখেছে: ‘গত পৌনে পাঁচ বছরে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ও সাফল্য সত্ত্বেও প্রায় সারা দেশে সরকারের প্রতি মানুষের কেন এত ক্ষোভ, কেন অসন্তোষ—এর কারণ অনুসন্ধান করতে গিয়ে সরকারের মন্ত্রী ও দলের শীর্ষনেতারা একে অপরকে দোষারোপ করছেন।’ (১৩ জুলাই)শুধু আওয়ামী লীগে নয়, যেকোনো দলের সরকার যখন জনপ্রিয়তা হারায়, তখন একে অপরকে এ জন্য দায়ী করে, দোষারোপ করে। কিন্তু কোনো বড় দলই এ রকম ঘটনা বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না। ২০০১-০৬ আমলের পর বিএনপির কেন পরাজয় হয়েছিল, কারা বিএনপি সরকারের জনপ্রিয়তা হ্রাসের জন্য দায়ী, তাদের কি চিহ্নিত করা হয়েছিল? তাদের কি দলীয় শাস্তি পেতে হয়েছিল? এখন বিএনপি হয়তো সেই দোষী নেতাদের সঙ্গে নিয়েই আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে। এখন আওয়ামী লীগের পালা। তারা এখন ভালোই বুঝতে পেরেছে তাদের সরকারের অনেক কর্মকাণ্ড জনগণ অনুমোদন করেনি। পাঁচটি সিটি করপোরেশনের ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দিয়েছে। আওয়ামী লীগের নেতারা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুখে স্বীকার না করলেও এটা ভালোভাবেই অনুভব করছেন যে সংসদ নির্বাচনেও জনগণ ভোটের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করতে পারে। এই আশঙ্কা আওয়ামী শিবিরে এক বিরাট আতঙ্ক ও হতাশার সৃষ্টি করেছে। যেকোনো গণতান্ত্রিক সরকারের দুটি দিক থাকে। ১) ক্ষমতাসীন দল বা জোট, ২) মন্ত্রিসভা বা সরকার। অনেক গণতান্ত্রিক দেশে দল ও সরকারের পৃথক সত্তা দেখা যায় স্পষ্ট। সাধারণত সরকার হয় দলের অধীন। দিল্লিতে ইউপিএ সরকারের রাজনীতি বা নিকট অতীতে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের রাজনীতি স্মরণ করতে পারলে পাঠক বুঝতে পারবেন ‘দল’ সরকারের চেয়েও কত শক্তিশালী হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের নানা রাজনৈতিক উত্থান-পতনের একপর্যায়ে জ্যোতি বসু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর দল সিপিএম তা অনুমোদন করেনি বলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। এটাই হলো সরকারের ওপর দলের রাজনীতি ও শৃঙ্খলা। আমাদের দেশে বড় দুই ‘দল’ ও তাদের ‘সরকার’ একাকার হয়ে যায়। প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধানের পদ ছাড়তে চান না। দল পরাজিত হলেও পদ ছাড়তে চান না। দলে কারও সাহস হয় না ‘প্রধানমন্ত্রীকে’ দলপ্রধানের পদ ছাড়ার কথা বলবে। ফলে সরকারই দল, দলই সরকার। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। কাজেই বর্তমানে আওয়ামী লীগের বা মহাজোটের ‘সরকার’ থাকলেও সরকারের ওপর ‘দলের’ তেমন ভূমিকা নেই। দলের পরামর্শে (আনুষ্ঠানিক সভার সিদ্ধান্ত অনুসারে) সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বা সিদ্ধান্ত বা নীতি পরিবর্তনও করেনি। সরকার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায়। কোনো ইস্যুতে মন্ত্রিসভায় বিতর্ক হয়েছে বা কোনো ব্যাপারে বড় রকমের দ্বিমত হয়েছে, এমন শোনা যায়নি। তবে এমনটি শুনেছি, কোনো কোনো ইস্যুতে কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়েছেন ও সিদ্ধান্ত নিয়েছেন। বেশির ভাগ মন্ত্রী ওই বিষয়ে নিশ্চুপ ছিলেন। পাঠক বলতে পারেন: ‘মৌনতাই সম্মতির লক্ষণ’।আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সরকার ও দলকে যাঁরা বিব্রত করছেন, তাঁদের নিজ উদ্যোগে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।’ (জনকণ্ঠ, ১৩ জুলাই) তার অর্থ কি এই, তাঁরা নিজ থেকে সরে না গেলে সরকার বা প্রধানমন্ত্রী তাঁদের সরিয়ে দেবেন? নাসিমের এই মন্তব্য মেনে নেওয়া যায় না। তিনি সরকার পরিচালনা পদ্ধতি ও মন্ত্রিসভা সম্পর্কে জনগণ তথা আওয়ামী লীগের কর্মীদের এক ভুল বার্তা দিচ্ছেন। মোহাম্মদ নাসিমের জানা উচিত, সরকার যা কিছু করেছে প্রায় সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ইচ্ছায়, আগ্রহে ও সমর্থনে হয়েছে। হয়তো বিভিন্ন মন্ত্রণালয়ের রুটিন কাজগুলো মন্ত্রীদের উদ্যোগে হয়েছে। কিন্তু বেশির ভাগ বড় নীতিনির্ধারণী কাজ, বড় বড় প্রকল্প, সবই প্রধানমন্ত্রীর ইচ্ছায় ও আগ্রহে হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি বর্তমান সরকারের যে কাজগুলো তুমুলভাবে সমালোচিত ও নিন্দিত, সেই কাজগুলোও প্রধানমন্ত্রীর আগ্রহে ও সমর্থনে হয়েছে। সেই দায়িত্ব তিনি এড়াতে পারেন না। শুধু প্রশংসাটুকুর ভাগীদার আমি, আর নিন্দার ভাগীদার অন্য মন্ত্রীরা, এমন কথা এখন কেউ শুনবে না। যদিও কয়েকটি গুরুতর নিন্দনীয় কাজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে সরাসরি হয়নি। কিন্তু তিনি দোষী ব্যক্তিদের প্রশ্রয় দিয়েছেন (যেমন শেয়ারবাজার, পদ্মা সেতু, হল-মার্ক)। দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রীকে পদত্যাগের পর আবার মন্ত্রী করেছেন। গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এত হুলুস্থুল কেন হয়েছে, তা-ও দেশবাসী জানে। গ্রামীণ ব্যাংককে সরকারীকরণ করে বা ড. ইউনূসকে অপমানিত করে মহাজোট সরকার বা দল হিসেবে আওয়ামী লীগের নিশ্চয় কোনো স্বার্থ উদ্ধার হয়নি। হেফাজতের সমাবেশের ওপর মধ্যরাতে অভিযান, গণজাগরণ মঞ্চকে পৃষ্ঠপোষকতা দান, বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ড, ইলিয়াস আলীর গুম হওয়া, সাগর-রুনির হত্যা মামলা নিষ্পত্তি করতে না পারা, বিএনপির নেতাদের ওপর জেল-জুলুম, অত্যাচার, বিএনপিকে রাস্তায় দাঁড়াতে না দেওয়া, আমার দেশ পত্রিকা বন্ধ করা, দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করা, সচিবালয়ে দলীয়করণ, ৩০৭ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা, তিনজনকে চাকরিচ্যুত করা—সরকারের এ রকম আরও নানা কাণ্ড হয়েছে। সরকারপ্রধান হিসেবে এর দায়িত্ব শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনি ছাত্রলীগের টেন্ডারবাজ নেতাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। পাঁচ সিটি করপোরেশনে ভোটাররা যদি এসব নানা কারণে আওয়ামী লীগ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে তার দায় কি মন্ত্রীদের, না প্রধানমন্ত্রীর? মোহাম্মদ নাসিম এ ব্যাপারে ব্যাখ্যা দেবেন কি? কয়েকজন মন্ত্রীর বেফাঁস কথাবার্তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, এ কথা সত্য। প্রধানমন্ত্রী সেই সব মন্ত্রীর বেফাঁস কথা বন্ধ করার কোনো উদ্যোগ নেননি কেন? এসব মন্ত্রীর বেফাঁস মন্তব্য নিয়ে সংবাদপত্রে ও টিভি টক শোতে কত সমালোচনা হয়েছে। তবু প্রধানমন্ত্রী তাঁদের শাসন করেননি। বর্তমান সরকার বহু বিষয়ে ব্যর্থতারও পরিচয় দিয়েছে। কিছু মন্ত্রীর আচরণ, কিছু নেতার দম্ভোক্তি, বিরোধী দলকে সমালোচনা করার ভাষা, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে রক্তাক্ত করা, বিরোধী দলের নেত্রীকে নিয়ে শেখ হাসিনার নিয়মিত ব্যঙ্গ-বিদ্রূপ, এমনি আরও নানা ঘটনা সাধারণ ভোটারদের মনকে অনেকটা বিষিয়ে দিয়েছে। তাঁদের এই অনুভূতি হয়তো তাঁরা ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন। সরকার বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসার দাবিদার। তেমনি চারজন পরাজিত মেয়র ও টঙ্গী পৌরসভার বিদায়ী মেয়রও বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন। সবাই তাঁদের প্রশংসা করেছেন। কিন্তু ভোট দেওয়ার সময় ভোটাররা তা বিবেচনা করেননি। তাঁরা আওয়ামী লীগ সরকারের অপশাসনকেই শুধু মনে রেখেছেন। কাজেই মোহাম্মদ নাসিম কয়েকজন মন্ত্রীর ওপর দোষ চাপালে তা প্রকৃত পর্যালোচনা হবে না। বর্তমান মন্ত্রিসভায় এমন কেউ কি আছেন যিনি প্রধানমন্ত্রীকে অন্ধকারে রেখে বা প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো বড় কাজ করতে পারবেন? আর এই অদক্ষ ও ‘কচিকাঁচা’ মন্ত্রিসভাও শেখ হাসিনা এককভাবে করেছেন। কাজেই মন্ত্রীদের অদক্ষতার দায়ও তাঁকেই নিতে হবে। আওয়ামী লীগ নেতাদের প্রতি আমাদের অনুরোধ: গত সাড়ে চার বছরে দল ও সরকারের অনেক ক্ষতি হয়েছে। আর ক্ষতির পরিমাণ বাড়াবেন না। একজন-দুজন নেতার অহমিকা, একনায়কত্ব, প্রতিহিংসা ও লোভের কাছে এত বড় ও ঐতিহ্যবাহী দলটিকে বলি দেবেন না। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে চেষ্টা করুন। ব্যক্তির চেয়ে দল অনেক বড়। সমপ্রতি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে নানা কথা হচ্ছে। নির্বাচনের কয়েক মাস আগে দলের সাধারণ সম্পাদক বা কয়েকজন মন্ত্রী পরিবর্তন করে খুব যে লাভ হবে, তা মনে হয় না। দল ও সরকারের যা ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। অনেক কারণে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটা সহজে মোছন করা যাবে বলে মনে হয়না। তবু আওয়ামী লীগ শেষ চেষ্টা করে দেখতে পারে। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১