আগে মহাসড়ক, পরে টোল

আমাদের দেশে সড়কপথে চলতে কিছু সেতুতে টোল দিতে হয়। সেতু বানাতে অনেক খরচ, টোল আদায়ের মাধ্যমে তা তোলার চেষ্টা করা হয়। সেতুর কারণে সময় বাঁচে, ঝক্কিঝামেলা থেকেও মুক্তি মেলে। টোল দিলেও সে কারণে গায়ে লাগে না। বঙ্গবন্ধু যমুনা সেতুর আগে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ কতটা কঠিন ছিল, তা ভুক্তভোগীরা জানে। মেঘনা ও দাউদকান্দি সেতুর ফল ভোগ করছে বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীর মানুষ। এসব বড় সেতু ছাড়াও আরও অনেক সেতু রয়েছে, যেগুলোতে টোল দিয়ে যানবাহন চলাচল করে। পদ্মা সেতু হচ্ছে, যার সুফল দক্ষিণবঙ্গের মানুষ পাবে। সেই সেতুতেও টোল দিয়ে চলতে হবে। এখন পদ্মা পার হওয়ার যে দুর্ভোগ, তা সেতু তৈরির পর টোল দিলেও পুষিয়ে যাবে। মোটকথা, সেতু বানিয়ে সরকার জনগণকে যে সার্ভিস বা সেবা দিচ্ছে, তার বিনিময়ে টোল আদায় করছে। একে অন্যায্য বলা যাবে না।
সরকার এখন সড়ক পরিবহনে এই টোলের আওতা আরও বাড়াতে চাইছে। সরকারের পরিকল্পনা হচ্ছে, দেশের কিছু নির্দিষ্ট মহাসড়ক থেকে টোল আদায় করা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। মহাসড়কে টোল চালু করা যায় কি না, তা যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এখন সেটা আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন, রাস্তাঘাট বানাতে অনেক অর্থ খরচ হয়। তাই টোল আদায় করে যদি একটি নির্দিষ্ট তহবিলে রাখা যায়, সেখান থেকে রাস্তাঘাট মেরামত করা যাবে। এটা প্রাথমিক ধারণা। অনেক কিছু ঠিক করার বিষয় রয়েছে।
একনেকের ওই সভার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই বৈঠকের সপ্তাহখানেকের মধ্যেই জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার প্রক্রিয়া শুরুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সড়কে টোল আছে। চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক হবে। যারা সড়ক ব্যবহার করবে, সব দেশেই তাদের টোল দিতে হয়। বাংলাদেশ কেন ব্যতিক্রম থাকবে? তাঁর বক্তব্য অনুযায়ী, আপাতত চার লেনের যে মহাসড়কগুলো আছে, সেগুলোতে টোল বসানোর চিন্তাভাবনা চলছে।
সরকার যখন মহাসড়কে টোল বসানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তখন জরুরি প্রশ্নটি হলো, দেশে আদৌ কোনো মহাসড়ক আছে কি? গত বছর জুনে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল হকের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে তিনি স্পষ্ট করেই যা বলেছিলেন তা হচ্ছে, আমাদের দেশে কোনো মহাসড়ক নেই। মানে ‘মহাসড়ক’ বলতে যা বোঝায় বা যে সুযোগ-সুবিধাগুলো থাকা উচিত, তা বাংলাদেশে নেই। কোনো যানবাহন যদি মহাসড়কের সুবিধা না পায়, তাহলে তার জন্য টোল দেবে কেন?
মহাসড়ক বলতে সেই সড়কগুলোকেই বোঝানো হয়, যেখানে উচ্চগতিতে এবং নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলতে পারবে। মহাসড়কগুলোতে যানবাহনের প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত। চাইলেই যেকোনো যানবাহন সেখানে প্রবেশ করতে পারবে না। মহাসড়কে কোনো মোড় থাকতে পারবে না। আর মহাসড়কে কোনো নন-মোটর অ্যাক্টিভিটি থাকতে পারবে না। এই রাস্তাগুলো হতে হবে উচ্চমানের। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বলা যায় সার্বক্ষণিক নজরদারির বিষয়টি মহাসড়কে নিশ্চিত করতে হয়। সড়কের কোথাও সামান্য কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গেই তার সমাধান করতে হয়।
মহাসড়কের এই সাধারণ শর্তগুলো আমাদের ‘মহাসড়কগুলোর’ সঙ্গে মেলে কি? আমাদের কোনো সড়কে কি বাধাহীনভাবে ও উচ্চগতিতে গাড়ি চালানো সম্ভব? আপনার বাহনের গতি ৬০ কিলোমিটার ছুঁতে না ছুঁতেই আপনি হয়তো চলে আসবেন মহাসড়কের ওপর বসা কোনো বাজারের সামনে। অথবা মুখোমুখি হবেন উল্টো দিক থেকে আসা কোনো ট্রাকের। কিংবা হঠাৎ খেয়াল করবেন, পাশে নিচ থেকে একটি ভটভটি, নছিমন বা করিমন ‘মহাসড়কে’ ওঠার জন্য নাক বের করে আছে। যেকোনো সময় মহাসড়কে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়তে পারে আপনার দ্রুতগতির বাহনের সামনে। আছে রিকশা বা ভ্যানের উপদ্রব। যে সড়কে পায়ে প্যাডেল চালানো রিকশা বা ভ্যান চলে, তাকে কি ‘মহাসড়ক’ বলা চলে? ধান শুকানো বা গরু-ছাগল চলে আসতে পারে যে সড়কে?
সামছুল হক বলেছিলেন, ‘রাস্তা ভালো হলেই তা মহাসড়ক নয়। মহাসড়কে ধমনির সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে আমাদের দেশে এ ধরনের সড়কে অসংখ্য ব্লক রয়েছে। ব্লক মানেই চাপ তৈরি হবে। তবে দেশে কোনো মহাসড়ক নেই, এই তথ্যের চেয়েও ভয়াবহ তথ্য হচ্ছে বর্তমান সড়কগুলোকে মহাসড়কে রূপান্তর করার সম্ভাবনাও নষ্ট হয়ে গেছে এবং যাচ্ছে। খুবই হতাশা নিয়ে বলতে হচ্ছে, গত ৪৭ বছরে আমরা একটিও বাধাহীন মহাসড়ক তৈরি করতে পারিনি।’
আমাদের দেশে উন্নয়ন হয়, রাস্তাঘাট হয়, কিন্তু সেখানে বাস্তব বিবেচনা বোধ কম থাকে। মহাসড়ক কেমন হয় বা হওয়া উচিত, সেই মডেল বিশ্বজুড়ে আছে। আমাদের নতুন করে কিছু করার দরকার নেই। এই মডেলগুলো বিবেচনায় নিলেই হয়। রাস্তা প্রশস্ত করার সময় যদি স্থানীয় জনগণের কথা মাথায় রাখা না হয়, তবে তা কখনো ফল দেবে না। একটি চওড়া সড়ক বানিয়ে আমরা এর নাম দেব মহাসড়ক, কিন্তু স্থানীয় জনগণের কথা বিবেচনায় রাখব না, তা হতে পারে না। আইন অনুযায়ী, আমাদের দেশের ‘মহাসড়কে’ করিমন বা নছিমনের মতো বাহন চলা নিষিদ্ধ। রিকশা বা রিকশাভ্যানের চলাচল করারও নিয়ম নেই। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো চলবে কোথায়? স্থানীয় ও গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা রয়েছে। সে কারণে শুধু আইন করে মহাসড়কে এসব বাহনের চলাচল ঠেকানো যাবে না। এবং আমরা দেখছি যে যাচ্ছেও না। এসব যানবাহনের গুরুত্ব বিবেচনা করে মহাসড়কের পাশে নিচে এগুলোর চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। মহাসড়কের নিচ দিয়ে এসব বাহনের এপার-ওপার যাওয়ার সুযোগও থাকতে হবে। এসব মেনে দেশে একটি মহাসড়কও তৈরি হয়নি। খুব বেশি দিন হয়নি যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হয়েছে। এটা বিস্ময়ের যে, এই সড়কটি চার লেন করার সময়ও এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি।
সামছুল হককে আবারও উদ্ধৃত করি। ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সত্যিকারের মহাসড়কের চরিত্র দিতে হলে উচিত ছিল দুই স্তরের রাস্তা করা। যে রাস্তায় কোনো মোড় থাকবে না। উচিত ছিল যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা এবং সড়কের পাশের ভূমি ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া।’
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সড়কপথে ২৪৮ কিলোমিটারের মতো। একটি মহাসড়কে ন্যূনতম ১১০ কিলোমিটার গতিতে গাড়ি চলার কথা। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যে চার লেন সড়কটি হয়েছে, তা যদি সত্যিকারের মহাসড়ক হতো, তাহলে এই দূরত্ব যেতে তিন ঘণ্টার বেশি লাগার কথা নয়। কিন্তু আমাদের অভিজ্ঞতা কী বলে? মহাসড়কের কোনো সুযোগসুবিধা নেই, কিন্তু যানবাহনকে ‘মহাসড়কের’ টোল দিতে হবে—এটা কেমন বিচার! প্রকৃত মহাসড়ক বানিয়ে যদি তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম আসা-যাওয়া করা যায়, তখন টোল আদায় যৌক্তিক হতে পারে। তখন ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাক—যা-ই হোক না কেন, কেউই টোল দিতে আপত্তি করবে বলে মনে হয় না। একজন আমদানিকারক বা রপ্তানিকারক যদি তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম পণ্য আনা–নেওয়া করতে পারেন, তাহলে তো খুশি হয়েই তাঁর টোল দেওয়ার কথা।
তবে যে ‘মহাসড়কগুলোতে’ সরকার টোল আদায়ের কথা ভাবছে, তা টেকনিক্যাল কারণে সম্ভব হবে কি না, সেটাও এক বড় প্রশ্ন। উন্নত দেশে যেসব মহাসড়ক বা এক্সপ্রেসওয়েতে টোল আদায় করা হয়, সেগুলো বানানোর সময়ই সেভাবে তৈরি করা হয়। কারণ, টোল আদায়ের রাস্তায় যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকে। নির্দিষ্ট স্থান দিয়ে সেই মহাসড়কে প্রবেশ করতে হয় এবং বের হতে হয়। তা না করা গেলে যে কেউ মহাসড়কে উঠে পড়তে পারে আবার টোল না দিয়েই বের হয়ে যেতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কথা বিবেচনায় নিলে বর্তমান কাঠামোতে তা করা অনেকটাই অসম্ভব বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক। তিনি মনে করেন, মহাসড়কে টোল আদায় করতে গেলে একে দুই স্তরের রাস্তায় রূপান্তর করতে হবে। মাঝখানে টোল হাইওয়ে ও দুই পাশে সাধারণ হাইওয়ে। এটি করতে অনেক সময় লাগবে। এসব কারণে বর্তমান মহাসড়কগুলোতে সরকারের টোল আদায়ের ধারণা বাস্তবায়ন করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
পদ্মা সেতুর সঙ্গে যুক্ত ঢাকা-মাওয়া মহাসড়ক যেভাবে তৈরি হচ্ছে, তা একটি পূর্ণাঙ্গ মহাসড়ক হতে যাচ্ছে। এখানে দুই স্তরের সড়ক থাকবে। এই মহাসড়কে কোনো মোড় থাকবে না। যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে এবং স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য আলাদা রাস্তা থাকবে। মহাসড়কে টোল আদায়ের ভাবনা সরকার এই ঢাকা-মাওয়া মহাসড়কের মাধ্যমে বাস্তবায়ন ও শুরু করতে পারে। একটি প্রকৃত মহাসড়কে টোল আদায়ের বিষয়টি হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। আর বাকি ‘মহাসড়কগুলোকে’ আগে প্রকৃত মহাসড়কে পরিণত করার উদ্যোগ নিতে হবে। টোল আদায়ের বিষয়টি আসবে এরপর।
এ কে এম জাকারিয়া: প্রথম আলোর উপসম্পাদক