আগাছা বন বনাম সাজানো বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। কিন্তু  বাংলাদেশের নীতিনির্ধারকেরাও বিশ্বাস করেন না, শিক্ষা, জ্ঞানচর্চা, বিচার ও দাপ্তরিক যোগাযোগের মাধ্যম হওয়ার মতো ক্ষমতা বাংলা ভাষার আছে। এর অন্যতম প্রমাণ, নিজেদের প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলনের সূতিকাগার বলে গর্বে আটখানা হয় যে প্রতিষ্ঠানের খাদেমরা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই ইংরেজিতে পাঠ দেওয়া দস্তুর, অনেক বিভাগে ইংরেজিতে পড়ানো বাধ্যতামূলক।

বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে আছে ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়ানো বাধ্যতামূলক। কী বাক্য গঠনে, কী শব্দচয়নে, কী উচ্চারণে বাংলাদেশের বেশির ভাগ শিক্ষকের ইংরেজিই মানোত্তীর্ণ নয়। বাপকা বেটা, সিপাহিকা ঘোড়া। ফলে শিক্ষার্থীদের ইংরেজিরও উন্নতি হয় না। 

সরকারি-বেসরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের বাংলা মাধ্যম থেকে পাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যঁারা ভর্তি হন, নিজেদের দুর্বলতর ইংরেজির কারণে তাঁরা ক্লাসে শিক্ষকের বক্তৃতা অনুসরণ করতে পারেন না। ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ থেকে আসা সহপাঠীদের সঙ্গে মিশতে না পেরে বা তাঁদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ‘বাংলা ভাইয়েরা’ নানা হতাশায় ভুগে থাকেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন দৃশ্যত দুটি ভাষিক ও সাংস্কৃতিক গোষ্ঠী: ইংরেজি ও বাংলা। একদিকে শিক্ষার মাধ্যমের পার্থক্যের কারণে শ্রেণিবৈষম্যের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মাতৃভাষা শিক্ষার মাধ্যম না হওয়াতে শিক্ষার্থীরা লিখতে-পড়তে শিখছে না এবং স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হচ্ছে না।

একটি পরিকল্পিত সাজানো বাগান এবং অনিয়ন্ত্রিতভাবে গজিয়ে ওঠা আগাছা বনের মধ্যে তফাত আছে। সাজানো-গোছানো একটি ‘বসতি’ আর অগোছালো একটি ‘বস্তি’-এর তফাতটা নিছক যুক্তাক্ষরের নয়। বাংলাদেশের ভাষা পরিস্থিতি একটি আগাছা বন কিংবা অগোছালো বস্তির সঙ্গে তুলনীয়। বাংলাদেশের বেশির ভাগ খাতের মতো শিক্ষা খাতও একটি আগাছার জঙ্গল। আগাছার কাজই হচ্ছে যে ফুলটি ফোটার ছিল, তাকে অঙ্কুরে বিনষ্ট করা।

যে ভাষাটি সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা, সেটিকে শিক্ষার মাধ্যম করা হয়নি বা করা যায়নি, এমন দেশ সম্ভবত পৃথিবীতে একটিই—ভারত। হিন্দি কাগজে-কলমে রাষ্ট্রভাষা হলেও কাজেকর্মে ভারতের রাষ্ট্রভাষা ইংরেজি। বহু কোটি জনসংখ্যার দেশ চীনে বহু ভাষা-উপভাষা, অনেকটা
ভারতের মতোই। কিন্তু একটিমাত্র উপভাষা ম্যান্ডারিনকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে চীন মাত্র অর্ধশতকে। বাংলাদেশের ভাষা পরিস্থিতি ভারত বা চীনের তুলনায় বহুগুণ সরল। যে দেশের জনসংখ্যার প্রায় শতভাগ বাংলা বলে, বোঝে, সে দেশে রাষ্ট্রভাষা নিয়ে দ্বিধা থাকার কোনো কারণ ছিল না।

ইংল্যান্ডের উপনিবেশ হওয়ার দোহাই দেওয়া যাবে না, কারণ বিপরীত উদাহরণের অভাব নেই। চার লাখের কম জনসংখ্যার দেশ আইসল্যান্ড শ পাঁচেক বছর সুইডেন ও ডেনমার্কের উপনিবেশ থাকা সত্ত্বেও আইসল্যান্ডের রাষ্ট্রভাষা আইসল্যান্ডিক, স্বাধীনতার প্রথম দিনটি থেকেই। আর্থিক সক্ষমতার দোহাই দেওয়া যাবে না। কোরিয়া যখন গরিব ছিল, তখনো কোরিয়ানই উভয় কোরিয়ার রাষ্ট্রভাষা ছিল। কোরিয়া ও আইসল্যান্ড—এই উভয় দেশের জনসাধারণ ও সরকার জানে, ইংরেজি আধুনিক বিশ্বের লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তারা কাজ চালানোর মতো ইংরেজি অবশ্যই শেখে, কিন্তু রাষ্ট্রভাষার প্রশ্নে কোনো ছাড় দেয় না।

ইংরেজিকে শিক্ষা ও গণযোগাযোগের মাধ্যম করা হলে আগে–পরে দেশ ও সমাজের উন্নয়ন ব্যাহত হবে। কীভাবে? চমস্কির মতে, একটি ভাষা ঠিকঠাকমতো শিখতে হলে সেই ভাষার ইনপুট পেতে হয় একটা বিশেষ বয়সে। ধরা যাক, বছর সাতেক বয়সের আগে পর্যন্ত। এই ইনপুট যদি শিশু না পায়, তবে তার পক্ষে ভাষাটি ঠিকঠাকমতো শেখা কঠিন হয়। বাংলাদেশের শিশুরা ইনপুট পায় নোয়াখাইল্যা, বরিশাইল্যা, চাটগাঁইয়া, সিলেটি ইত্যাদি উপভাষার, যে কারণে প্রমিত বাংলাও তারা গ্রহণযোগ্য উচ্চারণে বলতে পারে না। বাংলাদেশের কোটি কোটি শিশুকে ইংরেজি ইনপুট দেওয়া যেহেতু অসম্ভব, সেহেতু তারা কখনোই ঠিকঠাকমতো ইংরেজি বলতেই পারবে না, লেখা তো দূরের কথা। বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ কখনোই বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষী হবে না, হবে সেমি লিঙ্গুয়াল বা অর্ধভাষী। এই না ঘরকা, না ঘাটকা, অর্ধভাষী, আধা লেখাপড়া জানা জনগণ নিয়ে কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করা যাবে?

সংখ্যাগরিষ্ঠের মুখের ভাষাকে সাময়িকভাবে অবহেলা করা গেলেও চিরদিনের মতো অবহেলা করা যায় না। মধ্যযুগের দ্বিতীয় পর্বে (১০০০-১৫০০) সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা ইংরেজি, ফরাসি, জার্মানের পরিবর্তে প্রায় ছয় শতাব্দী আগে মৃত ভাষা লাতিনকে শিক্ষার মাধ্যম করা হয়েছিল। কিন্তু মধ্যযুগ শেষ হওয়ার আগেই লাতিনের পুনর্মৃত্যু হয়েছিল এবং ইংরেজি, ফরাসি, জার্মান শিক্ষার মাধ্যম কিংবা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের যে ভাষাপরিস্থিতি, তাতে বাংলাই আগে–পরে শিক্ষার মাধ্যম হবে। তবে নীতিনির্ধারকদের অবিমৃশ্যকারিতার কারণে কয়েকটি প্রজন্ম ধ্বংস হবে। সর্বজনীন শিক্ষার ওপর যদি দেশের উন্নতি নির্ভর করে, তবে যে উন্নতি আজ থেকে দশ বছর পরে হওয়ার কথা, সেটা হয়তো এক শ বছর পরে হবে।

সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার না করার জন্য যে শাস্তির ব্যবস্থা আছে ১৯৮৮ সালের বাংলা ভাষা প্রচলন আইনে, আইন অমান্যকারীকে সেই শাস্তি দিতে হবে। একই সঙ্গে স্কুল পর্যায়ে ইংরেজি এবং কলেজ পর্যায় থেকে ফরাসি, চীনা, জাপানি, জার্মান, স্প্যানিশসহ বিভিন্ন ভাষাকে বিদেশি ভাষা হিসেবে শেখাতে হবে। বাঙালি যেহেতু একটি অভিবাসনপ্রবণ জাতি, বিদেশি ভাষা শিক্ষা তার জন্য ফরজ। কেন বাংলাদেশের কিছু লোক প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রভাষা: বর্মি ও হিন্দি-উর্দু জানবে না? ভাষা শেখার জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে। কূটনৈতিক, ব্যবসায়িক ও অন্যান্য যোগাযোগ সহজতর করার লক্ষ্যে চীনে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শিখতে বাধ্য করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী প্রতি জেলায় ভাষাশিক্ষার স্কুল প্রতিষ্ঠা করার কথা বলেছেন। সরকারের সদিচ্ছায় ঘাটতি নেই, কিন্তু প্রচেষ্টায় ঘাটতি আছে। একেকটি ভাষা শেখাতে হলে অনার্স ও মাস্টার্স পাস ভাষা-শিক্ষক সৃষ্টি করা অপরিহার্য। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে। একাধিক ভাষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও এখন সময়ের দাবি। এসব প্রতিষ্ঠানে যত দেরিতে বিভিন্ন ভাষায় অনার্স ও মাস্টার্স কোর্স চালু হবে, ততই পিছিয়ে যাবে অভিবাসনপ্রবণ বাংলাদেশের উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি একাডেমিক কাউন্সিলে আধুনিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যত শিগগির প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি অনুসরণ করতে সক্ষম হবেন, ততই মঙ্গল। 


শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক