
গত ১৮ নভেম্বর বিএনপির তরফ থেকে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে যে ১৩ দফা প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখন প্রধান আলোচ্য বিষয়গুলোর অন্যতম। রাষ্ট্রপতি বিএনপির অনুরোধে সাড়া দিয়ে বিএনপিসহ কয়েকটি দলকে সাক্ষাৎ দিয়েছেন। দলগুলো তাঁর কাছে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে নিজ নিজ মতামত উপস্থাপন করেছে। রাষ্ট্রপতির এ উদ্যোগের পেছনে সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে সায় রয়েছে, তা পরিষ্কার। আমরা জানি যে সংসদীয় সরকারব্যবস্থায় আমাদের দেশের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত, এরপরও রাষ্ট্রের যেকোনো ক্রান্তিলগ্নে রাষ্ট্রপতির দিকেই জাতি তাকিয়ে থাকে। বর্তমান রাষ্ট্রপতি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং চূড়ান্ত বিচারে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতিকেই দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এ উদ্যোগকে গোটা জাতি স্বাগত জানিয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আর মাত্র এক মাসের কিছু ওপরে রয়েছে। বস্তুতপক্ষে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়া প্রয়োজন আর সেই হিসাবে হাতে সময় তেমন নেই। নির্বাচন আর গণতন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন থেকে প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে, সেই সময় থেকেই নির্বাচনী ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমেই প্রত্যক্ষ ভোট এবং গণতন্ত্রের বিস্তারের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান।
প্রফেসর স্যামুয়েল হান্টিংটন তাঁর গবেষণাপত্র: ‘দ্য থার্ড ওয়েভ: ডেমোক্রেটাইজেশন ইন দ্য লেট টোয়েন্টিথ সেঞ্চুরি’তে (The Third Wave: Democratization in the late Twentieth Century) গণতন্ত্রের প্রথম জোয়ারের সময় নির্দিষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্রে উনিশ শতকের গোড়ার দিকে জ্যাকসনিয়ান গণতন্ত্রের প্রভাবে প্রথম সাদা সংখ্যাগরিষ্ঠদের ভোটাধিকার দেওয়ার সময় থেকেই এই জোয়ার শুরু হয়েছিল; যা শেষ হয়েছিল ইতালিতে বেনিটো মুসোলিনির ফ্যাসিবাদীদের উত্থানের পর। ওই সময় ২৯ থেকে নেমে মাত্র ২০টি দেশে গণতন্ত্র ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীনতাপ্রাপ্ত অনেক দেশ, বিশেষ করে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ইউরোপের ইতালি, জার্মানি ও অন্য কয়েকটি দেশে গণতন্ত্রের দ্বিতীয় জোয়ার প্রবাহিত হয়; যদিও বিগত শতাব্দীর পঞ্চাশের দশকের শেষের দিকে বিশ্বপরিস্থিতির কারণে লাতিন-আফ্রো-এশিয়ান দেশগুলোতে গণতন্ত্র রহিত হয়। তবু ওই সব দেশে গণতন্ত্র, নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে প্রচুর গবেষণা হয়।
তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরবর্তী ২০ বছরে মাত্র ৩৬টি দেশে গণতন্ত্র ছিল—এর পরিবর্তন শুরু হয় ১৯৭০ সালের মাঝামাঝি সময় থেকে, যখন লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ওই সময়ে তৃতীয় জোয়ার
সূচিত হয়। ফিলিপিনস, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলোতে স্বৈরতন্ত্র গণতন্ত্রের কাছে পরাস্ত হয়। আলোচিত সময়েই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা ও শেষ হয় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালে সংবিধান রচিত হয়। বিংশ শতাব্দীর শেষের দিকে তৃতীয় জোয়ারে পূর্ব ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যোগদান করে।
মূলত গণতন্ত্রের তৃতীয় জোয়ারের প্রাক্কালে নির্বাচনের ফলাফল এবং নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে পৃথিবীর বহু দেশে, বিশেষ করে আফ্রো-এশিয়ার ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ব্যাপক হানাহানি হয় এবং এরই প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল থেকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেওয়া হচ্ছে। আমার আগের লেখায় নির্বাচনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তিনটি মডেলের কথা বলেছি। তার মধ্যে আমাদের মতো দেশ ও উঠতি গণতন্ত্রের জন্য স্বাধীন নির্বাচন কমিশন বা মডেলের চর্চা সবচেয়ে বেশি। যেমনটা আমাদের সংবিধানের ১১৮ থেকে ১২৬ ধারায় বর্ণিত রয়েছে। আমাদের দেশের নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসেবে পরিপূর্ণতা লাভ করে প্রধানমন্ত্রীর দপ্তরের আওতা থেকে কমিশন সচিবালয়কে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত করার পর। এর পেছনে নাগরিক সমাজের এবং ২০০৮ সালের পরে আওয়ামী লীগ সরকারের অবদান রয়েছে। প্রথমে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অধ্যাদেশ আকারে, পরে ২০০৯ সালে আইন আকারে নির্বাচন কমিশন সচিবালয় অ্যাক্ট ২০০৯ হিসেবে গৃহীত হয়।
তবে এখানে কিছু কিছু জায়গায় ছোটখাটো সংস্কারের প্রয়োজন রয়েছে। ওই আইনে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতার বিষয়টিও মোটামুটিভাবে নিশ্চিত রয়েছে, তবে তার প্রয়োগে কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এমনকি নির্বাচন কমিশনের নিয়োগও কমিশনের এখতিয়ারে রাখার কথা থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে বহু আলোচনার পর হুদা কমিশনের সিদ্ধান্তে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে রাখা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বহু রাজনীতিবিদ, বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মীদেরও বাংলাদেশ নির্বাচন কমিশনের বিষয়ে অস্বচ্ছ ধারণা রয়েছে। সংবিধানে যে স্বাধীন নির্বাচন কমিশনের কাঠামো রয়েছে এবং এর সচিবালয় রয়েছে, তা সম্বন্ধে অনেকেরই সম্যক ধারণা আছে বলে মনে হয় না। যে কারণেই এখনো নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন পর্যায়ের আলোচনায় স্বাধীন নির্বাচন কমিশন ও সচিবালয় গঠনের কথা প্রায়ই শোনা যায়। মাত্র কয়েক দিন আগে এনডিআই পরিচালিত তরুণ রাজনীতিবিদদের একটি প্রশিক্ষণ ক্লাসে প্রশ্ন করলে এর উত্তরে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাপী গবেষকেরা একমত যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নির্ভর করে কী ধরনের ব্যক্তি ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন বা নির্বাচনী ব্যবস্থাপনার সদস্য কীভাবে এবং কাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাঁদের মেনাবৃত্তি, স্বাধীনচেতা এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর। তাই স্বাধীনভাবে পরিচালনার জন্য নিয়োগপদ্ধতিকে আরও স্বচ্ছ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। অনুরূপ গুরুত্ব আমাদের সংবিধানেও দেওয়া হয়েছে।
আমাদের দেশের স্বাধীন নির্বাচন কমিশন গণতন্ত্রের কথিত তৃতীয় জোয়ারের সময় গঠিত হলেও এর ব্যর্থতা অথবা কার্যকারিতা, এমনকি নির্বাচন কমিশন নিয়ে জনগণ তথা রাজনীতিবিদদের মধ্যে তেমন আগ্রহ লক্ষ করা যায়নি। এই অবস্থার প্রথম পরিবর্তন ঘটে ১৯৯৪ সালে মাগুরা নির্বাচন, পরে আরও কয়েকটি উপনির্বাচনের ঘটনাপ্রবাহের পরে; যা একপ্রকার আন্দোলনের আকার ধারণ করে ২০০৬-০৭ সালে। এর পরের ঘটনাবলি অতি সাম্প্রতিক। ২০১৪ সালের পর থেকে নির্বাচন কমিশনের কার্যক্রম রাজনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আমাদের দেশে নির্বাচন কমিশন নিয়ে যে সংকট তৈরি হয়, তা বিভিন্ন গবেষকের গবেষণালব্ধ ফলাফলে এর যেসব কারণ চিহ্নিত হয়েছে, সেগুলো খুবই কাছাকাছি। স্বাধীন নির্বাচন কমিশন কেন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেসব গবেষণার ফলাফল এবং তত্ত্ব আমাদের ক্ষেত্রেও বেশ প্রযোজ্য। এসব কারণেই আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে এত আলোচনা। তবে সংবিধান মোতাবেক আইন বিদ্যমান থাকলে এত আলোচনার বা রাজনৈতিক দৌড়ঝাঁপের প্রয়োজন হতো না। বর্তমান সরকারের নীতিনির্ধারকেরা এ নিয়ে চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। তবে আইনটি যেহেতু বিতর্কের ঊর্ধ্বে থাকা দরকার, তাই এ আইন প্রণয়নের আগে অন্যান্য রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সঙ্গে এ নিয়ে আলোচনা খুবই জরুরি।
আমাদের দেশে নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের গবেষণা নেই বললেই চলে। যে কারণে নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ ধারণার অভাব এবং করণীয় নিয়েও সংশয় থাকে। যেহেতু নতুন নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নিয়ে আলোচনা এবং রাষ্ট্রপতির কাছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুপারিশ রাখছে, তাই অভিজ্ঞতার এবং যৎসামান্য গবেষণার আলোকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই।
নির্বাচন কমিশন একটি প্রশাসনভিত্তিক প্রতিষ্ঠান। নির্বাচনের প্রাক্কালে ও সময়ে প্রায় ১২ লাখ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ পরিচালনা এবং প্রশাসনিক নির্দেশনা দিতে হয়, এমনকি অন্যান্য কর্মযজ্ঞেও প্রশাসনিক অভিজ্ঞতার উদাহরণস্বরূপ ভোটার তালিকা হালনাগাদ, লিস্ট তৈরি, স্থাপন-পুনঃস্থাপন, আইডি কার্ড প্রস্তুত ও বিতরণ, ভোটকেন্দ্রের স্থাপন ও প্রতিস্থাপনসহ অভ্যন্তরীণ প্রশাসন এবং সর্বোপরি নির্বাচনকালীন বিশাল আকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে প্রশাসনিক দক্ষতার প্রয়োজন। কাজেই নিরপেক্ষতা ও স্বাধীনচেতা হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা প্রধান যোগ্যতা হওয়া বাঞ্ছনীয়। কাজেই সে ধরনের ব্যক্তিবর্গের অন্তর্ভুক্তি হওয়া প্রয়োজন। নিরপেক্ষতা, স্বাধীনচেতা, দক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতাই প্রধানত যোগ্যতার মাপকাঠি হওয়া উচিত। সরকারি বা আধা সরকারি মর্যাদা এ ক্ষেত্রে যোগ্যতার উপাদান হওয়া বাঞ্ছনীয়, তবে একটি মাপকাঠির অবশ্যই প্রয়োজন রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। নিয়োগ-পদ্ধতিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের যোগ্যতার বা অতীত পদমর্যাদার ভেদাভেদ তৈরি করা একেবারেই সমীচীন নয়। কারণ, নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচন ও অন্যান্য অপারেশনের অথবা আর্থিক সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনার এককভাবে যেমন নিতে পারেন না, তেমনি সংখ্যাগরিষ্ঠের মতামত ছাড়া কোনো প্রস্তাব আইনি প্রক্রিয়ায় গৃহীত বা কার্যকর হয় না। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তের কোনো অবস্থান নেই। কাজেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের মতামত সমান গুরুত্ব বহন করে। নির্বাচন কমিশন ক্রমাধিকারতান্ত্রিক (hierarchical) প্রশাসনিক প্রতিষ্ঠান নয়। এর ব্যত্যয় হলে সমষ্টিগত সিদ্ধান্ত নিতে যেমন বিভেদ সৃষ্টি হয়, তেমনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে সমস্যার সৃষ্টি হয়। আগের কমিশনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের উদাহরণ রয়েছে। এর প্রধান কারণ আমলাতান্ত্রিক ক্রমাধিকারতন্ত্রের মনমানসিকতা। তা ছাড়া সংবিধানের ধারা ১১৮ (৩) (বি)-এ বর্ণিত কারণেও এ মতামত প্রযোজ্য।
সর্বশেষে আমার আগের লেখার একাংশের পুনরাবৃত্তি করতে চাই যে আগামী নির্বাচন কমিশন তিন সদস্যের কমিশন হলে ভালো হয়, তবে প্রয়োজনে বাকি দুজনকে আরও পরে নিয়োগ দেওয়া যেতে পারে। এমনটা করলে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে; যা নির্বাচন কমিশনের মতো গণতন্ত্রের ভীত রচনাকারী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
নির্বাচন কমিশন গঠন বা কয়েক ব্যক্তির কর্মক্ষমতাই ভালো গ্রহণযোগ্য নির্বাচনের চাবিকাঠি নয়। এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ওই সময়কার সরকার, রাজনৈতিক দল ও বিচার বিভাগ যদি পূর্ণ সহযোগিতা না করে, তবে গ্রহণযোগ্য নির্বাচন যেমন আশা করা যায় না, তেমনি গণতন্ত্রের শক্ত ভিতও রচিত হওয়া সম্ভব নয়। তবে নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করার প্রধান প্রতিষ্ঠান। তাই নিয়োগ-পদ্ধতি এবং যোগ্যতা দুটিই সমান গুরুত্ব বহন করে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]