আগামী নির্বাচনে নানা মেরুকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিতে এখন আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সরগরম। যদিও আগামী সংসদ নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে সম্পন্ন হবে, তা এখনো খুব স্পষ্ট নয়। আগামী নির্বাচনে দলগতভাবে কী রকম মেরুকরণ হবে, তা এখনো স্পষ্ট হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় মহাজোট বহাল রয়েছে। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট হয়েছে। ড. কামাল হোসেন ও ডা. বি চৌধুরীর নেতৃত্বে আরও একটি জোট তৈরি হওয়ার পথে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ‘তৃতীয় শক্তি’ উঠে আসার সম্ভাবনা খুব কম। বিএনপির মতো বড় ও জনপ্রিয় দলের নেতৃত্বে ১৮ দলের সমন্বয়ে একটি জোট বর্তমান মহাজোট সরকারকে ভোটে পরাজিত করে আগামী দিনে সরকার গঠন করা কতটা সম্ভব হবে, তা-ও বলা মুশকিল। যদিও সামগ্রিক পরিস্থিতি বিএনপির অনুকূলে রয়েছে। কারণ, সরকার নিজেই প্রায় ‘আত্মহত্যার’ মতো অবস্থায় পৌঁছেছে। বিএনপি যে সম্প্রতি ‘১৮ দলীয় জোট’ করেছে, তার মধ্যে কয়েকটি ছাড়া বেশির ভাগ দলই ‘এক নেতা’ ও সাইনবোর্ড-সর্বস্ব দল। এসব দল থেকে তেমন কোনো ভোট আসবে বলে মনে হয় না। অথচ এসব দলের ‘এক নেতা’ জোটের দাবিতে মন্ত্রিত্ব চাইতে পারেন। সেটাও একটা লোকসান। কারণ, নেতা হিসেবেও তাঁরা তেমন গুরুত্বপূর্ণ নন। ড. কামাল হোসেন ও ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে জোট হবে বলে শোনা যাচ্ছে, তা-ও বর্তমান সরকারের জন্য বড় কোনো হুমকি নয়। শোনা যাচ্ছে, এ জোটে কাদের সিদ্দিকী ও আ স ম আব্দুর রবও যোগ দিতে পারেন। দেখা যাচ্ছে, এ জোট অনেকটা দল ও নেতাসর্বস্ব জোট হতে পারে। এ জোটের অনেকেই সম্মানিত নেতা। কিন্তু ভোটের রাজনীতিতে এ ধরনের জোট খুব বেশি ফল এনে দেবে না। তবে বিএনপির ১৮ দলীয় জোট, ড. কামাল হোসেন-বি চৌধুরীর ও অন্যান্য জোট মিলে যদি একটা ‘মহাজোট’ তৈরি করা যায়, তা হলে নির্বাচনী রাজনীতিতে তার একটা প্রভাব পড়বে। এ রকম মেগাজোট বর্তমান আওয়ামী জোট সরকারকে একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারবে। মনে রাখতে হবে, ভোটের (প্রতীকের) রাজনীতি এক বিচিত্র রাজনীতি।বর্তমান মহাজোট সরকারের পতন হলেই কি বাংলাদেশের প্রত্যাশিত উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত হবে? শুধু বিএনপির ওপর কি আস্থা রাখা যায়? তাদের ট্রেক রেকর্ড কি আস্থা রাখার মতো? সব বিরোধী দল মিলে (শুধু ১৮ দল নয়) একটা বড় মাপের জোট যদি নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে পারে, তা হলে ভিন্ন কথা। সেই জোটের সরকারে যদি সব দলের মেধাবী, প্রাজ্ঞ ও অভিজ্ঞ সাংসদদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়, তা হলে দেশের মানুষ কিছুটা আশ্বস্ত বোধ করবে। তবে নির্বাচনে জয়লাভ করলে ‘আন্দোলন সংগ্রামে রাস্তায় ছিলেন’— এ বিবেচনায় কাউকে মন্ত্রী করা হলে তা কাজে দেবে না। ‘মিছিলে যোগ দেওয়া’ মন্ত্রী হওয়ার কোনো মাপকাঠি হতে পারে না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের প্রথম পর্যায়ে দেশের নানা পেশা থেকে বেশ কয়েকজন গুণী-জ্ঞানী ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁদের জন্য বিএনপি সেকালে একটা ইতিবাচক ভাবমূর্তিও অর্জন করেছিল। কিছুদিন আগে বেগম খালেদা জিয়াও জ্ঞানী-গুণী ব্যক্তিদের তাঁর দলে যোগদানের আহ্বান জানিয়েছেন। নির্বাচনে মনোনয়নদান ও মন্ত্রিসভা গঠনে বেগম জিয়ার এ মনোভাব বজায় থাকলে সরকার ও দলের জন্য মঙ্গল হবে। মনে রাখতে হবে, রাজনৈতিক দলে ও সরকারে ব্যক্তির ভাবমূর্তি, দক্ষতা ও সততা খুব গুরুত্বপূর্ণ। শুধু বিএনপিকে প্রাধান্য দিয়ে সরকার গঠিত হলে তার সঙ্গে আর কী কী উপসর্গ আসতে পারে, তা পাঠক ভালোভাবেই জানেন। ভোটাররা কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ক্ষমতায় পরিবর্তন চেয়েছেন? বিএনপিকে এ কথা বুঝতে হবে। আগের টার্মের বিএনপির সরকার ও দল হিসেবে বিএনপি নিজেদের পরিবর্তন করেছে বা পরিবর্তন করার অঙ্গীকার করেছে তার কোনো নমুনা আমরা দেখিনি। আওয়ামী লীগের সরকারের নানা ব্যর্থতা ও দুর্নীতি বিএনপিকে যদিও বেশ সুবিধা করে দিয়েছে। এবার ক্ষমতার পালাবদল হতে পারে জনগণের নেতিবাচক ভোটের জন্য। বিএনপি বা ১৮ দলের কোনো কৃতিত্বের জন্য নয়। বিএনপির সামনে এবার আরেকটা সুযোগ এসেছে। সেই সুযোগটা ব্যবহারের আগে সব দিক ভাবা দরকার। কাজেই আগামী নির্বাচন পরিকল্পনা করার সময় বিএনপিকে অনেক কিছু ভাবতে হবে। নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিও যদি ভালো রকমের আসন পেয়ে যায়, সেটাও বিএনপির সরকার গঠনে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বিএনপিকে সে কথাও বিবেচনায় রাখতে হবে। বিএনপিকে বুঝতে হবে, মৌলবাদ বা জঙ্গিবাদ তোষণ এখন সারা পৃথিবীতে নিন্দিত। অতীতে যা হওয়ার তা হয়েছে। এ জন্য বিএনপিকে অনেক মাশুল দিতে হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বদলে যাচ্ছে। ধর্মীয় জঙ্গিবাদ এখন ঘৃণিত একটি বিষয়। মৌলবাদ ও জঙ্গিবাদের প্রতি বিএনপিকে সব ধরনের দুর্বলতা ক্রমান্বয়ে হ্রাস করতে হবে। গত নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে যে নতুন প্রজন্মের যে ভোটাররা আসছেন, তাঁরা এসব উগ্র ধর্মবাদী দলকে পছন্দ করেন না। তাঁরা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে গর্ববোধ করেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল ধর্মান্ধ ও উগ্রবাদীদের নেতৃত্ব দেবে, সেটা মোটেও ঠিক হবে না। বেগম খালেদা জিয়ার এবারের ভারত সফর বিএনপির রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী ও অন্য নেতাদের কাছে বিএনপির সভানেত্রী যেসব মন্তব্য করেছেন, তা বাংলাদেশের রাজনীতির চরিত্র বদলে দিতে পারে যদি তিনি ভারতে যা বলেছেন, তা বাস্তবে রূপায়িত হয়। বিএনপি নিজেদের বদলাচ্ছে কি না, তা কিছুটা স্পষ্ট হবে নির্বাচনী অঙ্গীকার ও নির্বাচনে মনোনয়ন দানের মাধ্যমে। মানুষ জানে, বিএনপির ভেতর ভালো লোক কারা, মন্দ লোক কারা। এগুলো কোনো অপপ্রচার নয়। ভালো-মন্দ বোঝার ক্ষমতা মানুষের রয়েছে। দেশের তরুণসমাজের এক বড় অংশ বহু আশা নিয়ে গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আওয়ামী লীগ ‘দিনবদলের সনদের’ কথা বলে অনেক ভোটারকে আকৃষ্ট করেছিল। কিন্তু তাঁদের অনেকেই আজ হতাশ। মহাজোট সরকারের নানা ব্যর্থতা, দুর্নীতি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া নানা পদক্ষেপ, কথাবার্তা, সম্মানী ব্যক্তির প্রতি অসম্মানজনক উক্তি, বিভিন্ন সময়ে বিদ্রূপাত্মক মন্তব্য, দলে ও সরকারে একনায়কত্ব, দলের প্রবীণ ব্যক্তিদের প্রতি অবহেলা, দুর্নীতিবাজ মন্ত্রীদের প্রতি প্রকাশ্য দুর্বলতা প্রকাশ ও আরও নানা কারণে মানুষ বর্তমান সরকারের প্রতি খুবই বিরক্ত ও হতাশ। এ পটভূমিতে আওয়ামী লীগবিরোধী ‘নির্বাচনী জোটে’র দিকে অনেক নিরপেক্ষ ভোটার তাকিয়ে আছেন। যাঁরা আওয়ামী লীগের দুঃশাসনে বীতশ্রদ্ধ, তাঁরা একটি বিকল্প চান—এটা যেমন সত্য, তেমনি তাঁরা একটি ভালো বিকল্প চান, এটাও তেমনি সত্য। বিএনপিকে বুঝতে হবে, তারা দলনিরপেক্ষ ভোটারদের কাছে ‘ভালো বিকল্প’ তুলে ধরতে পারছে কি না। শুধু একটা যেনতেন বিকল্প হলে নিরপেক্ষ ভোটারদের অনেকে আবার ‘মন্দের ভালো’ হিসেবে আওয়ামী লীগকেই ভোট দিতে পারেন। অনেকে হয়তো ভোটই দেবেন না। কোনোটাই বিএনপির জন্য ভালো হবে না। ভোটাররা এখন অনেক সচেতন। বেগম খালেদা জিয়ার যে ইমেজ, তা-ও খুব ইতিবাচক নয়। বিএনপির একটাই ভরসা, তরুণেরা আওয়ামী লীগের আমলের দুঃশাসন, দুর্নীতি, তিস্তা, ট্রানজিট, শেয়ারবাজার, পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক ইস্যু ইত্যাদি দেখেছেন ও ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু এগুলো যথেষ্ট নয়। মেগা জোটকে কিছু বাস্তবসম্মত রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। তরুণদের জন্য কিছু সুনির্দিষ্ট কর্মসূচির কথা বলতে হবে। বিশেষ করে কর্মসংস্থান প্রসঙ্গে। জঙ্গিবাদের সঙ্গে বিএনপি দূরত্ব সৃষ্টি করতে পেরেছে কি না, তা-ও তরুণ ভোটাররা দেখতে চাইবেন। রাজনীতিতে আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলকে নানা বাস্তব কারণে নানা পদক্ষেপ নিতে হয়। সরকারকেও নিতে হয়। কিন্তু কালের পরিক্রমায় যদি প্রমাণিত হয় দল বা সরকারের অতীত সিদ্ধান্তটি ভুল ছিল, তা হলে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। প্রকাশ্যে স্বীকার করতে না চাইলেও দলের ভেতর স্বীকার করতে হবে। অনেক আগেই বিএনপির এই আত্মসমালোচনায় বসা উচিত ছিল। বিএনপি যদি এবারও নির্বাচনে অঙ্গীকার প্রণয়নে, নির্বাচনের মনোনয়নে ও অন্যান্য কাজে একই ভুল আবার করে, তা হলে বহু নিরপেক্ষ ভোটার বিএনপির প্রতি প্রায় স্থায়ীভাবে আস্থা হারাতে পারেন। বিশেষ করে তরুণেরা। সেটা শুধু এ নির্বাচনে প্রভাব পড়বে না, ভবিষ্যতেও বিএনপির পক্ষে মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা না-ও থাকতে পারে। এটা খুবই আশার কথা যে বিএনপি এই প্রথম অনেকটা আত্মসমালোচনার ভঙ্গিতে ভারতের সঙ্গে অতীতের ভূমিকা পাল্টে প্রকৃত প্রতিবেশীর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। বিএনপির কয়েকজন প্রথম সারির নেতা সংবাদপত্রকে বলেছেন, ‘অতীতের ভারতবিরোধিতা বিএনপির ভুল নীতি ছিল। দুটি ধর্মীয় দল ও দলের কয়েকজন প্রভাবশালী নেতার ভুল পরামর্শে বিএনপি এই ভুল নীতি গ্রহণ করেছিল।’ (ডেইলি স্টার, ২ নভেম্বর) বিএনপির নেতাদের এই আত্মসমালোচনাকে আমরা স্বাগত জানাই। আগামী নির্বাচন বিএনপির জন্য এক বড় সুযোগ এসেছে। তবে নির্বাচনী বিজয় গাছের ফলের মতো টুপ করে বিএনপির মুখে পড়বে না। এ জন্য বিএনপিকে নানা ত্যাগ স্বীকার করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো সাহসের পরিচয় দিতে হবে। এমনকি অনেক অপ্রিয় সিদ্ধান্তও নিতে হতে পারে। বিএনপির সব স্তরের নেতা ও কর্মীকে বুঝতে হবে, অসুস্থ শরীরের বৃহত্তর সুস্থতার জন্য শরীরের কোনো অঙ্গ অপারেশন করে বাদ দিতে হয়। তখন ওই অঙ্গের জন্য মায়া করলে জীবনটাই বিপন্ন হয়ে যেতে পারে। অঙ্গ যেন শরীরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। শরীরটাই আসল। বেঁচে থাকাটাই জরুরি। রাজনৈতিক দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বড় দলের ইগো ত্যাগ করে একটি বৃহত্তম নির্বাচনী জোট গঠন করে আগামী নির্বাচনে জয়লাভ করার চেষ্টা এবং একটি মেধাবী ও আকর্ষণীয় মন্ত্রিসভা গঠনই বিএনপি ও অন্যান্য বিরোধী দলের এখন মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু হওয়া দরকার। নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে, তা সময়ই একদিন নির্ধারণ করে দেবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি নিজেদের নির্বাচনী জোট ও অন্যান্য প্রস্তুতি এখনই শুরু করা দরকার। মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী।