আক্রান্ত সুলতানা কামাল, আক্রান্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল
সুলতানা কামাল

হেফাজতে ইসলাম নামের সংগঠনটি বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে (২ জুন, ২০১৭) মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়েছে, তাঁকে দেশছাড়া করার হুংকার ছেড়েছে, সেটি খুব উদ্বেগের বিষয় নয়। উদ্বেগের বিষয় হলো, এ ব্যাপারে সরকারের নির্লিপ্তি, ঔদাসীন্য ও স্ববিরোধী অবস্থান। এটি আইনের শাসনের প্রতি অবজ্ঞা বলেই মনে করি।
অতীতেও এই মৌলবাদী গোষ্ঠী সুযোগ পেলেই দেশের প্রগতিশীল লেখক, শিল্পী, আইনজীবী, বুদ্ধিজীবীদের ওপর আঘাত করেছে। কখনো প্রকাশ্যে, কখনো টেলিফোনে বা উড়োচিঠির মাধ্যমে তাঁদের হুমকি দিয়ে চলেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের থাবা থেকে কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, অধ্যাপক কবীর চৌধুরী, ড. আহমদ শরীফ ও অধ্যাপক আনিসুজ্জামানের মতো মানুষও রেহাই পাননি।
সেদিক থেকে বিচার করলে এ দেশে নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামালের কন্যা সুলতানা কামালকে এই মৌলবাদী শক্তি নিশানা করবে, তাতে আমরা অবাক হইনি। অবাক হয়েছি সরকারের কঠোর ‘নিরপেক্ষ’ অবস্থান দেখে। মানবাধিকারের পক্ষে সোচ্চার সুলতানা কামাল বরাবরই ন্যায় ও প্রগতির পতাকা ঊর্ধ্বে রেখে চলেছেন। যা সত্য মনে করেছেন, জোরালো ও স্পষ্ট ভাষায় বলেছেন। এখনো বলছেন। ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হিসেবে যখন দেখলেন, প্রধান উপদেষ্টার দলবাজির কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না, তখন আরও তিন উপদেষ্টার সঙ্গে তিনি পদত্যাগ করেন। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে মৌলবাদী শক্তি যখন সারা দেশে আস্ফালন চালাচ্ছিল, তখন আরও অনেককে সঙ্গে নিয়ে তিনি আওয়াজ তুললেন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। আবার বর্তমান সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিপদ সম্পর্কে দেশবাসীকে সজাগ করা কিংবা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিরতিহীন প্রতিবাদী ভূমিকা নিতেও দ্বিধা করেননি এই মানবাধিকারকর্মী।
২০১৩ সালে হেফাজত যে ১৩ দফা নিয়ে মাঠে নেমেছিল, সেটি কেবল সরকারের নারী উন্নয়ন নীতি কিংবা শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ছিল না। ছিল প্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও। সেদিন সরকার কঠোর হাতে হেফাজতের তাণ্ডব বন্ধ করেছিল। হেফাজতের প্রতিটি দফা ধরে ধরে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, কোনো গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র এসব অন্যায় দাবি মানতে পারে না। সে সময় সরকার মানেওনি। কিন্তু চলতি বছর তাদের দাবি মেনে নিয়েই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যবইয়ে সংযোজন–বিয়োজন ঘটানো হলো। ২০১৩ থেকে ২০১৭। এই চার বছরের ব্যবধানে হেফাজত আগের অবস্থান থেকে একচুল সরে না এলেও সরকার ১৮০ ডিগ্রি উল্টে গেছে বলে অনেকে মনে করেন।
হেফাজতের দাবির মধ্যে ছিল ‘ব্যক্তি ও বাক্স্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা। ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা। মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা’ ইত্যাদি। এসব কথা অসার ও যুক্তিহীন।
হেফাজতের যেসব দাবির সঙ্গে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে স্থাপিত (পরে বর্ধিত ভবনের পাশে পুনঃস্থাপন করা হয়েছে) ভাস্কর্য, নারী অধিকার, শিক্ষা ও বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত, সেগুলোর কথাই এখানে উল্লেখ করছি। বাকিগুলো আলোচনায় আনছি না। হেফাজত যে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে, তার সঙ্গে আমরা দ্বিমত করছি না। হেফাজত কেন, কোনো সংগঠনের একজন কর্মীকেও অন্যায়ভাবে গ্রেপ্তার করা কিংবা কারও বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা উচিত নয়। কিন্তু তারা যখন ভাস্কর্যকে মূর্তি বলে চালিয়ে দেয় এবং ‘মসজিদের শহরকে মূর্তির শহরে’ পরিণত করা হচ্ছে বলে অপপ্রচার করে, তখন আমাদের প্রতিবাদ জানাতেই হয়। বাংলাদেশে মন্দিরের বাইরে কোনো মূর্তি নেই। কিন্তু ঢাকাসহ বিভিন্ন স্থানে ভাস্কর্য আছে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। ভাস্কর্য হলো the art of forming solid objects that represent a thing, person, idea, etc. out of a material such as wood, clay, metal, or stone, or an object made in this way. এর সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক নেই। অথচ হেফাজত ভাস্কর্যকে মূর্তি বলে একটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে চলেছে।
এবার দেখা যাক, যে টিভি অনুষ্ঠান নিয়ে এত বিতর্ক সেই অনুষ্ঠানে সুলতানা কামাল কী বলেছিলেন। তিনি নিজে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মসজিদ বা অন্য কোনো স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলেননি। সেখান থেকে সব ধরনের ধর্মীয় স্থাপনা সরানোর কথা বলেছেন সেই টক শোর অন্যতম আলোচক ও হেফাজতের নেতা মুফতি সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধর্মীয় স্থাপনা রাখা যাবে না। কেননা, তা হবে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। মুফতি সাখাওয়াত ভাস্কর্য প্রত্যাহারের দাবি করেছেন ধর্ম নয়, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে। তিনি গায়ের জোরে ভাস্কর্যকে ‘মূর্তি’ বানিয়েছেন। তাঁর কথার জের ধরেই সুলতানা কামাল
বলেছেন, আপনার কথামতো যদি সেখানে ধর্মীয় স্থাপনা না থাকে তাহলে মসজিদও একটি ধর্মীয় স্থাপনা।
সৌদি আরব, ইরানসহ বহু মুসলিম দেশেই ভাস্কর্য আছে। সেগুলো সরানোর জন্য সেখানে কোনো ধর্মীয় সংগঠন আন্দোলন করছে, এমন তথ্য আমাদের জানা নেই। তবে আইএস ও তালেবান নিজ নিজ দেশের সভ্যতা-সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যের সব চিহ্নই ধ্বংস করেছে। একটি অ-ধর্মীয় ও অসাম্প্রদায়িক স্থাপনাকে ধর্মীয় স্থাপনা বানিয়েই সমস্যাটি তৈরি করেছেন সাখাওয়াত হোসেন। আর হেফাজত নেতারা বায়তুল মোকাররমের উত্তর গেটে যা বলেছেন, সেটি রীতিমতো ফৌজদারি অপরাধ। তাঁরা যদি মনে করেন সুলতানা কামালের কথায় তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে তাঁরা সুলতানা কামালের হাড়-গোশত না রাখার কথা বলে কার্যত আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন। এটি তাঁরা করতে পারেন না।
সুলতানা কামাল যে কথা বলেননি, সেই কথা তাঁর ওপর চাপিয়ে দিয়ে হেফাজত গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লাভ করতে চাইছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নিহত কিশোর ত্বকীর বাবা ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বিরুদ্ধেও হয়রানিমূলক মামলা করেছে হেফাজত। আসলে এসব হামলা ও মামলা করে তারা সমাজ প্রগতির পক্ষে যাঁরা কথা বলছেন, তাঁদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী—গত বৃহস্পতিবার নাগরিক সমাজ আয়োজিত সংহতি সমাবেশে দেশের প্রগতিশীল লেখক-শিল্পী ও সচেতন নাগরিকেরা সেই প্রশ্নটিই রেখেছেন। তাঁরা বলেছেন, মৌলবাদী শক্তির সঙ্গে কোনো আপস চলতে পারে না।
ক্ষমতাসীনেরা বলার চেষ্টা করছেন, হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করেনি। সরকারের পক্ষ থেকে কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মাত্র। কিন্তু সেই স্বীকৃতি পাওয়ার পরই হেফাজতের ভাষাভঙ্গি (বডি ল্যাংগুয়েজ) পাল্টে গেছে এবং কথায় কথায় তারা মানুষকে হুমকি দিয়ে চলেছে। হেফাজত ঘোষণা দিয়েছিল রোজার আগেই সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য সরাতে হবে এবং সত্যি সত্যি তা সরেও গেছে।
সুলতানা কামালের কথিত মন্তব্যের বিষয়ে সরকার স্বাধীনতাবিরোধী ও তাদের দোসর বলে যাদের দিনরাত গালাগাল করছে, সেই জামায়াত কিংবা বিএনপির কোনো নেতা একটি কথাও বলেননি। বিষোদ্গার করেছেন সরকারের দ্বিতীয় প্রধান শরিক জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর ভাষাভঙ্গি ও হেফাজতের ভাষাভঙ্গির মধ্যে কোনো ফারাক নেই।
বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে ডেকে হেফাজতের এক নেতা বলেছেন, ‘সাহস কত সুলতানা কামাল! সুলতানা কামাল রাজপথে নেমে দেখো। হাড্ডি-গোশত রাখা হবে না। কাঁচা গিলে ফেলব।’ একজন মানুষ পবিত্র রোজার মাসে আরেকজন মানুষকে কাঁচা গিলে ফেলার হুংকার দিতে পারেন, ভাবতেও কষ্ট লাগে। যখন আগুন আবিষ্কার হয়নি, শুনেছি তখন মানুষ কাঁচা মাংস খেত। আমরা কী তাহলে আবার সেই প্রাগৈতিহাসিক যুগে প্রত্যাবর্তন করছি?
আসলে সুলতানা কামাল টিভি টক শোতে কী বলেছেন, কী বলেননি সেটি হেফাজতের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সুলতানা কামালের চিন্তা-আদর্শ। প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে তিনি ঊনসত্তরের আন্দোলনে যুক্ত ছিলেন। সংস্কৃতির জাগরণে কাজ করেছেন। সুলতানা কামাল একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছেন। এখনো তিনি মানবাধিকারের পক্ষে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। আমরা মনে করি, তাঁর ওপর আক্রমণ মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আক্রমণ।
আজ সর্বত্রই মানবাধিকার লাঞ্ছিত হচ্ছে। সুলতানা কামালকে হেফাজতের হুমকির পাশাপাশি ছাত্র ইউনিয়নের চার কর্মীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স আঠারো বছরেরও কম। একই আইনে মামলা হয়েছে অধ্যাপক আফসান চৌধুরীর বিরুদ্ধেও। অথচ সুলতানা কামালকে যারা প্রকাশ্যে হুমকি দিয়েছে, সরকার তাদের বিরুদ্ধে টুঁ শব্দটি করছে না।
২০১৩ সালে সরকার শহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিল এবং শক্ত হাতে হেফাজতিদের তাণ্ডব মোকাবিলা করেছে। আওয়ামী লীগের নেতারা তখন বক্তৃতা-বিবৃতিতে বিএনপি, জামায়াত ও হেফাজতকে একই ব্রাকেটবন্দী করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন।
এখন দেখছি তাঁরাই হেফাজতের সঙ্গে ব্রাকেটবন্দী হয়ে গেছেন। এটি কিসের আলামত?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]