আতাউস সামাদ: বৃত্তের বাইরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজে ও পেশায় শ্রদ্ধা ও সমীহ করার মতো যে গুটি কয়েক মানুষের নাম নেওয়া যায়, আতাউস সামাদ ছিলেন তাঁদের মধ্যে বিশিষ্টতম। তিনি ছিলেন আপাদমস্তক সাংবাদিক, আরও নির্দিষ্ট করে বললে আজীবন সত্যানুসন্ধানী রিপোর্টার। তিনি যখন রিপোর্টিং করতেন তখন তো বটেই, এমনকি যখন পত্রিকা সম্পাদনা করতেন কিংবা শিক্ষকতা করতেন, তখনো রিপোর্টই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। তিনি খ্যাতি ও নামের পেছনে ঘোরেননি, ঘুরেছেন খবরের পেছনে; খবরের পেছনের খবর খুঁজে বের করাই ছিল তাঁর সাধনা। গেল শতকের পঞ্চাশের দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার আগেই আতাউস সামাদ দৈনিক আজাদ-এ সাংবাদিকতা শুরু করেন। তারপর সংবাদ হয়ে পাকিস্তান অবজারভার-এ। ৭৫ বছরের জীবনে ৫৫ বছরই তিনি কাটিয়েছেন সাংবাদিকতা পেশায়; একটি দিনের জন্যও বিরতি নেননি; কখনো সংবাদপত্রে, কখনো বার্তা সংস্থায় কখনো বা বেতারমাধ্যমে নিজেকে নিয়োজিত রেখেছেন পরম নিষ্ঠা ও সততায়। পাকিস্তান আমলে সদা প্রতিকূল পরিবেশে সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সত্তরের দশকের শুরুতে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন আতাউস সামাদ এবং সভাপতি প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লা কায়সার। তাঁদের ভিন্ন রাজনৈতিক দর্শন কিংবা দৃষ্টিভঙ্গি সত্ত্বেও একসঙ্গে ইউনিয়নের কাজ করতে অসুবিধা হয়নি। তখন সাংবাদিকতা পেশায় দলবাজি ও সুবিধাবাদিতা এভাবে জেঁকে বসেনি। ষাটের দশকের শেষ দিকে বাঙালির স্বাধিকার আন্দোলন, সাংবাদিকতা ও গণমানুষের আকাঙ্ক্ষা একই সূত্রে গ্রথিত হয়ে যায়। ১৯৬৮-৬৯ সালে একদিকে চলছিল আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার; অন্যদিকে আইয়ুববিরোধী গণ-আন্দোলন। পতনোন্মুখ স্বৈরশাসক আত্মরক্ষার কৌশল হিসেবে বিরোধীদলীয় নেতাদের গোলটেবিল বৈঠকে আহ্বান জানালে তাঁরা জানিয়ে দেন, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান ছাড়া তাঁরা এ বৈঠকে বসবেন না। কিন্তু তিনি তো বিচারাধীন বন্দী। আইয়ুব খান তাঁকে প্যারোলে মুক্তির প্রস্তাব দেন। এ সময় সামরিক ট্রাইব্যুনালে আগরতলা মামলার বিচার চলছিল। শেখ মুজিব চাইছিলেন মওলানা ভাসানী তাঁর মুক্তির দাবিতে আন্দোলন করুন এবং সেই বার্তাটি তাঁর কাছে পৌঁছে দিয়েছিলেন আতাউস সামাদই। এর পরই গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে আরও অনেকের মতো আতাউস সামাদও গিয়েছিলেন ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে। তখন দলীয় নেতা-কর্মীরা প্রায় সবাই চলে গেছেন। আতাউস সামাদ পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শেখ মুজিব তাঁকে বলেছিলেন, ‘যা, স্বাধীনতা দিয়ে দিলাম। এখন এটি রক্ষা করা তোদের দায়িত্ব।’ এ রকম কথা শেখ মুজিব আরও অনেকের কাছে বললেও ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে তাঁরা স্বীকার করেন না। কিন্তু আতাউস সামাদ করেছিলেন। আবার শেখ মুজিবের অনেক কাজ যে তিনি পছন্দ করেননি, সে কথাও স্পষ্ট করে বলতেন। এটাই তাঁর অনন্যসাধারণ গুণ। সাদাকে সাদা ও কালোকে কালো বলা। মুক্তিযুদ্ধ শুরু হলে আতাউস সামাদ এই ঢাকাতেই আত্মগোপনে ছিলেন এবং মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করতেন। নিজের গাড়িতে করে তিনি মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের অস্ত্রশস্ত্র গন্তব্যে পৌঁছে দিয়েছেন। মুক্তিযুদ্ধে তাঁর এক ভাইয়ের ছেলে নিহত হন। বিজয়ের আগ মুহূর্তে আলবদরের কমান্ডার চৌধুরী মাঈনউদ্দিন তাঁকেও খুঁজে বেড়িয়েছেন, একদিন টেলিফোন করে বাসায় থাকতে বলেছেন। সেদিন বাসা থেকে দ্রুত সরে না গেলে তাঁর নামও হয়তো শহীদের তালিকায় থাকত। যেমনটি হয়েছে তাঁর সতীর্থ শহীদ নিজামুদ্দীন আহমদ ও শহীদ নিজামুল হকের ক্ষেত্রে। এ কারণেই আতাউস সামাদ স্বাধীনতাবিরোধী শক্তি তথা রাজাকার-আলবদরদের কখনো ক্ষমা করেননি। মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করতেন। তাঁর লেখায়, বিশ্লেষণে ঘুরেফিরে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদদের কথা আসত। ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালালবিরোধী আন্দোলন গড়ে উঠলে তিনিও তাঁর সঙ্গে যুক্ত হন। বিবিসির ঢাকা প্রতিনিধি হিসেবে আন্দোলনের খবর দেশবাসীর কাছে পৌঁছে দেন। ১৯৯৪-৯৫ সালে নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে দুই নেত্রীর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে যে পাঁচ বিশিষ্ট নাগরিক উদ্যোগ নিয়েছিলেন, তার লিয়াজোঁর দায়িত্বে ছিলেন আতাউস সামাদ। তিনিই দুই দলের শীর্ষ নেত্রীর সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বসার দিনক্ষণ ঠিক করতেন, বৈঠকে উপস্থিত থাকতেন। গণতন্ত্রের স্বার্থে অনির্বাচিত ব্যক্তিদের নির্বাচিত করে অন্তর্বর্তী সরকার গঠনের কথা তিনি লিখেছিলেন স্যার নিনিয়ানের প্রস্তাবের অনেক আগেই। স্বাধীনতার পর আতাউস সামাদ বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি হিসেবে নয়াদিল্লি যান এবং ১৯৭৬ সাল পর্যন্ত সেখানে ছিলেন। পেশাগত কারণেই তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশটির সম্পর্কের টানাপোড়েন অত্যন্ত কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। ভারতীয় আমলা ও রাজনীতিকদের সঙ্গে তাঁর সখ্যও গড়ে উঠেছিল; কিন্তু তাঁদের কথা ও কাজে যে একধরনের ‘দাদাগিরি’ ছিল, সেটি বলতেও দ্বিধা করতেন না তিনি। আতাউস সামাদ আশির দশকের প্রায় পুরোটা সময় ও নব্বইয়ের দশকের প্রথম কয়েক বছর বিবিসির ঢাকা সংবাদদাতা হিসেবে যে রিপোর্টিং করেছেন, তা পেশাদার সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় হয়ে আছে। আশির দশকটি ছিল বাংলাদেশের কালো অধ্যায়। ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারির পর এরশাদ মানুষের সব ধরনের রাজনৈতিক ও মানবাধিকার হরণ করেন। তিনি রাজনীতিকে কেনাবেচার পণ্যে পরিণত করেন। কিন্তু ধীরে ধীরে মানুষ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে; প্রথমে ছাত্র-তরুণেরা, পরে রাজনীতিকেরা এগিয়ে আসেন। সে সময় ঢাকায় বিবিসি মানে আতাউস সামাদ, ঢাকা অফিস মানে তাঁর বাসা ও বাসার টেলিফোন সেটটি (পরে অবশ্য তাঁর বাসায় ছোট্ট একটি স্টুডিও স্থাপন করা হয়েছিল)। তথ্যপ্রযুক্তির সীমিত সুযোগের মধ্যে তিনি ঠিক সময়ে ঠিক খবরটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতেন। তখন বাংলাদেশে বিটিভি ও বাংলাদেশ বেতার ছাড়া কোনো বৈদ্যুতিন গণমাধ্যম ছিল না; এ দুটি মাধ্যম ছিল হিসমাস্টার্স ভয়েস, শাসকদের ইচ্ছাপূরণের যন্ত্র (বিটিভির নাম হয়েছিল সাহেব বিবি গোলামের বাক্স)। একসময় সরকার স্থানীয় গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করে, সংবাদপত্রে হরতাল-ধর্মঘট প্রভৃতি কথাও লেখা যেত না। মানুষের শেষ ভরসা ছিল বিবিসি ও ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান। ভয়েস অব আমেরিকা শোনা যেত রাত ১০টায়। যে কারণে সব রাজনৈতিক আন্দোলনের খবর জানতে মানুষ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসির অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। তারা বাসায়, রাস্তার মোড়ে, রেস্তোরাঁর সামনে জড়ো হতো। কিন্তু এতটা অমোঘ সত্য স্বৈরশাসকের সহ্য হবে কেন? ১৯৮৭ সালের আন্দোলনের তুঙ্গ মুহূর্তে আতাউস সামাদকে গ্রেপ্তার করা হয়েছিল। সামরিক সরকারের জেল-জুলুম ও রক্তচক্ষু তাঁকে তাঁর কর্তব্যবোধ থেকে একটু নড়াতে পারেনি। অনেক সময়ে আত্মগোপনে থেকেও তিনি সংবাদ পাঠিয়েছেন, আন্দোলনের বার্তা পৌঁছে দিয়েছেন সারা দেশে। ১৯৯০-এর বাবরি মসজিদ নিয়ে সৃষ্ট ঘটনা কিংবা ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পরবর্তী জটিল পরিস্থিতিতে আতাউস সামাদ অত্যন্ত সতর্কতার সঙ্গে খবর পাঠাতেন, যা ছিল বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রকৃষ্ট উদাহরণ। এ বস্তুনিষ্ঠতা রক্ষা করতে পারেননি বলেই ১৯৯০ সালে ভয়েস অব আমেরিকায় গিয়াস কামাল চৌধুরীর পাঠানো একটি খবর পরিস্থিতির অবনতি ঘটিয়েছিল। ১৯৭৫ সালের নভেম্বরে আতিকুল আলম একজন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বিবিসিতে খবর পাঠিয়েছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সহায়তা চেয়ে ভারত সরকারের কাছে চিঠি লিখেছেন। পরে প্রমাণিত হয় যে তাজউদ্দীন আহমদ সে রকম কোনো চিঠি লেখেননি। আতাউস সামাদ কেবল খবর পরিবেশনায় শতভাগ বস্তুনিষ্ঠতাই দেখাননি, গণমাধ্যমকে নিয়ে গিয়েছিলেন গণমানুষের কাছে; তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও সুখ-দুঃখের কথা প্রচার করেছেন। ১৯৮৮ সালের বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি বিভিন্ন অঞ্চলে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের অভাব-অভিযোগের কথা সরাসরি শ্রোতাদের শুনিয়েছেন। আজকাল সাংবাদিকদের মধ্যে যে প্রদর্শনবাদিতা লক্ষ করা যাচ্ছে, আতাউস সামাদ বরাবরই তা এড়িয়ে চলতেন। মনে আছে, বিবিসির বাংলা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি দৈনিকে তাঁর সাক্ষাৎকার ছেপেছিলাম। এর সঙ্গে তাঁর ছবি ছাপতে চাইলে তিনি রাজি হননি। বলেছিলেন, ‘আমরা রিপোর্টিং করতে নানা স্থানে যাই, পত্রিকায় ছবি ছাপানো ঠিক হবে না।’ আমাদের দ্বিদলীয় রাজনীতিতে যেভাবে পক্ষ-বিপক্ষের ভেদরেখা টানা হয়, আতাউস সামাদকে তার কোনো পক্ষে ফেলা যেত না। তিনি কখনোই নিজেকে দলীয় বৃত্তে আবদ্ধ রাখেননি। ‘স্বাধীনতার পক্ষের’ শক্তির কেউ না হয়েও তিনি অন্তরে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং বাংলাদেশকে ধারণ করতেন। প্রথমে ভোরের কাগজ ও পরে প্রথম আলোতে তাঁর লেখা কলামগুলোতেও এর উজ্জ্বল স্বাক্ষর রয়েছে। এসব লেখায় দলকে ছাড়িয়ে দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসাই পরস্ফুিট হয়েছে। তাঁর ‘এ কালের বয়ান’, সব কালের বয়ান হিসেবেই পাঠকের কাছে সমাদৃত হবে। তিনি ছিলেন একই সঙ্গে আমাদের সহযাত্রী এবং পথপ্রদর্শক। সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]