আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে জ্বালানির নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। পশ্চিমা দেশগুলোর অনুকরণে আমরা উন্নয়নের যে মডেলটি গ্রহণ করেছি, তা মূলত জ্বালানিনির্ভর। কিন্তু এ খাতটি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, তৈরি হচ্ছে ধোঁয়াশা। বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার।আমাদের দেশটি ছোট। কিন্তু জনসংখ্যা অনেক। তাই জ্বালানির চাহিদাও অনেক। মানুষের আয় এবং ক্রয়ক্ষমতা বাড়ছে, তা যত ধীরগতিতেই হোক না কেন। মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, বাড়ছে জ্বালানির চাহিদাও।আমাদের গতানুগতিক জ্বালানির উৎস মূলত প্রাকৃতিক গ্যাস, কয়লা ও তেল। আমাদের দেশে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের যে মজুদ আছে এর পরিমাণ প্রায় ১৯৫ ট্রিলিয়ন ঘনমিটার। এই তথ্যের উৎস হচ্ছে সিআইএর ওয়ার্ল্ড ফেসবুক। গ্যাস মজুদের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৪৬তম। কিন্তু আমাদের সরকার যে হিসাব দিয়ে থাকে, তা খুবই কম। অথবা পরিমাণটা কমিয়ে দেখানো হয়। কেন?একসময় বলা হতো বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। বিএনপি সরকারের অর্থমন্ত্রী একদা বলেছিলেন, ‘মাটির নিচে গ্যাস রাখিয়া কিতা হইব, বেচিয়া দেও।’ এর আগে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, ‘ন্যূনতম ৫০ বছরের মজুদ রেখে, তবেই অতিরিক্ত গ্যাস রপ্তানি করা যেতে পারে।’ কোনো সরকারই গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামো তৈরির কাজে গুরুত্ব দেয়নি। জাতীয় সক্ষমতা অর্জনের বিষয়টিকে অবহেলা করা হয়েছে। গ্যাসের প্রাপ্যতা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করে, আমদানিনির্ভর জ্বালানির ওপর ভিত্তি করে অনেক বিদ্যুৎকেন্দ্র তৈরি হয়েছে এবং হচ্ছে। এসবের ফলে প্রচুর কমিশন-বাণিজ্য হচ্ছে। এর মূল্য আমাদের দিয়ে যেতে হবে অনেক বছর।মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, কয়লা সম্পদে বাংলাদেশের অবস্থান ৪১তম। মজুদের পরিমাণ ৩২৩ মিলিয়ন টন। সরকারের দাবি অবশ্য ২ দশমিক ৭ বিলিয়ন টন। আমরা এটা উত্তোলন এবং ব্যবহার করছি না বললেই চলে। কী পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শেষমেশ প্রধানমন্ত্রী একটা জনপ্রিয় ঘোষণা দিলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য কয়লা রেখে যাওয়া হবে।’ কয়লা সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে একটি জাতীয় মতৈক্য গড়ে তোলার চ্যালেঞ্জ এই সরকার গ্রহণ করতে পারল না। এই সুযোগে আরও বেশি জ্বালানি তেল আমদানি হবে, হবে আরও কমিশন-বাণিজ্য।তেল সম্পদে আমরা দুর্বল। বর্তমান উত্তোলনযোগ্য মজুদ ২৮ মিলিয়ন ব্যারেল। সুতরাং এর ওপর নির্ভর করে বেশি দূর এগোনো যাবে না।নবায়নযোগ্য শক্তির উৎস আমরা খুব একটা খুঁজে দেখিনি। আলোচনা আছে অনেক, উদ্যোগ ও বিনিয়োগ খুবই কম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৩৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশের উপকূল থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলো, যেখানে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা নিকট ভবিষ্যতে প্রায় অসম্ভব, সেই সব দ্বীপের মানুষের জীবনযাত্রা আমূল পাল্টে দেওয়া সম্ভব; যদি আমরা সৌরবিদ্যুতের জন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে পারি। কিন্তু আমরা এই সম্ভাবনার এক ভগ্নাংশও ব্যবহার করছি না। কারণ, এটা নাকি অনেক ব্যয়বহুল! এটা একেবারেই বাজে কথা। কারণ, এই ব্যয়ের হিসাবে আমরা পরিবেশগত ক্ষতির মূল্যটা যোগ করি না এবং বছর বছর কাঁচামাল ব্যবহারের যে খরচ আছে, সেটা থেকে অব্যাহতি পাওয়ার হিসাবটাও বিবেচনা করি না।নবায়নযোগ্য জ্বালানির আরেকটি বড় উৎস হলো জলবিদ্যুৎ। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় উদ্ধৃত তথ্য অনুযায়ী বাংলাদেশে জলবিদ্যুৎ তৈরির সম্ভাবনা এক হাজার ৯৮৭ মেগাওয়াট। বর্তমানে উৎপাদনক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট (১২ শতাংশ)। এ ক্ষেত্রে অবশ্য আমরা খুব বেশি অগ্রসর হতে পারব না। কেননা, জলবিদ্যুৎ তৈরির জন্য যে ধরনের জলাধারের প্রয়োজন, আমাদের মতো ঘনবসতির দেশে সেটা সম্ভব নয়। কিন্তু উপমাহাদেশের উত্তর-পূর্বাঞ্চলে এই সম্ভাবনা অনেক। বলা যায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এই অঞ্চলে পৃথিবীতে ব্রাজিলের পরেই, দ্বিতীয় স্থানে।ইউএসএইডের তথ্য অনুযায়ী, ভুটানে জলবিদ্যুৎ তৈরির সম্ভাবনা ৩০ হাজার মেগাওয়াট। বর্তমানে এর ১ দশমিক ৪ শতাংশ ব্যবহূত হচ্ছে। নেপালে বছরে ৪২ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি হতে পারে। বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ৫২৭ মেগাওয়াট (১ দশমিক ২ শতাংশ)। ভারতে জলবিদ্যুৎ তৈরি হতে পারে সর্বোচ্চ প্রায় এক লাখ ৪৯ হাজার মেগাওয়াট। বর্তমানে উৎপাদনক্ষমতা প্রায় ২৫ হাজার মেগাওয়াট (১৭ শতাংশ)। অর্থাৎ এই অঞ্চলে জলবিদ্যুৎ তৈরির মোট সম্ভাবনার মাত্র ১৩ শতাশ ব্যবহার হচ্ছে। পরিবেশবান্ধব ছোট ছোট জলবিদ্যুৎকেন্দ্র করে এই নবায়নযোগ্য শক্তির আহরণ করা যেতে পারে সাশ্রয়ী মূল্যে। যেহেতু বাংলাদেশের সীমানার বাইরে উৎসগুলো এবং এই নদীগুলোর বেশির ভাগই বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা আঞ্চলিক সহযোগিতা ও নীতিমালার ভিত্তিতে জলবিদ্যুৎভিত্তিক একটি আঞ্চলিক বা উপ-আঞ্চলিক গ্রিড তৈরি করা যেতে পারে। এ জন্য সবার আগে দরকার এসব নদীর অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সমঝোতার পরিবেশ গড়ে তোলা। প্রতিটি দেশই চাইবে তাদের নিজের দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ কল্যাণকর প্রয়াস। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রীয় সীমানার বাইরে বিস্তৃত হতে পারে। এটা কোনো কল্পনাবিলাস নয়। পৃথিবীর অনেক অঞ্চলেই এ ধরনের উদ্যোগ সফল হয়েছে। এ জন্য সবার আগে দরকার সংকীর্ণ রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি বর্জন করে মানুষের কল্যাণে রাষ্ট্রশক্তি ব্যবহার করার মানসিকতা অর্জন করা। বাংলাদেশের জন্য একটি সুযোগ আছে, আঞ্চলিক সহযোগিতার কূটনীতি প্রয়োগ করে নিজের দেশের নাগরিকদের জন্য কল্যাণকর উদ্যোগগুলো বাস্তবায়ন করার। টিপাইমুখ বাঁধ এ ক্ষেত্রে একটি সম্ভাবনার দরজা খুলে দিতে পারত। কিন্তু ‘পানি জাতীয়তাবাদ’ এমন একটি নেতিবাচক স্তরে পৌঁছে গেছে, এখান থেকে উত্তরণের জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে।আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে অভিবাসী হয়েছে। তারা অনেক ক্ষেত্রেই সামাজিক ও আর্থিক সুরক্ষা পাচ্ছে না। যারা সুযোগ পাচ্ছে, তারাই তাদের সন্তানদের মায়ামি, টরন্টো, লন্ডন কিংবা দ্বিতীয় আবাস হিসেবে কুয়ালালামপুরে পাচার করে দিচ্ছে নিরাপদ ভবিষ্যতের আশায়। কিন্তু এ দেশের কোটি কোটি সাধারণ মানুষকে এ দেশেই থাকতে হবে। তাদের ভবিষ্যৎ আলোকিত করার জন্য জ্বালানি নিরাপত্তার কথা কে ভাববে?ভারত তার একটি মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। আমরা কী করছি? একটা সময় আসবে যখন আমাদের হয়তো কিছুই করার থাকবে না। ভারতের সঙ্গে সহযোগিতার বিষয়ে যাঁরা হার্ডলাইন নিচ্ছেন, তাঁরা কিন্তু কোনো দায়িত্ব নেবেন না। তাঁরা দেশে কিংবা বিদেশে বহাল তবিয়তেই থাকবেন। কিন্তু এ দেশের সাধারণ মানুষের এবং ভবিষ্যৎ প্রজন্ম চিরস্থায়ীভাবে জিম্মি হয়ে পড়বে আমাদের হঠকারী ও উগ্র জাতীয়তাবাদী নেতৃত্বের দায়িত্বহীন রাজনীতির কাছে।ভারতকেও বুঝতে হবে, প্রতিবেশী বিশাল জনগোষ্ঠীকে বঞ্চিত ও বিক্ষুব্ধ রাখলে তার রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যেই থেকে যাবে। প্রাকৃতিক সম্পদের ওপর দখলদারির মানসিকতা এ অঞ্চলে স্থায়ী অশান্তি ডেকে আনবে। আখেরে তা ভারতের জন্য অমঙ্গলই বয়ে আনবে।আমরা আশা করব জনকল্যাণে উভয় দেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, অতীতের অবিশ্বাস ও অনাস্থার খোলস থেকে বেরিয়ে আসবে এবং আলোচনার মাধ্যমেই সহযোগিতার ভিত্তি ও নীতিমালা তৈরি করবে।মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।[email protected]