আওয়ামী লীগের স্বজাতিভক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদের চলমান নির্বাচন এ দেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন হিসেবে আখ্যায়িত হচ্ছে। মোট ছয় ধাপের ভোট গ্রহণ পর্বের মধ্যে পাঁচটি ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তাতেই দেখা যাচ্ছে সহিংসতায় নিহত মানুষের সংখ্যা ৯৯, আহত হয়েছেন হাজার ছয়েক। ৪ জুন শেষ পর্বের ভোট গ্রহণ শেষ হতে হতে লাশের সংখ্যা ১০০ পেরিয়ে যাবে—এই আশঙ্কা বাস্তব।
বিশেষভাবে লক্ষণীয় হলো, নির্বাচনী সহিংসতায় যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের অধিকাংশই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক। খোদ আওয়ামী লীগের নেতা-কর্মীরাই স্বীকার করছেন, দলটি তার ভেতরের কোন্দল, বিদ্রোহ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে এত বেশি সংঘাত হয়েছে। একটি দলের নিজেদের নেতা-কর্মীদের মধ্যে এমন মাত্রায় হিংসা-হানাহানি আগে কখনো দেখা গেছে কি না জানি না। এখন এটা যে রূপ ধারণ করেছে, সেটাকে ক্যানিবালিজম বা স্বজাতিভক্ষণ বললে ভুল বলা হবে না।
শুধু ইউপি নির্বাচন উপলক্ষেই যে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে এই ক্যানিবালিজম চলছে, তা মোটেও নয়। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে বিএনপি-জামায়াতের যত নেতা-কর্মী মারা গেছেন, তার চেয়ে অনেক বেশি মারা গেছেন নিজের দল ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা। আইন ও সালিশ কেন্দ্র ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে সারা দেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, মোট রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৮৬৫টি, যার মধ্যে ২২৬টি ঘটনাই ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ছিল মাত্র ২৫টি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিজেদের মধ্যেকার সহিংসতায় মারা গেছেন ৩৩ জন, আর বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে মারা গেছেন মাত্র চারজন।
এখন প্রশ্ন হচ্ছে, এত সহিংসতার কারণ কী? এ দেশের গ্রামাঞ্চলে স্থানীয় নির্বাচন এক সময় ছিল এক ধরনের আনন্দোৎসব। কেন ও কী প্রক্রিয়ায় সেই আনন্দোৎসব বিভীষিকাময় খুনোখুনির মচ্ছবে পরিণত হলো?
সাধারণভাবে বলা হচ্ছে, দলীয় মনোনয়নের ভিত্তিতে, দলের প্রতীকে নির্বাচন হচ্ছে বলেই সহিংসতার এমন বাড়াবাড়ি। নতুন আইন করে দলীয় মনোনয়নের ভিত্তিতে নির্বাচনের এই বিধান এবারই প্রথম কার্যকর করা হচ্ছে। অনেকে বলছেন, এ বিধান ক্ষতিকর বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এটা বাতিল করার দাবিও উচ্চারিত হচ্ছে।
কিন্তু সহিংসতা বৃদ্ধির একমাত্র বা প্রধান কারণ হিসেবে দলীয় মনোনয়নের বিধানকে দায়ী করা সম্ভবত পুরোপুরি সঠিক নয়। আগে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও প্রার্থীদের পেছনে দলীয় সমর্থন থাকত; সবাই জানতে কে কোন দলের প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর অনানুষ্ঠানিক সমর্থন বা মনোনয়ন যাঁরা পেতেন, ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা সাধারণত তাঁদের মধ্যেই হতো। অবশ্য একই দলের একাধিক প্রার্থীও দলের স্থানীয় বা কেন্দ্রীয় নেতৃত্বের কথা অগ্রাহ্য করে ভোটে দাঁড়িয়ে যেতেন; তাঁদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত জনপ্রিয়তা বা স্থানীয় প্রভাব-প্রতিপত্তি ও টাকাপয়সার জোরে জিতে যেতেন। জেতার পরে হয়তো দল তাঁকে আবার আপন করে নিত।
কিন্তু সেসব নির্বাচনে সহিংসতা এত বেশি মাত্রায় হতো না, অন্তত প্রাণহানি কম হতো। কিন্তু এবারের সহিংসতার মাত্রা নজিরবিহীন। আপাতদৃষ্টিতে এর প্রধান কারণ দলীয় প্রতীক মনে হলেও গভীরতর কারণ সম্ভবত অন্য। সেটা হতে পারে এই যে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের পদ অত্যন্ত লাভজনক বলে মনে করা হচ্ছে। এ কারণেই পদগুলো ভীষণ লোভনীয় হয়ে উঠেছে। যখন কোনো পদ অত্যন্ত লাভজনক হয়ে ওঠে, তখন সেটা পাওয়ার জন্য মানুষ অত্যন্ত বেপরোয়া আচরণ করতে পারে। সে জন্য তারা বিপুল পরিমাণ অর্থ খরচ করতে পারে, সহিংসতার আশ্রয় নিতে পারে, নিজের দলের সহযোদ্ধার তো বটেই, এমনকি ভাইয়ের বুকেও ছুরি মারতে দ্বিধা করে না। এবারের ইউপি নির্বাচনে সেটাই দেখা যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি মাত্রায়।
তাহলে যা নিয়ে গভীরভাবে ভাবা দরকার, তা হলো দুর্নীতি। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অতিমাত্রায় লাভবান হওয়ার সুযোগ বেড়েছে বলেই নির্বাচিত হওয়ার লড়াইটা আগের চেয়ে অনেক বেশি সহিংস হয়ে উঠেছে। শুধু ইউনিয়ন পরিষদ পর্যায়েই নয়, স্থানীয় সরকারব্যবস্থার সব পর্যায় সম্পর্কেই এ কথা প্রযোজ্য।

মশিউল আলম: সাংবাদিক।
mashiul. alam@gmail. com