আত্মঘাতী পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন পরপরই যখন শোনা যায়, আশুলিয়া ও কাঁচপুরের মতো জায়গায় পোশাকশ্রমিকেরা ভাঙচুর করছেন, কারখানায় আগুন লাগিয়ে দিচ্ছেন, তখন দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে হর্তাকর্তাজাতীয় ব্যক্তিরা পর্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। দেশের প্রধানতম শিল্প হচ্ছে এই পোশাকশিল্প। আর সেটি যখন হুমকির মুখে পড়ে, তখন বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শ্রমিক অসন্তোষের প্রধান কারণ সবার জানা, বেতন-ভাতা বৃদ্ধির দাবি। যখনই এ নিয়ে আলোচনা হয়, কেউ সাধারণত দ্বিমত পোষণ করেন না যে শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। এটি সহজেই বোঝা যায় যে এই বেতনে কতটা দুষ্কর একজন পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকের জীবিকা নির্বাহ। বেশির ভাগ ক্ষেত্রেই সবাই একমত হোন, এসব কোটিপতি পোশাকশিল্পের মালিক কম মজুরি আর বেশি পরিশ্রম করিয়ে গরিব শ্রমিকদের শোষণ করছেন। কিন্তু এই পুরো সমস্যার যে আরেকটি দিক আছে, তা আলোচনায় পুরোপুরি উপেক্ষিত।একটু চিন্তা করা যাক ব্যাপারটি নিয়ে, কেন একজন পোশাকশ্রমিকের বেতন কম? এই পুঁজিবাদী ব্যবস্থায় যেখানে বেশির ভাগ পণ্যের মূল্য বাজার দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে এটি ব্যাখ্যা করা খুব কঠিন নয়। পুঁজিবাদী ব্যবস্থায় সাধারণত সবকিছুই পণ্য হিসেবে চিহ্নিত করে তার মূল্য নির্ধারণ করা হয়। ব্যাপারটি বেশ নিষ্ঠুর শোনালেও শ্রমিকের শ্রম তার ব্যতিক্রম কিছু নয়। তাই কোনো পণ্যের দাম বাজারে যেভাবে নির্ধারিত হয়, শ্রমিকের শ্রমের দামও সেভাবেই ঠিক হয়। সেটা হলো চাহিদা ও সরবরাহের ভারসাম্যের দ্বারা।অর্থনীতির পরিভাষায়, স্বল্পদক্ষ শ্রমিকদের বাজারটি হচ্ছে একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজার। এখানে লাখ লাখ শ্রমবিক্রেতা (শ্রমিক) রয়েছেন, যাঁরা তাঁদের শ্রম বিক্রি করতে চান। কিন্তু সে অনুযায়ী ক্রেতার (ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদি) সংখ্যা খুবই কম। তাহলে কী হবে? অবশ্যই বিক্রেতারা, মানে শ্রমিকেরা খুব বেশি দামে বিক্রি করতে পারবেন না তাঁদের পণ্য বা শ্রম; সেটাই হয়েছে।আজকে পোশাক কারখানার একজন মালিক কেন কম বেতন দিয়ে শ্রমিক নিয়োগ দিতে পারছেন? কারণ, চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি শ্রমিক রয়েছেন। এই অনেক বেশি শ্রমিক কোথা থেকে এলেন? বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ। জনসংখ্যা আর অপ্রতুল শিক্ষাব্যবস্থা—এ দুয়ের যোগফল হচ্ছে স্বল্পদক্ষ অজস্র শ্রমিক; এবং এর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। কিন্তু সে তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি এত বেশি হচ্ছে না। শিল্পায়নের প্রবৃদ্ধি খুবই মন্থর হওয়ায় এই অসংখ্য শ্রমিকের চাহিদার চেয়ে সরবরাহ সব সময়ই অনেক বেশি থাকে। ধানের বাম্পার ফলন হলে যেমন ধানের দাম কম থাকে, তেমনি পোশাকশিল্পের শ্রমিক বা সাধারণভাবে যেকোনো শ্রমিকের মজুরি অনেক কম। এর কারণ আর কিছুই নয়, স্বল্পশিক্ষিত ও স্বল্পদক্ষ শ্রমিকের বাম্পার সরবরাহ সব সময় রয়েছে আমাদের দেশে।সমস্যাটি শুধু পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে সব খাতেরই একটি সামগ্রিক সমস্যা।তা ছাড়া, পোশাক কারখানার একজন মালিক নিশ্চয়ই বন্দুক ধরে বলেননি, ‘এই ব্যাটা, তুই অন্য কোথাও যেতে পারবি না। তোকে আমার গার্মেন্টসেই কাজ করতে হবে এবং আমি যা বেতন দিই, সেই বেতনেই তোকে কাজ করতে হবে।’ একজন শ্রমিক তা জেনেশুনেই এসেছেন। কারণ তাঁর যে দক্ষতা, তা দিয়ে তিনি অন্য কোথাও এর চেয়ে বেশি বেতনের চাকরি হয়তো পাননি। শুধু তা-ই নয়, একপর্যায়ে এসে যখন মনে হলো, এই বেতনে পোষাচ্ছে না, তখন তিনি অন্য কোথাও চাকরির চেষ্টা করছেন না। এর প্রধান কারণ, অন্য কোনো শিল্প খাতে হয়তো এর চেয়ে বেশি বেতন পাওয়া যাচ্ছে না। যদি অন্য কোনো শিল্প বা যেকোনো খাতে এর চেয়ে বেশি বেতনের চাকরি একই দক্ষতার শ্রমিক পেতেন, তাহলে পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন ও ভাঙচুর করার বদলে সেসব খাতে অনেক আগেই চলে যেতেন। শুধু তা-ই নয়, একমাত্র এই পোশাকশিল্পেই ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ধার্য করা আছে, যেটি আর কোনো শিল্প খাতে নেই। তার মানে হলো, একজন শ্রমিক অন্য কোনো পোশাকশিল্পের কারখানায় যোগ দিলে মাসিক তিন হাজার টাকার নিচে বেতন বা মজুরি পাবেন না।তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যেখানে মজুরি অন্য খাতের তুলনায় খুব একটা কম নয়, তাহলে সেই খাতের শ্রমিকদের কেন এই তীব্র আন্দোলন? এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে কম মজুরি বা বেতন সম্পর্কে আরও কিছু কথা বলা দরকার।মজুরি কম, এটা খুবই সত্যি কথা; কিন্তু এটাও সত্যি যে এই মজুরি কমের কারণেই তো আজকে পোশাক কারখানার মালিকেরা কম বেতনে শ্রমের মূল্য রপ্তানি করছেন। এ জন্যই তো মূল্য প্রতিযোগিতায় অন্যান্য দেশকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে এই শিল্প এগিয়ে চলছে। এখন এই বেতন যদি বাড়তে থাকে, তাহলে হয়তো সেই প্রতিযোগিতার ধার আর থাকবে না। তখন কী হবে? এই শ্রমিকেরাই তখন চাকরি হারাবেন। কারণ, তখন বিদেশি ক্রেতা কমে গিয়ে হয়তো কিছু কিছু পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।আপনি হয়তো বলবেন, এই যে পোশাক কারখানার মালিকেরা মার্সিডিজ-বিএমডব্লিউ চালান, কী রকম বিলাসী জীবন যাপন করেন। তাঁরা শ্রমিকদের আর কিছু বাড়তি টাকা দিতে পারেন না? আরেকটু লাভ কম করলে কী হয়? আপাতদৃষ্টিতে যৌক্তিক মনে হলেও পুঁজিবাদী ব্যবস্থায় এ ধরনের বক্তব্য বেশ অযৌক্তিক।প্রথমে মনে রাখতে হবে, এই পোশাকশিল্প আকর্ষণীয় হয়েছে, কারণ এখানে মুনাফা করার সুযোগ অন্য খাতের তুলনায় বেশি। এই বেশি মুনাফার অন্যতম প্রধান কারণ হচ্ছে, শ্রমের খরচ অনেক কম। এখন সেই মুনাফা একজন কতটুকু করবে, বিএমডব্লিউ কিনবে, নাকি টয়োটা করোলা কিনবে—এ নিয়ে নীতিগত দার্শনিক আলোচনা হতে পারে। ব্যাপারটি বেশ অমানবিক এবং একধরনের নিষ্ঠুরতাও বটে। যখন আমরা দেখি, একজন শ্রমিক হাড়ভাঙা খাটুনি খেটেও হয়তো দুবেলা খাবার জোগাড় করতে পারছেন না, অন্যদিকে তাঁর মালিক আলিশান হোটেলে হাজার হাজার টাকার লাঞ্চ খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন। সত্যি কথা বলতে কি, এটাই পুঁজিবাদী সমাজের বাস্তবতা। এটি একটি চরম অসাম্য তৈরি করে। সে জন্য আপনি পুরো পুঁজিবাদী ব্যবস্থাটাকেই প্রশ্নের সম্মুখীন করতে পারেন, কিন্তু এই পুঁজিবাদী সমাজব্যবস্থার সুফল ভোগকারী ব্যবসায়ী বা শিল্পসমাজকে নয়। এটাও আমাদের মনে রাখতে হবে, আজকে এই পুঁজিবাদী ব্যবস্থার ফলেই আমরা একদল উদ্যোগী, কর্মযোগী ব্যবসায়ী পোশাকশিল্পে আনতে পেরেছি। এর ফলে আজকে রপ্তানির সিংহভাগ আসছে পোশাকশিল্প থেকে, যেটি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। আমরা কেন শুধু শুধু একচোখা হয়ে পোশাক-শিল্পপতিদের দেখব? আপনি আবাসনশিল্প দেখুন, ওষুধশিল্প দেখুন। যেখানেই দক্ষতা কম এবং সরবরাহ প্রচুর, সেখানেই একই চিত্র। এটি পুঁজিবাদ-সমর্থিত বাজারব্যবস্থার এক অতি নির্মম চিত্র। এটি সামগ্রিকভাবে একটি শিল্পে পিছিয়ে থাকা দেশেরও চিত্র। বিচ্ছিন্ন কোনো শিল্প খাতের জন্য প্রযোজ্য নয়।আর এই অসাম্যের উদাহরণ শুধু ব্যবসা-বাণিজ্যেই সীমাবদ্ধ নেই। এটি সব জায়গায়—খেলাধুলায়, বিনোদনে সবখানে। আমরা দেখি, সোনারগাঁও, শেরাটন মানে অধুনা রূপসী বাংলায় লাখ লাখ টাকা খরচ করে ফ্যাশন শো হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে কিং খানকে নিয়ে আসা হচ্ছে। আমরা হাজার হাজার টাকা খরচ করে ‘চাম্মাক চাল্লো’ করতে করতে তা দেখতে চলে যাচ্ছি। আফ্রিদি, ক্যালিসরা আমাদের টি-টোয়েন্টি ক্রিকেট খেলে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন। অথচ সেই একই হোটেলের বা স্টেডিয়ামের পাশে আমি দেখব, সারি সারি হাড্ডিসার লোক ভিক্ষার থালা নিয়ে বসে আছে, যারা হয়তো একবেলাও পেট পুরে খেতে পায় না। এই চরম ও অমানবিক অসাম্য পুঁজিবাদী ব্যবস্থার অমোঘ ফলাফল।এখন সেই প্রশ্নে ফিরে আসি যে অন্যান্য খাত বা শিল্পে নিয়োজিত শ্রমিকেরাও যদি পোশাকশিল্পের চেয়ে ভালো না থাকেন, তাহলে কেন আর সবাইকে বাদ দিয়ে পোশাকশ্রমিকেরাই বারবার আন্দোলন করেন? এর অনেক কারণ থাকতে পারে। একটা প্রধান কারণ হতে পারে, পোশাকশিল্প বাংলাদেশের বৃহত্তম শিল্প। বাংলাদেশের আর কোনো শিল্প খাত নিয়ে জাতীয় এবং মাঝেমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে এত আলোচনা হয় না। আন্তর্জাতিক বাজারে পোশাকশিল্প যেহেতু সম্পৃক্ত, তাই আন্তর্জাতিক শ্রম আইন বাংলাদেশের অন্যান্য খাতের চেয়ে এই খাতে বেশি বাস্তবায়িত হবে। তা ছাড়া বিভিন্ন এনজিও আছে, যারা শ্রম আইন সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে; এবং তাদের দৃষ্টি এই পোশাকশিল্পের দিকেই থাকে। তাই খুবই স্বাভাবিক যে এই খাতের শ্রমিকেরা অন্যদের চেয়ে বেশি সচেতন থাকবেন। সেই সচেতনতা আত্মঘাতী হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। এটা ঠিক যে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সেটা শুধু পোশাকশিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, শ্রমিকদের সঙ্গে অনেক অমানবিক আচরণ করে—মারধর থেকে শুরু করে অশ্লীল আচরণ, বকেয়া বেতন মাসের পর মাস না দেওয়া, ওভারটাইম না দিয়ে অতিরিক্ত খাটিয়ে নেওয়া ইত্যাদি। এ ধরনের অন্যায় আচরণের প্রতিবাদ করতে গিয়ে যদি শ্রমিক রাস্তায় নামেন, তাহলে তাঁদের কোনোভাবেই দোষী সাব্যস্ত কেউ করবে না। কিন্তু বেতন বা মজুরির বিষয়টি অন্য। কম বেতন বা মজুরি শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের দরিদ্রতম মানুষ হওয়ার দুর্ভাগ্য। আর এই বাস্তবতা শুধু পোশাকশ্রমিকদের বাস্তবতা নয়, লাখ লাখ শ্রমজীবী মানুষের বাস্তবতা। এটির সমাধান আমাদের দেশের সার্বিক অর্থনীতির উন্নয়নের সঙ্গে; সমাজ ও রাষ্ট্র পরিচালনার দর্শনের সঙ্গে জড়িত।তাই পরিশেষে বলছি, পোশাকশিল্প সমস্যার সমাধান আন্দোলন আর ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে নয়। এ ধরনের কার্যকলাপ চালিয়ে গেলে ফল হবে এই খাতের ধ্বংস। এতে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষই। শুধু তা-ই নয়, এ দেশ একটি বিরাট শ্রমদায়ী খাত হারাবে, একই সঙ্গে এই খাতের ওপর নির্ভরশীল অন্যান্য খাতও বিপর্যয়ের মুখে পড়বে। দেশ বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি বিরাট মাধ্যম হারাবে। দেশের সামষ্টিক অর্থনীতি এমনিতেই চাপের মুখে। এর মধ্যে এ রকম সংবেদনশীল খাতে এ ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা দেশের জন্য মোটেও ভালো কিছু ফল বয়ে আনবে না।রুশাদ ফরিদী: সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।