
‘গণতন্ত্র ও উন্নয়ন’—এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে তা নিয়ে তুলনামূলক রাজনীতি ও উন্নয়ন পাঠে যত বিতর্ক ও পাণ্ডিত্য হয়েছে, অন্য কোনো ক্ষেত্রে এতটা হয়নি।’ এই মত যুক্তরাজ্যের স্বাধীন থিংক ট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রাজনীতি ও শাসনবিষয়ক রিসার্চ ফেলো আলিনা রোচা মেনোকালের। গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ে এক আন্তর্জাতিক সন্মেলনে (উইলটন পার্ক সন্মেলন) পাঠ করা এক প্রবন্ধে তিনি এ মন্তব্য করেছেন। গণতন্ত্র ও উন্নয়নের সম্পর্ক নিয়ে এই বিতর্ক যেন শেষ হওয়ার নয়। গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে সম্পর্কের এই জটিল জট খুলতে গবেষকদেরও চেষ্টার শেষ নেই।
বাংলাদেশে সাম্প্রতি নানা মহল থেকে এ ধরনের আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে গত ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর। আইনগতভাবেই এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা না গেলেও নির্বাচনটি অংশগ্রহণমূলক না হওয়ায় গণতন্ত্রের মূল একটি শর্তই পূরণ করতে পারেনি। অর্ধেকের বেশি আসনে নির্বাচন না হওয়ায় জনগণ তাঁদের প্রার্থী পছন্দের সুযোগ পাননি। এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার তাদের বছরপূর্তি করতে যাচ্ছে। এরই মধ্যে সরকার সব ক্ষেত্রেই তাদের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছে। নির্বাচন হয়েছে, সংসদও আছে কিন্তু বিরোধী দল বলে কার্যত কিছু নেই। যারা এই নির্বাচন বর্জন করল, তাদের তরফ থেকে সরকারের বিরুদ্ধে কোনো জোরালো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি। সামনে তারা কিছু করতে পারবে, এমন লক্ষণও নেই। এ ধরনের পরিস্থিতি যেকোনো সরকারকেই কর্তৃত্ববাদী করে তোলে।
তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মধ্যে পুরোপুরি কর্তৃত্ববাদী হয়ে ওঠার লক্ষণ স্পষ্ট হয়ে উঠলেও বিরোধী পক্ষ আন্দোলনের শক্তি হারিয়ে ফেলায় এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি থিতিয়ে যাওয়ায় জনগণের মধ্যে একধরনের স্বস্তির ভাব বিরাজ করছে। বিশেষ করে ২০১৩ সালে দেশজুড়ে যে সংঘাত-সহিংসতা হয়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশবাসী মরিয়া হয়ে উঠেছিল। ফলে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যতই বিতর্ক থাকুক, সেই নির্বাচন এবং এর পরবর্তী প্রায় এক বছর সময়ে পর্যায়ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠা বর্তমান সরকারকে জনগণ আপাতভাবে মেনেই নিয়েছে। বর্তমানে যে ‘রাজনৈতিক স্বস্তি’ বজায় রয়েছে, এর সূত্র ধরেই অনেকে গণতন্ত্রের বিষয়টিকে আপাতত সাইডলাইনে রাখতে চাইছেন। তাঁরা এখন শুধু ‘উন্নয়নে’ মনোযোগী হতে আগ্রহী। মনোভাবটি এ রকম: সংঘাত ও সহিংসতাহীন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বজায় থাকুক, এটা উন্নয়ন নিশ্চিত করবে এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। এর সহজ অর্থ দাঁড়াচ্ছে, দেশে একটি নির্বাচিত সরকার থাকলেও গণতন্ত্র কার্যকর নেই—এটা স্বীকার করা এবং উন্নয়নের জন্য যে ‘স্থিতিশীলতা’ প্রয়োজন, তার স্বার্থে এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া।
(উচ্চমাত্রার) সম্পদ ও (প্রতিষ্ঠিত) গণতন্ত্রের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, তা সামাজিক বিজ্ঞানে প্রতিষ্ঠিত একটি বিষয়। তবে এই সম্পর্ক যতই শক্তিশালী হোক, এর কার্যকারণের বিষয়টি স্বতঃসিদ্ধ নয়। ‘প্রতিষ্ঠিত’ গণতন্ত্র তো দূরে থাক, ন্যূনতম গণতন্ত্রও নেই বা ছিল না, এমন দেশেও উচ্চমাত্রায় উন্নয়ন ও সম্পদ সৃষ্টির উদাহরণ রয়েছে। আবার অনেক ‘প্রতিষ্ঠিত’ গণতন্ত্রও প্রত্যাশিত উন্নয়ন দিতে পারেনি। উন্নয়নের সঙ্গে টেকসই গণতন্ত্রের সম্পর্কের একটি দিক স্পষ্ট করেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাডাম পশে্ভোর্স্কি তাঁরডেমোক্র্যসি অ্যান্ড ডেভেলপমেন্ট; পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড ওয়েলবিং ইন দ্য ওয়ার্ল্ড ১৯৫০-১৯৯০ বইয়ে। তিনি দেখিয়েছেন, একটি গণতান্ত্রিক সরকারের আমলে মানুষের আয় একটি নির্দিষ্ট মাত্রায় (পেন ওয়ার্ল্ড টেবিলে ডলারে মাথাপিছু আয় ৬ হাজার ৫৫ ডলার) পৌঁছানোর পর গণতান্ত্রিক শাসনের আর কখনোই পতন হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থার মধ্যে থেকে যদি মাথাপিছু আয় এই পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তবে নাহয় গণতন্ত্রের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা গেল, কিন্তু কোনো অগণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকারব্যবস্থার মধ্য দিয়ে যদি তা অর্জিত হয়, তবে তারা এরপর গণতন্ত্র দেবে, সেই নিশ্চয়তা কী? এ ধরনের ক্ষেত্রে তো তাহলে মাথাপিছু আয় সাড়ে ছয় হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর জনগণকে গণতন্ত্রের জন্য আন্দোলনে নামতে হবে!
গণতন্ত্রকে যাঁরা উন্নয়নের জন্য বাধা মনে করেন, তাঁদের যুক্তি হচ্ছে, উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের তরিকা সব সময় ভালো নয়। ‘গণতন্ত্রে জনগণের যে দাবিদাওয়াকে বিবেচনায় নেওয়া হয়, তা সব ক্ষেত্রে উন্নয়ন-সহায়ক নয়।... গণতন্ত্র অনেক সময় জনপ্রিয় দাবির প্রতি সংবেদনশীল... বা কখনো এমন সুনির্দিষ্ট দাবির প্রতি গণতন্ত্রকে মাথা নোয়াতে হয়, যা আসলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, প্রবৃদ্ধি ও বড় আকারের প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়।’ এই মন্তব্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইমেরিটাস প্রণব কুমার বর্ধনের। (ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট: এ কমপ্লেক্স রিলেশনশিপ)
আবার অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ধারণা বিবেচনায় নিলে উন্নয়নের অর্থ দাঁড়ায় ‘মুক্তি’। সে অনুযায়ী, গণতন্ত্র মানেই হচ্ছে উন্নয়ন। গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ে তাঁর অবস্থান খুবই উদার। কারণ, ‘উন্নয়ন’ বিষয়টি তাঁর কাছে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়; রাজনৈতিক ও মানবিক মুক্তি, সামাজিক সুযোগ, স্বচ্ছতার নিশ্চয়তা ও সুরক্ষামূলক নিরাপত্তার বিষয়গুলোকেও তিনি উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন।
উন্নয়নআগে, গণতন্ত্র পরে—এই ধারণার পক্ষে এশিয়ার যে দুটি দেশের উদাহরণ সবচেয়ে বেশি উল্লেখ করা হয়, তা হচ্ছে দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া ও পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া। গণতন্ত্রহীন ও কর্তৃত্ববাদী শাসনে মালয়েশিয়া দৃষ্টান্তমূলক উন্নতি করেছে (২০১৩ সালের হিসাবে গড় মাথাপিছু আয় ২২ হাজার ৫৫৫ দশমিক ৭৯ ডলার) এবং এই শাসনের ধারাবাহিকতা এখন চলছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া দীর্ঘদিনের (প্রায় ৩০ বছর) কর্তৃত্ববাদী ও সামরিক শাসনের যুগ (১৯৬০ সালে যেখানে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ১০৬ দশমিক ৭৫, সেখানে ২০১৩ সালে তা ২২ হাজার ৫৫৫ দশমিক ৭৯-তে দাঁড়িয়েছে) পার হয়ে আশির দশকের শেষেগণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে, তা টেকসই হিসেবেই বিবেচিত হচ্ছে। এর পর থেকে গ্রহণযোগ্য ও পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হচ্ছে।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ একটি লেখা লিখেছেন। শিরোনাম: ‘উন্নয়ন, সুশাসন ও রাজনীতির মালয়েশিয়ার মডেল কি বাংলাদেশে খাটবে?’ শিরোনামে প্রশ্ন থাকলেও শেষে তিনি যে সিদ্ধান্ত টেনেছেন, তাতে মালয়েশিয়া ধরনের মডেল যে বাংলাদেশে খাটবে না, সেটাই পরিষ্কার করেছেন। মালয়েশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সেখানে এখন গণতন্ত্রায়ণের দাবি জোরালো হয়েছে। তিনি লিখেছেন, ‘দেখা যাচ্ছে, বাংলাদেশে চালু করা তো দূরের কথা, খোদ মালয়েশিয়াতেই তথাকথিত মালয়েশিয়ার মডেলের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।’
এই তথ্যকে যথার্থ ধরেই তর্কের খাতিরে যে প্রশ্ন তোলা যায় তা হচ্ছে, দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ও অর্থনৈতিক উন্নয়নের পর গণতন্ত্রের আকাঙ্ক্ষা দেশবাসীর মধ্যে প্রবল হয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। নির্দিষ্ট ‘উন্নয়ন পর্ব’ শেষে এখন যদি দেশ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে, তবে তাকে কি মালয়েশিয়া মডেলের ব্যর্থতা বলা যাবে? মালয়েশিয়ায় এখন গণতন্ত্রের পক্ষে যে জোরালো দাবি উঠতে শুরু করেছে তা যদি সফল হয়, তবে সেখানকার ভবিষ্যৎ গণতন্ত্র ‘টেকসই’ (কারণ, মাথপিছু আয় একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে) হবে বলেই আমরা ধরে নিতে পারি। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে তা-ই হয়েছে, কর্তৃত্ববাদী শাসন অর্থনৈতিক উন্নয়ন দিয়েছে এবং এরপর সেখানকার জনগণকে রাস্তায় নেমে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে।
তবে ওয়াহিদউদ্দিন মাহমুদ মালয়েশিয়ার মডেল বাংলাদেশে না খাটার পক্ষে অন্য যে যুক্তিটি দিয়েছেন, সেটাই সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ। অমর্ত্য সেন তাঁর দি আরগুমেনটেটিভ ইন্ডিয়ান বইয়ে ভারতবর্ষের মানুষ সম্পর্কে যে মূল্যায়ন করেছেন, তা বিবেচনায় নিয়ে তিনি লিখছেন, ‘এ অঞ্চলের মানুষ সব সময়েই কোনো একক কর্তৃত্ব বা মতাদর্শ মেনে না নিয়ে বরং মুক্ত আলোচনা ও তর্ক-বিতর্কের মধ্য দিয়েই সমস্যা সমাধানের পথ খুঁজেছে। এ কারণেই পূর্ব এশিয়ার তুলনায় ভারতবর্ষের মানুষ ঐতিহ্যগতভাবেই বহুদলীয় উদার গণতন্ত্রে বেশি আগ্রহী।’ বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন বা মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া মডেলে উন্নয়নের ক্ষেত্রে আসলে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে।
সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এক জরিপ করেছে। বিষয় কোন দেশের মানুষের রাজনীতিতে অংশগ্রহণের মাত্রা কত? পৃথিবীর ৩৩টি দেশের ওপর চালানো এই জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ উচ্চমাত্রায় রাজনীতিতে অংশগ্রহণ করে। ৩৩টি দেশের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এর পরেই আছে ভারত, সেখানে ৪৭ শতাংশ মানুষ উচ্চমাত্রায় রাজনীতিতে সক্রিয়। পিউ রিসার্চ সেন্টারের জরিপের ফলাফল ভারতবর্ষের মানুষ (ভারত–বাংলাদেশ মিলিয়ে) সম্পর্কে অমর্ত্য সেনের মূল্যায়নকে পুরোপুরি সমর্থন করছে।
৫ জানুয়ারি নির্বাচনের পরের ‘স্থিতিশীল’ পরিস্থিতি ও বিরোধী রাজনৈতিক শক্তির লক্ষ্যহীন ও বিভ্রান্ত দশাই হয়তো অনেককে আগে উন্নয়ন ও পরে গণতন্ত্রের ধারণা নিয়ে ভাবতে উৎসাহিত করেছে। কিন্তু সবটাই আসলে নির্ভর করবে এ দেশের ‘উচ্চমাত্রায়’ রাজনীতি–সক্রিয় জনগণের ওপর। ‘একক কর্তৃত্ব বা মতাদর্শ’ মানতে অনভ্যস্ত ও ‘ঐতিহ্যগতভাবে বহুদলীয় উদার গণতন্ত্রে বিশ্বাসী’ জনগণ আর কত দিন ‘স্থিতিশীলতায়’ মজে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।