
জেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে সম্প্রতি। প্রধান নির্বাচন কমিশনারের মতে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এ দাবি নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। তবে এটাকে সুষ্ঠু নির্বাচন বলতে কিছু দিক বিবেচনা করার থাকে। তার মধ্যে আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। কোনো নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তার জন্য প্রার্থী ও তাঁর সমর্থকদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। বিধিনিষেধও থাকে তাঁদের কার্যক্রমে। সীমারেখা টেনে দেওয়া হয় প্রচার–প্রচারণাসহ বেশ কিছু ক্ষেত্রে। এগুলো যথাযথভাবে অনুশীলন করা না হলে নির্বাচনের ফলাফলে অনভিপ্রেত প্রভাব পড়ে। সে ক্ষেত্রে এ নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, এমন দাবি করা কতটা যৌক্তিক, তা দেখার থাকে।
আলোচিত জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে বলে পত্রপত্রিকার খবরে লক্ষ করা যায়। আমাদের দেশে অন্যান্য নির্বাচনেও ক্ষেত্রবিশেষে তা হয়। কিছু ক্ষেত্রে কমিশনের সক্রিয়তায় ভ্রাম্যমাণ আদালত দণ্ড বিধান করেন আচরণবিধি ভঙ্গকারীদের। আবার কোথাও বা অভিযোগের প্রকৃতি তেমন বেশি কিছু না হলেও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে লিখিতভাবে সতর্ক করা হয়। ক্ষেত্রবিশেষে তা-ও হয় না। তা না হলে আপনা থেকেই ভোটের ফলাফল প্রভাবিত হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধান গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। আর জেলা পরিষদ নির্বাচনে তা করা হয়েছে বটে। কারও মতে একটু অস্বাভাবিক মাত্রায়। একটি দৈনিকের খবর অনুসারে, ৬০ হাজার ভোটারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৫ হাজার সদস্য দায়িত্ব পালন করেছেন। তবে এ আধিক্য নিয়ে দোষ দেওয়া যাবে না। কিন্তু নির্বাচনী আইন, বিধিমালা ও আচরণবিধি শুধু ভোট গ্রহণ বা ভোটকেন্দ্রকে নিয়েই নয়, ভোটের আগে থেকে পরে—সব স্তরই এর আওতায় আসে। আর সুষ্ঠু ভোটের জন্য আবশ্যক এগুলোর যথার্থ প্রতিপালন।
জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধির বেপরোয়া লঙ্ঘন নিয়ে অনেক সংবাদপত্রে বিভিন্ন তথ্য এসেছে তফসিল ঘোষণার পর থেকেই। উল্লেখ্য, এ নির্বাচন দলীয় ভিত্তিতে হয়েছে। আর এতে ক্ষমতাসীন দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরাই ছিলেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় পার্টির একজন প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বলে জানা গেলেও দলটি আলোচ্য নির্বাচনে দলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তেমনি অংশ নেয়নি অন্য কোনো দল বা জোট। উল্লেখ্য, ৬১টি জেলা পরিষদের (তিনটি পার্বত্য জেলা ছাড়া) নির্বাচনের বিধান করা হয়েছে নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। নির্বাচকমণ্ডলীতে আছেন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পৌরসভার মেয়র ও কমিশনারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা। প্রতিটি জেলা পরিষদে ১৫ জন সদস্য, ৫ জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য এবং একজন চেয়ারম্যান নির্বাচনের বিধান করা রয়েছে। সাধারণ ভোটাররা এ নির্বাচনে অংশীজন নন।
এমন হতেই পারে। পশ্চিমবঙ্গেও পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচকমণ্ডলীর মাধ্যমে ব্লক ও জেলা পরিষদ নির্বাচনের বিধান রয়েছে। উল্লেখ করা যায়, গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দল কোনো না কোনো কারণে উল্লেখযোগ্য আসন লাভ করতে পারেনি। সুতরাং নির্বাচকমণ্ডলীতে তারা সুস্পষ্ট সংখ্যালঘিষ্ঠ। এ অবস্থায় আলোচ্য নির্বাচনে তাদের অংশগ্রহণ না করার সিদ্ধান্তই স্বাভাবিক। অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি দাবি করছে, এ নির্বাচন অসাংবিধানিক বলে তারা অংশ নেয়নি। তবে প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন ক্ষমতাসীন দলের বেশ কিছু বিদ্রোহী প্রার্থী। অন্যদিকে ২০১৪–এর জাতীয় সংসদ নির্বাচনের ঐতিহ্য অনুসরণে ২১ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিকট অতীতের স্থানীয় সরকারসমূহের নির্বাচনগুলোর ঐতিহ্যের ধারাবাহিকতায় ফেনী জেলার চেয়ারম্যানসহ সব সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে।
আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে রাশি রাশি। হয়তোবা কিছুসংখ্যকের কোনো ভিত্তি নেই। তবে অনেকগুলোরই আছে। নির্বাচন কমিশন তার কিছু বিবেচনায়ও নিয়েছে। কিন্তু তাঁরা যেভাবে এর নিষ্পত্তি করতে চেয়েছেন, তা কতটা গ্রহণযোগ্য, সেটা আলোচনা করা যেতে পারে। ঢাকার একটি ইংরেজি দৈনিকের গত ২৭ ডিসেম্বরের একটি প্রতিবেদন এখানে উল্লেখ্য। প্রতিবেদনে দেখা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ক্ষমতাসীন দলের কিছু আইনপ্রণেতা এ নির্বাচনে কোনো না কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। উল্লেখ করা যায়, মন্ত্রী, সংসদ সদস্যসহ বেশ কিছু উচ্চ পদাধিকারী স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। কিন্তু তাঁদের বেশ কয়েকজন তা করেছেন। এতে সুস্পষ্টভাবে ভঙ্গ হয়েছে আচরণবিধি। এ আচরণবিধি ভঙ্গকারীদের ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার পর্যন্ত জরিমানা, এমনকি উভয় দণ্ড হওয়ার বিধান রয়েছে।
কিন্তু আলোচ্য নির্বাচনে বেশ কয়েকজন আইনপ্রণেতা, এমনকি মন্ত্রী তা ভঙ্গ করলে কাউকে কাউকে মৌখিক বা লিখিতভাবে সতর্ক করা হয়েছে বলে কোনো কোনো রিটার্নিং অফিসার দাবি করেছেন। দু–একটি ক্ষেত্রে এমন করা যায়। তবে কমিউনিটি সেন্টারে নির্বাচকমণ্ডলীর সভা ডেকে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইলে কিংবা এমনটি করতে সার্কিট হাউস ব্যবহার করলে তাঁদের আইনের আওতায় আনা কি সংগত নয়? দু–একটি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এ প্রবণতায় আপনা থেকেই ভাটা পড়ত। কমিশনের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও যখন প্রয়োগ করা হয় না, তখন আচরণবিধি ভঙ্গকারীরা আরও বেপরোয়া হবেন, এমনটাই স্বাভাবিক। আর এর প্রভাব শুধু এই নির্বাচনে নয়, সামনেও পড়বে। ‘কিছুই হবে না’ ধরে নিয়ে ভবিষ্যতেও এমন করতে আরও কেউ কেউ সদর্পে সক্রিয় হতে পারেন। আইনপ্রণেতাদের কর্তৃক এমন আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এসেছে চাঁদপুর, নরসিংদী, পাবনা, নাটোর, রাজশাহী থেকে। তাঁদের মধ্যে আছেন একজন মন্ত্রী। একটি মহানগরীতে এ বিধি ভঙ্গ করেছেন নগরপিতা।
নির্বাচনের দিন ও তার আগের দুদিন সংসদ সদস্যরা তাঁদের নির্বাচনী এলাকায় থেকে যাতে আচরণবিধি ভঙ্গ করতে না পারেন, সে জন্য কমিশন যে ব্যবস্থা নিয়েছে, তা প্রতিষ্ঠানটির দৈন্যকেই সামনে নিয়ে এসেছে। তাঁরা অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে। কিন্তু কাজটি নির্বাচন কমিশনেরই। আর কমিশন তা করবে আইন ও বিধি দ্বারা ক্ষমতাবলে। অবশ্য বর্তমান নির্বাচন কমিশন তাদের ওপর আরোপিত অনেক ক্ষমতাই বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেও প্রয়োগ করেনি, এমনটা বললে অমূলক হবে না। আর তা করার কোনো নিবিড় প্রচেষ্টাও লক্ষণীয় হয়নি। ফলে যা ঘটার, তা–ই ঘটে চলছে। আর এ কমিশনের কর্মকাল শেষ হলেও ধারাবাহিকতা থেকে যাবে। এটা বিপরীতমুখী করা জটিল ও কঠিন প্রক্রিয়া। আইনানুগ ক্ষমতা থাকা সত্ত্বেও কমিশন স্পিকারের সহায়তা চাইল। কমিশনে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিরা আছেন। তাঁরা নিশ্চয়ই সাংসদদের ওপর স্পিকারের নির্বাহী কর্তৃত্ব কতটুকু, সে সম্পর্কে অবগত। তাঁরা ভালোভাবেই পড়েছেন সংসদের কার্যপ্রণালি বিধি। সংসদ অধিবেশন কক্ষ এবং সংসদ এলাকার বাইরে কোনো সংসদ সদস্য আইন ভঙ্গ করলে প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংসদ সদস্যদের কারও বিরুদ্ধে মামলার তদন্ত ও বিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে স্পিকারকে কিছু ক্ষেত্রে অবগত রাখতে হয়। এখানে স্পিকারের কোনো ভূমিকা নেই। নির্বাচনসম্পর্কিত আইন বা বিধির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এগুলো ভঙ্গ করলে কোনো আইনপ্রণেতাও একই নিয়মের আওতায় আসবেন। অবশ্য তাঁরা জনপ্রতিনিধি এবং সম্মানিত লোক। তাঁদের বিষয়টি স্পর্শকাতরও বটে। আবার তাঁরা বেআইনি প্রভাব খাটাবেন, এটাও কাঙ্ক্ষিত হতে পারে না। তাঁদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাও জনগণের কাছে দৃশ্যমান হতে হবে। বর্তমান প্রশাসনিক প্রেক্ষাপটে বিষয়টি বেশ জটিল, সন্দেহ নেই। তবে কাজটি কাউকে না কাউকে করতেই হবে।
জেলা পরিষদ নির্বাচনটি কার্যত বর্তমান কমিশনের জাতীয় পর্যায়ে শেষ কার্যক্রম ছিল। এখানে ভোটারের সংখ্যা ছিল সীমিত। ক্ষমতাসীন দল ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিল না অন্য কোনো দল। এখানে নিয়মকানুনের কঠোর প্রয়োগ অনেকটা সহজ ছিল। আর তা প্রয়োগ করা সম্ভব হলেই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনারের দাবি যথার্থ বলে বিবেচিত হতো। দুর্ভাগ্যজনকভাবে এ ক্ষেত্রেও দাবিটি প্রতিষ্ঠিত হয়নি। বরং আবারও প্রশ্নবিদ্ধ হলো কমিশনের সক্ষমতা।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]