এমনটা কি সম্ভব? আমাদের সাকিব আল হাসানকে যদি বলা হয় আপনাকে ডান হাত দিয়ে বল ও ব্যাট করতে হবে, তাহলে তিনি কি আর বিশ্বে ১ নম্বর হয়ে থাকতে পারবেন? মনে হয় না, তখন সম্ভবত তিনি আমাদের জাতীয় দলের জায়গাও হারাবেন। ঠিক তেমনি আমাদের দেশের সব যানবাহন যখন ডান দিকে বসে চালানো হয়, তখন আমাদের দেশের নীতিনির্ধারকেরা ঢাকায় নতুন একটা উড়ালসেতু নির্মাণের নকশা করেছেন, যেটা আমেরিকার মতো বাঁ পাশে বসে চালিত যানের কথা মাথায় রেখে করা হয়েছে।
এই উড়ালসেতু কি আমাদের আদৌ কোনো উপকারে আসবে? এত টাকা খরচ করে আমরা কী বানাতে চলেছি? আমাদের কথা কে শোনে, তাই সেই প্রবাদের ভাষায় বলছি, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’ একই সঙ্গে যারা এ কাজ করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হোক। নাগরিক হিসেবে আমরা জানতে চাই, এটা কীভাবে সম্ভব হলো। সত্যি, এটা এক আজব দেশ!
মোস্তাফিজুর রাহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়।