আজ এই অন্য রকম উৎসবের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সাদা পাঞ্জাবি আর পায়জামা ছিল। এর বাইরে ক্লাস এইট পর্যন্ত আমার একটাই ফুলপ্যান্ট ছিল, সেটা খাকি রঙের, রংপুর জিলা স্কুলের ড্রেস। আমাদের একটা ইস্তিরি ছিল, সেটা ছিল শুধুই ভারী লোহার, ওটা বোধ হয় চুলায় ধরে গরম করতে হতো, আরেকটা ই​স্তিরি ছিল, সেটার পেটে কয়লা ভরা যেত, আমরা কাঠ-কয়লা ভরে তার ভেতরে জ্বেলে দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করতাম। ঈদের আগে এই একটা কাজ ছিল, পায়জামা-পাঞ্জাবি ইস্তিরি করা। আর আমাদের একটা সেমাই বানানোর মেশিন ছিল। সেটায় আটার ময়াম ভরে হাত দিয়ে হ্যান্ডেল ঘোরাতে হতো। টিউবওয়েলের পানির মতো লোহার মুখ দিয়ে সেমাই পড়ত। সেই সেমাই আমরা ছাদে মাদুর বিছিয়ে শুকাতে দিতাম। একটা লম্বা পাটখড়ি হাতে সেই সেমাই পাখিদের কবল থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমি ছাদে গিয়ে বসতাম। একা একটা কাগজ দিয়ে চোঙ বানাতাম, সেটা পাটখড়ির মাথায় বেঁধে টাঙালে তা মাইকের কাজ করত। সঙ্গে গুনা পেঁচিয়ে তার ঝুলিয়ে মাথায় একটা দেশলাইয়ের বাক্স বাঁধলে তা হতো মাইক্রোফোন। এবার শুরু হলো আমার রেডিওর নিজস্ব অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামের কবিতা, ফররুখ আহমেদের কবিতা আবৃত্তি করতাম। ঈদের সকালে সবচেয়ে কঠিন ছিল গোসল করা। ছোটবেলায় ঈদ হতো শীতকালে। রংপুরের শীত মানে দার্জিলিংয়ের হাওয়া। একটুখানি গরম পানি এক বালতি ঠান্ডা পানিতে মিশিয়ে টিউবওয়েলের পাড়ে গায়ে ঢালতেই উত্তুরে হাওয়া এসে আমার পাঁজরের হাড়ে কাঁপন তুলত। গোসল সেরে আমরা চার ভাই, চাচাতো ভাইয়েরা হাতে জায়নামাজ নিয়ে চলতাম মসজিদের মাঠে।
আব্বা মারা গেছেন আজ থেকে ২১ বছর আগে। এরপর আমরা রংপুরে গেলে নামাজের পর সবাই মিলে চলে যেতাম মুন্সিপাড়া গোরস্থানে। আব্বার কবর জিয়ারত করতে।
আজকে আব্বা নেই। আমাদের ছেলেপুলেরা আছে। সবাই একসঙ্গে মিলে গেলাম নামাজ পড়তে।
নামাজের আগে ইমাম সাহেব বললেন, চার রকমের মানুষের তওবা কবুল হয় না। যারা বাবা-মাকে কষ্ট দেয়, যারা মদ্যপান করে রোজ মাতাল থাকে, যারা আত্মীয়তা নষ্ট করে আর যারা হিংসা পোষণ করে। শুনে চোখ ছলছল করে। কেন আজ এত হিংসা এই পৃথিবীজুড়ে?
বাসায় ফিরে ওই গানটা শুনছি—‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। তাতে বলা হচ্ছে, ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।’ আমাদের অঞ্চলে ইসলাম কিন্তু প্রেম দিয়েই প্রতিষ্ঠা করা হয়েছিল। সুফি সাধকেরা প্রেমের বাণী, সাম্যের বাণী প্রচার করেছিলেন, তাতেই এ অঞ্চলের মানুষ ইসলামে আকৃষ্ট হয়েছিল। তাই এই দেশে কখনোই কোনো জঙ্গিবাদ-উগ্রবাদ স্থান পায়নি।
কিন্তু আজ কী দুঃখের দিনেই না ঈদ এসেছে আমাদের দ্বারে।
অনলাইনে কলকাতার টেলিগ্রাফ পড়ছিলাম।
‘আমার মেয়েকে শহীদ বলবা না! মেয়েটা অনেক দিন বাঁচতে চেয়েছিল।’ ঢাকা অ্যাটাকে খুন হওয়া তারিশি জৈনের মা তুলিকা জৈন বলছিলেন।
‘আমি শক্ত হতে চাই না। আমাকে শক্ত হতে বলবা না। আমার মেয়েকে খুন করল কেন? আমাকে একটা রিজন দেখাও, কেন মারল? মানুষের জীবন এত সস্তা? সস্তা?’ মেয়ের কফিনে মাথা ঠেকিয়ে বসে ছিলেন মা, চোখে পানি।
ঢাকা থেকে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে, ভারতের গুরগাঁওতে চলছিল তারিশির সৎকার অনুষ্ঠান। ওর মা তুলিকা একা একা কথা বলছিলেন, মাঝেমধ্যে পাশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলছিলেন।
‘আমার তারু কই? আমার এত ভালো মেয়েটা! আমি কী এমন ভুল করেছি যে আমার তারুকে এইভাবে মারল?’ মায়ের কণ্ঠে প্রশ্ন। ‘খবরদার, আমার মেয়েকে শহীদ বলবা না। আমার মেয়েটা বাঁচতে চেয়েছিল। ওকে যখন পশুর মতো মেরে ফেলেছিল, আমি তখন কাছাকাছিই ছিলাম। আমি কেন কিছু করতে পারলাম না?’
আহা। কাজী নজরুল ইসলাম, আমাদের প্রিয় কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শুয়ে আছেন আপনি। আপনার লেখা গান আমরা শুনছি। ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ।’ আপনি প্রেম দিয়ে বিশ্বনিখিল জয় করার কথা বলেছিলেন। বলেছিলেন দোস্ত-দুশমন ভুলে যাওয়ার কথা। আমরা কী করছি। কী করেছি আমরা?
আমাদের হাতে রক্তের দাগ। ইরান-তুরানের সব আতর দিয়েও তো এই রক্তের গন্ধ আমরা আর মুছতে পারব না।
জাপানিরা কিন্তু ঠিকই বলেছে, জাইকার প্রকল্প তারা বন্ধ করবে না। প্রাচ্যের ভালোবাসা আর উদারতা তারা দেখাতে পেরেছে।
এই দেশ চিরটা কাল প্রেমের দেশ, ভালোবাসার দেশ ছিল। এই দেশ কে বদলে দেবে? কে বদলে দেবে এই দেশের মানুষের দরদভরা হৃদয়?
কেউ পারবে না।
আজ ঈদের দিনে রোদন করছি। রোদনভরা এই রকম উৎসব কি আর কখনো আমাদের দেশে এসেছে?
না। আর পারি না। শামসুর রাহমানের ভাষায় বলি—
‘আর পারি না, দাও ছড়িয়ে পদ্মকেশর
বাংলাদেশে।
ঘাতক তুমি সরে দাঁড়াও, এবার আমি
লাশ নেবো না।
নই তো আমি মুর্দাফরাশ। জীবন থেকে
সোনার মেডেল,
শিউলিফোটা সকাল নেবো।
ঘাতক তুমি বাদ সেধো না, এবার
আমি গোলাপ নেবো।’