আত্মরক্ষার শেষ পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

কারওয়ান বাজার মোড়, সকাল ১০টা, ১৬ অক্টোবর। দাঁড়িয়ে থাকা একটা বাস থেকে নারীকণ্ঠের চিৎকার আসছে। ভেতরে উঁকি দিয়ে দেখি, এক নারীকে চড়-থাপ্পড় মারছেন এক পুরুষ। দুজনই যাত্রী ওই চার চাকার মুড়ির টিনের। বাসভর্তি পুরুষেরা দেখছেন। বাসে উঠে লোকটার মারতে উদ্যত হাতটা আটকাতে হলো। নারীটি সম্ভবত লোকটির কোনো আচরণের প্রতিবাদ করেছিলেন। তারপর জোর যার মুলুক তার। পুরুষ তাঁর গায়ের জোর দেখালেন, পুরুষাধিক্যের জোরও দেখালেন। মেয়েটির আত্মরক্ষার কোনো উপায় ছিল না। পুলিশও আসেনি। অথচ ২০ গজ দূরেই ছিলেন তাঁরা।
কিছুদিন আগেই সিলেটের এমসি কলেজে বদরুল নামের এক যুবক খাদিজা নামের এক মেয়েকে কুপিয়ে মৃত্যুর দরজা দেখাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে খাদিজা এখনো নিশ্বাস নিচ্ছেন। অনেকের মধ্যেই তিনি রক্তাক্ত হচ্ছিলেন চাপাতির কোপে। অনেকের মধ্যেই বদরুল একটি মেয়েকে কোপানোর সাহস করেছিল। সেই ‘অনেকে’ চুপ থেকেই আত্মরক্ষা করেছেন।
বৃহস্পতিবার ঢাকায় কলেজছাত্রী দুই বোনকে অনেক লোকের সামনে বখাটেরা পিটিয়েছে। সেই অনেক লোকের অনেকে ছবি তুলেছে, ভিডিও করেছে। সবাই চোখ সইয়ে নিয়ে চুপ করে থেকেছে।
চুপ থাকাই তাহলে আত্মরক্ষার উপায়?
মাস দুই আগের ঘটনা। একটা কাজে এক বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি। দুপুরের নির্জন রাস্তা। দেখি মাস্তান গোছের এক যুবক এক তরুণীর পাশে হাঁটছেন আর একটু পরপর চড়া দিচ্ছেন তার মাথায়-গালে। সম্ভবত মেয়েটা যুবকের পূর্বপরিচিত। তাই মার খেয়েও চলে যাচ্ছিল না। বা পালাবার উপায় হয়তো ছিল না। দূর থেকে দেখলাম। অচেনা পরিবেশে কী থেকে কী হয় ভেবে চুপচাপ চলে এলাম। এটাও আত্মরক্ষার উপায়। কিন্তু এই পলায়ন এখনো অনুতাপ জাগায়।
সন্ত্রাসীকে বাধা দেওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। বিশেষত, যখন চাপাতি-যুগ চলছে এই দেশে। তাই হাজারে ৯৯৯ জনই অন্যায়ের সামনে চুপ থাকেন। বাসের ওই নারী চুপ থাকলে হয়তো অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা গালি বা টিটকারির ওপর দিয়েই বিপদ পার হতো। কিন্তু আসলেই কি চুপ থাকলে বিপদ পার হয়? খাদিজা তো দস্যু চোখ, খুনি দৃষ্টি এড়াতে হিজাবে ঢেকেছিল নিজেকে, তবু কি রক্ষা হলো? রক্ষা কি পেয়েছিল তনু, মিতু, আফসানা?
২০১০ সালে ঢাকার খিলগাঁওয়ে ‘বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে ধর্ষণ, ২০ ঘর লোক নিশ্চুপ’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছিল প্রথম আলো পত্রিকাতেই। টিনের ছাপরার এক ঘরে এক নারী পোশাককর্মী। গ্রাম থেকে তার ছোট বোন এসেছিল বেড়াতে। এলাকার ‘যুবরাজ’দের নজর পড়ে তার ওপর। একদিন তারা ‘শিকারে’ নামে। সেই সন্ধ্যায় ওই ২০টি ঘরের কোনোটিতেই আশ্রয় পাননি দুই বোন। শেষে দৌড়ে যান বাড়ির কেয়ারটেকারের ঘরে। দৌড়ের সমাপ্তি সেখানেই। ছোট বোনকে পালা করে নির্যাতন করা হয় বড় বোনের ঘরেই। বড় বোন আটকা থাকেন আরেক ঘরে। খবরে ছাপা হয়েছে, ‘অল্প কিছু সময় চিত্কারের পর মেয়েটির আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।’ ওই ২০টি ঘরের শখানেক মানুষের কারও সাহস হয়নি বাধা দেয়। পরিবার-পরিজন নিয়ে সবাই নির্যাতনলীলার মধ্যে নিস্তব্ধ বসে থেকেছে। কারণ, ধর্ষকেরা শক্তিশালী, তাদের প্রধানজন ক্ষমতাসীন দলের একটি অঙ্গসংগঠনের স্থানীয় এক নেতার ছেলে।
নিজের ও পরিবার-পরিজনের নিরাপত্তার ভয়ে চুপ করে থাকার এক কঠিন অভ্যাস রপ্ত করে নিয়েছি আমরা। রাস্তায় ছিনতাই হতে দেখলে এড়িয়ে যাই। পুলিশ ঘুষ নিতে দেখলে চোখ ফিরিয়ে নিই। যখন-তখন সড়ক-মহাসড়কে চলাচল বন্ধ করে রাখা হবে; ঘরফেরতা হাজারো মানুষ অসহায় দাঁড়িয়ে থাকবে; প্রতিবাদ হবে না। প্যান্ডেল বানিয়ে অথবা ছাদে বিয়ের পার্টির নামে রাতভর বিকট শব্দে গান বাজানো হবে। যারা অপরের ঘুম হারাম করতে পারে, তাদের প্রতিবাদ করা বিপজ্জনক। যে দেশে আত্মরক্ষা মানে মাথা নত করে চলা, সেই দেশ কি সভ্য? প্রতিটি সাধারণ মানুষকে, ক্ষমতার সিঁড়ির ওপরের মানুষের ইচ্ছার কাছে নত হয়ে চলতে হয়। তার জন্য সহ্যশক্তি বাড়ানো লাগে। একসময় চেতনাই অবশ হয়ে যায়। নাগরিকের বদলে তখন আমরা হয়ে উঠি অনুগত প্রজাসমষ্টি।
সেই প্রজাকুল যদি সুন্দরবন বাঁচাতে রাস্তায় নেমে দাবি জানায়, কিংবা বিরোধিতা করে সরকারি কোনো ভুলের, তাহলেই নেমে আসবে দমন। অতএব প্রতিবাদ কোরো না, চুপ থাক, নিরাপদ থাক। কিন্তু এভাবে যদি দেশের বড় ক্ষতি হয়ে যায়, সমাজে চলে অনাচার, ভয়ের জালে আটকা পড়ে সময়, তখন কি বড় বিপর্যয় এড়ানো যাবে?
অনেক রকম হত্যা-ধর্ষণ-লুণ্ঠন দেশে হয়। সত্য জানার উপায় থাকে না। রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে কিংবা তাদের গুলিতে নিহত প্রত্যেকেই বিচার পাওয়ার দাবিদার। অথচ বিচারহীন প্রতিটি মৃত্যুর পরই বলা হচ্ছে, নিহত ব্যক্তিটি ভয়ংকর অপরাধী। জনজীবনের ঘটনার সত্য জানার উপায় থাকছে না। মানুষের কিছু করার থাকছে না। শহরে প্রতিটি ব্যক্তিই বিচ্ছিন্ন হয়ে বসবাস করে। পাড়া-মহল্লায় কোনো সমিতি বা দলের আশ্রয় নেই। জোট বাঁধার সুযোগ বন্ধ। বিয়েবাড়ি আর স্টেডিয়ামের গ্যালারি ছাড়া সামাজিক জমায়েত হয় না। যৌথ জীবনে একরকমের ভরসা থাকে, যে একজনের ডাকে আরেক জন সাড়া দেবে। সেই যৌথতাও তো বিলুপ্তপ্রায়। শিক্ষাঙ্গনে যদি ছাত্রছাত্রীদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকত, তাহলে ঐক্যের বোধ গড়ে উঠত। কিন্তু সে রকম কোনো সংস্থা বা প্ল্যাটফর্ম জনগণের হাতে নেই।
দল, সংঘ, প্রশাসন, সরকার জনতার থেকে অনেক দূরে। নেই আইনের নিশ্চিত ভরসা। প্রায় কোনো ব্যাপারেই সাধারণের অংশগ্রহণের সুযোগ নেই। তার ওপর আধুনিক নগরজীবনের বিচ্ছিন্নতায় সবাই সবার থেকে দূরে থাকাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। এ রকম অবস্থায় মানুষের সাহস থাকে না, অধিকারবোধ চাঙা থাকে না। সেই মানুষকে তখন চাপাতির ভয়, বন্দুকের ভয়, দাপটের ভয় অনায়াসেই জিম্মি করে রাখতে পারে। বাংলাদেশে সম্ভবত আমরা সেই দশায় পৌঁছে গেছি। এখানে কারও ওপর যখন অন্যায় ঘটে, তখন তিন ধরনের মানুষ পাই। একদিকে অন্যায়ের সরাসরি শিকার, অন্যদিকে অন্যায়কারী, আর যাঁরা দর্শক তাঁরা হয়ে পড়েন মাটির ঢেলার মতো নির্জীব।
কঠোর আইনের শাসন এবং প্রতিটি অপরাধের বিচারের ব্যবস্থা থাকলে ফাঁসটা আলগা হতো। কিন্তু সেটা করবে কে? সরষের মধ্যেই তো ভূতের বাস। এ অবস্থায় জনগণের দরকার জনগণের পাহারা। চুপ থেকেও যখন রক্ষা হচ্ছে না, তখন ব্যক্তি মানুষকে সমাজের সমর্থন খুঁজতে হবে। ভাবতে হবে ‘আমরাই জনগণ, আমরাই নিরানব্বই শতাংশ’। ভাবতে হবে পাশের লোকটিও জনগণের অংশ। জনগণকে ধরতে হবে জনগণেরই হাত। যাবতীয় দুর্বৃত্তরা যে ভেসে উঠছে, মানুষের জীবনের শান্তি কাড়ছে, তার কারণ মানুষকে মানুষ ভাবার দরকার পড়ছে না তাদের। সেই দরকারটা ঘটাতে হবে। যখন সব ভরসা কমতে থাকে, তখন জনগণের কেবল জনগণই থাকে। আত্মরক্ষার সেটাই শেষ পথ।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।