আকায়েদের রহস্যজনক সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকায়েদ উল্লাহ
আকায়েদ উল্লাহ

নিউইয়র্কের ম্যানহ্যাটনের সাবওয়েতে পাইপ বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত আকায়েদ উল্লাহ গত সেপ্টেম্বরে ঢাকা সফরের ফাঁকে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে গিয়েছিলেন। রাতভর বাসে চড়ে তিনি রোহিঙ্গা শিবিরে গিয়ে বিলি করেছিলেন কয়েক শ ডলারের ওষুধ। এ সময় তিনি রাত কাটান এক মসজিদে।

আকায়েদের শাশুড়ি মাহফুজা আক্তার জানান, খুশি মনেই সে কক্সবাজার যাত্রা করেছিল। ফেরার পর তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। শিবিরের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে আকায়েদ বলেছিল, লোকজনকে প্রতিটি মুহূর্ত নরকের মধ্যে কাটাতে হচ্ছে।

সেপ্টেম্বরে আকায়েদের নিঃসঙ্গ বাংলাদেশ সফর এক রহস্য। আকায়েদ কি আল-কায়েদার আদেশ অনুসরণ করছিলেন, যিনি রোহিঙ্গাদের কাছে ওষুধ আর অস্ত্র সরবরাহ করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন? নাকি তিনি হৃদয়ের টানে সেখানে গিয়েছিলেন, যখন তাঁর ভেতর অন্তর্গত টানাপোড়েন চলছে আর তিনি তাঁর প্রথম জানা সহিংস পদক্ষেপ, আত্মঘাতী হামলার দিকে ধাবিত হচ্ছেন?

বাংলাদেশের তদন্ত কর্মকর্তারা বলছেন, জিহাদিদের কিছু ওয়েবসাইট অনুসরণ করতেন আকায়েদ।
ওই সফরের কয়েক সপ্তাহ পর ব্রুকলিনে ফিরে আকায়েদ উল্লাহ বোমা বানাতে শুরু করেন এবং ১১ ডিসেম্বর ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটান। আহত অবস্থায় পুলিশ তাঁকে আটক করে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে থাকা আকায়েদের এক ডজনের বেশি বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে বিস্তারিত আলাপচারিতার পরও কেন তিনি এটা করেছেন, সেটা ধাঁধাই থেকে গেল। অনেকেই তাঁকে অন্যের প্রতি সহানুভূতিশীল আর কর্তব্যপরায়ণ হিসেবে অভিহিত করেছেন। কখনোই তিনি আশা হারাতেন না। তিনি সেই সব চিরায়ত চরিত্রগুলোর একজন, যিনি অন্যের জন্য নিজেকে যুক্ত করতেন। মা আর ভাইবোনদের খুব কাছের ছিলেন তিনি। স্ত্রী আর ছয় মাসের সন্তানকে নিয়ে শুরু করতে যাচ্ছিলেন নতুন জীবন।

কাকলী স্কুলে আকায়েদের সঙ্গে পড়তেন ওয়াজিদুর রহমান। ওয়াজিদুর বলেন, ‘ও সিগারেট খেত না, কারও সঙ্গে দুর্ব্যবহার করত না, সব সময় আন্তরিক ছিল। তার মতো কারও পক্ষে অপরাধ করা অসম্ভব। বিস্ফোরণের পর রাতভর আমার ফোনটা শুধু বেজেছে। সবারই একটাই প্রশ্ন: ও কি আমাদের আকায়েদ?’

তবে ২০১৬ সালের জানুয়ারিতে আকায়েদের বিয়েতে গিয়ে অন্য একজনকে আবিষ্কার করেন ওয়াজিদুর। তিনি বলেন, ওর মুখভর্তি দাড়ি। তাকে বেশ কঠোর দেখাচ্ছিল। বিয়ের আয়োজন থেকে নিজেকে দূরে সরিয়ে তিনি পুরোনো বন্ধুদের সঙ্গে নামাজ পড়তে গিয়েছিলেন।

বাংলাদেশ সরকার ক্রমেই জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসী হয়ে তাদের হাজার হাজার সন্দেহভাজন সহমর্মীকে গ্রেপ্তার করেছে, মসজিদে নজরদারি করছে। তবে সরকারকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। সরকার জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করলেও প্রবলভাবে ইসলামবিরোধী হিসেবে পরিচিত হতে চায় না।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০১৩ সালে প্রথম ব্লগার খুন হওয়ার পর প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হত্যার এই ধারা যখন চলতেই থাকে এবং মুক্তচিন্তার লেখক, প্রকাশক, সমকামী অধিকারকর্মী, হিন্দুদের একের পর এক হত্যাকাণ্ডে ইসলামপন্থীদের শক্তির ক্রমাগত বৃদ্ধির আলামত পাওয়া যেতে থাকে, তখন শেখ হাসিনা তাঁর বার্তা পরিবর্তন করতে শুরু করেন এবং বলেন, ইসলাম সম্পর্কে লেখালেখির ক্ষেত্রে লোকজনকে সতর্ক থাকতে হবে।

এ মুহূর্তে ইসলামি দলগুলো বাংলাদেশের ক্ষমতায় না থাকলেও এই বিতর্কের গতিপথ তারাই ঠিক করছে বলে মনে হয়। অনেক বুদ্ধিজীবীই বলেছেন, বন্ধুদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেও তাঁরা ভয় পান। অসাম্প্রদায়িক লোকজনকে নাস্তিক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে ইসলামপন্থীরা সফল হয়েছেন। এ মুহূর্তে বাংলাদেশে নাস্তিক হিসেবে পরিচিত হওয়াটা সবচেয়ে বিপজ্জনক।

সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় ফিরে আকায়েদ তাঁর স্ত্রীকে জসিমুদ্দীন রাহমানীর একটি বই পড়তে চাপ দেন। স্ত্রী আর ছয় মাসের ছেলেকে নিয়ে যেতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সেবার ঢাকা

সফর করেন আকায়েদ। ভৌগোলিকভাবে অনেক দূরে থেকেও আকায়েদ তাঁর স্ত্রী ও সন্তানের খুব কাছেই ছিলেন। পরিবারের সদস্যরা জানান, দিনে ৫ থেকে ১০ বার আকায়েদ স্ত্রীকে ফোন করতেন। সেপ্টেম্বরে তিনি স্ত্রীকে বলেন, জসিমুদ্দীন রাহমানী ইসলামের যে কঠোর ব্যাখ্যা দিয়েছেন, সেটাই সঠিক ইসলাম।

অতীতে ইসলামি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হাসান রফিক এখন জঙ্গিদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছেন। তাঁর মতে, আকায়েদ যেসব রোহিঙ্গা শিবিরে গিয়েছিলেন, আজকাল সেগুলো বাংলাদেশ ও পাকিস্তানের কিছু জঙ্গিগোষ্ঠীর সদস্য সংগ্রহের অন্যতম এলাকা। ওই শিবিরগুলোতে অবশ্যই কেউ তাঁকে সহায়তা করেছে। খুঁজে দেখা উচিত, তাঁকে কে সহায়তা করেছিল।
আকায়েদের পরিবার তা জানে না। আকায়েদ এ পর্যায়ে এসে কেন এতটা কট্টরপন্থী হয়ে উঠলেন, আরও কত তরুণ এই পরিস্থিতির মধ্যে এগোচ্ছেন, সেটা একটা প্রশ্ন।
আকায়েদের স্কুলের বন্ধু ওয়াজিদুর বলছেন, এ থেকে প্রমাণিত হয়, ওই মতবাদ কতটা শক্তিশালী। কীভাবে সে তার বন্ধু, পরিবারের সদস্য আর বাচ্চার কথা ভুলে যায়?

নিউইয়র্ক টাইমস থেকে সংক্ষেপিত

জেফরি গেটেলম্যান: সাংবাদিক।