আঙ্কল টম বিশ্বাসঘাতক ছিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসিয়া হেনসনের আত্মজীবনী ‘দ্য লাইফ অব জোসিয়া হেনসন’-এ ছাপা হওয়া হেনসনের ছবি
জোসিয়া হেনসনের আত্মজীবনী ‘দ্য লাইফ অব জোসিয়া হেনসন’-এ ছাপা হওয়া হেনসনের ছবি

উনিশ শতকের সাড়া জাগানো উপন্যাস ‘আঙ্কল টমস কেবিন’ রচিত হয়েছিল জোসিয়া হেনসন নামক একজনের আফ্রো-আমেরিকান দাসের আত্মজীবনী ‘দ্য লাইফ অব জোসিয়া হেনসন’-এর ওপর ভিত্তি করে। অথচ আমেরিকায় স্থায়ীভাবে দাস প্রথা বিলুপ্ত হওয়ার ১৫০ বছর পর হেনসন এখন এক বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ওয়াশিংটনে তিনি একসময় যে বাড়িটিতে থাকতেন, সেটিকে বর্তমানে একটি জাদুঘরে রূপ দেওয়ার প্রচেষ্টা ধীর গতিতে এগোচ্ছে।
হ্যারিয়েট বিইচের স্টোয়ি রচিত ‘আঙ্কল টমস কেবিন’ প্রকাশিত হয় ১৮৫২ সালে। এটি ১৯ শতকের সর্বাধিক বিক্রীত উপন্যাসগুলোর মধ্যে একটি। এটি প্রকাশিত হওয়ার পর পুরো যুক্তরাষ্ট্রে প্রবল প্রতিক্রিয়া হয়। রাষ্ট্রটির দক্ষিণের শিল্পনির্ভর রাজ্য এবং উত্তরের দাস ব্যবসায়ী রাজ্যগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ১৮৬১-১৮৬৫ সালের গৃহযুদ্ধের সময় এ উত্তেজনা শুরু হয় এবং এর আনুষ্ঠানিক সমাপ্তি হয় দাসপ্রথা বিলোপের মাধ্যমে।
হেনসন যে অঞ্চলে থাকতেন সেটি এখন ওয়াশিংটনের একটি অভিজাত এলাকা। তিনি একসময় যে গম ও তামাকের খেতে কাজ করতেন সেখানে একটি ছোট সাদা রঙের এক কক্ষ বিশিষ্ট কাঠের বাড়িই কেবল অবশিষ্ট আছে। অবশ্য বাড়িটি ঠিক সেই জায়গাতে নয় যেখানে হেনসন থাকতেন। তাঁর আত্মজীবনীতে যে বর্ণনা রয়েছে তার ওপর নির্ভর করে বাড়িটি নির্মিত হয়েছে তিনি সেখান থেকে চলে যাওয়ার অনেক পরে। ২০০৬ সালে ‘ম্যারিল্যান্ড মন্টগোমেরি কাউন্টি’ নামক একটি সংস্থা বাড়িটি কিনে নেয়। প্রত্নতাত্ত্বিকেরা ওই সংস্থাটির সঙ্গে মিলে বাড়িটিকে পুনর্নির্মাণ করে হেনসনের সাবেক বাড়ির আদলে গড়ে তুলতে চাইছেন। প্রত্নতাত্ত্বিকেরা এখানে একটি রান্নাঘরের চিহ্নও খুঁজে পেয়েছেন। জোসিয়া হেনসন তাঁর মায়ের সঙ্গে ১৭৯৫ সালে যখন এ বাড়িটিতে আসেন, তখন তাঁর বয়স ছিল পাঁচ বছর। হেনসনের মনিব আইজাক রিলে’র কৃষিখামারে ৩০ বছরের কর্মজীবনে তিনি প্রায়শই এখানে রাতে থাকতেন।
মন্টগোমেরি কাউন্টি পার্কের ম্যানেজার শেরিল স্পাইসার নির্মিতব্য জাদুঘরটিতে হেনসনের আত্মজীবনী এবং ‘আঙ্কল টমস কেবিন’ এর বিভিন্ন সংস্করণ পাশাপাশি সাজিয়ে রাখার পরিকল্পনা করেছেন। যদিও তিনি উল্লেখ করেন পর্যাপ্ত অর্থের জোগান না থাকায় পাঁচ বছরের আগে এটি নির্মাণ করা সম্ভব নয়।
স্পাইসার বলেন, হেনসন এখনো একটি স্পর্শকাতর নাম। বিশেষত আফ্রো-আমেরিকান অনেকেই মনে করেন তিনি তাঁর ‘শ্বেতাঙ্গ মনিবের আনুগত্য বজায় রাখার জন্য নিজের গোষ্ঠীর সঙ্গে বেইমানি করেছেন’। অনেকের কাছেই ‘আংকেল টমে’র সমার্থক হলো ‘চাটুকার’, ‘বিশ্বাসঘাতক’ বা ‘দালাল’। এমনকি স্পাইসার উল্লেখ করেন, কয়েক বছর আগে হেনসনের উত্তরাধিকারীরা স্বীকার করেছেন, হেনসনের কারণে তাঁদের সব সময় লজ্জিত হতে হয়েছে।
১৮২৫ সালে হেনসনের মনিব আইজাক রিলে পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য তাদের চোখ এড়িয়ে হেনসনসহ কয়েকজন দাসকে কেন্টাকিতে তাঁর ভাইয়ের কৃষিখামারে পাঠিয়ে দেন। না হলে পাওনাদারেরা টাকা না পেয়ে ওই দাসদের নিয়ে যেত। দীর্ঘ পায়ে হাঁটা সেই যাত্রাপথে হেনসন চাইলেই পালাতে পারতেন। তিনি তা করেননি বরং সেখান থেকে আয় করা অর্থের মাধ্যমে তিনি তার স্বাধীনতা কিনতে চেয়েছিলেন। কিন্তু তার উপার্জিত টাকায় সেটি তিনি কিনতে পারেননি। ইতিহাসবিদ কুহন বলেন, তিনি ভাবতেন স্বাধীন হওয়ার একমাত্র বৈধ উপায় হলো স্বাধীনতা কিনে নেওয়া।
তবে ১৮৩০ সালে হেনসন অন্যান্য দাসদের সঙ্গে আন্ডারগ্রাউন্ড রেলরোড নামে পরিচিত চোরাপথে কানাডা চলে যান। সেখানে তিনি দাসদের একটি গোপন কমিউনিটি গড়ে তোলেন এবং নিজে তার ‘ম্যাথডিস্ট মিনিস্টার’ হিসেবে কাজ করেন।
একটা সময়ে রিলের কৃষিখামারে হেনসনের অধীনে আরও ২০ জন দাস কাজ করতেন। প্রত্নতত্ত্ববিদ ক্যাসেন্ড্রা মিকাউড বলেন, সাবেক এ খামারে তিনি শেকল বা গলাবন্ধ জাতীয় কিছুর অস্তিত্ব খুঁজে পাননি। তার অর্থ হলো হেনসন এসব ছাড়াই নিজের ব্যক্তিত্বের মাধ্যমে ভালোভাবেই তার অধীনস্থ দাসদের সামলে রাখতে পারতেন।
মন্টোগোমেরি কাউন্টির কর্মকর্তারা হেনসনকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। স্পাইসার বলেন, ‘উপন্যাসের চরিত্রের আড়ালে থাকা আসল মানুষটিকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই।’