আগাম নির্বাচনের আশা করছেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের এক বছরের মাথায় বিএনপি যেমন নতুন করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, তেমনি সমঝোতার জন্য নমনীয় হওয়ার ইঙ্গিতও রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বছরের শেষ দিন নির্বাচন অনুষ্ঠানে সংলাপ শুরুর জন্য সাত দফা দাবি দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানী ও বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদও সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত বা পাকিস্তানের মতো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে রেখেও বিএনপি নির্বাচনে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির এই নমনীয় অবস্থানের কোনো গুরুত্ব সরকার বা সরকারি দলের কাছে আছে কি? এ নিয়ে তাদের তরফে সংলাপ বা সমঝোতার কোনো আকাঙ্ক্ষা কি টের পাওয়া যাচ্ছে?
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের তরফ থেকে নানাভাবে সংলাপ ও সমঝোতার কথা বলা হচ্ছে। এর মধ্য দিয়ে আগাম নির্বাচন অনুষ্ঠানের কথাও উঠেছে। এমাজউদ্দীন আহমদ প্রশ্ন তুলেছেন, ‘দেশে যখন রাজনৈতিক সংকট রয়েছে, তখন আলাপ-আলোচনা ছাড়া ভিন্ন কোনো পথ আছে কি?’ গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার নির্বাচন ও এর ফলাফল অনেকের মনে আশা জাগিয়েছে, অনেকে এ থেকে বাংলাদেশ কী শিখতে পারে, সেসব নিয়েও আলোচনা শুরু করেছেন। কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতিকেরা কি কারও কাছ থেকে বা কোনো দেশ থেকে শেখার অপেক্ষায় রয়েছেন?
শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া রাজাপক্ষে আগাম নির্বাচন দেওয়ার আগে কখনো কি ভেবেছিলেন যে এমন পরাজয় অপেক্ষা করছে তাঁর জন্য? কর্তৃত্ববাদী শাসনের এক চূড়ান্ত দশাই তো তিনি কায়েম করেছিলেন সেখানে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিরোধী রাজনৈতিক পক্ষ সংগঠিত নয় এমন ধারণা থেকে আগাম নির্বাচন দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে ক্ষমতাকে তো তিনি আরও পাকাপোক্তই করতে চেয়েছিলেন! নির্বাচনকে নিজের মতো করে সাজানোর সব উদ্যোগ–আয়োজনও ছিল। কিন্তু সব হিসাব-নিকাশ যে সব সময় মেলে না! শ্রীলঙ্কার এই অভিজ্ঞতা ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠা আমাদের বর্তমান সরকারের ওপর আদৌ কোনো প্রভাব ফেলবে কি? আবার বিরোধী দলকে দেখুন। রাজাপক্ষে কার্যত কর্তৃত্ববাদী শাসকে পরিণত হলেও বিরোধী প্রার্থী ভয় পেয়ে নির্বাচন বয়কট না করে জনগণের শক্তির ওপর আস্থা রেখেছেন। জনগণের ওপর আস্থা রাখতে আমাদের বিরোধী দল কতই না ভীত!
যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রথম আলোর নিয়মিত কলাম লেখক আলী রীয়াজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি আসলে কিছু তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যগুলো অনেকটা এ রকম: দক্ষিণ এশিয়ায় গত ২০ মাসে সাতটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও গণপরিষদ নির্বাচন রয়েছে। এই উপমহাদেশের তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে সংসদীয় পদ্ধতির নির্বাচন হয়েছে। সব মিলিয়ে সাতটি নির্বাচনে একটিমাত্র ব্যতিক্রম ছাড়া বাকি সব দেশেই ক্ষমতাসীন দল বা ব্যক্তিরা পরাজিত হয়েছেন। ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সংসদীয় পদ্ধতির নির্বাচনে প্রধান বিরোধী দলসহ অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। বাকি দেশগুলোতে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনগুলোয় বিরোধী দলগুলো বিজয়ী হয়েছে।
বাংলাদেশ ও এর রাজনীতি সত্যিই অনন্য। প্রধান বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অনুষ্ঠান এবং ক্ষমতাসীন সরকার ও দল হিসেবে আবার নির্বাচিত হয়ে দক্ষিণ এশিয়ার ‘একমাত্র ব্যতিক্রম’ বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনেও ‘ব্যতিক্রমী’ হয়ে উঠছে। বিএনপির আন্দোলনের ব্যাপারে সরকার ও সরকারি দলের মনোভাব দিনে দিনে কঠোর হওয়ার লক্ষণই স্পষ্ট হয়ে উঠছে। ৩ জানুয়ারি রাত থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁকে এভাবে অবরোধ করে রাখার ব্যাপারে সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। সরকার মুখে বলছে খালেদা জিয়া অবরুদ্ধ নন, কিন্তু তাঁকে সেখান থেকে বের হতেও দেওয়া হচ্ছে না।
দেশের দুবারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার অফিসে তালা ঝুলিয়ে এবং সামনে ইট, বালু ও মাটির ট্রাক এনে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কল্পনা করা যায় না। সরকারের তরফ থেকে একেকজন একেক কথা বলছেন, বলা হচ্ছে নাশকতার আশঙ্কার কথা। কিন্তু এর কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণও হাজির করা হচ্ছে না। খালেদা জিয়ার নিরাপত্তা ও নাশকতার ব্যাপারে সরকারের মধ্যে যদি সত্যিই উদ্বেগ থেকে থাকে, তবে তো সরকারের উচিত ছিল তাঁর কাছে একটি প্রতিনিধিদল পাঠিয়ে বিষয়টি ব্যাখ্যা করা। বিএনপি পরে কবে সভা-সমাবেশ করতে পারে, সে ব্যাপারে আলাপ-আলোচনা করা। কিন্তু সে পথে হাঁটেনি সরকার। এ ধরনের অগণতান্ত্রিক আচরণের ব্যাপারে সরকারি দলের কারও মধ্যে কোনো কুণ্ঠা বা বিব্রত ভাবও দেখা যায়নি, বরং দলটির সব পর্যায়ের নেতাদের বক্তব্যে খালেদা জিয়ার ওপর আক্রমণের মাত্রা বেড়েছে।
এরই মধ্যে বিএনপির লক্ষ্যহীন ও অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলছে। যানবাহনে হামলা ও আগুন দেওয়া হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, নাশকতা হচ্ছে রেলযোগাযোগব্যবস্থায়, হামলা হচ্ছে পুলিশের ওপর। জনগণকে মাঠে নামাতে ব্যর্থ বিএনপির এই আন্দোলন এখন দেশজুড়ে নাশকতা ছাড়া আর কিছুই নয়। ৫ জানুয়ারি থেকে চলতে থাকা এই অবরোধ কর্মসূচিতে মঙ্গলবার রাত পর্যন্ত মারা গেছে ১৯ জন। দলটির অনেক নেতাই কারাগারে, অনেকে আত্মগোপনে। দলটির কার্যক্রম চলছে অনেকটা আন্ডারগ্রাউন্ড দলের মতো।
এমন একটি পরিস্থিতিতে দেশের সচেতন বা বিশিষ্ট নাগরিকেরা আলাপ-আলোচনা, সংলাপ বা আগাম নির্বাচনের কথা বলবেন বা ‘আলাপ-আলোচনা ছাড়া ভিন্ন কোনো পথ আছে কি’ বলে প্রশ্ন তুলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে, এসব আহ্বান, আবেদন বা অনুরোধ সম্ভবত অরণ্যে রোদনেই পরিণত হতে যাচ্ছে। কারণ আলাপ-আলোচনার আদৌ যে কোনো প্রয়োজন আছে, সেটা মনেই করে না সরকার। সরকারি দলের নেতাদের বক্তব্যে সেটা পরিষ্কার। যেভাবেই হোক নির্বাচন তো হয়েছে! পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে এ নিয়ে আবার কথা কী, মাত্র তো গেল এক বছর! এই হচ্ছে সরকারি দলের মনোভাব। একটি কর্তৃত্ববাদী সরকারের অবস্থা হঠাৎ কোথায় গিয়ে ঠেকতে পারে, শ্রীলঙ্কার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার নমনীয়তার পথ ধরবে এমন কোনো লক্ষণই নেই। যদি কোনো শিক্ষা তারা শ্রীলঙ্কা থেকে নেয়, সেটা সম্ভবত কোনোভাবেই আগাম নির্বাচনের পথ না ধরা। শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে উৎসাহিত হয়ে কেউ যদি আগাম নির্বাচনের কথা ভাবতে শুরু করে থাকেন, তাঁদের উদ্দেশে বলি, এই অভিজ্ঞতার পর আওয়ামী লীগ কোন দুঃখে আগাম নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার ঝুঁকি নেবে! আগাম বা সামনে নির্বাচন এলে এবার নিশ্চয়ই বিএনপি আর বর্জন করার মতো ভুল করবে না। ফলে আওয়ামী লীগ ২০১৯ সালের আগে নির্বাচন দেবে, এমন আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। বরং ঝুঁকিমুক্ত থাকতে এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সেই নির্বাচনেও যাতে বিএনপি অংশ নিতে না পারে বা বর্জন করতে বাধ্য হয়, সেই চেষ্টাই সম্ভবত করবে!
অবস্থাটি তাহলে দাঁড়াল কী! দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিলে ধারণা করা যায়, সরকার তার আরও চার বছর মেয়াদ শেষ করার আগে কোনোভাবেই আগাম নির্বাচন বা এ নিয়ে আলাপ-আলোচনা বা সমঝোতার পথ ধরবে না। কারণ, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচনে ব্যাপক বিজয় নিয়ে সরকার সব ক্ষেত্রেই তার কর্তৃত্ব জোরদার করতে সক্ষম হয়েছে এবং এটা পরিষ্কার যে বিএনপির আমলে ঘটা ২১ আগস্টের গ্রেনেড হামলা বা এ ধরনের অন্য ঘটনাগুলো এবং লন্ডনে বসে সম্প্রতি তারেক রহমানের দেওয়া নানা বক্তব্যের ব্যাপারে সরকারি দল কঠোর অবস্থানে যাওয়ার নীতি নিয়েছে। ফলে বিরোধী দলের আন্দোলন দমনে সরকার আরও কঠোর হতে থাকবে, দমন-নিপীড়নও আরও বাড়াবে। বিরোধী দলের বিভিন্ন নেতার বাড়িতে ককটেল হামলা হয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ অবস্থায় এখন হাসপাতালে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁর গাড়ি।
এদিকে বিএনপি সংলাপ বা নির্বাচন নিয়ে আলোচনা শুরুর ব্যাপারে অবস্থান নমনীয় করলেও আওয়ামী লীগের জন্য সংবেদনশীল ইস্যুগুলোয় (২১ আগস্ট গ্রেনেড হামলা, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের নানা মন্তব্য বা ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন) তার অবস্থান বদলে ফেলবে এমন আশা করা কঠিন। বরং সরকারের বিরুদ্ধে ঢাকায় বসে খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমান আন্দোলনের নানা কৌশল নিতেই থাকবেন, যেগুলোকে আপাতত গণ-আন্দোলনে রূপ দেওয়া কঠিন হবে বলেই মনে হয়। অন্যদিকে এ ব্যাপারে সরকার যতই কঠোর অবস্থান নিক, আন্দোলনের নামে এখন যে ধরনের নাশকতা চলছে, সেগুলোও খুব সহজে দূর হবে বলে মনে হয় না (মঙ্গলবার রাতে রংপুর থেকে পুলিশ ও বিজিবির প্রহরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িবহরে পেট্রলবোমা হামলায় শিশুসহ চারজনের পুড়ে মারা যাওয়ার ঘটনা তারই প্রমাণ দেয়)। এ ধরনের অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বরং নাশকতার আশঙ্কাই বাড়ায়।
‘দীর্ঘদিনের বিরোধের অবসান চাইলে আপনাকে সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে।’ এই উপলব্ধি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির। এখানকার বিরোধ দীর্ঘদিনের, কিন্তু সমঝোতার জন্য কারোরই প্রস্তুতি নেই। গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়ার সব আয়োজন, প্রস্তুতি ও শর্তই এখন সক্রিয়। দুই দলের অবস্থানে বিস্ময়কর কোনো পরিবর্তন না হলে গণতন্ত্রের এই পেছনযাত্রাকে কেউ ঠেকাতে পারবে না।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]