আকাশ ভেঙে পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একাংশের ওপর উপাচার্য ও তাঁর সমর্থক আরেক দল শিক্ষকের পক্ষে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের হামলার ঘটনার প্রতিক্রিয়া দেখে মনে হতে পারে যেন সেখানে আকাশ ভেঙে পড়েছে কিংবা ধরণি দ্বিধা হয়ে গেছে। এ রকমও মনে হতে পারে যে বাংলাদেশে এই প্রথম কোনো ছাত্রসংগঠনের কর্মীরা শিক্ষকদের ওপর চড়াও হয়েছেন, কিংবা অতীতে অন্য ক্ষমতাসীনদের ছাত্রসংগঠনের কর্মীরা এই রকম ন্যক্কারজনক ঘটনা ঘটালেও ছাত্রলীগের কর্মীরা এই প্রথম এই রকম একটি ‘ভুল কাণ্ড’ ঘটিয়েছেন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের দিকে তাকালে এমন ধারণা হওয়াও বিচিত্র নয় যে এই হামলা চালানো হয়েছে কেবল অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপরে। কিন্তু এসবের কিছুই সত্যি নয়। এ কথা বলার অর্থ এই নয় যে শাবিপ্রবির ঘটনাকে আমি ঘৃণার্হ মনে করি না। অবশ্যই এই ঘটনা কলঙ্কজনক।
কিন্তু যাঁরা এই ঘটনায় বিস্মিত ও লজ্জিত, তাঁদের কাছে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে বলি, আমি আপনাদের সঙ্গে একমত নই। এই ঘটনায় বিস্মিত হওয়ার জন্য আমাদের বিস্মৃত হতে হবে গত কয়েক বছরে সারা দেশে ছাত্রলীগের কর্মীদের হাতে কতজন শিক্ষক লাঞ্ছিত, নিগৃহীত ও আক্রান্ত হয়েছেন। সেসব ঘটনায় আমরা কতটা বিস্ময় ও লজ্জা প্রকাশ করেছিলাম, সেটা নিশ্চয় বিস্মৃত হওয়ার সুযোগ নেই। এসব ঘটনায় কতজন আটক হয়েছে, কতজনের বিচার হয়েছে, সেগুলো খুঁজে দেখা যেতে পারে। এই কথাগুলো পড়ে, যাঁরা আমাকে স্মরণ করিয়ে দিতে চাইবেন যে এই ধরনের কাজে ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের রেকর্ডও প্রায় একই রকমের, তাঁদের জন্য আমার বক্তব্য একটাই: তাহলে কি ছাত্রদলই আপনাদের মানদণ্ড?
যাঁরা এই ঘটনায় লজ্জিত হচ্ছেন, তাঁরা কি এই কারণে লজ্জিত যে রাজনৈতিক কর্মীরা শিক্ষকদের ওপরে হামলা চালিয়েছেন? নাকি ছাত্ররা শিক্ষকদের ওপরে চড়াও হয়েছেন? নাকি এই কারণে যে তাঁরা ঘটনাটিকে মুহম্মদ জাফর ইকবালের মতো একজন খ্যাতিমান, কৃতবিদ্য অধ্যাপকের ওপরে হামলা হিসেবে দেখছেন? নাকি এই কারণে যে অধ্যাপক জাফর ইকবাল বা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের ওপরে আর যে-ই হামলা করুক, সরকারি দলের কর্মীরা হামলা করবেন, তা অচিন্তনীয়? ইতিহাসে ও সমাজে ব্যক্তির অবদান ও গুরুত্বকে ছোট করা যাবে না, কিন্তু নিরাপত্তা ও নাগরিকের অধিকারের প্রশ্নে সবাইকে সমানভাবেই বিবেচনায় নিতে হবে। তার অন্যথা হলে কী হয়, সেটাই আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে; আগেও দেখেছি কিন্তু দুঃখজনকভাবে ধর্তব্যে নিতে চাইনি।
অতীতে মুহম্মদ জাফর ইকবালকে যখন অপমান করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, হত্যা করার ভীতি প্রদর্শন করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার তাগিদ এসেছে এখান থেকেই যে সবার মত প্রকাশের, প্রচারের এবং তার সপক্ষে সমাবেশের অধিকার রয়েছে। একই বিবেচনায় অন্যদের ওপরে হামলা, ভীতি প্রদর্শন, নিপীড়নকে নিন্দা জানাতে হবে, এসবের বিরুদ্ধে সোচ্চার থাকা জরুরি। কিন্তু আমি-আপনি যদি কেবল একজনের ওপরে হামলায় কিংবা একজনের আটকাদেশে লজ্জিত, বিস্মিত, প্রতিবাদী হই, যদি আগের ঘটনাপ্রবাহকে অস্বীকারে অভ্যস্ত হই, যদি আমাদের বিবেচনা হয় যে কারও ওপরে হামলা অচিন্তনীয় আর কারও ওপরে হামলা সহজেই উপেক্ষণীয়, তাহলে ভবিষ্যতে আপনি কোন তালিকায় থাকবেন, সেটা ভেবে দেখুন।
ঘটনার পর অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষকদের ওপরে হামলা হয়েছে; ‘যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্লোগানের এত বড় অপমান আমি আমার জীবনে দেখিনি।’ বাঙালি জনগোষ্ঠীর এবং বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তার স্মারক হিসেবে জয় বাংলার কোনো বিকল্প নেই। কিন্তু এই স্লোগানের অপব্যবহার কি বিরল ঘটনা? অতীতে এই ধরনের অপব্যবহার বিষয়ে অনেকবারই গণমাধ্যমে খবর হয়েছে।

>বাঙালি জনগোষ্ঠীর এবং বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তার স্মারক হিসেবে জয় বাংলার কোনো বিকল্প নেই। কিন্তু এই স্লোগানের অপব্যবহার কি বিরল ঘটনা? অতীতে এই ধরনের অপব্যবহার বিষয়ে অনেকবারই গণমাধ্যমে খবর হয়েছে

ঘটনার পরে ছাত্রলীগের প্রতিক্রিয়া যেমন হওয়ার কথা, তা থেকে একবিন্দু এদিক-সেদিক হয়নি। ছাত্রলীগের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন, তাঁরা ‘সাধারণ ছাত্র’ মাত্র। ছাত্রলীগের প্রতি সহানুভূতিশীল ও সমর্থকেরা এই জন্য ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করতে শুরু করেছেন। কিন্তু যেখানে সরকারি দল সোৎসাহে সাবেক বিরোধী দলের নেতা-কর্মীদের ঘোষণা দিয়ে দলে টেনে নিচ্ছেন (দেখুন, ‘আবার দলবদলের হিড়িক’, প্রথম আলো, ৯ জুলাই, ২০১৫), সেখানে এখন এই যুক্তি যাঁরা হাজির করেন, তাঁরা কি ভেবেচিন্তেই তা করেন? কেউ কেউ এই ঘটনায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভেতরে অনৈক্য তৈরির গভীর ষড়যন্ত্র দেখতে পান, আরও অনেক ঘটনায়ই তাঁরা এই রকম ষড়যন্ত্রের কথা বলেন। কিন্তু সেই ষড়যন্ত্রের হোতা কারা, তারা কীভাবে নির্বিবাদে এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তা কখনোই স্পষ্ট হয় না।
এই ঘটনার দুই পক্ষ হলো শিক্ষকদের দুটি সংগঠন: আন্দোলনরত শিক্ষকদের ফোরাম হলো ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’; আবার এই আন্দোলনের বিরুদ্ধে যারা, তারা হলো ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’। শিক্ষকেরা যে বিষয় নিয়ে ‘আন্দোলন’ করছেন বা ‘আন্দোলনের বিরোধিতা’ করছেন, তার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কি আদৌ প্রত্যক্ষ কোনো যোগাযোগ রয়েছে? এখন পর্যন্ত আমি এই বিষয়ে যত দূর তথ্য সংগ্রহ করেছি, তাতে এর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার প্রাসঙ্গিকতা খুঁজে পাইনি। শিক্ষকেরা যেকোনো বিষয়ে তাঁদের দাবি তুলতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু সর্বত্রই ‘মুক্তিযুদ্ধের চেতনাকে’ কেন তাঁরা প্রাসঙ্গিক মনে করেন? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার আগে ভেবে দেখা দরকার, তাতে এই চেতনার প্রতি সম্মান জানানো হয় নাকি তার অবমাননার পথ প্রশস্ত হয়।
গত কয়েক দশকে শিক্ষকদের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্দোলনের সঙ্গে ছাত্রদের জড়িয়ে পড়ার ঘটনা অহরহই ঘটছে। এটি ক্রমবর্ধমান এবং একে এখন স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। এর কারণ সবারই জানা। দলীয় আনুগত্যের কারণে শিক্ষকদের সঙ্গে ছাত্রকর্মীদের সম্পর্ক শিক্ষক-ছাত্রের চেয়ে একই দলের সহযোদ্ধার মতো। তদুপরি ক্ষমতাসীনদের কাছে ছাত্রনেতারা যত সহজে পৌঁছাতে পারেন, একই দলের অনুগত শিক্ষকেরাও প্রায়ই সেই সুযোগ পান না। ফলে ছাত্রনেতারা হয়ে ওঠেন তাঁদের যোগাযোগের বাহন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক ও যোগাযোগ ব্যবহারও নতুন ঘটনা নয়। দলীয় বিবেচনায় প্রশাসনিক পদে নিযুক্তির কারণে নিয়োগকৃতদের রক্ষা করার অলিখিত দায়িত্ব বর্তায় ক্ষমতাসীন দলের ছাত্রনেতা ও কর্মীদের ওপরে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সময়ে সে ছাত্ররা সেখানে উপস্থিত ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উপাচার্যের ভাষ্য অনুযায়ী ‘ছাত্ররা শিক্ষার পরিবেশ বজায় রাখতে নিজ উদ্যোগে’ এসেছিলেন এবং তাঁরাই উপাচার্যকে অফিসে পৌঁছে দিয়েছেন।
কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্ব ছাত্রদের হাতে কারা তুলে দিয়েছিল? শিক্ষকদের দলীয় আনুগত্যের ধারাকে গ্রহণযোগ্য বলে মেনে নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় বা অন্যত্র সংঘটিত এই ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কতটা কার্যকরী হবে?
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।