আকতার জাহান জলি কিংবা একটি স্বেচ্ছামৃত্যুর নান্দিপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোনা গেল লাশকাটা ঘরে

নিয়ে গেছে তারে;
কাল রাতে—ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ।
(আট বছর আগের একদিন, জীবনানন্দ দাশ)
না, আকতার জাহান জলিকে লাশকাটা ঘরে নিয়ে যাওয়া হয়নি। এর আগেই তাঁর মরদেহ স্বজনেরা ঢাকায় নিয়ে গিয়ে বনানীতে দাফন করেছেন। ফাল্গুনের রাতের আঁধারে নয়, শরতের জোছনাধোয়া রাতেই তিনি বিদায় নিয়েছেন। তাঁর স্বেচ্ছামৃত্যু নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক চলছে। কেউ তাঁর স্বেচ্ছামৃত্যুর পক্ষে, কেউ প্রবলভাবে বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা কখনোই জানতে পারব না জলি নামের মানুষটি কেন জীবনের সব লেনদেন চুকিয়ে আত্মহননের পথ বেছে নিলেন? কেন চারদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা অতিক্রম করতে পারলেন না?
জলির স্বেচ্ছামৃত্যু ঠিক হয়েছে, না বেঠিক হয়েছে—তা নিয়ে আমরা তর্ক করতে পারি। তাঁর প্রতি ক্ষোভ বা সমবেদনা জানাতে পারি। কিন্তু তাঁকে আমরা ফিরিয়ে আনতে পারব না। এটাই চরম সত্য।
আকতার জাহান সাংবাদিকতার শিক্ষক ছিলেন। এর আগে তিনি সাংবাদিকতা করেছেন। তিনি সংবাদ-এ বার্তা বিভাগে কাজ করতেন। তখন আমিও সংবাদ-এ সম্পাদকীয় বিভাগে কাজ করি। সেই সূত্রে তিনি আমার সহকর্মীও ছিলেন। পরে তাঁর অনেক শিক্ষার্থী সাংবাদিকতায় এসেছেন। ভবিষ্যতেও আসবেন। কিন্তু এভাবে তিনি খবর হবেন বা তাঁর মৃত্যুর খবরটি লিখতে হবে কেউ ভাবেননি। তাঁর শিক্ষার্থী রফিকুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘…ম্যাম আমাদের রিপোর্টিং পড়াতেন। শিখিয়েছেন কীভাবে কারও মৃত্যুসংবাদ লিখতে হয়। আজ তাঁরই মৃত্যু নিয়ে লিখতে হচ্ছে। লিখতে হচ্ছে তাঁর কক্ষে পাওয়া সুইসাইড নোট নিয়ে।’
ওই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরাফাত সিদ্দিকী ফেসবুকে লিখেছেন, ‘যাঁর লেখা সব সময় বিশ্ববিদ্যালয়ের ব্ল্যাকবোর্ডে দেখেছি, ইনকোর্স পরীক্ষার খাতাতে আমার ভুলগুলোর পাশে যিনি সুন্দর করে মন্তব্য লিখতেন, যা দেখে আমি মুগ্ধ হতাম, সেই হাতের লেখা দেখলাম আজ অনেক দিন পর একটি সুইসাইড নোটে।’ শিক্ষার্থী মেহেরুল সুজন লিখেছেন, ‘…কয়েক মাস আগেও আমাকে ফোন করে আমাদের বন্ধু ওয়াহিদা সিফাতের হত্যা মামলার খোঁজখবর নিলেন ম্যাডাম। আর এখন তাঁর অপমৃত্যুর খবর নিয়ে ছুটে বেড়াচ্ছেন আমার রাজশাহীর সহকর্মীরা। ভাবতেই কেমন যেন শূন্যতা অনুভব করছি চারপাশে।’
এই শূন্যতা কেবল মতিহারের সবুজ চত্বরে নয়, দেশে-বিদেশে যেখানেই জলির সতীর্থ, স্বজন ও সহকর্মীরা আছেন, তাঁর স্বেচ্ছামৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর সন্তানের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, যিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জলির সহকর্মী ছিলেন—লিখেছেন,...‘সমাজ আর পিতৃতন্ত্রের চাহিদামাফিক স্বামীহীন নারীর সব কটি চিহ্নের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে ক্রমাগত তিনি নিজেকে বঞ্চিত করেছেন এবং সেই বঞ্চনা তাঁর শক্তি আর লড়াই করার ক্ষমতাকে তিলে তিলে শেষ করে শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত ঠেলে দিয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়ায়, আসলে অনেক প্রপঞ্চই জড়িত। একজন পূর্ণবয়স্ক, স্বাবলম্বী মানুষের জীবনে সম্পর্কের ভাঙাগড়া হতেই পারে। বরং যে ধরনের নিপীড়নের বিবরণ পাওয়া গেছে নানাজনের লেখায়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারাটাই হওয়ার কথা ছিল তাঁর মুক্তি। অথচ সেভাবে ভাবতে তাঁকে কেউ সাহায্য করেনি—প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কর্মক্ষেত্রে তো নয়ই, তাঁর স্বজন বা বন্ধুরাও নয়। এবং শেষ পর্যন্ত সেই মুক্তি পেয়েও তিনি উদ্‌যাপন করতে পারলেন না।’
অর্থাৎ তাঁর আত্মহননের ঘটনাটি পুরোপুরি স্বেচ্ছায় ঘটেছে, বলা যাবে না। এর জন্য হয়তো ব্যক্তিগতভাবে কেউ দায়ী নন, সে কথা জলি নিজেও লিখে গেছেন। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকাংশে দায়ী। আমাদের সমাজ একজন নারীর একলা স্বাধীন ও স্বতন্ত্র অবস্থান সহজে মেনে নিতে পারে না। তাঁকে নানা ধরনের পারিবারিক ও সামাজিক হ্যাপা সহ্য করতে হয়। এসব হ্যাপা অগ্রাহ্য করে অনেকে এগিয়ে যান। আকতার জাহান জলিও হয়তো চেষ্টা করেছেন, পারেননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলি। তাঁর কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়, যাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক, মানসিক চাপের কারণে আত্মহত্যা করলাম। সোয়াদকে (ছেলে) যেন ওর বাবা কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে—সে যেকোনো সময় সন্তানকে মেরে ফেলতে পারে বা মরতে বাধ্য করতে পারে।’
পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, কয়েক বছর আগে স্বামী তানভীর আহমদের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর সাবেক স্বামীও একই বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি দ্বিতীয় বিয়ে করে ক্যাম্পাসের আলাদা একটি কোয়ার্টারে থাকেন। অন্যদিকে জুবেরী ভবনের ওই কক্ষে একাই থাকতেন জলি।
আকতার জাহান জলি সংসারের প্রতি আস্থা হারিয়েছিলেন বলে বিবাহবিচ্ছেদে মুক্তি খুঁজেছেন। তিনি নিজের প্রতি আস্থা হারিয়েছিলেন বলে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন। কিন্তু সন্তানের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। সে জন্য স্বেচ্ছামৃত্যুর আগ মুহূর্তেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছেন। কায়মনোবাক্যে তার মঙ্গল কামনা করেছেন।
বৃক্ষের প্রতিও অপরিসীম ভালোবাসা ছিল আকতার জাহানের। তিনি যে জুবেরী হলে থাকতেন, সেখানে নিজের কক্ষের সামনে নানা জাতের গাছের চারা লাগিয়েছেন। মানুষ মানুষের প্রতি শত্রুতা করলেও গাছ শত্রুতা করে না। গাছ সবাইকে ছায়া দেয়। বেঁচে থাকার অক্সিজেন জোগায়। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মতো জলিও কি গাছের ভাষা বুঝতেন?
আকতার জাহান জলি যখন সিদ্ধান্ত নিলেন যে জীবন থেকে বিদায় নেবেন, তখনো তাঁর প্রিয় গাছের কথা ভোলেননি। তাঁর এক সহকর্মীকে দুটি গাছের চারা নেওয়ার জন্য বলেছিলেন। সেই সহকর্মী পরে জানিয়েছেন, আগে এ রকম অনুরোধ পাওয়ার পর চারা না নিলে তিনি (আকতার জাহান জলি) ফের তাগাদা দিতেন। এবারে সেটি না করায় ওই শিক্ষক অবাক হয়েছেন। আর যে কর্মীটি জুবেরী ভবন দেখাশোনা করতেন, জলি তাঁকে বলেছেন, তিনি কয়েক দিনের জন্য ঢাকা যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে যেন গাছগুলো ঠিকমতো পরিচর্যা করা হয়।
আকতার জাহান মানুষের কল্যাণে গভীর আস্থা রেখেছিলেন। ব্যক্তিমানুষ নয়, সমগ্র মানবতার প্রতি ভালোবাসা ছিল বলেই তাঁর মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু তাঁর সেই অন্তিম বাসনা অপূর্ণই রয়ে গেছে স্বজনদের অনাগ্রহের কারণে। তাঁরা জলির ইচ্ছামতো তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে বনানীতে দাফন করেছেন।
জলি, আমাদের ক্ষমা করবেন।