
এবার সিলেটে এসে দুটি কারণে মন খারাপ হলো। প্রথম কারণ হলো আমাদের লেখালেখির সহযাত্রী ও ‘বইপত্রের’ স্বত্বাধিকারী শুভেন্দু ইমাম হঠাৎ করেই ব্রেনস্ট্রোক করে গুরুতর অসুস্থ। ভাবতে খুবই কষ্ট হয়, প্রগতি ও মননশীলতায় নিবেদিত এই মানুষটি এখন চলৎশক্তিহীন, নির্বাক, দেখলে কাউকে চিনতে পারেন না। শুভেন্দু নিজে যত না লিখেছেন, তার চেয়ে বেশি অন্য লেখকদের লেখা প্রচার করেছেন। ছাত্র থাকাকালে লিটল ম্যাগাজিন বের করতেন। নানা বিষয়ে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বই-পত্রিকা প্রকাশ করেছেন। শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ ও কথাশিল্পী হাসান আজিজুল হকের সংবর্ধনা উপলক্ষে তাঁর সম্পাদনায় দুটি খুবই ঋদ্ধ সংকলনগ্রন্থ প্রকাশিত হয়েছে। কায়মনো প্রার্থনা করি, শুভেন্দু দ্রুত সুস্থ হয়ে উঠুন।
দ্বিতীয়বার মন খারাপ হলো মণিপুরি নেত্রী এস রীনা দেবী ও তাঁর মেয়ে অজন্তা সিংহের উদ্বেগাকুল চেহারা দেখে। শহরের শিবগঞ্জ এলাকায় স্বামী অমৃত সিংহের পৈতৃক বাড়িতে বসবাস করছেন এস রীনা দেবী। ২০০৬ সালে হঠাৎ আজিজুর রহমান মানিক নামের এক ব্যক্তি দাবি করেন যে ১৯৮৮ সালে অমৃত সিংহ এই জমিটি জনৈক আবদুস সালামের কাছে বিনিময় করেছেন এবং পরে সালামের কাছ থেকে তিনি কিনেছেন।
অমৃত সিংহ মারা যান ১৯৯৯ সালে। তিনি জীবিত থাকতে এঁরা কেউ জমির মালিকানা দাবি করেননি। তাঁর মৃত্যুর আট বছর পর যে জমি বিনিময়ের কথা বলা হয়েছে, সেটির অস্তিত্ব নেই। এস রীনা দেবী তাঁদের এই কথিত বিনিময় দলিল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন, যা এখনো বিচারাধীন।
কিন্তু দখলদারেরা কি বিচার-আচারের অপেক্ষায় থাকে? তাদের কাছে জবরদখলই একমাত্র ‘বিচার’। আজিজুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময়ে এস রীনাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেন। ২০০৯ ও ২০১১ সালে তাঁরা দুই দফা সন্ত্রাসী হামলা চালানো হয়। ২০১১ সালের ২৩ জানুয়ারি ছিল এস রীনা দেবীর বড় ছেলে অয়ন সিংহের বিয়ে। এই সুযোগে আজিজুর রহমান একদল সন্ত্রাসী নিয়ে বাড়ি দখল করতে আসেন। এস রীনা দেবীর মেয়ে অজন্তা প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয় এবং তিন দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়। তবে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পড়ায় দখলদারেরা পালিয়ে যেতে বাধ্য হয়। এই হামলায় স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আজাদুর রহমানের প্রত্যক্ষ মদদ ছিল। তিনি দখলদার মানিকের ছোট ভাই। এরপর এস রীনা দেবী বিষয়টি অর্থমন্ত্রী ও স্থানীয় সাংসদ আবুল মাল আবদুল মুহিতকে জানালে তিনি সেখানে ৮ মাস ১১ দিন পুলিশ পাহারার ব্যবস্থা করেন। এখন পুলিশ পাহারা না থাকায় এস রীনা দেবীর পরিবার ভয়ভীতিতে আছে।
এখানেই তাঁদের সংগ্রামের শেষ নয়। দখলদারেরা প্রশাসনকে প্রভাবিত করে ওই বাড়িতে গ্যাস ও পানির সংযোগ বন্ধ রাখে। বিদ্যুৎ–সংযোগ দেওয়া হলেও বিল দেওয়া হয় না। এস রীনা দেবী বিল দিতে গেলে অফিস থেকে বলা হয়, ‘ফাইল গায়েব হয়ে গেছে।’ ডিজিটাল আওয়ামী লীগ সরকারের আমলে এই মণিপুরি পরিবারের সদস্যদের বাধ্য হয়ে ইঁদারার পানি খেতে হয়।
২০১১ সালের ১৯ জানুয়ারি মণিপুরি সমিতির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই জায়গায় নতুন কোনো দখল প্রতিষ্ঠা না করতে বলা হলেও দখলদারেরা নিবৃত্ত হয়নি। সোমবার বিকেলে আমরা যখন এস রীনা দেবীর বাসায় যাই, চারদিকের পরিবেশ থমথমে। দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেশে ভালো মানুষ আছেন বলেই তাঁরা এখনো টিকে আছেন। সাধারণ মানুষ তাঁদের সঙ্গে আছে। পুলিশ প্রশাসনও সহায়তা করছে। কিন্তু তাঁর ভয়, দখলদারেরা রাজনৈতিকভাবে প্রভাবশালী। শেষমেশ তাঁরা দেশে থাকতে পারবেন কি না?
কবি আবুল হাসান লিখেছিলেন, ‘দালান উঠছে, সেও রাজনীতি, দালান ভাঙছে, সেও রাজনীতি।’ এই যে এস রীনা দেবীকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছে, সেটিও রাজনীতির বাইরে নয়। আর সেই কাজটি যারা করছে, তারা আওয়ামী লীগেরই লোক। স্বাধীনতাবিরোধী কেউ নয়।
দুই.
এই মুহূর্তে কেমন চলছে সিলেটের রাজনীতি? কী করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই সিলেটের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলাপ করি। কথা হয় কয়েকজন রাজনীতিকের সঙ্গেও। তাঁদের বক্তব্যের নির্যাস হলো সিলেটে ক্ষমতাসীন ও বিরোধী দল বিএনপির মধ্যে তেমন বৈরিতা নেই। বৈরিতা আছে নিজ নিজ দলের মধ্যে। আর সেই বৈরিতা কাজে লাগাতে আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগকে এবং বিএনপি নেতারা ছাত্রদলকে ব্যবহার করতেও দ্বিধা করছেন না।
আওয়ামী লীগের দিকে তাকালে দেখব, প্রবীণ নেতা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে কোনো বিরোধ বা গ্রুপিং নেই। তাঁর প্রতি সব নেতারই আস্থা আছে। কিন্তু তাঁর পরের চার নেতা দুটি গ্রুপে বিভক্ত। সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন সিরাজ এক গ্রুপে এবং জেলা কমিটির সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও নগর কমিটির সম্পাদক আসাদউদ্দিন আহমদ অন্য গ্রুপে।
দুই গ্রুপের হয়ে কাজ করে ছাত্রলীগের দুটি পক্ষ। কাজ মানে মারামারি। কাজ মানে ছাত্রাবাসে আগুন দেওয়া। এমসি কলেজে দীর্ঘদিন ইসলামী ছাত্রশিবিরের আধিপত্য ছিল। সাধারণ ছাত্ররাও সেই আধিপত্যের অবসান চেয়েছে। কিন্তু তাই বলে আগুন দিয়ে ঐতিহ্যবাহী ছাত্রাবাসটি পুড়িয়ে দেওয়া? ছাত্রলীগের অভিযোগ ছাত্রশিবির আগুন দিয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট বলছে, ছাত্রলীগের বহিরাগত গ্রুপ এই কাজ করেছে।
অগ্নিদগ্ধ সেই ছাত্রাবাস দেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেঁদেছিলেন। অর্থমন্ত্রী বলেছিলেন, এসব ‘দুষ্টদের’ কাজ। কিন্তু দুষ্টদের দুষ্টামি এখনো চলছে। ২০১০ সালে বিরোধী দলের আন্দোলনে যে বাস পোড়ার ঘটনা ঘটে, তাতে বিএনপির নেতা ইলিয়াস আলীকে আসামি করে মামলা করা হয়। বিএনপির পক্ষ থেকেও পাল্টা মামলা হয়। এরপর সিলেট সরকারি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেয় ছাত্রলীগের একটি গ্রুপ। এমসি কলেজে পুলিশ মোতায়েনের পরও কয়েকবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এমসি কলেজের ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল বিভাগের কাছে চাঁদা চাওয়ার কারণে ছাত্রলীগ জেলা কমিটির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। এরপর সিপিবি-বাসদের সভায় মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলার দায়ে ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে মামলা হয়। তিনি এখন জেলে। কমিটিও বিলুপ্তি করা হয়। মদন মোহন কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য হয়েছে ৭৮ লাখ টাকার। এখানেও ছাত্রলীগের কমিটির কার্যক্রম বন্ধ আছে। গত ১১ এপ্রিল ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একাদশ শ্রেণির এক ছাত্র মারা যায়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে কাজী হাবিব নামের আরেকজন খুন হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াবেন না ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের এক পক্ষ খুশি। নতুন নেতা হিসেবে এম এ মোমেনকে মেনে নিতে তাঁদের আপত্তি নেই। কিন্তু অন্য পক্ষ বেজার। কেননা, সিলেট সদরের আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই দ্বন্দ্বের অবসান কীভাবে হয়, সেটি দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সিলেটে বিএনপির রাজনীতিতে সাইফুর রহমান ও এম ইলিয়াস আলীকে কেন্দ্র করে যে মেরুকরণ ছিল, সেটি এখনো আছে। ১/১১-এর পর সাইফুর রহমান গ্রুপ নিষ্ক্রিয় ছিল। সক্রিয় হয় ইলিয়াস আলীরা। আরিফুল হক চৌধুরী ও রেজাউল হাসান গউস লোদী সাইফুরের অনুসারী হলেও এখন বিপরীত অবস্থানে। সিটি করপোরেশনে মেয়রের ইঙ্গিতেই লোদীর বিরুদ্ধে অনাস্থা আনেন অন্য কাউন্সিলররা। সাইফুর রহমান মারা যাওয়ার পর ইলিয়াস আলী গ্রুপ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু তাঁর নিখোঁজের পর এই গ্রুপের তেমন তৎপরতা নেই। প্রতি মাসের ১৭ তারিখ রুটিন প্রতিবাদ হয়। এখন আবার সাইফুরের অনুসারীরা সক্রিয় হচ্ছেন। এ বছর ৭ ফেব্রুয়ারি প্রত্যক্ষ ভোটে গঠিত জেলা কমিটির সভাপতি ও সম্পাদক দুজনই সাইফুরের অনুসারী। সহযোগী সংগঠন ছাত্রদলের পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি হলেও গ্রুপিং রয়ে গেছে। গত দেড় বছরে ছাত্রদল নিজেদের মধ্য ১০-১২ বার সংঘর্ষ হয়েছে। ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ যে জেলে আছেন, তা-ও প্রতিপক্ষ গ্রুপের মামলায়। তাই বলা যায়, সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের প্রতিপক্ষ নয়। নিজেরাই নিজের প্রতিপক্ষ। (শেষ)
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]