আতিউরের পদত্যাগকে স্বাগত জানাই, তবে দু-একটি প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির পটভূমিতে নৈতিক কারণে গভর্নরের পদ থেকে ড. আতিউর রহমান পদত্যাগ করেছেন। আমি নিজেও এই দাবি জানিয়েছিলাম। আমি মনে করি, জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পদত্যাগ করে তিনি নজির স্থাপন করেছেন। এ জন্য তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ঘটনার জন্য যে-ই দায়ী হোক না কেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি পদত্যাগ করে যে নজির স্থাপন করলেন, অন্যান্য ক্ষেত্রেও যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি নতুন মাত্রা যুক্ত হবে।
আমি তাঁর পদত্যাগকে যেমন স্বাগত জানাই, তেমনি একই সঙ্গে মনে করি, এ বিষয় নিয়ে খুব বেশি আলোচনা-সমালোচনা না করাই শোভন। এখন আমরা অপেক্ষা করব সরকার বা অর্থ মন্ত্রণালয় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে যে উদ্যোগ নিয়েছে, তা কতটুকু সফল হয় সে জন্য। যে প্রক্রিয়ায় তদন্ত শুরু হয়েছে, তা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া উচিত, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। নিশ্চয় তদন্ত কর্মকর্তারা সেটি দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনার সরকার এ বিষয়টিকে যেভাবে গ্রহণ করেছে, তাতে আমাদের দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকৃত অপরাধী চিহ্নিত হলে বোঝা যাবে ড. আতিউরের কতটা দায়-দায়িত্ব ছিল।
আমার কেবল একটি বিষয়ে খটকা আছে। আমি অর্থনীতির ছাত্র নই। রাজনৈতিক অর্থনীতি কিছুটা বুঝি। আতিউর রহমান স্বভাবতই গতকাল আবেগপ্রবণভাবে অনেক কথা বলেছেন। সবই নেতিবাচকভাবে ধরতে হবে তা নয়। তবে একটা কথা আমার বোধগম্য হয়নি। আতিউর বলেছেন, তিল তিল করে তিনি বাংলাদেশের রেকর্ড পরিমাণ রিজার্ভ গড়ে তুলেছেন। আমার প্রশ্ন এখানে, এই যে রিজার্ভটি গড়ে উঠেছে, সেখানে বাংলাদেশ ব্যাংক বা ব্যক্তির ভূমিকা কতটুকু? সরকারের কৃতিত্বটাকে নিজের বলে জাহির করা কোনোভাবেই সংগত নয়। আজ বাংলাদেশের অর্থনীতির গতি যে ত্বরান্বিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মযজ্ঞ একটা নতুন মাত্রায় উন্নীত হয়েছে, তার কৃতিত্ব যদি দিতে হয়, প্রথমে এই কৃতিত্ব দিতে হবে সরকারপ্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে, তারপর সরকারকে, শেষ বিচারে বাংলাদেশের জনগণকে।
আমার বিবেচনায়, আমাদের যে রিজার্ভ গড়ে উঠেছে, তার জন্য জননেত্রী শেখ হাসিনার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেটার পাশাপাশি কাউকে সাধুবাদ জানাতে হলে প্রথমে জানাব আমাদের দেশের ৬০ লক্ষাধিক মানুষকে। যাঁরা বিদেশে পড়ে থেকে তাঁদের রক্ত-শ্রম-ঘাম দিয়ে রেমিট্যান্স হিসেবে অর্থ পাঠাচ্ছেন। সেই অর্থ দিয়েই আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার বা রিজার্ভের একটা বড় পরিমাণ গড়ে উঠেছে। এই মানুষগুলোকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানোর সুযোগ করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার এই কৃতিত্বটা পেতে পারে। এখানে বাংলাদেশ ব্যাংকের কী ভূমিকা, আমি ঠিক বুঝলাম না।
দ্বিতীয়ত, বিশাল রিজার্ভ গড়ে ওঠার পেছনে রয়েছে আমাদের রপ্তানি-বাণিজ্য। আমাদের ক্রমবর্ধমান এই রপ্তানি-বাণিজ্যের জন্য সরকারের নীতিনির্ধারণ, পলিসির প্রশ্ন জড়িত। এ জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে কৃতিত্ব দেব। একই সঙ্গে কৃতিত্ব দেব প্রায় ৪০ লক্ষাধিক নারী-পুরুষ শ্রমিককে, যাঁরা গার্মেন্টসে নিজেদের মেধা-শ্রম দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এর প্রধান দাবিদার ৪০ লাখ শ্রমিক, ব্যবস্থাপনার জন্য গার্মেন্টস-শিল্পের মালিক এবং সর্বোপরি এই সুযোগ-সুবিধা রাষ্ট্রীয়ভাবে করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার। গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য পণ্য রপ্তানিও এর সঙ্গে যুক্ত। এ জন্য বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র কোনো ভূমিকা নেই। ব্যক্তি হিসেবে আতিউর রহমানেরও কোনো ভূমিকা নেই।
তৃতীয়ত, আমাদের বৈদেশিক রিজার্ভ বাড়ার আরেকটি কারণ আন্তর্জাতিক বাজারে তিনটি পণ্যের দাম কমে যাওয়া। ‘থ্রি এফ’—ফুয়েল, ফুড ও ফার্টিলাইজার। এই তিনটি পণ্য আমরা আমদানি করি। প্রধান হচ্ছে ফুয়েল। দুনিয়াতে এখন জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যদি জ্বালানি তেলের দাম বেড়ে যেত, তাহলে আমাদের খরচ বাড়ত। তাতে নিঃসন্দেহে আমাদের রিজার্ভের ওপর হাত পড়ত। সুতরাং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় আমাদের রিজার্ভের পরিমাণ বেড়েছে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামও আগের বছরের তুলনায় কম। আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কোনো কোনো খাদ্যদ্রব্য আমরা রপ্তানি করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যেটুকু খাদ্য আমদানি করতে হয়, সেই খাদ্য আমদানি করতে হচ্ছে। এ ক্ষেত্রে পরিমাণগতভাবে আমাদের আমদানি কম, আবার মূল্যের দিক থেকেও কম হওয়ায় খরচ কম হচ্ছে। এখানে আমাদের সাশ্রয় হচ্ছে। সারের ক্ষেত্রেও একই কথা সত্য।
এই প্রধান তিন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা নেই। ড. আতিউরেরও নেই। অপরের কৃতিত্ব নিজের দাবি করা কি সঠিক? হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংককেও কৃতিত্ব দেব। তারা একটা কাজ করেছে, যার ফলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। তারা ডলারের বিনিময় হার ভারসাম্যপূর্ণভাবে স্থিতিশীল রাখতে পেরেছে। এ ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ৭৮ টাকা দরে ডলার কিনে নিয়েছে। ফলে দামটা পড়ে যায়নি। এই ইন্টারভেনশনের ফলে আমাদের বৈদেশিক মুদ্রার বাজারে একটা ভারসাম্য ছিল।
আতিউর রহমান আরেকটি কথা বলেছেন, তিনি আইটি বিশেষজ্ঞ নন। এই ঘটনার পরপর তাঁরা হতবিহ্বল হয়ে পড়েছিলেন, কী করবেন বুঝতে পারছিলেন না। এটি তাঁর অনেস্ট কনফেশন। আমি নিঃসন্দেহে এটিকে সাধুবাদ জানাব। তিনি আইটি বিশেষজ্ঞ নন, তিনি না-ই বুঝতে পারেন। এটা যেমন সত্যি, তেমনি আমার প্রশ্ন হচ্ছে, তিনি নিজ উদ্যোগে পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবকে ডাকতে পারলেন, গোয়েন্দা সংস্থাকে ডাকতে পারলেন, অথচ তাঁর মন্ত্রণালয় বা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে পারলেন না? না জানিয়েই তিনি পদক্ষেপগুলো নিলেন। পদক্ষেপগুলো হয়তো ঠিক আছে। কিন্তু না জানানো কি যুক্তিসংগত? শেষ পর্যন্ত তাঁকে জানাতেই হয়েছে। প্রথম দিকে জানালে তাঁকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। আমার মতো মানুষকেও তাঁর পদত্যাগ দাবি করতে হতো না। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তাঁর অনেক গুণের আমি প্রশংসা করি। কিন্তু তিনি এ বিষয়টি গোপন করলেন কেন? তিনি যে যুক্তিই দিন না কেন, এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। দায়িত্ব তিনি কালেকটিভ করতে পারতেন। তিনি আগে জানালে আরও আগেই ব্যবস্থা নেওয়া যেত। তদন্ত কমিটি আরও অনেক আগেই হতে পারত। এই এক মাসের মধ্যে প্রকৃত অপরাধীও চিহ্নিত করা যেত।