
বাংলাদেশের (তৎকালীন পূর্ববঙ্গ) কিশোরগঞ্জের এক সন্তান যিনি দি অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান নামে আত্মজীবনী লিখে বিখ্যাত হয়েছিলেন, সেই ধ্রুপদী পণ্ডিত নীরোদ সি চৌধুরী (২৩ নভেম্বর ১৮৯৭ থেকে ১ আগস্ট ১৯৯৯) ১৩৯৮ বঙ্গাব্দে লেখেন আত্মঘাতী রবীন্দ্রনাথ। স্বদেশ ও স্বজাতি দ্বারা আক্রান্ত রবীন্দ্রনাথের (৭ মে ১৮৬১ থেকে ৭ আগস্ট ১৯৪১) আত্মসমাহিত ও আত্মঘাতী রূপের ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথকে এতটাই তীব্র ও রূঢ় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল যে তিনি একবার আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন। এবং একই কারণে তিনি প্রার্থনা করেছিলেন, ‘যদি পুনর্জন্ম নিতে হয়, তাহলে যেন বাঙালির ঘরে জন্ম না হয়।’
আজকের বাংলাদেশকে কীভাবে বর্ণনা করা যায়? স্বাধীনতার চার দশক পর বাংলাদেশ যেন ‘আত্মঘাতী’ রূপ ধারণ করেছে। তা না হলে স্বজনের রক্তে স্বদেশের মাটি রঞ্জিত হচ্ছে কেন? গত প্রায় আড়াই মাসের রাজনৈতিক সংহিসতায় নিহত হয়েছে শতাধিক মানুষ। আহতও হয়েছে অনেক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) হিসাবমতে, ৬০ দিনে ক্ষতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশে চলন্ত গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, রেমিট্যান্স-প্রবাহ আর বৈদেশিক মুদ্রার রের্কড মজুত—সবই অর্থহীন হয়ে যায় যখন মানুষের জীবন অনিরাপদ হয়ে ওঠে।
এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অথবা শিক্ষার সংকট এক দিনে তৈরি হয়নি। তাই এর উত্তরণের জন্য ‘সংকটের মূল’ খুঁজতে হবে। তা খুঁজতে গিয়ে আমরা দেখতে পাব যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের জন্ম হয়েছিল, তার ভিত্তি ছিল বাঙালি সাংস্কৃতিক-সভ্যতাপ্রসূত বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং শোষণ, বৈষম্য ও বঞ্চনাহীন একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের দর্শন। বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার উদার চেতনাবোধ থেকে যে রাষ্ট্রের জন্ম, স্বাধীনতার পর সে রাষ্ট্রই ‘বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা’কে সংহার করল। এর ফল কখনোই শুভ হওয়ার কথা নয়।
সহনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। বিশ্বে যেসব জাতি শ্রদ্ধা অর্জন করতে সমর্থ হয়েছে, তারা সবাই তাদের নিজ নিজ জাতীয়তাবাদের শিক্ষা মনে–প্রাণে গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও জাপান এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। আর মুক্তিযুদ্ধের চেতনা তো ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেতনা। তাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আবারও দীক্ষা নিতে হবে।
লেখক: উন্নয়ন গবেষক।